লাইভ, চার-পাঁচ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতায় দেখেছি, কিছুই বদলায়নি: মির্জা ফখরুল
বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "আমার এই চার-পাঁচ মাসের মন্ত্রীত্বের অভিজ্ঞতা বলা দরকার, আমি দেখছি, কিছুই বদলায় নাই। যারা ঘুষ খেত, তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে।" অন্যদিকে, হবিগঞ্জে হামলার ঘটনার দুদিন পর আজ আবার সিলেটের গোলাপগঞ্জে এনসিপি নেতা সারজিসের গাড়িতে হামলার অভিযোগ করেছে দলটি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
সরাসরি কভারেজ
সুপ্রিম কোর্টে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
ছবির উৎস, MUNIR UZ ZAMAN
ছবির ক্যাপশান, বাংলাদেশের সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেছে সরকার।
বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ বিষয়ে পৃথক দু'টি প্রজ্ঞাপন জারি করে এ কথা জানানো হয়েছে।
পাশাপাশি, ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেলও নিয়োগ দেওয়া হয়েছে।
আগের সব নিয়োগ বাতিল করে নতুন করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ দেওয়া হয়েছে।
ছবির উৎস, solicitor.lawjusticediv.gov.bd
ছবির ক্যাপশান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রজ্ঞাপন
ছবির উৎস, solicitor.lawjusticediv.gov.bd
ছবির ক্যাপশান, সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রজ্ঞাপন
অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন
ছবির ক্যাপশান, কথা বলছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন
দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
আজ বৃহস্পতিবার বেলা ৩টায় কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মাহ্দী আমিন বিবিসি বাংলাকে বলেন, "আমরা বাস্তবসম্মত একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, আগামী মাসের (আগস্ট) শেষ সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের যাওয়া শুরু হবে।"
আগামী এক মাসের মধ্যে কর্মী যাওয়া শুরু হলে তা দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে জানিয়ে তিনি সাধারণ মানুষকে দালাল ও অসাধু চক্রের প্রতারণা থেকে সচেতন থাকার আহ্বানও জানান।
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মালয়েশিয়া সরকারের কাছে পাঠানো ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বহাল থাকা বর্তমান সমঝোতা স্মারকের ভিত্তিতে মালয়েশিয়া নিজস্ব যাচাই-বাছাই ও কাঠামোর ওপর ভিত্তি করে এজেন্সির চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবে।
তিনি আরও বলেন, "ইতোমধ্যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বিগত ফ্যাসিবাদের সাথে জড়িত, বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিবর্গের লাইসেন্স বাতিল করা হয়েছে।
"সুতরাং আমরা মালয়েশিয়া সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছি যে, যারা ফ্যাসিবাদী ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল কিংবা সিন্ডিকেটের অংশ হিসেবে দুর্নীতি করেছে, তাদের কেউই নতুন তালিকায় স্থান পাবেন না। মালয়েশিয়ান কর্তৃপক্ষ অল্প কিছুদিনের মধ্যেই বিষয়টি নিশ্চিত করবে" বলেন মাহ্দী আমিন।
চার-পাঁচ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতায় দেখেছি, কিছুই বদলায়নি: মির্জা ফখরুল
ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP
ছবির ক্যাপশান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
"আমার এই চার-পাঁচ মাসের মন্ত্রীত্বের অভিজ্ঞতা বলা দরকার, আমি দেখছি, কিছুই বদলায় নাই। যারা ঘুষ খেত, তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে। একইভাবে যারা ভালো একটা কাজকে আটকে দিতো, তারা আটকে দিচ্ছে," বলেছেন বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার ঢাকায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, "আমার বয়স অনেক। আমি তো সত্যিকারার্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত সেটা আমরা আমাদের মধ্যে দেখছি না।
"কিন্তু আশাবাদী হই এই কারণেই যে, আমি একজন মানুষের মধ্যে পরিবর্তন দেখেছি। সেটা তারেক রহমান। তিনি চেষ্টা করছেন। তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন। সেই নজিরকে সবাই মিলে সামনে নিয়ে গেলে হয়তো এই পরিবর্তনটা হবে।"
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন যে সকলে যদি মন-মানসিকতায় পরিবর্তন আনেন, তাহলে জুলাই আন্দোলন সফল হবে।
এবার সিলেটের গোলাপগঞ্জে এনসিপি নেতা সারজিসের গাড়িতে হামলার অভিযোগ
ছবির উৎস, Nahid Islam/Facebook
ছবির ক্যাপশান, সারজিস আলমের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে আবারও
জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি'র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িতে আবারও হামলা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।
আজ দুপুর সোয়া তিনটার দিকে এনসিপি'র আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
তিনি লিখেছেন, সিলেটের গোলাপগঞ্জ থেকে সিলেটে ফেরার পথে এই ঘটনা ঘটেছে।
"সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সিলেটে ফেরার পথে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমের গাড়িতে আবারও বর্বরোচিত হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসী বাহিনী," বলেন তিনি।
সারজিস আলমও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, "২য় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচ মাইল বাজারে।
তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়?"
এর আগে আজ বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটার দিকে সারজিস আলম আরেকটি পোস্টে লেখেন, "সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপি'র সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।
এদিকে, সিলেটের পুলিশ জানিয়েছে, গোলাপগঞ্জে কর্মসূচি শেষ করে সিলেটের কানাইঘাটে য়াওয়ার পথে সারজিস আলমের ঘাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে গাড়ির কাঁচ ভেঙেছে; কেউ হতাহত হয়নি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটে। সে ব্যাপারে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছিল এনসিপি। যদিও বিএনপি নেতারা হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
সিলেটে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে বিজিবি মোতায়েন, ছয় উপজেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার
ছবির উৎস, Google
সিলেটের দুইটি উপজেলায় আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে সিলেটের ছয় উপজেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বিবিসি বাংলাকে জানিয়েছেন, এনসিপি'র কর্মসূচিকে কেন্দ্র করে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেইসাথে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশও দায়িত্বরত আছে।
সিলেটের ১৩টি উপজেলার মাঝে ছয়টি উপজেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সেগুলো হলো– কানাইঘাট, গোলাপগঞ্জ, ওসমানীনগর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা।।
এর প্রতিবাদে এনসিপি বুধবার সমাবেশ ডাকলে ছাত্রদল একই স্থানে সমাবেশ ডাকে।
পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। প্রতিবাদ সমাবেশে যোগ দিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তারা বাহুবল থেকে মৌলভীবাজার ফিরে যান।
বুধবার রাতে জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ১০০ জনের নামে জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে এনসিপি।
শুক্রবার আরও তিন উপজেলায় এ পদযাত্রা করার কর্মসূচি
রয়েছে এনসিপির।
বুধবার সারাদিন যা যা হলো:
জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ১০০ জনের নামে জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার ঘটনার প্রতিবাদে সেখানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল এনসিপি। ওই কর্মসূচি ঘোষণার পর একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করে বিএনপি ও ছাত্রদল। পরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
এনসিপির কর্মসূচিতে অংশ নিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহসহ শীর্ষ নেতারা হবিগঞ্জের পথে রওনা হলে মৌলভীবাজার ও হবিগঞ্জের অন্তত চার জায়গায় পুলিশি বাধার মুখে পড়ে বলে অভিযোগ করেছে দলটি।
আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি।
চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার ভোরে যশোর পুলিশের একটি টিম যশোর নড়াইল মহাসড়ক থেকে তাদেরকে আটক করে।
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়া ও সদ্য নিয়োগকৃত নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।
মৃত্যুর দেড় বছর পর ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে কয়লা কেলেঙ্কারি মামলা থেকে অব্যাহতি দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার তার বিরুদ্ধে চলা কয়লা কেলেঙ্কারি মামলার সমাপ্তি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।
ভারতের বন্যা বিধ্বস্ত আসামে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ‘ডিজাস্টার রিপোর্টিং অ্যান্ড ইনফর্মেশনম্যানেজমেন্ট সিস্টেমে’র তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় শিবসাগরে সাতজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৭৫ জনে গিয়ে দাঁড়িয়েছে।