শেখ হাসিনা আর রাজনীতি করার জন্য দেশে ফিরতে পারবে না: নাহিদ ইসলাম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর রাজনীতি করার জন্য দেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করে সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করার জন্য আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সার সংক্ষেপ

  • পাঁচ বছর আগে করা মানহানির মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ নেতা।
  • সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে রিভিউ নিষ্পত্তি, এর ফলে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা ‘সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল’র হাতে ফিরে এসেছে।
  • রোববার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠেয় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে।
  • স্বর্ণের দামে নতুন রেকর্ড, প্রতি ভরি দাম এক লাখ ৪০ হাজার টাকা।
  • গাজার 'জনবহুল'এলাকায় ইসরায়েলের হামলায় অন্তত ৭৩ জন নিহত।

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা ঘটেছে

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'আর রাজনীতি করার জন্য দেশে ফিরতে পারবে না' বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করেত সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম আন্দোলনকারীদের।

    তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়কে চ্যালেঞ্জ দায়ের করা পৃথক দুটি রিভিউ শুনানি আগামী বৃহস্পতিবার।

    এইচএসসি পরীক্ষার ফল পুর্নমূল্যায়নের দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ কিছু শিক্ষার্থীর।

    বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারেে অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা।

    সাকিব আল হাসানকে দেশে ফিরে বিদায়ী টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলনরতদের ধাওয়া বিরোধী পক্ষের।

    লেবাননের রাজধানী বৈরুতে হেজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল।

    গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন নিহত হয়েছে।

    রিভিউ আবেদনে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছেই ফিরলো।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ক্লিক করুন: https://bbc.com.im/bengali%3C/a%3E

  2. শেখ হাসিনা আর রাজনীতি করার জন্য দেশে ফিরতে পারবে না: নাহিদ ইসলাম

    ছবির ক্যাপশান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    নাহিদ ইসলাম
    ছবির ক্যাপশান, নাহিদ ইসলাম
  3. গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সারা দেশে ছয় জনের মৃত্যু

    চাপ সামলাতে ওয়ার্ডের বাইরেও রোগীর জন্য শয্যার ব্যবস্থা করা হয়েছে কোন কোন হাসপাতালে
    ছবির ক্যাপশান, চাপ সামলাতে ওয়ার্ডের বাইরেও রোগীর জন্য শয্যার ব্যবস্থা করা হয়েছে কোনও কোনও হাসপাতালে
  4. সোমবারের মধ্যে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার আল্টিমেটাম

    ছবির ক্যাপশান, সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবিতে আল্টিমেটাম
  5. তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিরুদ্ধে রিভিউ শুনানি বৃহস্পতিবার

    ছবির ক্যাপশান, বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন
  6. এইচএসসি-র ফল পুনর্মূল্যায়নের দাবিতে ঢাকা শিক্ষাবোর্ডে বিক্ষোভ-ভাঙচুর

  7. পাচার হওয়া অর্থ ফেরত আনা আমাদের অগ্রাধিকার : অর্থ উপদেষ্টা

    অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
    ছবির ক্যাপশান, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
  8. হাইকোর্টে কিছু বিচারকের বিরুদ্ধে প্রচুর অভিযোগ : আসিফ নজরুল

    অধ্যাপক আসিফ নজরুল
    ছবির ক্যাপশান, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল
  9. বিজিএমইএ-তে নতুন প্রশাসক বসিয়েছে সরকার, আগের পর্যদ পাতিল

    ছবির ক্যাপশান, বিজিএমইএ-র নবনিযুক্ত প্রশাসক মো. আনোয়ার হোসেন
  10. মিরপুরে 'সাকিব ভক্তদের' লাঠি নিয়ে ধাওয়া দিলো 'বিরোধীরা'

    ছবির ক্যাপশান, সাকিব আল হাসান
  11. মেধাতালিকায় ১৪তম স্থান নিয়ে অনার্স পাস করেছেন রংপুরের আবু সাঈদ

    ছবির ক্যাপশান, বুলেটবিদ্ধ হওয়ার আগে পুলিশের সামনে এভাবেই দাঁড়িয়েছিলেন আবু সাঈদ
  12. হেজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে ইসরায়েলি বিমান হামলা

    রোববার বিবৃতিতে হামলার চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, রোববার বিবৃতিতে হামলার চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী

    লেবাননের রাজধানী বৈরুতে হেজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

    রোববার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে এই হামলা চালায় তারা।

    বিবৃতিতে আরও বলা হয়, “হামলায় বেসামরিক হতাহত কমাতে” বেশ কিছু পদক্ষেপ আগে থেকেই নেয়া হয়েছিল, যে কারণে ওই এলাকায় আগে থেকে সতর্কতা দেয়া হয়েছিল।

    ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের এই হামলায় আল-হাজ আব্বাস সালামা মারা গেছেন।

    আল-হাজ আব্বাস সালামা হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের একজন সিনিয়র কমান্ডার ছিলেন। এ সময় রাদা আব্বাস আওয়াদা এবং আহমাদ আলী হুসেন নামে আরও দুইজন হেজবুল্লাহ যোদ্ধা মারা গেছেন।

    ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়, আওয়াদা হেজবুল্লাহর একজন সিনিয়র যোগাযোগ বিশেষজ্ঞ ছিলেন।

    এছাড়া হুসেন একটি অস্ত্র তৈরির ইউনিটের প্রধান হিসেবে কাজ করেছেন।

    তবে, এই হামলার বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি হেজবুল্লাহ।

  13. গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পেছালো

    খালেদা জিয়া - ফাইল ফটো

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, খালেদা জিয়া - ফাইল ফটো

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন আসামির বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পেছানো হয়েছে।

    আগামী ২৪শে অক্টোবর শুনানির দিন ধার্য করেছে আদালত।

    রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু তাহেরের আদালতে মামলাটি শুনানির জন্য ছিলো।

    এ মামলার ১৫ জন আসামির মধ্যে ১৪ জনের অব্যাহতির বিষয়ে শুনানি শেষ হয়েছে। গত ২৪শে জানুয়ারি খালেদা জিয়ার অব্যাহতি চেয়ে শুনানি শুরু হয়।

    তবে, আদালত দুদকের আইনজীবীকে নতুন করে অভিযোগ গঠনের শুনানির কথা বলেছেন।

    পরে, আগামী ২৪শে অক্টোবর শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেন আদালত। খালেদা জিয়ার আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

    তবে, অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি খালেদা জিয়া।

    ২০০৭ সালের দোসরা সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলাটি করে দুদক।

    তদন্ত শেষে খালেদা জিয়াসহ ২৪জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি।

    বর্তমানে এ মামলায় আসামির সংখ্যা ১৫ জন। এদের মধ্যে নয় জন আসামি মারা গেছেন।

  14. মানহানির মামলায় খালাস তারেক রহমানসহ বিএনপির পাঁচ নেতা

    তারেক রহমান
    ছবির ক্যাপশান, তারেক রহমান

    পাঁচ বছর আগের করা একটি মানহানির মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচজন নেতা।

    বিএনপি নেতাদের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আরাফাতুর রাকিব এ আদেশ দেন।

    খালাস পাওয়া অন্য নেতারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    পাঁচ বছর আগে ২০১৯ সালে লন্ডনের একটি আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করায় ঢাকার আদালতে এই মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক।

    দীর্ঘদিন মামলার কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত এ আদেশ দেয়।

    তারেক রহমান বিষয়ক আরো খবর পড়তে ক্লিক করতে পারেন নিচের লিংকে:

  15. খাদ্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে সরকারকে 'আরো উদ্যোগী' হওয়ার আহ্বান বিএনপির

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

    ছবির উৎস, SOMOY TV

    ছবির ক্যাপশান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

    বাজারে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে সরকারকে 'আরো উদ্যোগী' হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    মি. রিজভী বলেন, "চাল, ডাল, সবজি,মাছ, মাংস, ডিমের সরবরাহ ঠিক রাখতে হলেও সরকারকে উদ্যােগী হতে হবে। সার, কীটনাশক ও বীজের সরবরাহ বাড়িয়ে কিংবা প্রণোদনা দিয়ে কৃষক ও খামারীদের পাশে দাঁড়াতে হবে।"

    রোববার সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    তিনি বলেন, "এই স্যাবোটেজগুলো যে হচ্ছে, সরকার সজাগ না থাকলে আরো বেশি এটা হতে থাকবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ডিজেলের দাম স্বাভাবিক রাখা। কোনো ক্রমেই যেন ডিজেলের দাম বৃদ্ধি না পায়, সে ব্যাপারেও সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে।"

    বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে মি. রিজভী অভিযোগ করেছেন, এ বন্যায় সরকারের তেমন তৎপরতা পরিলক্ষিত হয় নি।

    "ব্যক্তিগত ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল যে যতটা পেরেছে সেখানে গিয়ে তৎপরতা চালিয়েছে, কিন্তু প্রশাসনের দিক থেকে তেমন একটা তৎপরতা দেখা যায় নি।"

    কৃষক ও খামারিদের বন্যায় যে ক্ষতি হয়েছে তা নিরসনে সরকারকেই প্রধান ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন মি. রিজভী।

    শিগগিরই তাদের পুনর্বাসন করার দাবি জানান তিনি।

  16. গাজার উত্তরে ইসরায়েলের হামলায় অন্তত ৭৩ জন নিহত

    বেইত লাহিয়া

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বেইত লাহিয়ায় আগেও হামলা হয়েছে - ছবিটি জুন মাসের

    গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া শহরে ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে গাজা উপত্যকার হামাস পরিচালিত কর্তৃপক্ষ।

    শনিবার গভীর রাতে বোমাবর্ষণের পর ধ্বংসস্তূপের মধ্যে অনেকে এখনও আটকা পড়ে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    ইসরায়েল বলছে, তারা হতাহতের খবর যাচাই করে দেখছে। তবে তারা হামাসের দেয়া তথ্যকে ‘অতিরঞ্জিত’ উল্লেখ করে বলেছে, এর সঙ্গে তাদের সামরিক বাহিনীর তথ্যের মিল নেই।

    গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ওই অঞ্চলের যোগাযোগ ও ইন্টারনেট সেবা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় বেইত লাহিয়ায় উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।

    হামাস পরিচালিত সরকারের মিডিয়া অফিস বলছে, জনবহুল আবাসিক এলাকায় বোমা হামলা করা হয়েছে এবং এতে ৭৩ জন মারা গেছে।

    গাজার সিভিল ডিফেন্স এজেন্সিও একই রকম তথ্য দিয়েছে।

    তবে বিবিসি স্বাধীনভাবে নিহতদের এই সংখ্যার তথ্য যাচাই করে দেখতে পারেনি।

  17. স্বর্ণের দামে নতুন রেকর্ড, প্রতি ভরি দাম এক লাখ ৪০ হাজার টাকা

    দেশে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৪০ হাজার ৬১ টাকা নির্ধারণ করা হয়েছে।

    ছবির উৎস, Getty Images

    বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

    ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৬১৩ টাকা বা‌ড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৪০ হাজার ৬১ টাকা নির্ধারণ করা হয়েছে।

    শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে।

    সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ রোববার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

    এর আগে গত ২৮শে সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয় ভরিতে সর্বোচ্চ এক হাজার ২৬০ টাকা।

    তবে, ওই মাসে টানা চার দফা স্বর্ণের দাম বাড়ানো হয়।

    স্বর্ণের দাম, ব্যবহার এবং বাজার নিয়ে বিবিসি বাংলার পাতায় আরো পড়তে পারেন:

  18. পুলিশের ৪০ বিসিএস ব্যাচের সমাপনী কুচকাওয়াজ হচ্ছে না

    পুলিশ

    ছবির উৎস, ডিএমপি

    রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে অনুষ্ঠিতব্য শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে।

    পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এনামুল হক সাগর বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। অনিবার্য কারণবশতঃ কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

    রোববার সকাল ১০টায় একাডেমিক প্যারেড গ্রাউন্ডে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    এই কর্মকর্তারা ২০২২ সালের চৌঠা ডিসেম্বর সারদা পুলিশ একাডেমিতে যোগদান করেছিলেন।

    অনুষ্ঠান উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, উর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছিল।

    এমনকি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার রাতে সারদা পুলিশ একাডেমিতে পৌঁছেছিলেন বলেও জানা যাচ্ছে।

    কিন্তু এরপরেও ঠিক কী কারণে এ অনুষ্ঠান স্থগিত করা হলো - সে সম্পর্কে সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

    পুলিশ সদর দপ্তরের মুখপাত্র মি. হকও এ বিষয়ে কোন কারণ বা ব্যাখ্যা দেননি।

  19. বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ফিরলো

    অ্যাটর্নি জেনারেল

    ছবির উৎস, TV Grab

    সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলেই থাকবে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা।

    এ ক্ষমতা জাতীয় সংসদের হাতে দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা রিভিউ আবেদন রোববার পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছে আপিল বিভাগ।

    প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদসহ ছয় বিচারপতির বেঞ্চে রিভিউ আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।

    প্রায় সাত বছর পর ষোড়শ সংশোধনীর রিভিউ আবেদনটি নিষ্পত্তি করা হয়।

    একইসাথে ষোড়শ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ থেকে বাতিল দুই থেকে আট উপ-অনুচ্ছেদ পুনর্বহাল করে রায় দেয় সর্বোচ্চ আদালত।

    এ রায়ের ফলে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেয়া আপিল বিভাগের রায়ই বহাল থাকলো।

    রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আপিল বিভাগে শুনানি করেন।

    রায়ের পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, এ রায়ের ফলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলেই বিচারপতিদের অপসারণের বিষয়ে সিদ্ধান্ত হবে।

    আওয়ামী লীগ সরকারের আমলে তিনজন বিচারপতিকে অভিযোগের প্রেক্ষিতে বিচারিক কার্যক্রম থেকে দূরে রাখলেও তাদের বিষয়ে কোন তদন্ত হয় নি।

    এ বিষয়টি উল্লেখ করলে মি. আসাদুজ্জামান বলেন, “তিনজন বিচারপতিকে কেন ঝুলিয়ে রেখেছিলেন, এটা ওনারা বলতে পারবেন। আমি সমালোচক হিসেবে বলতে পারি ওনারা এটা অসাংবিধানিক কাজ করেছেন। তাদের এবং ১২ জন বিচারপতির বিষয়েও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলেই সিদ্ধান্ত হবে”।

    এ রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে কোন অভিযোগ নিষ্পত্তি করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

    এর আগে গত ১৬ই অক্টোবর আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া 'দলবাজ' ও 'দুর্নীতিবাজ' বিচারপতিদের পদত্যাগ বা অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাইকোর্ট ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে।

    তাদের দাবির মুখে ওই দিনই হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে আপাতত বেঞ্চ না দেয়া অর্থাৎ বিচারিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন।

    এর আগে ২০১৪ সালের পাঁচই জানুয়ারি সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়। সেই সংশোধনী চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়।

    পরে ২০১৬ সালের পাঁচই মে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় দেয়।

    রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর ২০১৭ সালের চৌঠা জানুয়ারি এ বিষয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।

    হাইকোর্টের রায় বহাল রেখে ওই বছরই রায় দেয় আপিল বিভাগ।

    একই বছর সংবিধানের ষোড়শ সংশোধনী বহাল চেয়ে রায় পুনর্বিবেচনার আবেদন করে রাষ্ট্রপক্ষ।

    এ নিয়ে আরো পড়তে পারেন:

  20. বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম। বাংলাদেশ এবং বিশ্বে আজ ঘটা সব ঘটনার সর্বশেষ খবরাখবর পাওয়া যাবে বিবিসির লাইভ পাতায়। রিপোর্টিং করছেন জান্নাতুল তানভী।