রোববার সারাদিন যা যা হলো
- জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে ময়মনসিংহের ভালুকায় বিএনপি মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
- বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন। নব্বই বছর বয়সে রোববার নয়াদিল্লিতে মারা গেছেন তিনি।
- ভারতে বসে প্রকাশ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'উস্কানিমূলক' বক্তব্য দিতে দেওয়ায় বিস্ময় ও হতাশা প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তার এসব বক্তব্য বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করা হয়েছে।
- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি চেয়ে যশোর জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ কারো কাছে কোনো আবেদন করা হয়নি বলে দাবি করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা আবেদন করেছিলেন, কিন্তু তাদের আবেদন গ্রহণ করা হয়নি।
- আওয়ামী লীগ সরকারের আমলে করা পদ্মা সেতু ও কর্ণফুলী টানেল প্রকল্পের কথা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, সামগ্রিকভাবে বিভিন্ন রকমের অযাচিত ও অপরিণামদর্শী যে প্রকল্প ব্যয় করা হয়েছে তার প্রতিফলন দেশের নিত্যপণ্যের বাজারে পড়েছে।
- আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।
- ইসলামী ছাত্র শিবির ডাকসুর ক্ষমতায় আসার আগে সেটি ‘মাদকের আড্ডা ও বেশ্যাখানা ছিলো’ বলে জামায়াতে ইসলামীর এক নেতার করা মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
- দেশে আগের মতো আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
- বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে সিদ্ধান্ত নিতে যাচ্ছে তখন অভ্যন্তরীণ বিষয়ে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
- নির্বাচন নিয়ে লুকোচুরির কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
- মেহেরপুর জেলা কারাগারে বন্দি গোলাম মোস্তফা নামে একজন আওয়ামী লীগ নেতা মারা গেছেন। খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...











