আপনারা অনির্বাচিত, এটা প্রতিদিন স্মরণ করিয়ে দেয়া হবে, বললেন সালাহউদ্দিন

দিনের আরো ঘটনার মধ্যে রয়েছে, শিল্প খাতে গ্যাসের দাম বাড়লো ৩৩ শতাংশ। মেঘনা আলমকে কেন মুক্তি দেয়া হবে না, জানতে চেয়েছে আদালত। 'ফ্যাসিবাদের মুখাকৃতি' আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা। সবশেষ খবরাখবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. ১৩ই এপ্রিল রবিবার সারাদিনে যা যা হলো:

    • বর্ষবরণের প্রস্তুতি চলার সময় চট্টগ্রামের ডিসে হিলে নববর্ষের অনুষ্ঠান মঞ্চে হামলা চালিয়েছে একদল লোক। ভাঙচুরের এই ঘটনার পর ৪৬ বছর পরে এবার অনুষ্ঠান না করার ঘোষণা দিয়েছে পরিষদ।
    • বাংলাদেশের সব জায়গায় সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সংস্থাটির বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের এক চিঠি দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে।
    • বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, অনির্বাচিত সরকার কখনো নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না, এটা প্রতিদিনই বর্তমান অন্তর্বতীকালীন সরকারকে স্মরণ করিয়ে দেয়া হবে।
    • মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করায় ক্ষোভ প্রকাশ করে এর কারণ ব্যাখ্যার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্তমান ও প্রাক্তন একদল শিক্ষার্থী।
    • বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার গভর্নিং বডি দশটি অর্থনৈতিক অঞ্চল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
    • বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের ব্যবস্থা নিতে পাসপোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নির্দেশ দেওয়া হয়।
    • মডেল মেঘনা আলমকে কেন মুক্তি দেয়া হবে না এবং বিশেষ ক্ষমতা আইনে তাদের আটকাদেশকে কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। এছাড়া যে প্রক্রিয়ায় বাসা থেকে তুলে নেওয়া হয়েছে তা অসাংবিধানিক ও মৌলিক মানবাধিকারের পরিপন্থি কেন নয়, সেটিও রুলে জানতে চাওয়া হয়েছে।
    • মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
    • শিল্প খাতে নতুন শিল্পের জন্য গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। কমিশনের এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হচ্ছে।
    • প্লট দুর্নীতির তিনটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে ৩০ কাঠা প্লট গ্রহণের মামলায় এ আদেশ দিয়েছে আদালত।
  2. মিছিল নিয়ে এসে চট্টগ্রামের নববর্ষের মঞ্চ ভাঙচুর, হবে না অনুষ্ঠান

    চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর
    ছবির ক্যাপশান, চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর

    বর্ষবরণের প্রস্তুতি চলার সময় চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠান মঞ্চে হামলা চালিয়েছে একদল লোক।

    রোববার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ৪০/৫০ জনের একটি মিছিল নিয়ে এসে মঞ্চ ও আশেপাশের চেয়ারটেবিল ভাঙচুর করতে শুরু করে। সেই সময় তারা যে সব স্লোগান দেয় , তার মূল বক্তব্য ছিল, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত ডিসি হিলে নববর্ষের কোন অনুষ্ঠান করতে দেওয়া হবে না।

    গত ৪৬ বছর ধরে সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদের ব্যানারে এখানে বাংলা বর্ষবরণের অনুষ্ঠান হচ্ছে।

    কিন্তু ভাঙচুরের এই ঘটনার পর এবার অনুষ্ঠান না করার ঘোষণা দিয়েছে পরিষদ।

    চট্টগ্রাম কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেছেন, সন্ধ্যার দিকে কিছু লোক এসে মঞ্চ ভাঙচুর করার চেষ্টা করলে আমরা তাদের ঠেকানোর চেষ্টা করি। এই ঘটনার তদন্ত চলছে।

    এই ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  3. জুলাই আন্দোলনে আহত ৩১ জনকে চিকিৎসার জন্য পাকিস্তানে পাঠানো হচ্ছে

    স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, গত বছর জুলাই- অগাস্টের আন্দোলনের সময় আহত আরও ৫২ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এর মধ্যে ৩১ জনকে পাকিস্তানে পাঠানো হবে।

    “ইতোমধ্যে ৪৩ জনকে বিদেশে পাঠানো হয়েছে। আরও আট জনকে পাঠানোর প্রক্রিয়া হয়ে গেছে। এর বাইরে আরও ২১ জনকে তুরস্ক পাঠানোর জন্য নাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর ৩১ জন যাবে পাকিস্তানে। তাদের রাষ্ট্রদূত ও সরকারের সাথে আমাদের কথা হয়েছে,” ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলছিলেন স্বাস্থ্য উপদেষ্টা।

    তিনি জানান, নিহত ও আহতদের একটি ডাটাবেজ স্বাস্থ্য মন্ত্রণালয় তৈরি করেছে। এতে এ পর্যন্ত ৮৬৪ জন শহীদ হিসেবে তালিকাভুক্ত হয়েছে, আর আহত হয়েছে ১৪ হাজারের বেশি। প্রকৃত নিহত ও আহতদের তথ্য এখনো যাচাই বাছাই করে দেখা হচ্ছে।

    “আমাদের দায়িত্ব ছিলো চিকিৎসা দেওয়া। চিকিৎসক নার্সসহ সবাই আপ্রাণ চেষ্টা করেছেন চিকিৎসা সঠিক ভাবে দেয়ার জন্য। পাশাপাশি দেশের বাইরে তাদের চিকিৎসকদের এনে এখানে চিকিৎসা দেওয়া হয়। প্রায় ২৬ জন চিকিৎসক আনা হয়েছিলো,” বলছিলেন তিনি।

    কিন্তু আহতদের পাকিস্তানে কেন পাঠানো হচ্ছে এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, পাকিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ এবং আহত ব্যক্তিদের চিকিৎসায় তাদের পারদর্শিতা আছে। লাহোরে এ ধরনের রোগীদের সেবা দেওয়ার জন্য বিশেষ হাসপাতাল আছে।

    স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন

    ছবির উৎস, CA Press wing

  4. আপনারা অনির্বাচিত, এটা প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে, বললেন সালাহউদ্দিন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, অনির্বাচিত সরকার কখনো নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না, এটা প্রতিদিনই বর্তমান অন্তর্বতীকালীন সরকারকে স্মরণ করিয়ে দেওয়া হবে।

    ‘নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত। সেটা প্রতিদিন আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে,” ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের প্রতিনিধি সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেছেন।

    তিনি বলেন ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত নির্বাচনি রোডম্যাপের জন্য দাবি তুললেই বিভিন্ন উপদেষ্টাকে বক্তৃতা দিতে শুনা যায় যে, জনগণ নাকি তাদেরকে পাঁচ বছরের জন্য চায়।

    সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেন, "রাস্তায় মানুষ বলছে, আপনারা(সরকার) আরও পাঁচ বছর থাকেন"।

    এছাড়া শনিবারই অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার মন্তব্য করেন, ‘আমরা অনির্বাচিত এই কথা কে বলল। আমাদেরকে তো এ ছাত্ররা, জনতা—যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে, তারাই রাষ্ট্র গঠন করেছে, তারাই সরকার গঠন করেছে, তাদের দ্বারা নির্বাচিত আমরা। কাজেই আমাদের দায়িত্ব হলো তাদের যে চাহিদা, সেটা মেটানো।’

    এসব প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘তাহলে এদেশে ইলেকশন কমিশন আছে কেনো? রাস্তায় অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয় সেটা অবশ্যই এদেশের মানুষের জনমত। কিন্তু এদেশের নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা (অন্তবর্তীকালীন সরকার) হতে পারেন না, আপনারা অবশ্যই অনির্বাচিত.. সেটা প্রতিদিনই আপনাদের স্মরণ করিয়ে দেয়া হবে।”

    মি. আহমদ বলেন, ‘‘আমরা বলতে চাই, আমরা যত তাড়াতাড়ি আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব এদেশে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই।”

    ‘‘আমাদের সংবিধান সেটা আক্রান্ত হয়েছে সেই সংবিধানকে যথাযথ সংস্কারের মধ্য দিয়ে, অধিকতর সংস্কারের মধ্য দিয়ে, সংশোধনের মধ্য দিয়ে, রাষ্ট্র কাঠামো সংশোধনের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক সংবিধান আমরা পেতে চাই যে সংবিধানের ভিত্তিতে আমাদের দেশ একটি ভারসাম্যসূলক রাষ্ট্র ব্যবস্থা পাবে এবং আমাদের অর্থনৈতিক মুক্তি হবে এদেশের জনগণের জন্য।”

    তিনি বলেন, তাদের সাথে প্রধান উপদেষ্টা কথা দিয়েছিলেন যে তাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের উদ্দেশ্যে।

    প্রধান উপদেষ্টার নির্বাচনের বিষয়ে ‘কখনো ডিসেম্বর কখনো জুন’ ইত্যাকার বক্তব্যে ‘জনগণ ও আন্তর্জাতিক মহল’ ভালোভাবে দেখছে না বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য।

  5. মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ব্যাখ্যা চান চারুকলার সাবেক ও বতর্মান শিক্ষার্থীরা

    মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করায় ক্ষোভ প্রকাশ করে এর কারণ ব্যাখ্যার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বর্তমান ও প্রাক্তন একদল শিক্ষার্থী।

    রোববার সকালে চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির প্রতি ওই আহ্বান জানিয়ে তারা বলেন, চারুকলার শিক্ষার্থীদের কোনো মতামত ছাড়াই এই ধরনের সিদ্ধান্তে আমরা প্রশ্ন রাখছি। যে সিনেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেখানে শিক্ষার্থীদের রাখা হয়নি।

    ''নাম পরিবর্তনে আমাদের কোনো সমস্যা নেই। আমরা যৌক্তিক কারণ জানতে চাই। ৯৬ সালের পরিবর্তন অন্যায় হলে এটাও অন্যায়,'' বলেন চারুকলার সাবেক শিক্ষার্থী জাহিদ জামিল।

    চারুকলার শিক্ষার্থী জাহরা নাজিফা বলেন, ফ্যাসিবাদের সঙ্গে মঙ্গল শোভাযাত্রা নামটির ‘মঙ্গল’ অংশটি সম্পর্কে হাস্যকর কিছু কথা বলা হয়েছে। ১৯৯৬ সালে এ নাম পরিবর্তন করে আওয়ামী ফ্যাসিবাদের জন্য ব্যবহার শুরু করা হয়েছে বলে বলা হয়েছে। অথচ আওয়ামী লীগ ক্ষমতায়ই আসে ১৯৯৬–এর বৈশাখের পরে তথা এপ্রিলের আরও দুই মাস পর জুনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে।

    সেই সাথে ফ্যাসিবাদের মোটিভে আগুন দেয়ার ঘটনার অপরাধীদের তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেছেন এই শিক্ষার্থীরা।

  6. ১০ অর্থনৈতিক অঞ্চল বাতিল করলো সরকার

    বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার গভর্নিং বডি দশটি অর্থনৈতিক অঞ্চল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

    ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন একশটির মধ্য থেকে গভর্নিং বডির সিদ্ধান্তে ১০টি অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।

    যেসব অর্থনৈতিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত বাতিল হয়েছে তার মধ্যে পাঁচটি সরকারি ও পাঁচটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা ছিলো।

    বাতিল হওয়া সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো- সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক (কক্সবাজার), সুন্দরবন ট্যুরিজম পার্ক (বাগেরহাট), গজারিয়া অর্থনৈতিক অঞ্চল (মুন্সিগঞ্জ), শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল (গাজীপুর) এবং ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল (ময়মনসিংহ)।

    আর বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে রয়েছে গার্মেন্টস শিল্প পার্ক, বিজিএমইএ (মুন্সিগঞ্জ), ছাতক ইকোনমিক জোন (সুনামগঞ্জ), ফমকম ইকোনমিক জোন (বাগেরহাট), সিটি স্পেশাল ইকোনমিক জোন (ঢাকা) এবং সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল (নারায়ণগঞ্জ)।

    প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিভিন্ন এলাকায় সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট একশটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছিলো।

    চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন

    ছবির উৎস, CA Press wing

    ছবির ক্যাপশান, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন
  7. বাংলাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশ

    বাংলাদেশের সব জায়গায় সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সংস্থাটির বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের এক চিঠি দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, কোনো মসজিদে বেলা একটায়, কোনটায় বেলা দেড়টায় আবার কোনো মসজিদে দুপুর ১টা ৫০ মিনিটে জুমার নামাজ শুরু করতে দেখা যায়।

    চিঠিতে আরও বলা হয়, “সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিগণ বিশেষ করে পথচারী (সফররত মুসল্লিগণ) বিভ্রান্ত ও সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা দূরীকরণে সারাদেশে সকল মসজিদে মুসল্লিগণের সুবিধার্থে একই সময়ে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহবান জানানো যাচ্ছে”।

    ইসলামিক ফাউন্ডেশনের  চিঠি

    ছবির উৎস, Islamic Foundation

  8. পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দগুলো পুনর্বহালের নির্দেশ

    বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের ব্যবস্থা নিতে পাসপোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

    অন্তর্বর্তী সরকারের সময়ে আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নির্দেশ দেওয়া হয়।

    ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত’- এই শব্দগুলো দীর্ঘকাল ধরেই বাংলাদেশের পাসপোর্টে লেখা হতো।

    তবে ২০২০ সালে ই-পাসপোর্ট চালু হওয়ার পর কিছু পাসপোর্টে এই লেখা রাখা হয়নি। যদিও এ বিষয়ে সরকারের দিক থেকে তখন কোন ঘোষণা দেওয়া হয়নি। তবে পরে আবার বিগত সরকারের সময়েই ই-পাসপোর্টে এই লেখাগুলো রাখা শুরু হয়েছিলো।

    গত বছরের মে মাসে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিরসনে করণীয় বিষয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন ‘বাংলাদেশের ই-পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দ দুটি বাদ দেওয়া দুঃখজনক’।

    তখন তিনি বলেছিলেন যে, তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কেউ তাঁর সঙ্গে কোনো আলোচনা না করেই এমন (ই-পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ গুলো বাদ দেওয়া) পরিবর্তন করা হয়েছে।

  9. মেঘনা আলমকে কেন মুক্তি দেয়া হবে না, জানতে চেয়েছে আদালত

    মেঘনা আলম

    ছবির উৎস, MEGHNA ALAM/FACEBOOK

    মডেল মেঘনা আলমকে কেন মুক্তি দেয়া হবে না এবং বিশেষ ক্ষমতা আইনে তাদের আটকাদেশকে কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট।

    এছাড়া যে প্রক্রিয়ায় বাসা থেকে তুলে নেওয়া হয়েছে তা অসাংবিধানিক ও মৌলিক মানবাধিকারের পরিপন্থি কেন নয়, সেটিও রুলে জানতে চাওয়া হয়েছে।

    মেঘনা আলমের আটকাদেশ চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন তার বাবা বদরুল আলম। আদালতে রিটের ওপর শুনানি করেন আইনজীবী সারা হোসেন।

    পরে সাংবাদিকদের সারা হোসেন বলেন আদালত দুটি বিষয়ে রুল জারি করেছে। এর একটি হলো কেন তাকে বাড়ী থেকে ওয়ারেন্ট ছাড়া ও কোন কারণ না দেখিয়ে নেয়া হয়েছে এবং কেন তাকে ডিবি অফিসে ২৪ ঘণ্টার বেশি আটক রাখা হয়েছে আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ না দিয়ে।

    আর অন্যটি হলো বিশেষ ক্ষমতা আইনে যে ডিটেনশন অর্ডার মেট্রোপলিটন ম্যাজিস্টেট্র ইস্যু করেছেন সেটাকে কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না এবং কেন তাকে মুক্তি দেয়া হবে না।

    মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মডেল মেঘনা আলমকে ঢাকায় তার বাসা থেকে পুলিশ আটক করার দুদিন পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আদালত তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়েছে।

    গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেয়।

    অন্যদিকে, আটকের ঘটনার তিনদিন পর গত শুক্রবার পুলিশ মেঘনা আলমকে সুনির্দিষ্ট কারণে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে 'নিরাপত্তা হেফাজতে' রাখার কথা জানায়।

  10. নতুন শিল্পের জন্য গ্যাসের দাম বাড়লো ৩৩ শতাংশ

    শিল্পখাতে গ্যাস

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শিল্পখাতে গ্যাস

    শিল্প খাতে নতুন শিল্পের জন্য গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। কমিশনের এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হচ্ছে। এছাড়া পুরনো শিল্পে অনুমোদিত লোডের বাইরে অতিরিক্ত গ্যাস ব্যবহার করলে বাড়তি দাম দিতে হবে গ্রাহকদের।

    বিইআরসির এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ জানান যে, শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের বিল ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। আর ক্যাপটিভে গ্যাসের দাম এখনকার ৩০ দশমিক ৫০ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা করা হয়েছে।

    বিইআরসির এ সিদ্ধান্তের ফলে শিল্প খাতে নতুন শিল্পের জন্য গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়লো।

    এর আগে পেট্রোবাংলা বর্তমান গ্রাহকদের জন্য দাম অপরিবর্তিত রেখে নতুন গ্রাহকদের জন্য দাম বাড়ানোর সুপারিশ করেছিলো।

    পরে গত ফেব্রুয়ারিতে পেট্রোবাংলার প্রস্তাবের ওপর শুনানি করেছিলো বিইআরসি। তখন পেট্রোবাংলা গ্যাসের দাম না বাড়ালে ষোল হাজার কোটি টাকা ঘাটতি হবে বলে তথ্য দিয়েছিলো। কিন্তু শুনানিতে অংশ নিয়ে ব্যবসায়ীরা পেট্রোবাংলার প্রস্তাবের বিরোধিতা করেছিলো। শেষ পর্যন্ত বিইআরসি শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত জানালো।

  11. ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেয়া হয়েছে

    ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ বা ডিবি পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেয়া হয়েছে।

    গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর এক আদেশে এ সিদ্ধান্ত জানিয়েছে।

    ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, মি. মল্লিককে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

    বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমকে গত বুধবার রাতে তার বাসা থেকে ডিবি পুলিশ আটকের পর এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়।

    এমন প্রেক্ষাপটে ডিবি প্রধানকে সরিয়ে দেওয়া হলো।

  12. মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা

    আসিফ নজরুল

    ছবির উৎস, TV GRAB

    ছবির ক্যাপশান, মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা

    মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

    আজ রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    মি. নজরুল বলেন, “ মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার করার প্রক্রিয়াটা হয়তো ঠিক হয় নাই। বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগটা ঠিক হয় নাই।”

    এই আইন বাতিলের বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, “ বিশেষ ক্ষমতা আইন বা অন্যান্য নিবর্তনমূলক আইনের ব্যাপারে আমরা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। আপনারা জানেন রাজনৈতিক ঐক্যমত কমিশনে আলাপ হচ্ছে। কিছুটা রাজনৈতিক কনসেনসাশ তৈরি করা প্রয়োজন।”

    “ ধরেন আমরা বিশেষ ক্ষমতা আইন বাতিল করে দিলাম। এরপরে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আমাদের সিদ্ধান্ত বাতিল করে দিলো। লাভ আছে কিছু?” বলেন মি. নজরুল।

    এছাড়া মাগুরায় শিশু আছিয়ার ধর্ষণের ঘটনায় চার্জশিট আজই আদালতে দাখিল করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

    মি. নজরুল বলেন, “ আইনগত পরিবর্তনের পর এখন চার্জশিট দাখিলের পর ৯০ দিনের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে।”

    জুলাই অভ্যুত্থানের অধিকাংশ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়া হয়েছে বলে জানান মি. নজরুল। বগুড়ার ১৩০ টি মামলায় হাইকোর্ট থেকে আসামীরা আগাম জামিন পেয়েছেন বলে জানান তিনি।

    তবে জামিনের মেয়াদ শেষ হলে অধস্তন আদালতে আত্মসমর্পণ করার পর অল্প কিছু ব্যতিক্রম ছাড়া আসামীদের কারাগারে পাঠিয়েছে আদালত।

  13. দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    শেখ হাসিনা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    প্লট দুর্নীতির তিনটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।

    ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে ৩০ কাঠা প্লট গ্রহণের মামলায় এ আদেশ দিয়েছে আদালত।

    আজ রোববার ঢাকার বিচারিক আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করে এ আদেশ দেয়। পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

    দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তার করা গেল কি না, সে বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য ২৭শে এপ্রিল দিন ধার্য করেছে আদালত।

  14. সারাদেশে নববর্ষ উপলক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: র‍্যাবের মহাপরিচালক

    সারাদেশে নববর্ষ উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

    রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন।

    মি. রহমান বলেন, “ঢাকাসহ সারা বাংলাদেশে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের মটর সাইকেল পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আমরা অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় রেখে, বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী, জনপ্রতিনিধি এবং আপামর জনগণের সাথে সমন্বয় রেখে এ অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যায়, তার সবরকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।”

    এছাড়া কেউ যাতে অপপ্রচার চালাতে না পারে, সেজন্য সাইবার ওয়ার্ল্ডও মনিটর করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

    চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানোর ঘটনায় সাংবাদিকদের করা এক প্রশ্নে তিনি জানান, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাদের কোন গাফিলতি থাকলে সেটাও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  15. সকাল নয়টায় শুরু হবে নববর্ষের আনন্দ শোভাযাত্রা

    শোভাযাত্রা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, নববর্ষ বরণের আনন্দ শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে সকাল নয়টায় শুরু হবে।

    নববর্ষ বরণের আনন্দ শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে সকাল নয়টায় শুরু হবে। অংশগ্রহণকারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। একইসাথে বিকাল পাঁচটার মধ্যে নববর্ষের সকল অনুষ্ঠান শেষ করতে হবে।

    আজ রোববার এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    সংবাদবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ - ১৪৩২ উদযাপিত হবে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে।

    ক্যাম্পাসে নববর্ষের সকল ধরনের অনুষ্ঠান আগামীকাল বিকাল পাঁচটার মধ্যে শেষ করার নির্দেশ দিয়ে কর্তৃপক্ষ বলেছে, নববর্ষের দিন ক্যাম্পাসে বিকাল পাঁচটা পর্যন্ত প্রবেশ করা যাবে। পাঁচটার পর কোনভাবেই ক্যাম্পাসে ঢোকা না গেলেও শুধু বের হওয়া যাবে।

    ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে।

    শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শুধু নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন।

    শোভাযাত্রা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রবেশ পথ ও সংলগ্ন সড়ক বন্ধ থাকবে।

    নিরাপত্তার স্বার্থে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না।

    তবে চারুকলা অনুষদের প্রস্তুত করা মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে।

    বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা চলাকালে সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার জন্য টিএসসির সামনের রাজু ভাস্কর্যের পেছনের গেইট, চারুকলা অনুষদের সামনের ছবির হাটের গেইট এবং বাংলা একাডেমির রমনা কালী মন্দির সংলগ্ন গেইট বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

  16. স্মার্টফোন ও কম্পিউটারকে নতুন শুল্ক থেকে অব্যাহতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

    ডনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, স্মার্টফোন ও কম্পিউটারকে নতুন শুল্ক থেকে অব্যাহতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন স্মার্টফোন, কম্পিউটার এবং আরো কয়েকটি ইলেকট্রনিক ডিভাইসের ওপর থেকে তার নতুন ঘোষিত পারস্পরিক শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ মওকুফ করেছে, যার মধ্যে চীনা পণ্যও রয়েছে।

    নতুন শুল্কনীতির কারণে স্মার্টফোন, কম্পিউটার ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের দাম আকাশচুম্বী হতে পারে - মার্কিন প্রযুক্তি কোম্পানিসমূহ এমন উদ্বেগ প্রকাশের পরই ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপ নিল। কারণ এসব গ্যাজেটের বেশিরভাগই চীনে তৈরি হয়।

    চীন থেকে এসব পণ্য আমদানিতে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন।

    এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন কাস্টমস এবং বর্ডার পেট্রোল জানিয়েছে, বেশিরভাগ দেশের ওপর ট্রাম্প যে ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, সে শুল্ক এবং চীনের ওপর আরোপিত উচ্চ হারের সম্পুরক শুল্কের আওতার বাইরে থাকবে এসব পণ্য।

    এ সিদ্ধান্তকে চীনের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের পর প্রথম উল্লেখযোগ্য ছাড় হিসেবে দেখা হচ্ছে।

    একজন বাণিজ্য বিশ্লেষক একে ‘গেইম-চেঞ্জার পরিস্থিতি’ অর্থাৎ যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন।

    শনিবার মিয়ামি ভ্রমণের সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তিনি আগামী সপ্তাহের শুরুতে শুল্ক ছাড়ের আরও বিশদ বিবরণ দেবেন।

  17. 'ফ্যাসিবাদের মুখাকৃতি' আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা

    ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’

    ছবির উৎস, Tahmid Shakib

    ছবির ক্যাপশান, শনিবার ভোররাতে চারুকলায় 'আনন্দ শোভাযাত্রা'র জন্য বানানো 'ফ্যাসিবাদের মুখাকৃতি' আগুনে পুড়ে যায়

    নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নির্মিত 'ফ্যাসিবাদের মুখাকৃতি' তে আগুন দেয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    শাহবাগ থানায় শনিবার দুপুরে মামলাটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর।

    মি. মনসুর বিবিসি বাংলাকে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।”

    এর আগে শনিবার জানা গেছে, ‘আনন্দ শোভাযাত্রা’ উপলক্ষ্যে বানানো আলোচিত মোটিফ 'ফ্যাসিবাদের মুখাকৃতি' আগুনে পুড়ে গেছে।

    পাশাপাশি, ‘শান্তির পায়রা’মোটিফের একাংশেও আগুন লেগেছে।

    শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছিলেন।

    তিনি জানান, শনিবার আনুমানিক ভোর চারটা থেকে পাঁচটার মাঝে মোটিফ দু’টোতে আগুন লেগেছে বলে ধারণা করছেন তারা।

    আগামীকাল ১৪ই এপ্রিল, বাংলা বর্ষের প্রথম দিন। সেদিন হবে বর্ষবরণ উৎসব।

    উৎসবের আগে এভাবে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ নামে ওই মোটিফে পরিকল্পিতভাবে আগুন দেয়া হয়েছে বলে সন্দেহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

    ফায়ার সার্ভিস জানিয়েছিল, শনিবার ভোর পাঁচটা চার মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

    এদিকে, চারুকলা অনুষদ শনিবারই এক বিজ্ঞপ্তিতে জানায়, আগুনের ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই লাইভ পাতায়। রিপোর্টিং করছেন জান্নাতুল তানভী।

    বিবিসি বাংলায় আরো খবর পেতে ক্লিক করুন এখানে