জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানের পূর্ব উপকূলে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তফসিল ঘোষণা রেকর্ড করার জন্য বুধবার বাংলাদেশ টেলিভিশনের টিম চেয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৮১টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দিনের উল্লেখযোগ্য খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো-

    • জাপানের পূর্ব উপকূলে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার জাপানের স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে ভূমিকম্প অনুভূত হয়। এরপর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
    • ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লন্ডনের ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে বৈঠক করেছেন।
    • ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখে নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
    • আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৮১টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।
    • বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা বিএলডিপি’র চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম তার নিজ দল বিলুপ্তি করে বিএনপিতে যোগ দিয়েছেন। নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে।
    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন দেশে এক ধরনের প্রচারণা চলছে- একজন বিশেষ কেউ ভাল, আর বাকি সবাই খারাপ, এটা গণতন্ত্রের জন্য ডেঞ্জেরাস ব্যাপার।
    • থাইল্যান্ড ও কম্বোডিয়া নতুন করে আন্তঃসীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়েছে। সংঘর্ষের ফলে সীমান্ত এলাকার হাজার হাজার বেসামরিক মানুষ স্থানত্যাগ করছে।
    • আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির একাংশ ও জেপিসহ ২০টি দলের সমন্বয়ে নতুন একটি নির্বাচনী জোট গঠিত হয়েছে।
    • আগামী বুধবার নির্বাচনের তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। ওইদিন প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে এই চিঠি দেওয়া হয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. যুক্তরাজ্যে বৈঠক: ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি স্টারমারের

    লন্ডনে বৈঠকে ইউরোপীয় নেতারা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, লন্ডনে বৈঠকে ইউরোপীয় নেতারা

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লন্ডনের ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে বৈঠক করেছেন ।

    বৈঠকে মূলত ইউক্রেনের নতুন শান্তি পরিকল্পনা নিয়ে নানা আলোচনা হয়েছে। এই আলোচনার পর ইউক্রেনের পাশে থাকার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

    শান্তি পরিকল্পনার খসড়া নিয়ে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়।

    সোমবারের বৈঠক শেষে হলেও সেখানে কী কী সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত কিছু জানানো হয় নি। তবে একটি বিবৃতির মাধ্যমে শিগগিরই তা জানানো হবে বলে জানা গেছে।

    বৈঠকের আগে সংক্ষিপ্ত বক্তব্যে কিয়ার স্টারমার বলেন, “আমরা ইউক্রেনের পাশে আছি।”

    এসময় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “এ নিয়ে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।”

    নিরাপত্তা বিশ্লেষক ফ্র্যাংক গার্ডনার মনে করেছেন, ইউক্রেন ইস্যুতে ইউরোপ ও যুক্তরাষ্ট্র এখন আর আগের মতো অবস্থানে নেই।

  3. জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

    জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

    ছবির উৎস, USGS

    ছবির ক্যাপশান, জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

    জাপানের পূর্ব উপকূলে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার জাপানের স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে ভূমিকম্প অনুভূত হয়।

    ভূমিকম্পের পর আওমোরি, ইওয়াতে ও হোক্কাইডোর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।

    ভূমিকম্পের ফলে সমুদ্রের কোথাও কোথাও এরই মধ্যে দেড় ফুট উচ্চতার ঢেউ দেখা যাচ্ছে।

    মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস’র প্রকাশিত তথ্যে দেখা গেছে, সাত দশমিক ছয় মাত্রার এই ভূমিকম্পটি ছিল দেশটির উপকূল থেকে ৭০ কিলোমিটার দূরে সমুদ্রের ৩৩ মাইল গভীরে।

    জাপানের আবহাওয়া সংস্থা এরই মধ্যে সুনামি সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, প্রায় ১০ ফুট উচ্চতার আঘাত হানতে পারে এই ভূমিকম্পের ফলে।

    জাপানি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সুনামির সতর্কতা জারির পর ওইসব অঞ্চলের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

    ভূমিকম্পের পর ইস্ট জাপান রেলওয়ে কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে।

  4. খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, রাতে মেডিকেল বোর্ডের বৈঠক

    বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া (ফাইল ছবি)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া (ফাইল ছবি)

    ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখে নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।

    সোমবার বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের খবরে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন তাঁর ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়ার পাশেই রয়েছেন।

    অন্যদিকে, বিদেশে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। তবে, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি নির্ভর করছে একান্তই তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর।

    খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনের বরাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বাসসকে বলেছেন, ‘দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ (সোমবার) রাতে মেডিকেল বোর্ডের বৈঠক রয়েছে। এরপরেই জানা যাবে ম্যাডামের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কিনা।’

  5. আমরা ইতিমধ্যে ঋণের ফাঁদে পড়েছি: এনবিআর চেয়ারম্যান

    জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ‘আমরা ইতিমধ্যেই ঋণের ফাঁদে পড়েছি; এ সত্য স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয়।’

    সোমবার আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে আয়োজিত সেমিনারে তিনি এই কথা বলেন।

    ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বা এসডিজি অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ প্রকাশ ও উপস্থাপন উপলক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।

    এই সেমিনারে দেশের ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা।

    এতে যোগ দিয়ে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ঋণের ফাঁদে পড়া আমাদের দেশের জন্য ভালো হবে না। তখন ঋণ নিয়ে আবার ঋণ পরিশোধ করতে হবে।

    এনবিআর চেয়ারম্যান মি. খান বলেন, “কয়েক বছর আগেও আমাদের কর-জিডিপি অনুপাত ১০ শতাংশের বেশি ছিল, এখন তা সাত শতাংশের ঘরে ঘোরাফেরা করছে। সমস্যাটি কোথায়, তা স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে।

  6. গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত দুই জনের মৃত্যু

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৯৮ জনের।

    সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ৪৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ২৮৪ জন।

    অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৬ জন, উত্তর সিটি করপোরেশনে ৫৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুরে ৩ এবং সিলেট বিভাগে ৬ জন রয়েছেন। মারা যাওয়া দুই জনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

    এই সময়ে ৪৮৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৯৬ হাজার ২৩২ জন।

  7. ৮১টি পর্যবেক্ষক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন

    চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

    আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৮১টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।

    সোমবার বিকেলে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।

    তিনি বলেন, এটিই চূড়ান্ত পর্যবেক্ষক সংস্থার তালিকা। এবার যে সব পর্যবেক্ষক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের আবেদন করেছিল তাদের সব তথ্য যাচাই বাছাই করেই এই সংখ্যা চূড়ান্ত করেছে ইসি।

    নির্বাচন কমিশন বলছে, এবার জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে সারাদেশের ৩১৮টি সংস্থা ইসির কাছে আবেদন করেছিল। তাদের মধ্যে যাচাই বাছাই শেষে ৮১টিকে নিবন্ধন দেওয়া হয়েছে।

    বিগত দুইটি জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সংস্থার ২০ হাজারের ওপরের পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছিল।

    নির্বাচন কমিশন আশা করছে, এবারের সংসদ নির্বাচনে সেই সংখ্যা আরো বাড়তে পারে।

    দেশি পর্যবেক্ষকদের নিবন্ধন চূড়ান্ত হলেও বিদেশি পর্যবেক্ষকদের নিবন্ধনের বিষয়টি তফসিল ঘোষণার পর চূড়ান্ত হবে বলেও জানিয়েছে ইসি।

    ইসির সহকারী পরিচালক মি. হক বলেছেন, বিদেশি পর্যবেক্ষকদের বিষয়টি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চূড়ান্ত হয়ে আসার পরই তাদেরকে ভোট পর্যবেক্ষণের অনুমোদন দেবে কমিশন।

  8. নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপি’র চেয়ারম্যান

    যোগদান অনুষ্ঠানে বিএনপি নেতাদের সাথে শাহাদাত হোসেন সেলিম

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, যোগদান অনুষ্ঠানে বিএনপি নেতাদের সাথে শাহাদাত হোসেন সেলিম

    বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা বিএলডিপি’র চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম তার নিজ দল বিলুপ্তি করে বিএনপিতে যোগ দিয়েছে।

    সোমবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মি. সেলিম বিএনপিতে যোগ দেন।

    এসময় যোগদান অনুষ্ঠান মি. সেলিম বলেন, বিএনপির হাতকে ও জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করার জন্য বিএনপিতে যোগ দিয়েছি।

    অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শাহাদাত হোসেন সেলিম তার দল বিলুপ্ত করে এসেছেন এটা একটা ম্যাসেজ। জাতীয় প্রেক্ষাপটে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে।

    এসময় বিএনপিতে যোগ দেওয়ায় মি. সেলিমকে স্বাগত জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

  9. প্রচারণা চলছে 'বিশেষ কেউ ভাল, বাকি সবাই খারাপ' এটা গণতন্ত্রণের জন্য বিপজ্জনক: তারেক রহমান

    ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তারেক রহমান

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন দেশে এক ধরনের প্রচারণা চলছে- একজন বিশেষ কেউ ভাল, আর বাকি সবাই খারাপ এটা গণতন্ত্রণের জন্য ডেঞ্জেরাস ব্যাপার।

    সোমবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন মি. রহমান।

    তিনি বলেন, গত ১৬ বছর একটা দল প্রচার করতো শুধু তারাই ভাল আর বাকি সবাই খারাপ। ৫ তারিখের পর সেটির বোধহয় কোন পরিবর্তন হয়নি।

    বিএনপি নেতা বলেন, এখনো আবার এক ধরনের প্রচারণা চলছে যে একজন ভালো আর বাকি সবাই খারাপ। এসব প্রচারণা পরিবর্তন অত্যন্ত জরুরি।

    বর্তমান দেশের অর্থনৈতিক দুরবস্থা চলছে উল্লেখ করে তিনি বলেন, “দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধংস। সেই অবস্থা পরিবর্তন করতে হলে জনগণের অংশগ্রহণ ছাড়া আমরা পারবো না”।

    উপস্থিত তরুণদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আগামী নির্বাচনকে সামানে রেখে দেশের বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থী দেওয়া হয়েছে। এখানে প্রার্থী মূখ্য নয়, মূখ্য তোমার দল। মূখ্য হচ্ছে ধানের শীষ। সুতারং এখানে ধানের শীষকেই গুরুত্ব দিতে হবে।

  10. থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে প্রাণঘাতী সংঘাত, পালিয়ে যাচ্ছে হাজারো মানুষ

    থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে প্রাণঘাতী সংঘাতের পর পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ

    ছবির উৎস, Cambodia's Ministry of Information

    ছবির ক্যাপশান, থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে প্রাণঘাতী সংঘাতের পর পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ

    থাইল্যান্ড ও কম্বোডিয়া নতুন করে আন্তঃসীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়েছে। সংঘর্ষ বাড়ার পর সীমান্ত এলাকার হাজার হাজার বেসামরিক মানুষ স্থানত্যাগ করছে।

    থাই সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বিরোধপূর্ণ সীমান্তে গোলাগুলির সময় একজন থাই সেনা নিহত হওয়ার পর দেশটির বিমানবাহিনী কম্বোডিয়ার সামরিক অবস্থানগুলোতে বোমা হামলা চালিয়েছে।

    অন্যদিকে কম্বোডিয়া বলছে, তাদের উত্তরাঞ্চলীয় প্রদেশ প্রেহ ভিহিয়ার এবং ওডার মেইনচে থাই সেনাবাহিনীর গুলিতে চার জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

    থাইল্যান্ডের উত্তর-পূর্বের সি সা কেট ও উবন রাচাথানি প্রদেশেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

    উভয় দেশই সহিংসতার একে অপরকে দায়ী করেছে। জুলাইয়ে যুদ্ধবিরতির পর এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘর্ষ।

    মধ্যস্থতার মাধ্যমে ওই সমঝোতা চুক্তি করতে সাহায্যকারী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সতর্ক করে বলেছেন, নতুন করে সংঘর্ষ শুরু হলে ‘দশক ধরে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক স্থিতিশীল রাখার জন্য নেওয়া সূক্ষ্ম কৌশল ভেঙে পড়তে পারে’।

  11. ভোটের আগে জাতীয় পার্টির একাংশের নেতৃত্বে আরো একটি নির্বাচনী জোট

    আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির একাংশ ও জেপিসহ ২০টি দলের সমন্বয়ে নতুন একটি নির্বাচনী জোট গঠিত হয়েছে। সোমবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই জোট গঠনের ঘোষণা দেওয়া হয়।

    ২০টি দলের সমন্বয়ে গঠিত এই জোটের নেতৃত্বে থাকছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

    এই জোটভুক্ত অন্য দলগুলো হচ্ছে- জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবারপার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ।

    এই জোটটির নাম হচ্ছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। এনডিএফ জোটের সভাপতির দায়িত্ব পেয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ, প্রধান সমন্বয়ক হয়েছেন জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন এবং প্রধান মুখপাত্র রুহুল আমিন হাওলাদার।

  12. তফসিল ঘোষণার জন্য বিটিভি ও বেতারকে ডেকেছে নির্বাচন কমিশন

    নির্বাচন কমিশন

    ছবির উৎস, BBC/MUKIMUL AHSAN

    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশন

    আগামী বুধবার এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। ওইদিন প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে এই চিঠি দেওয়া হয়েছে।

    সোমবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেছেন, তফসিল উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডের জন্য বেতার ও টেলিভিশনে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

    তবে সিইসির এই রেকর্ডকৃত বক্তব্য বুধবারই প্রচার হবে কী-না সেটি তিনি বলতে রাজি হননি।

    ইসি জানিয়েছে, ওইদিনই দুপুর ১২টায় রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবে সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা।

    নির্বাচন কমিশনের রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার দিনই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে থাকে নির্বাচন কমিশন।

    প্রতি জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি ও বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

    রেওয়াজ অনুযায়ী যেদিনই বক্তব্য রেকর্ড হয় সেদিনই সাধারণত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়।

    সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনই রেকর্ডের জন্য বিটিভি ও বেতারকে ডেকেছিল নির্বাচন কমিশন।

    ওই নির্বাচনের তফসিল সরাসরি সম্প্রচার করেছিল নির্বাচন কমিশন।

    নির্বাচন কমিশনের একাধিক সূত্র জানিয়েছে যে, আগামী বুধবারই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

    এর আগেই নির্বাচন কমিশন জানিয়েছিল ১১ ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে