বৃহস্পতিবার যা যা হলো:
- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার রাতে তেহরানে নিজ বাসভবন ইমাম খোমেনি হুসেইনিয়াতে আয়োজিত মহররমের উচ্চ পর্যায়ের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এবার অনুপস্থিতি জনমনে প্রশ্নের উদ্রেক করেছে।
- সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
- ঢাকার বাইরে হাইকোর্ট স্থানান্তর, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
- ভবিষ্যতে “জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে” এ কথা জানিয়েছে সেনা সদরদপ্তর।
- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কয়েকজন কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে কর ও শুল্ক আদায়ে দুর্নীতির মাধ্যমে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ এবং সরকারকে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
- বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রস্তাবিত 'টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি ২০২৫' নিয়ে উদ্বেগ জানিয়ে নির্বাচনের আগে এ ধরনের তড়িঘড়ি সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি
- স্পেনের জামোরায় এক গাড়ি দুর্ঘটনায় পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতা নিহত হয়েছেন। বিয়ের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে প্রাণহানি ঘটলো লিভারপুলের এই খেলোয়াড়ের।
- খেলাপি ঋণ আদায়ে ঢাকা ও চট্টগ্রামে এস আলম গ্রুপের মালিকানাধীন সম্পত্তি, শেয়ার এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে নেওয়া ১০ হাজার ২৮০ কোটি টাকার খেলাপি ঋণ আদায় করতে এই নির্দেশ দেয়া হয়।
- কুমিল্লা মুরাদনগরে এক নারীকে যৌন হায়রানি ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় পর্নোগ্রাফি মামলায় চারজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত
- কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিন জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করে।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...