আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

শেখ হাসিনাকে ফেরত আনতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো অধৈর্য হওয়ায় সরকারের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। বাংলাদেশে তাবলীগের মাওলানা সাদ কান্দালভীর অনুসারীদের নিষিদ্ধের দাবি তুলেছেন মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা। সবশেষ খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলা লাইভে...

সার সংক্ষেপ

  • বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোন আলাপে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন।
  • প্রায় ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন ২১শে অগাস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু।
  • বড়দিনে আতশবাজি ও পটকা ফাটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।
  • আজ প্রথমবারের মতো পদ্মাসেতু দিয়ে ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হল

    • কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় এক শিশু-সহ দুই জন মারা গেছেন। পুড়ে গেছে পাঁচশোরও বেশি ঘর।
    • ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীকে গলা কেটে হত্যার পর তার লাশ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
    • চলতি অর্থ বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় সীমা আরও এক মাস বাড়িয়ে আগামী বছরের ৩১শে জানুয়ারি পর্যন্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর।
    • যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
    • বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এক এমপি-সহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো অধৈর্য হওয়ায় সরকারের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ।
    • খ্রীষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ক্রিসমাস বা বড়দিনের উদযাপন নিরাপদ করতে পুলিশ বিশেষ নিয়ম জারি করেছে।
    • প্রথমবারের মতো পদ্মা সেতু দিয়ে ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
    • যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
  2. শেখ হাসিনাকে ফেরত আনতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রেস সচিব

    যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস জানিয়েছে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বিফ্রিংয়ে মি. আলম এ কথা বলেছেন।

    এসময় প্রেস সচিব বলেন, “বাংলাদেশের বিদ্যমান আইনের মধ্যে থেকে যতটা দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে।”

    শেখ হাসিনাকে ফেরত আনতে আইনগত প্রক্রিয়া জোরেশোরে চলছে জানিয়ে মি. আলম বলেন, “আইনি প্রক্রিয়ার জন্য একটা প্রয়োজনীয় সময়ের ব্যাপার আছে। আমরা বারবার বলছি, শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে চাই। আশা করছি, উনাকে দ্রুত দেশে ফেরত এনে বিচারের সম্মুখীন করা সম্ভব হবে।”

    এর আগে সোমবার শেখ হাসিনাকে ফেরত আনতে ভারত সরকারকে ‘নোট ভার্বাল’ পাঠিয়েছে বাংলাদেশ।

    সংবাদ সম্মেলনে শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে প্রেস সচিব বলেন, “আমরা দেখেছি গত ১৫ বছরে শেখ হাসিনার অপরাধগুলো কতটা ভয়াবহ ছিল। পুরো পৃথিবী এখন তার অপরাধগুলো দেখতে পাচ্ছে।"

    গুম কমিশনের রিপোর্টের বরাত দিয়ে মি. আলম বলেন, “গত ১৫ বছরে প্রায় ৩,৫০০ মানুষ গুম হয়েছে। আইন-বর্হিভূতভাবে হত্যা করা হয়েছে হাজার হাজার মানুষকে। এ ছাড়া জুলাই বিপ্লবে প্রায় ১,৫০০ ছাত্র-জনতা প্রাণ হারিয়েছে।”

  3. ব্রাহ্মণবাড়িয়াতে নারীকে গলা কেটে হত্যা, পুড়িয়ে দেওয়া হয় লাশ

    (এই সংবাদের কিছু বর্ণনা আপনার মানসিক অস্বস্তির কারণ হতে পারে)

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীকে গলা কেটে হত্যার পর তার লাশ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

    এ ঘটনায় অভিযুক্ত যুবককে ঘটনাস্থল থেকেই আটকও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    ওই যুবকের নাম ফারহান রনি। তিনি তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে।

    আখাউড়া থানার ওসি তদন্ত শাহিনূর ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, “আটককৃত মি. রনির দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের একটি ক্ষেত থেকে নিহত নারীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ। একই সাথে হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।”

    পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীকে হত্যার কথা শিকার করেছেন আটককৃত মি. রনি। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি নিয়েই তদন্তে করছে পুলিশ।

    মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকার একটি টিনশেড ঘরে ওই নারীর মাথা বিচ্ছিন্ন করে দেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

    স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মি. ইসলাম বলেন, “স্থানীয়রা মি. রনির বাড়ি থেকে ধোঁয়া উড়তে দেখে সন্দেহ করেন। পরে পরিত্যক্ত গোয়ালঘরে একটি গর্তের ভেতর মরদেহ পুড়তে দেখেন তারা।”

    মাথাবিহীন মরদেহটি পুড়ে যাওয়ায় কারণে তার প্রাথমিক পরিচয় নিশ্চিত করা যায়নি।

    ওসি তদন্ত মি. ইসলাম বিবিসি বাংলাকে বলেন, “আমরা ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদ করি। তার দেওয়া তথ্য মতে বাড়ির পুকুরের পাশের একটি ক্ষেতের ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করি। তার বয়স আনুমানিক ৫০ বছর।”

    আটককৃতকে জিজ্ঞাসাবাদের পর তার তথ্য অনুযায়ী নিহতের মাথা ও হত্যার সব আলামত উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, ওই যুবক একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

    পুলিশ কর্মকর্তা মি. ইসলাম বলেন, “আটককৃত রনি মাদকাসক্ত। তার নামে মাদকের মামলা রয়েছে। একাধিকবার জেলও খেটেছে সে।”

    পুলিশ বিবিসি বাংলাকে জানিয়েছে, মঙ্গলবার ভোরে ওই নারীকে বাড়িতে ডেকে এনেছিল রনি। তারপর হত্যা করা হয়েছে।

    তবে কেন ওই নারীকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

  4. রোহিঙ্গা ক্যাম্পের আগুনে দুই জনের মৃত্যু, পুড়েছে পাঁচশোরও বেশি ঘর

    কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় এক শিশুসহ দুই জন মারা গেছেন। পুড়ে গেছে পাঁচশোরও বেশি ঘর।

    মঙ্গলবার দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটে।

    দুপুরে উখিয়ার লম্বাশিয়া-১ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের একটি বসতঘরে হঠাৎ আগুন লেগে যায়। এরপর আগুন ক্যাম্পটির আশপাশের বসতঘর-সহ অন্য স্থাপনায় দ্রুত ছড়িয়ে পড়ে।

    বিকেল পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

    প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ধারণা করছে, রান্না করার সময় চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

    কক্সবাজারের উখিয়া থানার ওসি আরিফ হোসাইন বিবিসি বাংলাকে বলেছেন, আগুনে মারা যাওয়া দুই জনের মধ্যে এক জন সাত বছরের শিশু, আরেক জন প্রাপ্তবয়স্ক পুরুষ।

    ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন বলেও জানিয়েছে পুলিশ।

  5. 'না জেনেই ভারতে ঢুকে পড়া' ১২ জন বাংলাদেশি জেলের মুক্তি

    ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জেল থেকে মঙ্গলবার ছাড়া পেয়েছেন ১২ জন বাংলাদেশি মৎস্যজীবী। দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার জেল থেকে এদিন তাদের ছেড়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন।

    সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে মাছ ধরার নৌকা ডুবে গেলে তারা পশ্চিম বঙ্গের সুন্দরবন এলাকার পাথরপ্রতিমার কূলে এসে ওঠেন। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ দায়ের হয় তাদের বিরুদ্ধে।

    পরে ভারত সরকার আদালতে এদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেয় এই যুক্তিতে যে এরা আসলে দুর্ঘটনার শিকার এবং না-জেনেই ভারতে ঢুকে পড়েছিলেন।

    এর পরেই দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ আদালত গত বৃহস্পতিবার তাদের মুক্তি দেয়। শনিবার ডায়মন্ড হারবার কারাগার থেকে ছেড়ে দেওয়ার পর কাকদ্বীপ থানার ওসির হাতে ওই মৎস্যজীবীদের তুলে দেওয়া হয়।

    সরকারি সূত্রগুলো জানাচ্ছে, বাংলাদেশের কারাগারে পশ্চিমবঙ্গের ৯০ জনেরও বেশি মৎস্যজীবী আটক আছেন। এই বাংলাদেশি মৎস্যজীবীদের মুক্তি দেওয়া হলে

    বাংলাদেশ থেকেও পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের মুক্তি দেওয়া হবে, ধারণা করা হচ্ছে এই আশাতেই বাংলাদেশিদের বিরুদ্ধে মামলা তুলে নিয়েছে সরকার।

  6. আয়কর রিটার্ন জমার তারিখ আরও এক মাস বাড়লো

    চলতি অর্থ বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় সীমা আরও এক মাস বাড়িয়ে আগামী বছরের ৩১শে জানুয়ারি পর্যন্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর।

    মঙ্গলবার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এর আগে গত ৩০শে নভেম্বর পর্যন্ত আয়কর জমা দেয়ার নির্ধারিত সময় থাকলেও পরে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল।

    এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, “আয়কর আইন ২০২৩ এর ধারা ৩৩৪ এর উপ-ধারা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে সরকারের পূর্বানুমোদনক্রমে, কোম্পানি ব্যতীত সকল করদাতার ২০২৪-২০২৫ কর বর্ষের জন্য নির্ধারিত করদিবস ৩১শে ডিসেম্বর ২০২৪ তারিখের পরিবর্তে ৩১শে জানুয়ারি ২০২৫ তারিখ নির্ধারণ করিল।”

