স্কুলে ভর্তিতে কোটা সুবিধা পাবে গণ অভ্যুত্থানে আহত-নিহতদের পরিবার, ইউরোপীয় নেতাদের সাথে সম্মেলনে জেলেনস্কি

গাজায় মানবিক সাহায্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ১১৬ বার বাড়লো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের সময়। কর্মবিরতিতে বিসিএসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। ৩০শে জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি ৮ই মে।

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা ঘটলো

    • লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সম্মেলনে কিয়েভের নিরাপত্তা ও সহায়তা নিয়ে আলোচনা হবে।
    • মুক্তিযোদ্ধা কোটার মতো জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
    • সারা বিশ্বের সাথে একই দিনে বাংলাদেশেও রমজানের রোজা ও ঈদ পালনের পথ খুঁজতে বাংলাদেশের ওলামা মাশায়েখদেরকে অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
    • গাজায় সকল মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়ে ইসরায়েল বলেছে যে, হামাসকে অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি সম্প্রসারণ পরিকল্পনায় রাজি হতে হবে।
    • আগামী জাতীয় নির্বাচন দেরিতে করতে কিছু কিছু কূটকৌশল প্রণয়ন হচ্ছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
    • বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের ‘বৈষম্যমূলকভাবে’ সাময়িক বরখাস্তের প্রতিবাদে আজ রবিবার সারা দেশে কর্মবিরতি পালন করছে ২৫টি ক্যাডারের সম্মিলিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
    • শপথ নিয়েছেন নতুন নিয়োগ পাওয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাত সদস্য। রোববার সকালে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
    • মুসলমানদের রমজান মাস এবং ইহুদিদের ‘পাসওভার পিরিয়ড’ বা পেসাখকে সামনে রেখে গাজায় চলমান যুদ্ধবিরতি সাময়িকভাবে আরো ছয় সপ্তাহের জন্য বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের সরকার।
    • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে করা রিভিউ বা পুনর্বিবেচনার আবেদনের শুনানি আগামী আটই মে।
    • বাংলাদেশে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বর্তমানে দেশের ভোটার ১২ কোটি ৩৭ লাখ। গত বছরের তুলনায় ভোটার বৃদ্ধি পেয়েছে এক দশমিক পাঁচ চার শতাংশ। ৩০শে জুনের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
  2. লন্ডনে ইউরোপীয় নেতাদের সাথে ইউক্রেন বিষয়ক সম্মেলনে যোগ দিয়েছেন জেলেনস্কি

    লন্ডনে ইউক্রেন বিষয়ক সম্মেলনে যোগ দিয়েছেন ইউরোপিয়ান দেশের নেতারা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, লন্ডনে ইউক্রেন বিষয়ক সম্মেলনে যোগ দিয়েছেন ইউরোপিয়ান দেশের নেতারা

    লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সম্মেলনে কিয়েভের নিরাপত্তা ও সহায়তা নিয়ে আলোচনা হবে।

    এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বিবিসিকে জানিয়েছেন, যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনকে সহায়তার জন্য একযোগে কাজ করবে এবং এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা হতে পারে।

    ইউরোপীয় নেতাদের সম্মেলন শেষে রোববার প্রেসিডেন্ট জেলেনস্কি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথেও সাক্ষাৎ করবেন।

    গত শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাগবিতণ্ডায় জড়ান জেলেনস্কি।

    এদিকে, রোববারে লন্ডনে অনুষ্ঠিত সম্মেলনে ইউরোপীয় নেতাদের সঙ্গে সম্মেলনে যোগ দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ।

    সেখানকার একটি ভিডিও ফুটেজ সম্প্রচারিত হয়েছে গণমাধ্যমে। এতে স্টারমারকে বক্তব্য রাখতে দেখা গেছে।

    সেখানে তিনি এই সম্মেলনকে ইউরোপের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। এবং তিনি বলেছেন, ইউক্রেনের জন্য একটি ইতিবাচক শান্তিপূর্ণ সমাধানের পথও তৈরি হবে এই সম্মেলন থেকে।

    স্টারমার আরও বলেন, ল্যাঙ্কাস্টার হাউসের বাইরে দাঁড়িয়ে থাকা মানুষজন ইউক্রেনের সমর্থনে উচ্ছ্বসিতভাবে অভিনন্দন জানাচ্ছেন, যা ইউক্রেনের প্রতি জনগণের আবেগের বহি:প্রকাশ।

    ধারণা করা হচ্ছে সম্মেলন শেষে ব্রিফিংয়ের মাধ্যমে আরো বিস্তারিত তথ্য জানানো হবে।

  3. স্কুলে ভর্তিতে কোটা সুবিধা পাবেন গণঅভ্যুত্থানে আহত-নিহতদের পরিবার

    বাংলাদেশে গত বছরের জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহত হন অনেকেই

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশে গত বছরের জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহত হন অনেকেই

    মুক্তিযোদ্ধা কোটার মতো ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

    আগের নীতিমালায় ভর্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য পাঁচ শতাংশ কোটা ছিল।

    বর্তমানে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ আহত ও নিহতদের পরিবারের সদস্যরাও এই সুবিধা পাবেন।

    গত ২০শে ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি অফিস আদেশ রোববার জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আদেশ বাস্তবায়নে স্কুল ও কলেজ অধ্যক্ষদের নির্দেশনা দেওয়া হয়েছে।

    মন্ত্রণালয়ের এই অফিস আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

    মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে।

    আদেশে আরও বলা হয়, এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

    মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না।

  4. বিশ্বের সাথে একই দিনে রোজা ও ঈদ পালনের পথ খুঁজতে বললেন তারেক রহমান

    বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক রহমান

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক রহমান

    সারা বিশ্বের সাথে একই দিনে বাংলাদেশেও রমজানের রোজা ও ঈদ পালনের পথ খুঁজতে বাংলাদেশের ওলামা মাশায়েখদেরকে অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    রোববার ঢাকায় ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

    এসময় ওলামা মাশায়েখদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, “মুসলমান হিসেবে একটি প্রশ্ন বার বার ঘুরপাক খেয়েছে। আমরা দেখেছি খ্রিষ্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে”।

    “আমি এখানে উপস্থিত ওলামা মাশায়েখগণকে অনুরোধ করবো, সারাদেশে অনেক জ্ঞানী ওলামা মাশায়েখ আছেন, আমরা চিন্তা করে দেখতে পারি কি না, আলোচনা করে দেখতে পারি কি-না, বাংলাদেশের মানুষ সারাবিশ্বের মানুষের সাথে একই দিনে একসাথে আমরা রোজা এবং ঈদ পালন করতে পারি কি-না”, বলেন মি. রহমান।

    তিনি বলেন, “বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কি-না, উপায় আছে কি-না, এই বিষয়টি আপনাদের আমি চিন্তা করার অনুরোধ করবো”।

  5. গাজায় মানবিক সাহায্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল

    গাজায় মানবিক সহায় প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, গাজায় মানবিক সহায় প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল

    গাজায় সকল মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়ে ইসরায়েল বলেছে যে, হামাসকে অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি সম্প্রসারণ পরিকল্পনায় রাজি হতে হবে।

    যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়েছে শনিবার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, হামাস এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

    হামাসের একজন গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করার ঘটনাটিকে ‘সস্তা ব্লাকমেইল’ এবং যুদ্ধবিরতি চুক্তিকে ‘অভ্যুত্থান’ বলে আখ্যা দিয়েছেন। একই সাথে তিনি এই ঘটনায় মধ্যস্থতাকারীদের সহায়তাও চেয়েছেন।

    হামাস এই চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের পক্ষে, যা মূল চুক্তি অনুযায়ী হওয়ারই কথা ছিল। এতে বন্দিদের মুক্তি ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত অন্তর্ভুক্ত ছিল।

    এর আগে হামাস বলেছিল, যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের নিশ্চয়তা ছাড়া তারা যুদ্ধবিরতির প্রথম ধাপের কোনো সম্প্রসারণে রাজি হবে না।

    এদিকে, নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে বলেছে, প্রথম ধাপের বন্দিবিনিময় চুক্তি শেষ হয়েছে এবং হামাস উইটকফের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছেন যে, আজ (রোববার) সকাল থেকে গাজায় সব ধরনের পণ্য ও সরবরাহ প্রবেশ বন্ধ থাকবে।

  6. নির্বাচন দেরিতে করতে কিছু কিছু কূটকৌশল প্রণয়ন হচ্ছে: সালাহউদ্দিন আহমেদ

    সালাহউদ্দিন আহমেদ
    ছবির ক্যাপশান, সালাহউদ্দিন আহমেদ

    আগামী জাতীয় নির্বাচন দেরিতে করতে কিছু কিছু কূটকৌশল প্রণয়ন হচ্ছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

    তিনি বলেন, ''যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্র উত্তরণের এই যাত্রাপথ- এটাকে যেন আরো বেশি দীর্ঘায়িত করা যায়, সে জন্য কিছু কূটকৌশল প্রণয়ন করা হচ্ছে''।

    রোববার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

    আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তৎপরতা প্রসঙ্গে মি. আহমেদ বলেন, ''যদিও ইনিয়ে বিনিয়ে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন। কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়''।

    ''সেই উদ্যোগগুলো জনসম্মুখে প্রকাশিত ও দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে (নির্বাচনের) দিকে যাচ্ছি কী-না'', যোগ করেন তিনি।

    বিএনপির এই নেতা বলেন,''কারণ নির্বাচন যত দীর্ঘায়িত হবে গণতন্ত্র উন্নয়নের যাত্রাপথটা তত দীর্ঘায়িত হবে এবং অস্থিরতা বাড়বে। এতে বিভিন্ন রকম অস্থির অবস্থার সৃষ্টির সুযোগ নেবে স্বৈরাচার ও তার দোসররা”।

    “সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয় সেটিই হচ্ছে আমাদের প্রস্তাব”, বলেন তিনি।

    সংস্কার প্রসঙ্গে মি. আহমেদ বলেন, “যে সমস্ত প্রস্তাবগুলি নির্বাচনের জন্য আমাদের আগে বাস্তবায়ন করা দরকার সেটার ওপর একটা জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে এবং সেটা আমরা আগে বাস্তবায়ন করবো। সরকার একই সাথে যেন নির্বাচনের প্রস্তুতি ও রোডম্যাপ প্রদান করে”।

  7. ১১৬ বার বাড়লো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের সময়

    ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি।
    ছবির ক্যাপশান, ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি।

    সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় ১১৬ তম বারের মতো বাড়িয়েছে আদালত।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে, ওই হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল রোববার । কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত ১১৬তম বারের মতো সময় বাড়িয়েছে। পরবর্তী আদেশের জন্য ৬ই এপ্রিল সময় নির্ধারণ করেছে আদালত।

    ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

    গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র‌্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য ছয় মাস সময় বেঁধে দেয়া হয়।

    সেই সময় শুনানিতে হাইকোর্ট বলেন, ‘আশা করি এবার ন্যায়বিচার নিশ্চিত হবে এবং তদন্তের জন্য দেওয়া এবারের ছয় মাস মানে ছয় মাস।’

  8. কর্মবিরতিতে ২৫ ক্যাডারের কর্মকর্তারা

    কর্মবিরতি

    ছবির উৎস, TV GRAB

    ছবির ক্যাপশান, কর্মবিরতিতে ২৫ ক্যাডারের কর্মকর্তারা

    বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের ‘বৈষম্যমূলকভাবে’ সাময়িক বরখাস্তের প্রতিবাদে আজ রবিবার সারা দেশে কর্মবিরতি পালন করছে ২৫টি ক্যাডারের সম্মিলিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

    এই কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার সরকারি বিভিন্ন দপ্তরের সামনে কর্মকর্তারা কালোব্যাজ পরে অবস্থান নেন। বেলা ১১ টার দিকে শিক্ষা অধিদপ্তরের প্রাঙ্গণে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা অবস্থান নেন।

    এতে শিক্ষা ক্যাডারের শীর্ষ পদের কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খান অংশ নেন।

    আজাদ খান এ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, ২৫ ক্যাডারের কিছু বিষয় নিয়ে সম্মিলিতভাবে এখানে দাঁড়িয়েছেন। পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হচ্ছে। শিক্ষা ক্যাডার অন্যান্য ক্যাডারের সঙ্গে এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করছেন।

    মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজম খান বলেন, “আমাদের বেশ কিছু বৈষম্যের শিকার আমরা। আন্তঃক্যাডার বৈষম্য যেটা অন্যতম বিষয়। ক্যাডার সদস্যরা অনেকেই মামলা বা হয়রানির শিকার। এগুলোর সুষ্ঠু, সুন্দর সমাধান যাতে আসে সেজন্য আজকে কর্মবিরতিতে আসছি"।

    ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন সম্মিলিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, ফেসবুকে লেখালেখির মত কারণে তাদের ২৫টি ক্যাডারের ১৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারে হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

  9. ৩০শে জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে: নির্বাচন কমিশনার আবুল ফজল

    নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ

    ছবির উৎস, TV GRAB

    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশনার আবুল ফজল বলেন, ৩০ শে জুনের মধ্যে আবারও চূড়ান্ত ভোটার তালিকা আপনারা দেখতে পাবেন।

    আবারো একটা সম্পূরক ভোটার তালিকা হবে। সেটার সাথে সমন্বয় করে আগামী ৩০শে জুনের মধ্যে আবারও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

    আজ ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    মি. সানাউল্লাহ বলেন, “ আজকে ২০২৪ এর উপাত্তের আলোকে আইনি বাধ্য-বাধকতার কারণে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যেসব উপাত্ত পাওয়া গেছে সেগুলো আবার যুক্ত হবে, মৃত ভোটাররা বাদ পড়বে।”

    আবারও একটা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা হবে। সেটার সাথে সমন্বয় করে ৩০ শে জুনের মধ্যে আবারও চূড়ান্ত ভোটার তালিকা আপনারা দেখতে পাবেন, বলেন মি. সানাউল্লাহ।

    সবাইকে মিলে-মিশে ভোট দেয়ার আহ্বান জানিয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “সবাই মিলে-মিশে ভোট দেব, এটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একটি উৎসব। আমরা রক্ত দেখতে চাই না। হানাহানি দেখতে চাই না, চুরি বাটপারি দেখতে চাই না। ছিনতাই, ব্যালট পেপার সরিয়ে নেয়া ইত্যাদি দেখতে চাই না। রাতের বেলায় সিল মারা দেখতে চাই না। কোন কর্তৃপক্ষের প্রভাব দেখতে চাই না ”।

    ভোটার তালিকা স্বচ্ছ ও সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

  10. শপথ নিয়েছেন পিএসসির সাত সদস্য

    শপথ নিয়েছেন নতুন নিয়োগ পাওয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাত সদস্য।

    আজ রোববার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

    এর আগে গত ১৮ ই ফেব্রুয়ারি সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাদের পিএসসিতে নিয়োগ দেন।

    নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন ও অধ্যাপক আরফিনা ওসমান, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দীন।

    এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার এবংপররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমদ চৌধুরী।

  11. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি ৮ই মে

    আদালত

    ছবির উৎস, MUNIRUZ ZAMAN

    ছবির ক্যাপশান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি ৮ই মে

    তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে করা রিভিউ বা পুনর্বিবেচনার আবেদনের শুনানি আগামী আটই মে।

    রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ এ সময় নির্ধারণ করেছে।

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় ২০১১ সালে।

    তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকসহ সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় ২০১১ সালের ১০ই মে । পরের বছর সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

    সেই রায়ের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।

    আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অগাস্টে আবেদন করা হয়।

    এখন সেই আবেদনের শুনানি আগামী আটই মে।

  12. গাজায় যুদ্ধবিরতি বাড়াতে সম্মত ইসরায়েল

    গাজা সীমান্তে ইসরায়েলি ট্যাংকে সৈন্যদের অবস্থান

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, গাজা সীমান্তে ইসরায়েলি ট্যাংকে সৈন্যদের অবস্থান

    মুসলমানদের রমজান মাস এবং ইহুদিদের ‘পাসওভার পিরিয়ড’ বা পেসাখকে সামনে রেখে গাজায় চলমান যুদ্ধবিরতি সাময়িকভাবে আরো ছয় সপ্তাহের জন্য বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের সরকার।

    ইহুদি ধর্ম অনুসারে মিসরীয়দের দাসত্ব থেকে ইহুদিদের মুক্তি উদযাপনের সময়কে কেন্দ্র করে যে উৎসব পালন করা হয়, তাকে পাসওভার বা পেসাখ বলা হয়। হিব্রু ভাষায়, পেসাখ ইহুদি ক্যালেন্ডারের প্রথম মাস নিসানের ১৫তম দিনে শুরু হয়।

    শনিবার মধ্যরাতে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হয়।

    নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফের যুদ্ধবিরতি প্রস্তাব অনুযায়ী গাজায় হামাসের কাছে এখনো জিম্মি থাকা জীবিত ও মৃত ইসরায়েলি নাগরিকের অর্ধেককে প্রথম দিনে মুক্তি দেয়া হবে।

    ‘স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো গেলে’ বাকি বন্দিদের মুক্তি দেয়া হবে।

    ইসরায়েলের সর্বশেষ এই পদক্ষেপ নিয়ে হামাস এখনো প্রকাশ্যে কোন মন্তব্য করেনি।

  13. খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাসের বিরুদ্ধে করা আপিলের শুনানি কাল

    খালেদা জিয়া

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাসের বিরুদ্ধে করা আপিলের শুনানি কাল

    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড থেকে খালাসের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি আগামীকাল সোমবার।

    আজ রোববার দুদকের করা এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলামসহ তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

    এ মামলায় রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন উভয় পক্ষেরই করা লিভ টু আপিলের শুনানি একসঙ্গে হবে বলে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

    গত বছরের ২৭শে নভেম্বর সাত বছরের কারাদণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস দেয় হাইকোর্ট। গত ২৩শে ফেব্রুয়ারি এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদক আপিল বিভাগে আবেদন করে।

    ২০১১ সালের অগাস্টে খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলাটি করে দুদক।

    এ মামলায় অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রী থাকার সময় তিনি তার ক্ষমতা অপব্যবহার করে এই ট্রাস্টের জন্য অর্থ সংগ্রহ করেছেন।

    ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ টাকা লেনদেন করা হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    ২০১৮ সালের ২৯শে অক্টোবর খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করে রায় ঘোষণা করে বিশেষ জজ আদালত।

  14. বাংলাদেশে এখন ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ

    নিক

    ছবির উৎস, Getty Images

    বাংলাদেশে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ প্রায় শেষ পর্যায়ে এসেছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

    দেশটিতে এখন ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। গত বছরের তুলনায় ভোটার বৃদ্ধি পেয়েছে এক দশমিক পাঁচ চার শতাংশ।

    ভোটার দিবস পালনের উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

    সপ্তমবারের মতো দেশে আজ ভোটার দিবস পালিত হচ্ছে।

    তিনি জানান, “দেশে আজকের দিন পর্যন্ত মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। পুরুষ ছয় কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন। মহিলা ছয় কোটি তিন লাখ ৬৯ হাজার ৬৬৫। হিজড়া ৯৯৪ জন”।

    গত বছর দোসরা মার্চে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। সে তুলনায় এ বছর এক দশমিক পাঁচ চার শতাংশ ভোটার বেড়েছে।

    প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন,দেশেএকটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছে। সেখানে সবার সহযোগিতা প্রয়োজন।

    বাড়ি বাড়ি গিয়ে এখনো ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়। রিপোর্টিং করছেন জান্নাতুল তানভী।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে