আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিবৃতির সাথে একমত নয়, রাষ্ট্রদূতকে জানাল ঢাকা

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা বাঙালি, মিয়ানমারের দেওয়া এমন বিবৃতির সাথে ঢাকা একমত নয় বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা চলছে না এবং বৈঠকের কোনো সময়সূচিও নির্ধারিত নেই।

সরাসরি কভারেজ

রিপোর্টিং করেছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো

    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা চলছে না এবং বৈঠকের কোনো সময়সূচিও নির্ধারিত নেই।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে ঢাকা থেকে যেসব অনুরোধ জানানো হয়েছে, তার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি এখনো পর্যালোচনা প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
    • ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী দেশগুলো হরমুজ প্রণালি ইস্যুতে ইরান ও ওমানের মধ্যে একটি চুক্তির ঘোষণা প্রকাশ করতে যাচ্ছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল-আনসারি।
    • মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা বাঙালি, শনিবার মিয়ানমারের দেওয়া এমন বিবৃতির সাথে ঢাকা একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একইসঙ্গে, রোহিঙ্গাদের প্রত্যর্পণে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
    • পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে অবিলম্বে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। পরে দেশটির পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেছেন, “এই সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন করা হবে।”
    • যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের নির্ধারিত শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে না বলে আবারো জানিয়েছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
    • তেরো বছর আগে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদকে গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে।
    • সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বিকেলে পদত্যাগ করেছেন।
    • বাংলাদেশে শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার বিষয়টি আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক।
    • জাতীয় সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে আসন শূন্য হওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
    • বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার আল আমিনকে পরবর্তী ১৫টি ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। গত জুনে মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির টুর্নামেন্টে মারামারির ঘটনায় এই শাস্তি পেলেন তিনি।

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ইউক্রেনকে ‘শতভাগ’ সমর্থন দিয়ে যাওয়া হবে:রাশিয়ান হুমকির জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী

    ইউক্রেনকে “১০০ ভাগ বা শতভাগ” সমর্থন ব্রিটেন দিয়ে যাবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম।

    ইউক্রেনের সাম্প্রতিক হামলায় ব্রিটেনে তৈরি ড্রোন ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার পর রাশিয়া লন্ডনকে “পরিণতির” হুমকি দিলে তিনি এই বক্তব্য দেন তিনি।

    প্রধানমন্ত্রী বার্নহ্যাম বলেন, “আমরা পরিস্থিতির ওপর ভিত্তি করে বন্ধু বদলাই না। বিপদের এই মুহূর্তে আমরা ইউক্রেনের পাশে দাঁড়াবো এবং এই নীতিতে কোনো পরিবর্তন আসবে না।”

    এর আগে যুক্তরাজ্যে অবস্থিত রুশ দূতাবাস ব্রিটেনের বিরুদ্ধে “ইউক্রেন সংকটকে ইচ্ছাকৃতভাবে আরো উস্কে দেওয়ার” অভিযোগ তোলে।

    রুশ দূতাবাস জানিয়েছিল, “এই সংঘাতে ব্রিটেন যত গভীরভাবে জড়িয়ে পড়বে, তত বেশি মূল্য দিতে হবে ব্রিটেনকে।”

    সম্প্রতি ইউক্রেন মস্কো এবং রাশিয়ার অন্যান্য অভ্যন্তরীণ এলাকায় তাদের হামলা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে তেলের শোধনাগার এবং রাশিয়ার সর্ববৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ড বেরিজের লজিস্টিকস সেন্টার বা সরবরাহ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে এই হামলায়।

    রাশিয়ান হুমকির বিষয়ে জানতে চাইলে ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজের অবস্থানের পক্ষ নিয়ে বলেন, “ইউক্রেন যাতে নিজেকে রক্ষা করতে পারে, সেজন্যই আমরা তাদের সহায়তা দিচ্ছি। এই সংঘাতের শুরু থেকেই সাবেক প্রধানমন্ত্রীদের আমলে এবং আমার নিজের আমলেও ব্রিটেনের অবস্থান এমনই ছিল।”

  3. ইরানের সাথে কোনো আলোচনা নয়, নৌ-অবরোধ বহাল থাকছে:ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা চলছে না এবং বৈঠকের কোনো সময়সূচিও নির্ধারিত নেই।

    মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে “নৌ-অবরোধ পূর্ণাঙ্গভাবে বহাল ও কার্যকর রয়েছে।”

    তিনি দাবি করেন, হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে এবং সবকিছু “স্বাভাবিকভাবে” চলছে।

    “সমস্ত মাইন হয় অপসারণ করা হয়েছে, না হয় নিষ্ক্রিয় ও ধ্বংস করা হয়েছে,” বলেন ট্রাম্প।

  4. শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার মধ্যে রয়েছে: ভারতের পররাষ্ট্র মুখপাত্র

    তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে ঢাকা থেকে যেসব অনুরোধ জানানো হয়েছে, তার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি এখনো পর্যালোচনা প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

    মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে একজন সাংবাদিক জানতে চান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে, যার মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ ও হাদির হত্যার অভিযোগে গ্রেফতারকৃতদের ফেরত চেয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়কে কীভাবে দেখছে?

    জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ''বাংলাদেশের সাথে পারস্পরিক স্বার্থ ও সম্পর্কের ওপর নির্ভরশীল ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক প্রত্যাশা করে ভারত।''

    ''(বাংলাদেশের) সাবেক প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে আমাদের অবস্থানের বিষয়ে নতুন করে পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই।''

    ওই সংবাদ সম্মেলনের আগে রণধীর জয়সওয়াল বলেছিলেন, সেটির সাথে ভারত সরকারের কোন সংশ্লিষ্টতা নেই, ওই সম্মেলনের কোনো বক্তব্য তারা সমর্থন করেনা। যদিও ওই অনুষ্ঠানে সরাসরি মতবিনিময় করার সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল বাংলাদেশ।

    রণধীর জয়সওয়াল প্রশ্নের অন্য অংশের জবাবে বলেন, ''প্রত্যর্পণ বিষয়ে আমাদের অবস্থান আগের মতোই, আমাদের যে প্রক্রিয়া রয়েছে, অনুরোধটি সেই অনুযায়ী পর্যালোচনা করে দেখা হচ্ছে।''

  5. হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রকে পুনরায় আলোচনায় বসাতে রাজি করানোর চেষ্টা করা হবে: কাতার

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী দেশগুলো হরমুজ প্রণালি ইস্যুতে ইরান ও ওমানের মধ্যে একটি চুক্তির ঘোষণা প্রকাশ করতে যাচ্ছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল-আনসারি।

    এই চুক্তির পরেই কেবলমাত্র যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানকে পুনরায় আলোচনায় রাজি করানোর প্রচেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন মজিদ আল-আনসারি।

    কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি পাইলটদের ইস্যুতে কাতার সফরের জন্য দেশটির প্রতিনিধি দলকে দেওয়া আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। যদিও তেহরান এখনো এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি।

    গত সপ্তাহে ইরান অভিযোগ তুলেছিল, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধের প্রথম দিকে দেশটির বিমান ভূপাতিত হওয়ার পর কাতার তাদের বিমান বাহিনীর তিন পাইলটকে আটকে রেখেছে।

    তবে কাতার আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।

    বিমান দুর্ঘটনায় চতুর্থ আরেকজন পাইলট নিহত হন। তার মরদেহ উদ্ধারের পর ইরানের কাছে হস্তান্তর করেছে কাতারি কর্তৃপক্ষ।

  6. রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিবৃতির সাথে একমত নয়, রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে ডেকে জানাল ঢাকা

    মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা বাঙালি, শনিবার মিয়ানমারের দেওয়া এমন বিবৃতির সাথে ঢাকা একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একইসঙ্গে, রোহিঙ্গাদের প্রত্যর্পণে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

    এর আগে বিবৃতির ব্যাখ্যা চেয়ে দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে মঙ্গলবার ডেকে পাঠিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে রাষ্ট্রদূতের সাথে ডিজি (মিয়ানমার) বৈঠক হয়।

    এরপর বিকেল পৌনে ছয়টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের কাছে সাংবাদিকরা এই বিষয়ে জানতে চান।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "অবশ্যই সেটার সাথে আমরা একমত নই। তাদের নিজেদের একটা আইডেনটিটি আছে, সেই আইডেনটিটি নিয়েই তারা ফেরত যাবে। একটা ভালো পরিবেশে ডিজির সাথে অ্যাম্বাসেডরের আলোচনা হয়েছে। উনি আশ্বস্ত করেছেন যে উনি সরকারের সাথে কথা বলে এই কাজগুলো দ্রুত করবেন।"

    বাংলাদেশ মানবতা ও মানবাধিকার বিবেচনায় ২০১৭ সালে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বলেও জানান তিনি।

    "মিয়ানমার সরকারের সাথে আমাদের যেই যোগাযোগটা আছে, মিয়ানমার সরকারের সাথে আমাদের এক্সচেঞ্জ হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে কারণ আমরা এই রিপ্যাট্রিয়েশনটা শুরু করতে চাই। শুধু সার্জিও গোর না মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফর করেছিলেন তখন চীন সরকারও আমাদেরকে অত্যন্ত দৃঢ়ভাবে আশ্বস্ত করেছিল যে তারাও মিয়ানমারের সাথে যথেষ্ঠ পরিমাণ চাপ প্রয়োগ করবে" বলেন প্রতিমন্ত্রী।

    শনিবার মিয়ানমারের দেয়া বিবৃতিতে রোহিঙ্গা প্রত্যার্পণের বিষয়টি আন্তর্জাতিক চাপ নয় দ্বিপাক্ষিক বৈঠকে সমাধান হতে হবে, এমন বক্তব্যে ঢাকা কেন প্রতিবাদ করেনি সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সবকিছু ঘোষণা দিয়ে প্রতিবাদ করলে সমাধান আসবে বিষয়টা এমন নয়।

    "অবশ্যই একটা আন্তর্জাতিক চাপ যে প্রয়োগ করতে হবে মিয়ানমার সরকারের ওপর, আরাকান আর্মির ওপরে সেটা কিন্তু পরিষ্কারভাবে আমরা সবসময় বলছি এবং আলোচনার ক্ষেত্রে সেটা উঠে আসছে। আমরা মিয়ানমার সরকারের ওপর আস্থা রাখতে চাই, আমরা আন্তর্জাতিক কমিউনিটিকে আরো বেশি জোর দিচ্ছি তারাও যেন মিয়ানমারের ওপরে সেই প্রেশারটা ক্রিয়েট করে" বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

  7. ইমরান খানের স্বাস্থ্য নিয়ে সুপ্রিম কোর্টের দেয়া সিদ্ধান্ত 'পূর্ণাঙ্গভাবে' বাস্তবায়ন করা হবে: কেন্দ্রীয় মন্ত্রী

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শিফা হাসপাতালে স্থানান্তরের ব্যাপারে সুপ্রিম কোর্টের দেওয়া আদেশের পর পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেছেন, “এই সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন করা হবে।”

    মঙ্গলবার সিনেটে পিটিআই সেনেটরদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তিনি বলেন, আদালতই একমাত্র মাধ্যম যার সাহায্যে তার দল “একটি পথ তৈরি করতে পারবে।”

    উল্লেখ্য, সুপ্রিম কোর্টের একটি তিন সদস্যের বেঞ্চ ইমরান খানকে ইসলামাবাদের বেসরকারি হাসপাতাল শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে।

    আদালত বলেছে, যে কোনো আসামির স্বাস্থ্যসেবা পাওয়ার মৌলিক অধিকার রয়েছে।

    ইমরান খানের শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশও দিয়েছে আদালত।

    সেই সাথে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করার পর তার ব্যক্তিগত চিকিৎসক ড. ফয়সাল এবং তার বোন উজমা খান তার সাথেই থাকবেন বলেও আদেশ দিয়েছে আদালত।

  8. সমঝোতা স্মারকের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে না: ইরান

    যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের নির্ধারিত শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে না বলে আবারো জানিয়েছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

    যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা গালিবাফ স্বীকার করেছেন, “অবরোধ তোলার জন্য যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারকের মাধ্যমে পাওয়া সুযোগটি ইরানের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”

    তিনি বলেন, “নৌ-অবরোধ প্রত্যাহার, অবরুদ্ধ সম্পত্তি মুক্ত, তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া, সব দিক থেকে হুমকি ও সামরিক অভিযান বন্ধ করা এবং সমঝোতা স্মারকের অন্যান্য শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে না।”

    সোমবার ইরানের রেভোলিউশনারি গার্ডও একই ধরনের অবস্থান গ্রহণ করেছে।

    রেভোলিউশনারি গার্ডের ডেপুটি প্রধান ইয়াদুল্লাহ জাওয়ানি বলেছেন, “ইসলামাবাদ চুক্তির ভিত্তিতেই যুদ্ধ শেষ হওয়া উচিত এবং যুক্তরাষ্ট্র এই চুক্তির আওতায় তাদের অঙ্গীকার পূরণ করলেই কেবল হরমুজ প্রণালি খুলে দেয়া হবে।”

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য সমঝোতা স্মারকের নির্ধারিত ৬০ দিনের মেয়াদ শেষ হয়েছে সোমবার।

    তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘর্ষের পর, উভয় পক্ষই ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছিল, তারা এই প্রক্রিয়াটিকে কার্যত শেষ বলেই মনে করে।

    অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সাথে এই অন্তর্বর্তীকালীন চুক্তিটির মেয়াদ আর বাড়াতে চান না।

  9. রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের বিবৃতির পর ঢাকায় রাষ্ট্রদূতকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের

    তিন লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের দেওয়া বিবৃতির ব্যাখ্যা চেয়ে দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে ডেকেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি হাজির হয়েছেন।

    মন্ত্রণালয়ের মুখপাত্র এবং অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল করিম বিবিসি বাংলাকে বলেন, “মিয়ানমার থেকে যে একটা স্টেটমেন্ট ইস্যু হয়েছে সে বিষয়ে আলোচনার জন্য তাকে ডাকা হয়েছে।”

    তবে, এটি তলব নয় শুধু আলোচনার জন্য মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

    সাধারণত ক্ষোভ বা অসন্তোষ প্রকাশ করার জন্য রাষ্ট্রদূতদের তলব করা হয়ে থাকে। তবে নমনীয়ভাবে বা সম্পর্ক ক্ষতিগ্রস্ত না করে বার্তা দেওয়ার জন্য অনেক সময় রাষ্ট্রদূতদের ডেকে পাঠানো হয়।

    এর আগে, শনিবার মিয়ানমার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রায় তিন লাখের বেশি মানুষ দেশটির রাখাইন রাজ্যের বাসিন্দা।

    রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তারা প্রায় তিন লাখ রোহিঙ্গা শরণার্থীকে দেশে ফেরত নিতে ইচ্ছুক। তাতে রোহিঙ্গা জনগোষ্ঠিকে বাঙালি বলে উল্লেখ করা হয়েছে।

    এরপরই ঢাকা মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর এই পদক্ষেপ নিল।

  10. সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে গ্রেফতার করতে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ

    তেরো বছর আগে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদকে গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে।

    মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

    মি. ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) চিঠি দেয়া হয়েছে।

    ২০১৩ সালের পাঁচ ও ছয়ই মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকার মতিঝিলে শাপলা চত্বর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে ৬১ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এরই মধ্যে অভিযোগপত্র আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    ওই ঘটনার সময় বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ছিলেন আজিজ আহমেদ। পরে তিনি সেনাপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

    ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন হল এমন একটি আন্তর্জাতিক সংস্থা যেটি সারা বিশ্বের পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের একটি নেটওয়ার্কে সংযুক্ত ও সমন্বয় করে।

    এর প্রধান কাজ অপরাধীদের ধরতে আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা। যেন বিশ্বের সব পুলিশ অপরাধের বিরুদ্ধে এক হয়ে কাজ করতে পারে।

    যদি একটি দেশের আসামি সেখানে অপরাধ করার পর অন্য দেশে চলে যায়, তখন সেই আসামীকে ধরতে ইন্টারপোলের সহায়তা লাগে।

    এক্ষেত্রে ওই দেশকে সন্দেহভাজন অপরাধীর যাবতীয় তথ্য দিয়ে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলে আবেদন করতে হয়।

  11. পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করতে যাচ্ছেন

    সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বিকেলে পদত্যাগ করতে যাচ্ছেন।

    কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন বিবিসি বাংলাকে।

    শারীরিক অসুস্থতাজনিত কারণে অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন মি. রহমান।

    জনসংযোগ কর্মকর্তা মি. রহমান বলেন, “ডায়বেটিস, হাইপ্রেসারসহ নানারকম শারীরিক জটিলতায় স্যার ভুগছেন। দুপুর দেড়টায় স্যার জানিয়েছেন, শারীরিক কারণে পদত্যাগ করতে যাচ্ছেন।”

    অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনের অধ্যাপক মোবাশ্বের মোনেম পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ পান।

    চব্বিশের গণঅভ্যুত্থানের পরে আটই অগাস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসেনসহ ১২ সদস্য পদত্যাগ করেন।

    পরে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।

  12. শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার বিষয়ে আলোচনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

    শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার বিষয়টি আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক।

    মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

    অন্য কারো সাথে শিক্ষকদের বেতন বা পে-স্কেল তুলনা হবে না বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

    শিক্ষামন্ত্রী মি. মিলন বলেন, “শিক্ষকদের আলাদা স্বাতন্ত্রিক পে-স্কেল করা, নট টু কম্পেয়ার উইথ আদারস। সেটা কম হোক বা বেশি হোক। শিক্ষকদের সাথে কারো তুলনা চলে না। আমার চিন্তা, শিক্ষকদের পে-স্কেল হবে স্বাতন্ত্রিক। ওটা সচিবের সাথেও তুলনা করবো না বা একজন এমএলএসের সাথেও তুলনা করবো না। দে আর অর্নামেন্টাল, তারা জাতি গঠন করে, তাদের আলাদা চোখে দেখতে হবে।”

  13. রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

    জাতীয় সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে আসন শূন্য হওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

    মঙ্গলবার দুপুরে রিটের শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

    সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত ১৩ই অগাস্ট এই রিটটি দায়ের করেন।

    রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

    দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত ছয়ই অগাস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন বা ইসি। তফসিল অনুযায়ী, ভোট গ্রহণ হবে বৃহস্পতিবার।

    রিট আবেদনে, ৭০ অনুচ্ছেদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসির ছয়ই অগাস্টের তফসিল কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চেয়েছিলেন রিটকারী। তবে প্রাথমিক শুনানির পরে রিটটি খারিজ করে দেয় হাইকোর্ট।

  14. ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে অবিলম্বে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

    সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ আদালত বলেছে, যে কোনো অভিযুক্তের স্বাস্থ্যসেবার অধিকার একটি মৌলিক অধিকার।

    আদালত ইমরান খানের স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছে যেখানে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল এবং ডা. উজমা খানকেও অন্তর্ভুক্ত করা হবে।

    আদালত পরবর্তী শুনানিতে ইমরান খানের চিকিৎসা প্রতিবেদন উপস্থাপনেরও নির্দেশ দিয়েছে।

    সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য এবং তার সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মহাসচিব সালমান আকরাম রাজা এবং ইমরান খানের বোন উজমা খান যে আবেদন করেছিলেন, তার ভিত্তিতেই সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়।

    সুপ্রিম কোর্ট তার আদেশে আরও বলেছে, ইমরান খানের চিকিৎসায় যে সব ব্যয় হবে, তা তার পরিবার বহন করবে।

    আদালত তার আদেশে বলেছে, ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করার সময় সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটানো যাবে না।

    আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট সুপ্রিম কোর্টে যে চিকিৎসা প্রতিবেদন জমা দিয়েছেন, তাতে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের ‘গুরুতর’ উপসর্গ দেখা গেছে।

    ইমরান খানের চিকিৎসা প্রতিবেদনে কী বলা হয়েছে?

    ইমরান খানের চিকিৎসা প্রতিবেদনে উদ্বেগের মাত্রা ‘লেভেল থ্রি প্লাস’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা অত্যন্ত গুরুতর বলে বিবেচিত হয়।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সর্বশেষ ১০ই অগাস্ট একটি মেডিকেল বোর্ড পরীক্ষা করে। ওই মেডিকেল বোর্ডে চক্ষু, হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অন্তর্ভুক্ত ছিলেন।

    সুপ্রিম কোর্টে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের বয়স প্রায় ৭৩ বছর। তিনি মাথায় ভারী অনুভূতি এবং দ্রুত হৃদস্পন্দনের অভিযোগ করেছেন। তবে চিকিৎসা প্রতিবেদন অনুযায়ী, তার বুকে ব্যথা, চাপ অনুভূত হওয়া বা শ্বাসকষ্টের কোনো অভিযোগ ছিল না।

    প্রতিবেদনে এ-ও উল্লেখ করা হয়েছে যে, মেডিকেল বোর্ড রক্তচাপ এবং উদ্বেগ নিয়ন্ত্রণে ওষুধ গ্রহণের পরামর্শ দিয়েছিল।

  15. জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা

    বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার আল আমিনকে পরবর্তী ১৫টি ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। গত জুনে মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির টুর্নামেন্টে মারামারির ঘটনায় এই শাস্তি পেলেন তিনি।

    "ফিফা টায়ার - ১ ম্যাচ, আন্তর্জাতিক ও ন্যাশনাল টিমের পরবর্তী ১৫ ম্যাচের জন্য আল আমিনকে নিষিদ্ধ করা হয়েছে" বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।

    একইসঙ্গে, আরেক ফুটবলার মিরাজুলকে দুই ম্যাচের জন্য ফিফা নিষিদ্ধ করেছে। ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত দিয়েছে বলে জানা গেছে।

    জুনে মালদ্বীপের ওই ম্যাচের খেলার সময় উভয় দলের খেলোয়াররা মারামারিতে জড়িয়ে পড়েন।

    ওই টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর ফিফা বাংলাদেশের ম্যানেজার ও ফুটবলার মিরাজুলকে আর্থিক জরিমানা করে এক দফা শাস্তি দিয়েছিল।

    আর আল আমিনকে এবার ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করলো ফিফা। সাম্প্রতিক সময়ে কোনো বাংলাদেশি ফুটবলারের জন্য এটিই সবচেয়ে বড় নিষেধাজ্ঞা।

    এর আগে ১৯৮৯ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ গেমসে রেফারিকে লাঞ্ছিত করার ঘটনায় বাংলাদেশ দলের তৎকালীন অধিনায়ক ইলিয়াস হোসেনকে এক বছর নিষিদ্ধ করা হয়েছিল।

  16. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • ইরানের সঙ্গে চলমান আলোচনায় ‘বাধা হয়ে দাঁড়ালে’ যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • বাংলাদেশের মন্ত্রিসভা দেশের প্রচলিত অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।এর ফলে ২০২৮-২৯ অর্থবছর হতে নতুন অর্থবছর (এপ্রিল-মার্চ) অনুযায়ী সরকারের সকল কার্যক্রম শুরু করা হবে।
    • বাংলাদেশের মন্ত্রিসভায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। এটি আইনে পরিণত হলে র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি নামে নতুন একটি বাহিনী গঠিত হবে।
    • বিন্না ঘাস কোন কোন প্রকল্পে ব্যবহার করা যায় তা পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়। এই ঘাসের ব্যবহার বিষয়ে একটি গাইডলাইন তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
    • ভারতীয় জনতা পার্টি তাদের বেশ কয়েকজন পুরোনো নেতাকে নতুন দায়িত্বে ফিরিয়েছে। এদের মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, সুনীল বনসল।
    • বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে প্রতিবেদন দিয়েছে সেটি অনুমান নির্ভর হওয়ায় তারা এ নিয়ে কোনো রিয়েকশন দিচ্ছেন না।
    • বাংলাদেশে ‘সন্দেহজনক হাম’ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭টি শিশুর মৃত্যু হয়েছে।
    • স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ব্যাটারিচালিত রিকশাগুলো সিটি কর্পোরেশন ও পৌরসভার রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে এবং এসব ই-রিকশা শুধুমাত্র সৌর বিদ্যুৎ দিয়েই রিচার্জ করতে হবে।
    • পশ্চিমবঙ্গের জনপ্রিয় হিন্দু-তীর্থক্ষেত্র বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে আগুন লেগে অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। গুরুতর জখম হয়ে অসুস্থ একাধিক।
  17. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে