'ক্ষুব্ধ হয়ে' পদত্যাগের ঘোষণা শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের

একটি অনুষ্ঠান চলাকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিবের কাছে পদত্যাগপত্র তুলে দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এদিকে নাহিদ ইসলামকে আহ্বায়ক করে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি।

সরাসরি কভারেজ

  1. , শুক্রবার যা যা হলো

    • জুলাই গণঅভ্যুত্থানে নেতৃ্ত্ব দেয়া শিক্ষার্থীদের নেতৃত্বে আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপি)। অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ শীর্ষ নেতাদের নাম ঘোষণা করা হয়। দল ঘোষণার সময় বক্তব্যে দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে ভারতপন্থি-পাকিস্তানপন্থ রাজনীতির কোনো ঠাঁই হবে না।”
    • বাংলাদেশে একটি ‘সেকেন্ড রিপাবলিক’ বা ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠার উদ্দেশ্য গুরুত্ব পেয়েছে নাহিদ ইসলামের বক্তব্যে। ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার জন্য ‘গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন’ তাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
    • দল ঘোষণার আগেই জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সঙ্গে যে কোনো বিষয়ে আলাপ আলোচনার সুযোগ খোলা থাকবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
    • বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। একটি অনুষ্ঠান চলাকালে মঞ্চে শিল্পকলা একাডেমির সচিবের কাছে জনসমক্ষে পদত্যাগপত্র তুলে দেন তিনি। এসময় মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির জন্য অর্থ বরাদ্দ দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
    • সৌদি আরবে আজ শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল শনিবার, পহেলা মার্চ থেকে রোজা পালন করা শুরু হবে।
    • গ্রিসে স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দ্বিতীয় বার্ষিকীতে বিচারের দাবিতে পথে নামা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

  2. সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে

    রমজান মাসের চাঁদ, ফাইল ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, রমজান মাসের চাঁদ, ফাইল ছবি

    সৌদি আরবে আজ শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল শনিবার, পহেলা মার্চ থেকে রোজা পালন করা শুরু হবে।

    সৌদি কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম।

    বাংলাদেশে আগামীকাল শনিবার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখা কমিটির সভা হওয়ার কথা রয়েছে।

  3. 'ক্ষুব্ধ হয়ে' পদত্যাগের ঘোষণা শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের

    সৈয়দ জামিল আহমেদ

    ছবির উৎস, Channel I

    ছবির ক্যাপশান, সৈয়দ জামিল আহমেদ

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। একটি অনুষ্ঠান চলাকালে শিল্পকলা একাডেমির সচিবের কাছে জনসমক্ষে পদত্যাগপত্র তুলে দেন তিনি।

    'স্বাধীনভাবে কাজ না করতে পারায়' এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সৈয়দ জামিল।

    “আমার বয়স হয়েছে এখন ৭০ বছর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জন্য আমি যে কাজ করেছি, এখন আর মন্ত্রণালয়ে দশবার করে লড়াই করে তাদের হাত পা ধরার আমার কোনো জায়গা নাই, দরকারও নাই।”

    বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসবের’ সমাপনী অনুষ্ঠানে মঞ্চে অনেকটা ক্ষুব্ধভাবেই কথাগুলো বলেন তিনি।

    শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জন্য বাজেট বরাদ্দ যেমন চেয়েছিলেন ‘১৬৫ কোটি টাকা’, সেটা দেয়া হয়নি। বরং যারা বরাদ্দের সাথে থাকেন তারা “মনে করে এটা তাদের নিজের টাকা, এভাবে টাকাটা বণ্টন করা শুরু করেছে তারা,” বলেন মি. আহমেদ।

    তিনি বলেন, "আমাদের যেন বৈষম্যহীন বাংলাদেশ হয় তার জন্য সবার আগে দরকার এই মন্ত্রণালয়ে আমাদের যত রকম কর্মচারীরা আছেন তারা একটু বুঝুক যে এখানে একটা গণঅভ্যুত্থানের পরবর্তী জায়গায় আমরা কাজ করছি।"

    "এখানে কাজ করা সম্ভব হবে না" এমন কথা উল্লেখ করে এরপর মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন সৈয়দ জামিল আহমেদ।

    তবে মি. আহমেদ পদত্যাগপত্র দেয়ার পর বলেন “যেহেতু পদত্যাগপত্র আমি দিয়ে দিয়েছি, আমাকে যে বলতে বাধা দিয়েছিল যে- আমরা আদিবাসী কথাটা বলতে পারবো না। আমি আজকে বলছি, আদিবাসীদের বিরুদ্ধে... আদিবাসীদের দাবি পূর্ণ হোক, তাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধ হোক, তাদের অধিকার অর্জিত হোক। আমি একইসাথে চাই বৈষম্যহীন বাংলাদেশ কায়েম হোক।"

    যদিও উপস্থিত দর্শক, মঞ্চে উপস্থিত অভ্যুত্থানে নিহত আনাসের মা ও শিল্পকলার কর্মকর্তারা সৈয়দ জামিল আহমেদের পদত্যাগ মানতে চাননি।

    শিল্পকলা একাডেমির সচিবের এই পদত্যাগপত্র গ্রহণের এখতিয়ার আছে কিনা সে প্রশ্নও রয়েছে। মন্ত্রণালয়ে জমা হওয়া ছাড়া এটি কার্যকর হওয়ার কথাও না।

    শিল্পকলার সচিব মি. হোসেন পরবর্তীতে বলেন “আমি শিল্পকলার সচিব হিসেবে এটা শুধু হাতে নিয়েছি। কিন্তু শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা কর্মচারী এই পদত্যাগপত্র গ্রহণ করেনি।”

    ২০২৪ সালের সেপ্টেম্বরে মহাপরিচালক পদে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয় নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত অধ্যাপক।

  4. ‘সেকেন্ড রিপাবলিকের’ শপথ নাহিদ ইসলামের, বললেন ‘ভারত বা পাকিস্তানপন্থি রাজনীতির ঠাঁই হবে না’

    নতুন রাজনৈতিক দল ঘোষণার পর বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

    ছবির উৎস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

    ছবির ক্যাপশান, নতুন রাজনৈতিক দল ঘোষণার পর বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

    “বাংলাদেশে ভারতপন্থি বা পাকিস্তানপন্থি রাজনীতির কোনো ঠাঁই হবে না” বলে উল্লেখ করেছন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দল ঘোষণার অনুষ্ঠানে শেষ পর্যায়ে এসে বক্তব্য রাখার সময় এ কথা বলেন তিনি।

    তার বক্তব্যে বার বার উঠে এসছে বাংলাদেশে একটি 'সেকেন্ড রিপাবলিক' বা ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠার বিষয়।

    গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান

    ২০২৪ সালের অভ্যুত্থান সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে উল্লেখ করে তিনি বলেন, “একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে।”

    “সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য।”

    কেমন হবে সেকেন্ড রিপাবলিক

    সেকেন্ড রিপাবলিক কেমন হবে তার একটি উদ্দেশ্যের রূপরেখাও তুলে ধরেছেন তিনি।

    সেক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত রাজনৈতিক সংস্কৃতি এবং সব নাগরিকের মৌলিক অধিকার ও সমান নিরাপত্তা নিশ্চিত করা, এমন দিকগুলো তুলে ধরা হয়েছে।

    “শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রের আষ্টেপৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যাতে করে জনগণের অধিকারভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়,” বলছেন তিনি।

    সেই উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠার ঘোষণা দেন তিনি।

    বক্তব্য শেষ করার সময়ও সবাইকে সেকেন্ড রিপাবলিক গঠনের প্রতিজ্ঞা করছেন কিনা সে প্রশ্ন রাখেন মি. ইসলাম।

    এরপর "ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ", "ক্ষমতা না জনতা, জনতা জনতা", "দালালি না রাজপথ, রাজপথ রাজপথ" এমন নানা স্লোগান দেন দলের শীর্ষ নেতারা।

  5. আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টি

    জাতীয় নাগরিক পার্টি নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে

    ছবির উৎস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

    ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টি নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে

    নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক অনুষ্ঠানের মাধ্যমে দলটি আনুষ্ঠানিকভাবে সামনে আসে।

    অনুষ্ঠনস্থলেই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ শীর্ষ নেতাদের নাম ঘোষণা করা হয়।

    বিকাল সাড়ে চারটার দিকে ধর্মগ্রন্থ কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত গাওয়া হয়।

    জুলাই আন্দোলনে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা, আহদের কয়েকজন, বিএনপি-জামায়াতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতা এই অনুষ্ঠানে যোগ দেন।

    আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিবশহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এলডিপির একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।

    মিছিল নিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলের সমর্থকরা অনুষ্ঠানে যোগ দেন।

    জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা

    ছবির উৎস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

    ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা
  6. বিক্ষোভে অচল গ্রিস, পুলিশের সাথে সংঘর্ষ

    গ্রিসের অ্যাথেন্সে বিক্ষোভে পুলিশের সাথে জনগণের সংঘর্ষ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, গ্রিসের অ্যাথেন্সে বিক্ষোভে পুলিশের সাথে জনগণের সংঘর্ষ

    গ্রিসে স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দ্বিতীয় বার্ষিকীতে বিচারের দাবিতে পথে নামা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। শুক্রবার লাখো মানুষ বিভিন্ন শহরে সমাবেশে অংশ নেয়।

    অ্যাথেন্সে এক দল বিক্ষুব্ধ তরুণ পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করলে সংঘর্ষের শুরু হয়। ছাত্ররা পার্লামেন্ট ভবনের সামনের ব্যারিকেড ভাঙারও চেষ্টা করে। পরে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

    ওই দুর্ঘটনার স্মরণে বিভিন্ন পেশার মানুষ দেশটিতে ২৪ ঘণ্টার জন্য সাধারণ ধর্মঘট ডেকেছেন এবং ধর্মঘটকারী শ্রমিকরা বিমান চলাচল, সমুদ্রপথ ও রেলপথে পরিবহন বন্ধ করে দিয়েছে বলে জানাচ্ছে বার্তা সংস্থা রয়টার্স।

    দুর্ঘটনার পর দ্বিতীয় মেয়াদে জয়ী মিতসোটাকিসের মধ্য-ডানপন্থী সরকার দুর্ঘটনার জন্য কোনো রাজনৈতিক দায়িত্ব তদন্ত করতে ব্যর্থ হওয়ার জন্য নিহতদের স্বজনদের কাছ থেকে বারবার সমালোচনার সম্মুখীন হয়েছে।

    ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি, মধ্য গ্রিসের টেম্পি গিরিখাত এলাকায় যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে ৫৭ জন নিহত হন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী ছিলেন।

    বিক্ষোভকারীদের অভিযোগ, ওই দুর্ঘটনার দুই বছর পরও তদন্ত শেষ হয়নি, কেউ দোষী সাব্যস্ত হয়নি এবং রেল ব্যবস্থার নিরাপত্তাজনিত ত্রুটিগুলো এখনও রয়ে গেছে।

    আজ সকাল থেকে যে বিক্ষোভ শুরু হয় তাতে সরকারবিরোধী প্ল্যাকার্ড দেখা গেছে।

    একটি প্ল্যাকার্ডে লেখা ছিল ‘খুনিদের সরকার’। সরকার ন্যায়বিচার পাওয়ার জন্য কিছুই করেনি, বরং বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

    কিছু বিরোধী দল সরকারকে প্রমাণ ধামাচাপা দেওয়ার অভিযোগ এনে পদত্যাগের আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী কিরিয়াকস মিতসোটাকিস সহিংসতার বিরুদ্ধে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং বলছেন বিক্ষোভ রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে উসকানি দেয়া হচ্ছে।

    রেল দুর্ঘটনার দ্বিতীয় বার্ষিকীতে সময় গ্রীক পার্লামেন্টের সামনে বহু মানুষ বিক্ষোভে জড়ো হয়

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, রেল দুর্ঘটনার দ্বিতীয় বার্ষিকীতে সময় গ্রীক পার্লামেন্টের সামনে বহু মানুষ বিক্ষোভে জড়ো হয়
  7. নতুন দলের সঙ্গে আলোচনার সুযোগ খোলা থাকবে: জামায়াত সেক্রেটারি

    জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান
    ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান

    নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সঙ্গে যে কোনো বিষয়ে আলাপ আলোচনার সুযোগ খোলা থাকবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করছে নতুন এই দল। তাদের আমন্ত্রণে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।

    সম্প্রতি বিভিন্ন দলের সঙ্গে আলাপ-আলোচনা করছে জামায়াতে ইসলামী। নতুন দলের সঙ্গেও তারা আলাপ করবে কি না বা কোনো ধরনের জোটে যাবে কি না এই প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বিবিসি বাংলাকে বলেন, আলাপ-আলোচনার পথ সবসময়ই খোলা থাকে। নতুন দলের ক্ষেত্রেও সেই সম্ভাবনা থাকবে।

  8. দলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে বিরত থাকার নির্দেশ বিএনপির

    জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপি'র বর্ধিত সভা

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, বিএনপি'র সর্বশেষ বর্ধিত সভা হয়েছিল ২০১৮ সালে চৌঠা ফেব্রুয়ারি। সে হিসেবে সাত বছর পর এমন বৈঠক হলো।

    ২৭শে ফেব্রুয়ারি ঢাকায় বিএনপির বর্ধিত সভায় বেশ কিছু প্রস্তাবনা গ্রহণ ও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানাচ্ছে দলটি । বৈঠক বৃহস্পতিবার দিনব্যাপী হলেও প্রস্তাবনাগুলোর বিষয়ে জানানো হয় শুক্রবার।

    গণঅভ্যুত্থানের পর সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি আবারও নির্বাচনের দাবি জানানো হয়েছে।

    একই সাথে সেখানে দলের প্রতি অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিরোধ থেকে বিরত থাকার ‘কঠোর নির্দেশ’ও দেয়া হয়েছে। বলা হয়েছে “দলীয় নীতি, আদর্শ, কর্মসূচী বাস্তবায়নে অবহেলা এবং দুর্নীতি-অনাচারসহ গণবিরোধী সকল কর্মকান্ড ও আভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে বিরত থাকার জন্যও সকলকে কঠোর নির্দেশ প্রদান করছে”।

    বিভিন্ন ধরণের দাবি ও আহ্বানের পাশাপাশি দলকে শক্তিশালী, ঐক্যবদ্ধ ও জনমুখী করে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

    বিএনপি'র সর্বশেষ বর্ধিত সভাটি হয়েছিল ২০১৮ সালে চৌঠা ফেব্রুয়ারি। সে হিসেবে সাত বছর পর এমন বৈঠক হলো। বিএনপি নেত্রী খালেদা জিয়াও ৭ বছর পর এমন সভায় বক্তব্য রাখলেন।

  9. নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জড়ো হচ্ছে লোকজন

    জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান
    ছবির ক্যাপশান, মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আজ আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। জাতীয় সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউয়ে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    ঘটনাস্থল ঘুরে দেখা যায়, এই অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসছেন। মিছিল নিয়েও অনেককে আসতে দেখা যায়।

    আমন্ত্রিত অতিথিদের অনেকে আসতে শুরু করেছেন। তাদের মধ্যে আছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এলডিপির একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।

    জুলাই অভ্যুত্থানে নিহতদের কারও কারও পরিবারের সদস্য এবং আহত কয়েকজনকেও অনুষ্ঠানস্থলে দেখা গেছে।

    জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান
    ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে আসছে লোকজন
    জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান
    ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান
    জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান
    ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান
    আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা
    ছবির ক্যাপশান, আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা
  10. জাতীয় নাগরিক পার্টির শীর্ষ দশ পদ চূড়ান্ত

    জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ
    ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ

    আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ দশটি পদে কারা আসছেন তা চূড়ান্ত করা হয়েছে। দলের একাধিক সূত্র বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছে।

    দলের আহ্বায়ক পদে আছেন নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়কের দুটি পদে আছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব।

    সদস্য সচিব পদে আছেন আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দুটি পদে তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা।

    দলের মুখ্য সংগঠক পদে আছেন তিন জন। মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

    যুগ্ম মুখ্য সমন্বয়ক পদে আছেন আব্দুল হান্নান মাসউদ।