হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছে ভারত: জয়সওয়াল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের সরকার যে চিঠি দিল্লিতে পাঠিয়েছে, ভারত সরকার সেটি পরীক্ষা করে দেখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। কড়াইল বস্তি পুড়ে যাওয়ার পর সরকারি উদ্যোগে সেখানে হাইটেক পার্ক নির্মাণ হতে যাচ্ছে বলে যে গুঞ্জন তৈরি হয়েছে, সেটি সঠিক নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশ্বের জনবহুল শহর নিয়ে জাতিসংঘের তালিকায় ইন্দোনেশিয়ার জাকার্তার পরেই অবস্থান পেয়েছে ঢাকা।

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা ঘটেছে:

    • মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের সরকার যে চিঠি দিল্লিতে পাঠিয়েছে, ভারত সরকার সেটি পরীক্ষা করে দেখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এদিকে, বুধবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন যে, ভারতের কাছে পাঠানো চিঠির কোনো জবাব এখনো পাননি তারা।
    • জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার প্রকাশিত এই পূর্ণাঙ্গ রায়ের ভিত্তিতে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন সাজাপ্রাপ্ত আসামিরা।
    • বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। রদবদল আনা হচ্ছে জেলা প্রশাসন, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে।
    • বিশ্বের শীর্ষ জনবহুল শহরগুলো নতুন তালিকা প্রকাশ করে জাতিসংঘ। সেটি অনুযায়ী, বাংলাদেশের রাজধানী ঢাকা এখন পৃথিবীর দ্বিতীয় জনবহুল শহর।
    • অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর নামে থাকা দু'টি ভল্ট থেকে যে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে, সেটির মালিক কেবল শেখ হাসিনা একা নন, বরং তার মেয়ে ও বোনও সেটির অংশীদার বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন।
    • বাউল শিল্পীদের ওপর হামলার বিচার ও গ্রেফতার বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে আয়োজিত বাউল সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে শহরের কোর্ট চত্বরের ওই সমাবেশে 'তৌহিদী জনতার' নাম দিয়ে একদল ব্যক্তি লাঠিসোটা হাতে মিছিল নিয়ে হামলা চালায়।
    • বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
    • ধর্ম অবমাননা ও ধর্মীয় বিশ্বাসে আঘাতের অভিযোগে ঢাকার-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে মামলার আবেদন করেছেন হোসাইন মোহাম্মদ আনোয়ার নামের এক ব্যক্তি। এর প্রতিক্রিয়ায় মিজ তুলি বলেছেন, তার বক্তব্যকে 'ভুলভাবে উপস্থাপন' করা হয়েছে।
    • অগ্নিকাণ্ডে ঢাকার কড়াইল বস্তি পুড়ে যাওয়ার পর সরকারি উদ্যোগে সেখানে হাইটেক পার্ক নির্মাণ হতে যাচ্ছে বলে যে গুঞ্জন তৈরি হয়েছে, সেটি সঠিক নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
    • প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের বিরুদ্ধে 'বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত ঘটানোর' অভিযোগ যে নারী তুলেছেন, অধ্যাপক রীয়াজ তাকে চেনেন না বলে দাবি করেছেন। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
    • 'অপরিহার্য' না হলে আগামী সংসদ নির্বাচনের আগে দেশের সকল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে না যাওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
    • হংকংয়ের তাই পো শহরের আবাসিক ভবনে লাগা ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে উদ্ধারকর্মীও রয়েছেন। এছাড়া কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আগুন নেভাতে বর্তমানে ৭০০ জনেরও বেশি দমকলকর্মী কাজ করছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
    • ঢাকার কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
    • অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশে এখন আগের চেয়ে বৈষম্য বেড়েছে বলে মন্তব্য করেছেন বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
    • নিম্ন আদালতের তিনটি পদে দায়িত্বরত ৮২৬ জন বিচারকের একসঙ্গে পদোন্নতি হয়েছে। বুধবার পৃথক পৃথকভাবে তাদের পদোন্নতির প্রজ্ঞাপন প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে। বৃহস্পতিবার নতুন খবর নিয়ে আবারও লাইভ পাতা চালু হবে।

    ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও ডাকসু'র পদ বাতিল করল ঢাকা বিশ্ববিদ্যালয়

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

    বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    একইসঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক পদও বাতিল করা হয়েছে।

    বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ।

    কর্তৃপক্ষ বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ডাকসু নির্বাচনের আগে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই এমফিল প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মি. রাব্বানী।

    পরে বিষয়টি সামনে আসার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তার ভর্তি সাময়িকভাবে স্থগিত করে। সেই সঙ্গে পুরো বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়।

    তদন্ত শেষে ওই কমিটি জানিয়েছে, ডাকসু নির্বাচনের সময় মি. রাব্বানীর বৈধ ছাত্রত্ব ছিল না। ফলে ২০১৯ সালের ১১ই মার্চের ডাকসু নির্বাচনে তার জিএস পদে প্রার্থিতা বৈধ হয়নি।

    মূলত সেই কারণেই মি. রব্বানীর ডাকসু সাধারণ সম্পাদক পদও বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

  3. অভিযোগকারী নারীকে চেনেন না আলী রীয়াজ: প্রধান উপদেষ্টার প্রেস উইং

    অধ্যাপক আলী রীয়াজ

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, অধ্যাপক আলী রীয়াজ

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের বিরুদ্ধে 'বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত ঘটানোর' অভিযোগ যে নারী সামাজিক মাধ্যমে তুলেছেন, অধ্যাপক রীয়াজ তাকে চেনেন না বলে দাবি করেছেন। সামাজিক মাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে ওই অভিযোগ তোলা হয়।

    বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

    "অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, তিনি এ বক্তব্য প্রচারকারী নারীকে চেনেন না। তার সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে যেসব দাবি করা হয়েছে, তা সর্বৈব মিথ্যা," বিবৃতিতে বলা হয়েছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে 'উদ্দেশ্যপ্রণোদিতভাবে' এ ধরনের 'অপপ্রচার' ছড়ানো হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

    "সরকার বিষয়টির দিকে গভীরভাবে নজর রাখছে এবং এই মর্মে ব্যবস্থা গ্রহণ করার বিষয় বিবেচনা করবে," এতে বলা হয়েছে।

    এ ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করার জন্যও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন অধ্যাপক রীয়াজ।

    "অন্যথায় এসব মানহানিকর, আপত্তিকর ও চরিত্র হননের অপচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি," বিবৃতিতে সতর্ক করা হয়েছে।

  4. নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে ব্যাপক রদবদল

    ভোটের প্রতীকী ছবি

    ছবির উৎস, Getty Images

    বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। রদবদল আনা হচ্ছে জেলা প্রশাসন, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে।

    ইতোমধ্যেই ৫০টিরও বেশি জেলার জেলা প্রশাসক (ডিসি) পরিবর্তন করেছে সরকার। পুলিশ সুপার পদেও আনা হয়েছে নতুন মুখ। নির্বাচনের আগে বাকি জেলাগুলোতেও ডিসি পদে পরিবর্তন আনা হতে পারে বলে জানা যাচ্ছে।

    এদিকে, বুধবার ৬৪টি জেলায় নতুন এসপি পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। লটারির মাধ্যমে পদায়ন হওয়া ওইসব এসপিদেরকে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

    একই দিনে ১৬৬ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রদবদল করা হয়েছে।

    নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদেরকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  5. নিম্ন আদালতের ৮২৬ জন বিচারকের একসঙ্গে পদোন্নতি

    নিম্ন আদালত

    নিম্ন আদালতের তিনটি পদে দায়িত্বরত ৮২৬ জন বিচারকের একসঙ্গে পদোন্নতি হয়েছে।

    বুধবার পৃথক পৃথকভাবে তাদের পদোন্নতির প্রজ্ঞাপন প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

    মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এক বার্তায় সাংবাদিকদের জানান, পদোন্নতি পাওয়া বিচারকদের মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ হয়েছেন ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ হয়েছেন ২৯৪ জন এবং জ্যেষ্ঠ সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ হিসেবে পদোন্নতি পেয়েছেন ২৮২ জন।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের এসব বিচারককে পদোন্নতি দেওয়া হয়েছে।

    পদোন্নতি পাওয়া বিচারককে আগামী পহেলা ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

  6. হাসিনা ও আসাদুজ্জামান এর মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, আপিল করা যাবে ৩০ দিনের মধ্যে

    শেখ হাসিনা

    ছবির উৎস, Reuters

    জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    বুধবার প্রকাশিত এই পূর্ণাঙ্গ রায়ের ভিত্তিতে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন সাজাপ্রাপ্ত আসামিরা।

    এর আগে, গত ১৭ই নভেম্বর ওই মামলার রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর সাত দিন পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হলো।

    ওই মামলায় রাজসাক্ষী হন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

    এছাড়া শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দেয় আদালত।

  7. হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছে ভারত: জয়সওয়াল

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

    ছবির উৎস, MEA

    ছবির ক্যাপশান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

    মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের সরকার যে চিঠি দিল্লিতে পাঠিয়েছে, ভারত সরকার সেটি পরীক্ষা করে দেখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

    বুধবার নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    "বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি পরীক্ষা করা হচ্ছে," বলেন মি. জয়সওয়াল।

    এর আগে, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় ভারত বলেছিল, "আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবো।"

    এদিকে, বুধবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন যে, ভারতের কাছে পাঠানো চিঠির কোনো জবাব এখনো পাননি তারা।

    "কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা," বলেন মি. হোসেন।

  8. শেখ হাসিনার ব্যাংক লকার থেকে জব্দ ৮৩২ ভরি স্বর্ণ নিয়ে যা বলছে দুদক

    দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, বুধবার দুদক কার্যালয়ে ব্রিফ করছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. আক্তার হোসেন

    অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর নামে থাকা দু'টি ভল্ট থেকে যে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে, সেটির মালিক কেবল শেখ হাসিনা একা নন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন।

    বুধবার দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

    "জব্দকৃত স্বর্ণালংকারের মধ্যে কিছু স্বর্ণালংকার সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ছিল, কিছু স্বর্ণালংকার তার মেয়ের ছিল, কিছু স্বর্ণালংকার তার বোনের ছিল। আলাদা আলাদা মার্কিং করা ছিল স্বর্ণালংকারগুলো," বলেন মি. হোসেন।

    "আমাদের অনুসন্ধানকারী দলের কর্মকর্তারা যারা রয়েছেন, তারা এগুলো পৃথক করবেন কার কোনর অংশটুকু আছে," বলেন তিনি।

    অতীতে নির্বাচনী হলফনামায় শেখ হাসিনা যে সম্পদের বিবরণী দিয়েছেন, সেখানে এসব স্বর্ণের কথা উল্লেখ ছিল কি-না, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দুদকের মহাপরিচালক।

    "সম্পদ বিবরণী যাচাই করলে জানা যাবে স্বর্ণগুলো জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিপূর্ণ কি-না। যদি আয়ের উৎস জানা না যায় বা তা বৈধ আয়ের সঙ্গে সংগতিপূর্ণ না হয়, তবে তা অবৈধ সম্পদ হিসেবে বিবেচিত হতে পারে," বলেন মি. হোসেন।

  9. হংকংয়ের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৩

    আগুন লাগা ভবনগুলোতে সাড়ে চার হাজারেরও বেশি মানুষ বাসবাস করতেন বলে জানা যাচ্ছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, আগুন লাগা ভবনগুলোতে সাড়ে চার হাজারেরও বেশি মানুষ বাসবাস করতেন বলে জানা যাচ্ছে

    হংকংয়ের তাই পো শহরের আবাসিক ভবনে লাগা ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে উদ্ধারকর্মীও রয়েছেন। এছাড়া ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

    আগুন নেভাতে বর্তমানে ৭০০ জনেরও বেশি দমকলকর্মী কাজ করছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

    এক বিবৃতিতে হংকংয়ের সরকার জানিয়েছে, স্থানীয় সময় বেলা পৌনে তিনটার দিকে ওয়াং ফুক কোর্টের একাধিক বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    যেসব ভবনে আগুন লেগেছে, সেখানে সাড়ে চার হাজারেরও বেশি মানুষ বাসবাস করতেন বলে জানা যাচ্ছে। তাদের অনেকেই ভবনগুলোতে আটকে পড়েছেন।

    ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

    এছাড়া এক হাজারেরও বেশি বাসিন্দাকে পাশের একটি আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে বলে বিবিসি চায়নিজকে জানিয়েছেন পো জেলা কাউন্সিলর মুই সিউ-ফুং।

  10. হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব এখনো আসেনি: পররাষ্ট্র উপদেষ্টা

    পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, ব্রিফিংয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

    জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডে রায়ের পর তাকে ফেরত চেয়ে সম্প্রতি ভারত সরকারকে যে চিঠি লিখেছে বাংলাদেশ, সেটির কোনো জবাব দিল্লি এখনো দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    "কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা," বলেন মি. হোসেন।

    পাঁচই অগাস্টের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে দুই দফায় চিঠি দেয় বাংলাদেশ সরকার। কিন্তু তাতে সাড়া দেয়নি ভারত।

    মানবতাবিরোধী অপরাধে গত ১৭ই নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর নতুন করে আবারও দিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

  11. ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের কর্মসূচিতে হামলা, অন্তত দুইজন আহত

    সমাবেশস্থলে দাঁড়িয়ে থাকা এক বাউলশিল্পীকে লাথি দিতে দেখা যাচ্ছে

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, সমাবেশস্থলে দাঁড়িয়ে থাকা এক বাউলশিল্পীকে লাথি দিতে দেখা যাচ্ছে

    বাউল শিল্পীদের ওপর হামলার বিচার ও গ্রেফতার বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে আয়োজিত বাউল সমাবেশে হামলার ঘটনা ঘটেছে।

    বুধবার দুপুরে শহরের কোর্ট চত্বরের ওই সমাবেশে 'তৌহিদী জনতার' নাম দিয়ে একদল ব্যক্তি লাঠিসোটা হাতে মিছিল নিয়ে হামলা চালায়।

    মিছিলে তাদেরকে বাউলদের বিরুদ্ধে হিংসাত্মক নানান স্লোগান দিতে দেখা যায়।

    মিছিলটি কোর্ট চত্বরে পৌঁছানোর পর অন্তত দুই বাউলশিল্পীকে মারধর করা হয়। একজন বাউলকে লাথি দিয়ে মাটিতে ফেলে দিতেও দেখা যায়।

    পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

    ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান সাংবাদিকদের কাছে দাবি করেছেন যে, সমাবেশ উপলক্ষ্যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

    "কিন্তু সমাবেশ অনুষ্ঠিত হওয়ার আগেই কোর্ট চত্বর এলাকায় ওই দু'জন বাউল শিল্পীকে মারধর করা হয়," বলেন মি. খান।

    হামলাকারীদের কাউকে এখনও গ্রেফতার করা হননি।

    ভুক্তভোগী বাউল শিল্পীদের কাছ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি মি. খান।

    লাঠিসোটা হাতে মিছিল নিয়ে বাউলদের সমাবেশে হামলা চালানো হয়

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, লাঠিসোটা হাতে মিছিল নিয়ে বাউলদের সমাবেশে হামলা চালানো হয়
  12. বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

    বিএনপি নেতা ফজলুর রহমান
    ছবির ক্যাপশান, বিএনপি নেতা ফজলুর রহমান

    বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

    বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

    অভিযোগের বিষয়ে আগামী রোববার শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

    অভিযোগে মি. তামীম উল্লেখ করেছেন যে, বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে মি. রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে মানেন না বলে মন্তব্য করেছেন।

    এই না মানার পেছনে যুক্তি দিয়ে তিনি বলেছেন, ওই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য।

    "তাই সেখানে অন্য কোনো বিচার হতে পারে না"- মি. রহমান এমন মন্তব্য করেছেন বলে ট্রাইব্যুনালে দেওয়া অভিযোগে বলা হয়েছে।

    উল্লেখ্য যে, আসন্ন সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে বিএনপি মনোনিতপ্রার্থী হিসেবে নির্বাচন করার কথা রয়েছে ফজলুর রহমানের।

  13. কড়াইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণের গুঞ্জন নিয়ে যা বলছে অন্তর্বর্তী সরকার

    আগুনে পুড়ে গেছে কড়াইল বস্তি

    ছবির উৎস, BD Fire Service

    অগ্নিকাণ্ডে ঢাকার কড়াইল বস্তি পুড়ে যাওয়ার পর সরকারি উদ্যোগে সেখানে হাইটেক পার্ক নির্মাণ হতে যাচ্ছে বলে যে গুঞ্জন তৈরি হয়েছে, সেটি সঠিক নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

    বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এক ফেসবুক বার্তায় হাইটেক পার্ক নির্মাণের দাবি সত্য নয় বলে জানিয়েছেন।

    "বিশেষভাবে হাজার হাজার মানুষ যখন আগুনে বিপর্যস্ত হয়ে নিরাপত্তাহীন অসহায় পরিস্থিতিতে রয়েছে, তখন হাই-টেক পার্ক স্থাপনের আজগুবি বিষয় সামনে এনে সরকারকে বিব্রত করার এমন অপচেষ্টার নিন্দা জানাই," নিজের ফেসবুক পোস্টে লিখেছেন মি. তৈয়্যব।

    তিনি আরও বলেন, "এই ধরনের প্রস্তাবনা মৌখিক ও লিখিতভাবে দিয়ে আসছেন কেউ কেউ। সংগতকারণেই সরকার এসব প্রস্তাবনা আমলে নেয়নি। বর্তমানে কড়াইল বস্তির জায়গায় যে-কোনো ধরনের স্থাপনা নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের নেই।"

    সরকার জানিয়েছে, কড়াইল বস্তিতে প্রায় ৪৩ একর জায়গা রয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের। যদিও তারা কখনোই জায়গাটি বুঝে পায়নি।

    "গত বছরের শেষের দিকে এই বিশাল প্লটের বনানী কর্নারের যে অংশে কোনো স্লাম নাই, তার ছোট অংশে একটি সফ্‌টওয়্যার পার্ক ভবন নির্মাণের একটি কথা উঠেছিল। এর প্রেক্ষিতে আমরা কয়েকজন মানবাধিকার কর্মীর সাথে আলাপ করি। ওনাদের পরামর্শ মতে কড়াইল বস্তিতে যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণের পরিকল্পনা থেকে আইসিটি বিভাগ বিরত থাকে," বলেন মি. তৈয়্যব।

    এর পরিবর্তে ঢাকার কারওয়ান বাজার এলাকায় সফ্‌টওয়্যার পার্কের নতুন একটি ভবন নির্মাণের কাজ চলছে বলে জানান তিনি।

    "আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই, বর্তমানে কড়াইল বস্তিতে যেকোনো ধরনের স্থাপনা নির্মাণের কোনো পরিকল্পনা আমাদের নেই", বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

  14. কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

    কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে প্রাণহানি না ঘটলেও বস্তির অসংখ্য বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে।

    ঢাকার কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

    বুধবার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মামুনুর রশিদকে প্রধান করে কমটিটি গঠিত হয়েছে।

    অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়-ক্ষতির বিষয়ে অনুসন্ধান করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

    মঙ্গলবারের ওই ভয়াবহ আগুনের ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও বস্তির অসংখ্য বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে।

  15. হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, কমপক্ষে চারজনের মৃত্যু

    হংকংয়ের তাই পোতে আগুন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ভবনের ভেতরে বাসিন্দাদের অনেকে আটকে পড়েছেন বলে জানা যাচ্ছে

    হংকংয়ের তাই পো শহরের একাধিক আবাসিক ভবনে বড় ধরনের আগুন লেগেছে। এ ঘটনায় একজন উদ্ধারকর্মীসহ অন্তত চারজন নিহত হয়েছেন।

    এক বিবৃতিতে হংকংয়ের সরকার জানিয়েছে, স্থানীয় সময় বেলা পৌনে তিনটার দিকে ওয়াং ফুক কোর্টের একাধিক বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    ওই ঘটনার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ভবনগুলো থেকে আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।

    ভবনগুলোতে অনেকে আটকা পড়েছেন বলে জানা যাচ্ছে।

    আগুন নিয়ন্ত্রণ ও আটকেপড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন দেশটির ফায়ার সার্ভিসকর্মীরা।

  16. দেশে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য বেড়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

    সিপিডি'র সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য
    ছবির ক্যাপশান, সিপিডি'র সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য

    অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশে এখন আগের চেয়ে বৈষম্য বেড়েছে বলে মন্তব্য করেছেন বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

    "বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে এবং তার বহুলাংশই হলেন নারী," বলেন মি. ভট্টাচার্য।

    বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    এই মুহূর্তে দেশে বিনিয়োগ না থাকায় নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। এর ফলে তরুণসমাজ, বিশেষ নারীরা আর্থিক দিক থেকে অনেক বেশি নিপীড়িত হচ্ছেন বলে দাবি করেছেন মি. ভট্টাচার্য।

    বাইরে চলাফেরার ক্ষেত্রে নারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা বেড়েছে বলেও দাবি করেন তিনি।

    "নারীরা আগের চেয়ে চলাফেরা, আচরণের ক্ষেত্রে যে ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন, তা কল্পনা করা যায় না...ঢাকা শহর তো কিছুই না, মফম্বলেও নারীরা সামাজিক নিরাপত্তাহীনতায় রয়েছেন। পরিবার, সমাজ, প্রশাসন-কোথাও নিরাপত্তা পাচ্ছেন না," বলেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য।

    এর বাইরে, সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যরাও নিরাপত্তাশঙ্কায় ভুগছেন বলে মন্তব্য এই অর্থনীতিবিদ।

    "হিজড়া সম্প্রদায় যে কথা বলে, ওরা তো আত্মগোপনে চলে গেছে। অন্য যেসব ধর্মীয় মতবাদ আছে, তারা তো আত্মগোপনে চলে গেছে। মিটিং করতে চাইলে বলে, দাদা, মিটিং করার দরকার নেই। আমরা এখন রাডারের নিচে থাকি। মিটিং করলে আরও সমস্যা হবে," বলেন দেবপ্রিয় ভট্টাচার্য।

  17. বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলার আবেদন

    ঢাকার-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি

    ছবির উৎস, Sanjida Islam

    ছবির ক্যাপশান, ঢাকার-১৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সানজিদা ইসলাম তুলি

    ধর্ম অবমাননা ও ধর্মীয় বিশ্বাসে আঘাতের অভিযোগে ঢাকার-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক ব্যক্তি।

    হোসাইন মোহাম্মদ আনোয়ার নামের ওই ব্যক্তি বুধবার ঢাকার সিএমএম কোর্টে মামলাটি দায়ের করেন।

    বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত।

    মামলার অভিযোগে বলা হয়েছে, বিবাহ ইস্যুতে 'অবমাননাকর বক্তব্য দিয়ে ইসলাম ধর্মকে অপমান করেছেন' মিজ তুলি।

    গত ১৫ই নভেম্বর একটি অনুষ্ঠানে চার বিয়ের বিষয়ে কিছু মন্তব্য করেছিলেন সানজিদা ইসলাম তুলি।

    তিনি প্রশ্ন তোলেন, একজন পুরুষের ক্ষেত্রে চারটি বিবাহ করা যাবে, এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে?

    পরে একটি ফেসবুক স্ট্যাটাসে ওই বক্তব্যের ব্যাখ্যায় বলেন, ইসলামে একজন পুরুষ সর্বোচ্চ চারটি বিয়ে করতে পারে, তবে কঠোর শর্ত হলো—প্রতিটি স্ত্রীকে সময়, অর্থ, অধিকার ও মর্যাদায় পূর্ণ সমান ন্যায়বিচার করতে হবে।

    ''আমাদের বুঝতে হবে—ইসলাম নারীর সম্মান, অধিকার ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তাই শুধুমাত্র আইনের একটি অংশ ধরে নয়, পুরো নির্দেশনা অনুসারে চলা জরুরি। সমাজের দায়িত্ব হলো নারীর সকল অধিকার নিশ্চিত করা এবং তাদের প্রতি সম্মান বজায় রাখা।''

    ''তাই আমার বক্তব্য ছিল শুধু এই—আমাদের বোনদের ধোঁকা দিয়ে লুকিয়ে বিয়ে করা, তাদের হক থেকে বঞ্চিত করা এবং প্রতারণা করা ইসলামের শিক্ষা নয়। ইসলাম ন্যায়, স্বচ্ছতা ও আমানতের ওপর জোর দেয়, প্রতারণার ওপর নয়।''

    ''দয়া করে আমার বক্তব্যকে ভুলভাবে বা ভিন্ন ব্যাখ্যায় উপস্থাপন করবেন না। আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামী মুল্যবোধে বিশ্বাসী। কেউ ধর্মীয়বোধে আঘাত পেলে আমি আন্তরিকভাবে অনুতপ্ত.'' তিনি লিখেছেন ওই স্ট্যাটাসে।

  18. নির্বাচনের আগে ব্যাংকারদের বিদেশে না যাওয়ার নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

    বাংলাদেশ ব্যাংক ভবন

    ছবির উৎস, Getty Images

    'অপরিহার্য' না হলে আগামী সংসদ নির্বাচনের আগে দেশের সকল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে না যাওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    বুধবার এক পরিপত্রে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৪৫ নম্বর ধারার ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে। অবিলম্বে এই নির্দেশনা কার্যকর করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

    'অপরিহার্য কারণের মধ্যে জরুরি চিকিৎসা, দাপ্তরিক প্রয়োজন ইত্যাদিকে বোঝানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    এর আগেও নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন উপলক্ষ্যে ব্যাংকারদের বিদেশযাত্রার ক্ষেত্রে এ ধরনের নির্দেশনা দিতে দেখা গেছে বাংলাদেশ ব্যাংককে।

  19. নির্বাচনের আগে সব জেলায় পুলিশ সুপার পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি

    এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

    ছবির উৎস, BD Ministry of Home Affairs

    ছবির ক্যাপশান, এসপিদের পদায়নের প্রজ্ঞাপনের একাংশ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৬৪টি জেলায় নতুন করে পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে অন্তর্বর্তী সরকার। প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।

    বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুনভাবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে।

    এর আগে, গস সোমবার লটারির মাধ্যমে ৬৪ জেলার নতুন এসপি চূড়ান্ত করা হয়।

  20. ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর, জাতিসংঘের নতুন রিপোর্ট প্রকাশ

    ঢাকার জনসংখ্যা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জনবহুল শহরের তালিকায় আগে ঢাকার অবস্থান ছিল নয় নম্বরে

    বিশ্বের শীর্ষ জনবহুল শহরগুলো নতুন তালিকা প্রকাশ করে জাতিসংঘ। সেটি অনুযায়ী, বাংলাদেশের রাজধানী ঢাকা এখন পৃথিবীর দ্বিতীয় জনবহুল শহর। বর্তমানে শহরটিতে ৩৬ দশমিক ছয় মিলিয়ন মানুষ বাস করছেন।

    শীর্ষ জনবহুল শহর নিয়ে এর আগে ২০০০ সালে সবশেষ যে প্রতিবেদন জাতিসংঘ প্রকাশ করেছিল, সেখানে ঢাকার অবস্থান ছিল নয় নম্বরে।

    ঢাকার এই বড় উল্লম্ফন সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ বছরে শহরটির জনসংখ্যা আগের চেয়ে দ্বিগুণেরও বেশি বেড়েছে।

    এখানেই শেষ হয়। জাতিসংঘের প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে যে, ২০৫০ সালের মধ্যে ঢাকাই হতে যাচ্ছে বিশ্বের জনবহুল শহর।

    গত ১৮ই নভেম্বর ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ শিরোনামে ওই প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ।

    জাতিসংঘের নতুন প্রতিবেদনে জনবহুল শহরের টোকিওকে পেছনে ফেলে সবার ওপরে অবস্থান করছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। জাতিসংঘ বলছে, শহরটিতে বর্তমানে ৪১ দশমিক নয় মিলিয়ন মানুষের বসবাস।

    জনবহুল শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও। তবে জাকার্তা এবং ঢাকার তুলনায় গত ২৫ বছরে শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।

    টোকিওতে বর্তমানে ৩৩ দশমিক চার মিলিয়ন মানুষ বসবাস করছেন।

    জাতিসংঘ বলছে, বিশ্বজুড়ে মেগাসিটির সংখ্যা দ্রুত বাড়ছে। বর্তমানে পৃথিবীতে ৩৩টি মেগাসিটি রয়েছে, যা ১৯৭৫ সালের তুলনায় চারগুণ বেশি।

    এই ৩৩টি মেগাসিটির মধ্যে আবার ১৯টিই এবং শীর্ষ দশ শহরের মধ্যে নয়টিই এশিয়া মহাদেশে অবস্থিত।

    জাকার্তা, ঢাকা এবং টোকিও ছাড়াও এশিয়ার অন্য জনবহুল শহরগুলোর মধ্যে রয়েছে: নয়াদিল্লি (৩০.২ মিলিয়ন), সাংহাই (২৯.৬ মিলিয়ন), গুয়াংজু (২৭.৬ মিলিয়ন), ম্যানিলা (২৪.৭ মিলিয়ন), কলকাতা (২২.৫ মিলিয়ন) এবং সোল (২২.৫ মিলিয়ন)।