    এছাড়া পৃথক আদেশে কোম্পানি করদাতাদের নির্ধারিত করদিবস ১৫ই জানুয়ারি ২০২৫ এর পরিবর্তে আগামী বছরের ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

    এ নিয়ে আরো পড়তে পারেন:

  7. আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এক এমপিসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

    যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তারা হলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও সেখানে কর্মরত চার পুলিশ কর্মকর্তা।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আশুলিয়া এলাকায় গত পাঁচই আগস্ট ছয় ছাত্রকে গুলি করে হত্যা করা হয়। পরে পুলিশ ভ্যানে তুলে থানার কাছে একটি দোকানের সামনে রেখে পেট্রল দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।”

    তিনি বলেন, "তাদের উদ্দেশ্য ছিল মানুষ যাতে করে বুঝতে না পারে, তাঁদের কে হত্যা করেছে। পুলিশ হত্যা করে পুলিশের গাড়িতে রেখে আগুন দিলে মানুষ মনে করতে পারে, হয়তো এই হত্যাকাণ্ড ছাত্র-জনতা করেছেন। এভাবে দায় এড়ানোর জন্য তাঁরা পুলিশের গাড়িতে রেখে আগুন দেন।"

    এর আগে গত ১১ই সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনে সাভারের আশুলিয়ায় আগুনে পুড়িয়ে ছয়জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৭০ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়।

  8. নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সংস্কার কাজ ব্যাহত হচ্ছে: আসিফ মাহমুদ

    নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো অধৈর্য হওয়ায় সরকারের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ।

    মঙ্গলবার দিনাজপুরের কাহারোলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    সরকারের উপদেষ্টা মি. মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনের সময়টা নির্ভর করবে সংস্কার কার্যক্রমের ওপর।

    তিনি বলেন, “সংস্কার কমিশনগুলো দ্রুত রিপোর্ট দেয়ার পর দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সরকার সংস্কার বাস্তবায়নের দিকে যাবে সরকার। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পর আমরা নির্বাচনের দিকে যাবো”।

    নির্বাচন কমিশন তা নিয়ে কাজ করছে,” বলেছেন তিনি।

    মি. মাহমুদ বলেন, "নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়া সংস্কার কার্যক্রম কিছুটা ব্যাহত করছে। সেখানে এক ধরনের বাধার সৃষ্টি করছে।

    আশা করবো দলগুলো সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে সহযোগিতা করুক। তাদের সাথে আলোচনার ভিত্তিতেই সংস্কার সম্পন্ন হবে।”

  9. সাদপন্থীদের ‘রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ’ করার দাবি জুবায়েরপন্থীদের

    বাংলাদেশে তাবলীগের সাদপন্থী বলে পরিচিত মাওলানা মোহাম্মদ সাদ কান্দালভীর অনুসারীদের নিষিদ্ধের দাবি তুলেছেন মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা।

    মঙ্গলবার কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন ডেকে এ দাবি উপস্থাপন করেন মুফতি কেফায়েত উল্লাহ আজহারী।

    বাংলাদেশে তাবলীগ জামাতের দু'টি অংশ 'জুবায়ের' ও 'সাদ'পন্থীদের মধ্যে গত কয়েক বছর ধরে দ্বন্দ্ব চলছে, যা এর আগে কয়েক দফা সংঘর্ষে গড়িয়েছে।

    সর্বশেষ ১৭ই ডিসেম্বর টঙ্গীর তুরাগ তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের প্রায় অর্ধশত অনুসারী আহত হয়েছেন।

    সেসময় সংঘর্ষের একপর্যায়ে জুবায়েরপন্থীদের ধাওয়া দিয়ে ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নেন সাদপন্থীরা।

    পরে জুবায়েরপন্থীরা পুনরায় সংগঠিত হয়ে বিক্ষোভ-সমাবেশ শুরু করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

    সংঘর্ষ ও হতাহতের ঘটনায় উভয় পক্ষ পরস্পরের ওপর দায় চাপিয়েছেন।

    সেসময় সাদপন্থীদের 'সন্ত্রাসী' আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানান জুবায়েরপন্থীদের অন্যতম নেতা মামুনুল হক।

    আজও সংবাদ সম্মেলনে একই দাবি জানিয়েছেন জুবায়েরপন্থীরা।

    “সাদপন্থীরা চরমপন্থী বাহিনী” উল্লেখ করে কেফায়েত উল্লাহ আজহারী বলেন, “আওয়ামীলীগ ও তার দোসররা যোগসাজস করে সাদপন্থীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার নীলনকশা করেছিলো। এই নীলনকশা বাস্তবায়নে পার্শ্ববর্তী একটি দেশ ও ইসরায়েলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে কিছু জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।”

    “সাদপন্থীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে,” জানিয়ে তিনি আরও বলেন, “১৭ তারিখের হামলা ও ২০১৮ সালের পহেলা ডিসেম্বরে হামলার সাথে জড়িত আসামিদের গ্রেফতার ও বিচার করতে হবে।"

    এ নিয়ে আরো পড়তে পারেন:

  10. ১৭ বছর পর কারামুক্ত হয়েছেন বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু

    ২১শে অগাস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

    মঙ্গলবার বেলা ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

    ২০০৪ সালের ২১শে অগাস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে শেখ হাসিনাসহ নেতাকর্মীদের ওপর গ্রেনেড হামলার মামলায় তিনি কারাগারে ছিলেন।

    ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় ২০১৮ সালের ১০ই অক্টোবরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত।

    যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে।

    সর্বশেষ গত পহেলা ডিসেম্বর ২১শে অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পাওয়া সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট।

    সেইসাথে, বিচারিক আদালতের দেয়া রায়কে অবৈধ ঘোষণা করেছে।

    ফলে লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টুসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত, যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তারেক রহমানসহ এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত সব আসামিরা খালাস পেয়েছেন।

    এ নিয়ে জানতে আরও পড়তে পারেন:

  11. বড়দিনে আতশবাজি ও পটকা ফাটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ

    ক্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ক্রিসমাস বা বড়দিনের উদযাপন নিরাপদ করতে পুলিশ বিশেষ নিয়ম জারি করেছে।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ২৫শে ডিসেম্বর বড়দিনের উৎসব সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরণের আতশবাজি, পটকা ফাটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

    মঙ্গলবার ডিএমপি’র তরফ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

    নির্দেশনায় বলা হয়, আগামী ২৫শে ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন উদযাপিত হবে।

    তাই, ২৪শে ডিসেম্বর রাত ১২টা হতে ২৫শে ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফাটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো।

  12. পদ্মা সেতু দিয়ে প্রথমবারের মতো ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল শুরু

    প্রথমবারের মতো পদ্মাসেতু দিয়ে ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

    আজ মঙ্গলবার নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ সকাল ছয়টায় মোট ৫৫৩ জন যাত্রী নিয়ে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে, সকাল ১০টা ৪৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

    ট্রেনটি আবার আজ রাত আটটায় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৪৫ মিনিটে।

    রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ রেলসেবা উদ্বোধন করেন।

    তিনি সংবাদ সম্মেলনে বলেন, “পদ্মা রেল সেতু সংযোগের মাধ্যমে খুলনা ও ঢাকার মধ্যে একটা দ্রুত যাতায়াতের ব্যবস্থা হয়েছে। পৌনে চার ঘণ্টায় এটি পৌঁছে যাবে।

    রেলকে সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা উল্লেখ করে তিনি বলেন, “খুব অল্প খরচে এই মাধ্যমে যাতায়াত করা যায়। কিন্তু আমাদের রেলের নানান রকম সংকট আছে। আপনারা অনেকেই অসন্তোষ ব্যক্ত করেন।”

    “আপনাদের জানতে হবে যে রেল কেন আপনাদের প্রাপ্য সুবিধা দিতে পারে না। আমাদের লোকোমোটিভ সংকট আছে, কোচ সংকট আছে, লোকবলের সংকট আছে। সীমিত জনবল দিয়ে রেলের কর্মীরা একটি বড় দায়িত্ব পালন করেন। তারা রেলের আনসাং হিরো,” বলেন তিনি।

  13. প্রধান উপদেষ্টাকে জ্যাক সুলিভানের ফোন

    যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

    আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে ফোনালাপে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসহ নানা বিষয়ে আলাপ করেছেন।

    প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত আটই অগাস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর সাড়ে চার মাসে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

    বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এবং রাজনৈতিক, নির্বাচন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার কাজের উদ্যোগের জন্যও তিনি প্রশংসা করেন।

    সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় মার্কিন সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন মি. সুলিভান।

    ফোনালাপে তারা দেশের সার্বিক উন্নয়ন পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। অতীতের সমস্যা কাটিয়ে ওঠার যাত্রায় বাংলাদেশকে সহায়তা করার জন্যও তিনি অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান।

    অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মার্কিন সমর্থন পুনঃনিশ্চিত করেছেন মি. সুলিভান।

    গত সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের কথাও স্মরণ করেন প্রধান উপদেষ্টা।

    অধ্যাপক ইউনূস বলেছেন, তিনি আশা করছেন যে জানুয়ারির মাঝে ছয়টি বড় সংস্কার কমিশনের রিপোর্ট আসবে। এরপর সংস্কার ও নির্বাচনের দিকে যাত্রা শুরু হবে।

  14. বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ এবং বিশ্বের সব ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়। রিপোর্টিং করছেন মরিয়ম সুলতানা।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে