আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় ধানমণ্ডি ৩২ নম্বরে ভাঙচুরের সমালোচনায় বিএনপি নেতা গয়েশ্বর রায়

ঢাকায় ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনায় ভারত সরকারের দেওয়া বক্তব্যকে ‘অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত’ বলছে বাংলাদেশ সরকার। ধানমণ্ডি ৩২ নম্বরে ভাঙচুরের সমালোচনা করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

সার সংক্ষেপ

  • গাজীপুর জেলার পাঁচটি থানায় রাতভর সাড়াশি অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ।
  • 'ডেভিল' যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত 'অপারেশন ডেভিল হান্ট' চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
  • দেশের চলমান পরিস্থিতি নিয়ে কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি।
  • আওয়ামী লীগ আমলে চাকরিচ্যুত দেড় হাজারের বেশি পুলিশ সদস্য চাকরি ফিরে পাচ্ছেন।
  • তিন জন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো-

    • ভাঙচুরের সংস্কৃতি তৈরি করলে আগামী দিনে নিজেদের বাড়িঘরও ভাঙচুর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
    • ত্রিপুরা থেকে বাংলাদেশে পাচারের সময় চারটি পিস্তল ও দেড়শো বুলেটসহ একজনকে গ্রেফতার করেছে ভারতের কাস্টমস কর্মকর্তারা।
    • জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “মৌলিক কিছু সংস্কার করা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ অবস্থায় যদি নির্বাচন হয়, তাহলে 'নির্বাচনের গণহত্যা' হবে”।
    • নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি তাতে বাধা দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
    • শনিবার রাত থেকে সারাদেশে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্টে’ ১৩০৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
    • বিশ্বের চারটি মহাদেশ ও ৩০টি দেশের প্রবাসী কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি।
    • বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্য সম্পূর্ণ ভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী।
    • 'আয়নাঘর' বা গোপন বন্দিশালা আছে কী-না এমন সন্দেহে ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর পর সেখানে কিছুই পায় নি ফায়ার সার্ভিস।
    • প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, "রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়ার কারণে দেশের নির্বাচন ব্যবস্থা সংকটে পড়েছে।"
    • ‘ডেভিল’ যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
  2. ভাঙচুরের সংস্কৃতি তৈরি করলে আগামী দিনে নিজেদের বাড়িঘরও ভাঙচুর হবে: গয়েশ্বর

    ঢাকায় ধানমণ্ডির ৩২ নম্বরে বাড়ি ভাঙচুর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভাঙচুরের সংস্কৃতি তৈরি করলে আগামী দিনে নিজেদের বাড়িঘরও ভাঙচুর হবে।

    রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দেআলনে থাকা ১২ দলীয় জোটের এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিহয়।

    বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর পরই ৬-৮ অগাস্ট যদি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর করে পুকুর তৈরি করে মাছ চাষ করত, কেউ কিছু বলত না।

    “কিন্তু ছয় মাস পরে আমাদের এই চেতনাবোধ এল কেন? এটা বুঝতে হবে। আমরা যদি অতীতের ট্র্যাডিশন তৈরি করি, তাহলে আগামী দিনে আপনার-আমার বাড়ি ভাঙচুর হবে” বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।

    ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়া প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “বলা হচ্ছে, শেখ হাসিনা উসকানিমূলক কথা বলেছেন, তিনি পাগল হয়ে গেছেন, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। তাঁর কথায় কান দেব কেন এবং ফাঁদে পা দেব কেন।”

    অন্তর্বর্তী সরকারেরও সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, এই সরকার কী চায়, তা তিনি বোঝেন না এবং সরকারের চাওয়া সরকার নিজেও হয়তো বোঝে না। রাষ্ট্র পরিচালনায় সরকারের দক্ষতা নেই, নিজেদের মধ্যে সমন্বয় নেই। প্রধান উপদেষ্টার কথার সঙ্গে অন্য উপদেষ্টাদের কথার মিল থাকে না।

    সংস্কার প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এক-এগারোতে সংস্কারের নামে কুসংস্কার তৈরি করা হয়েছিল। এই সরকারের ভালো কিছু করার চিন্তা থাকলে তারা বিএনপির ৩১ দফার ওপর কাজ করতে পারে। এত কমিশন করার দরকার নেই।

    কর্মশালায় বিএনপির ৩১ দফা নিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, সংবিধান সংস্কারে কোনো অগণতান্ত্রিক বা অবৈধ সরকার হাত দিতে পারে না। জনগণের ভোটে নির্বাচিত সরকারই সেটা পারে।

  3. ত্রিপুরা থেকে বাংলাদেশে পাচারের সময় চারটি পিস্তল ও দেড়শো বুলেটসহ একজন গ্রেফতার

    ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশে পাচারের সময় চারটি পিস্তল, ১৫০টি বুলেট ও পাঁচটি ম্যাগজিনসহ একজন ব্যক্তিকে গ্রেফতার করেছেন ভারতের কাস্টম কর্মকর্তারা।

    কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তি ভারতের মণিপুর থেকে ওই অস্ত্র নিয়ে বাংলাদেশে যাচ্ছিল।

    ভারতের কাস্টমস বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার আগরতলা কাস্টমস বিভাগের কর্মকর্তারা গোপন তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তিকে নজরদারিতে রাখে।

    পরে বিএসএফ’র একটি চৌকি এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

    ভারতের কাস্টমস বিভাগ জানিয়েছে, ওই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে অস্ত্র ও গুলি পাচারের চেষ্টা করছিল।

    তার বিরুদ্ধে ১৯৬২ সালের কাস্টমস আইনের আওতায় মামলা দায়ের করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

  4. জুলাই-অগাস্টের আন্দোলনে ছাত্র জনতার ওপর সহিংসতার ছবি ও ফুটেজ আহ্বান

    বাংলাদেশে গত জুলাই-অগাস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনাগুলোর তথ্য-প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে পুলিশ।

    রোববার পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগের এআইজি ইনামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে গত বছরের পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ব্যক্তিগতভাবে ধারণকৃত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ও 'আন্দোলনের ছবি' andolonerchobi.police.gov.bd ওয়েবসাইটে আপলোড করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

    এতে বলা হয়, একটি মোবাইল নাম্বার দিয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নাম্বারে একটি ওটিপি প্রেরণ করা হবে। আপলোডকৃত ফাইলসমূহ আপলোডকারীর মোবাইল নাম্বার দিয়ে লগ-ইন করে দেখা যাবে।

    আগামী ১১-২৫শে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ওই ওয়েবসাইটে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  5. চারটি মহাদেশ ও ৩০টি দেশের প্রবাসী কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি

    বিশ্বের চারটি মহাদেশ ও ৩০টি দেশের প্রবাসী কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি।

    রোববার জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক এক প্রেস ব্রিফিং-এ কেন্দ্রীয় প্রবাসী কমিটির আত্মপ্রকাশ ঘোষণা করেন বলে সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    এতে বলা হয়, এই কমিটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা দেশের সাথে তাদের অর্থনৈতিক, শিক্ষামূলক এবং সাংস্কৃতিক সংযোগকে আরও নিবিড় করবে।

    জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা প্রবাসীদের ভোটাধিকারের পক্ষেও কাজ করবে এই কমিটি।

    ব্রিফিংয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন,“জুলাই বিপ্লবের চালিকা শক্তি ছিল প্রবাসীরা। এবং এই প্রবাসী কমিটি সেই শক্তিরই একটি সম্প্রসারণ”।

  6. এ অবস্থায় যদি নির্বাচন হয়, তাহলে 'নির্বাচনের গণহত্যা' হবে: জামায়াত আমির

    জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “মৌলিক কিছু সংস্কার করা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ অবস্থায় যদি নির্বাচন হয়, তাহলে 'নির্বাচনের গণহত্যা' হবে”।

    রোববার বিকেলে সিলেটে জামায়াতের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    জামায়াত আমির বলেন, “নির্বাচন তো আমরা সবাই চাই। পরিবেশ তো তৈরি করতেই হবে। তবে তার আগে আমরা দুটি জিনিস চেয়েছি। মৌলিক কিছু সংস্কার করা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপর নির্বাচন হওয়া উচিত”।

    বর্তমান পরিস্থিতিতে সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, “এই সমাজে রিয়েলি ডেভিল আছে। দেশের ১৮ কোটি মানুষ সশস্ত্র বাহিনীসহ যৌথ বাহিনী এই অভিযানের সাথে থাকবে, যাতে সত্যিকারের ডেভিলরা হান্ট হয়”।

    “যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্ত সঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল হবে না”, যোগ করেন তিনি।

    অপর এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, “দেশে নির্বাচিত সরকার হলেই যে ভাল সরকার হবে, সেটা বলা যাবে না। ভাল সরকার হতে হলে ভাল মানুষের দ্বারা সরকার গঠিত হতে হবে। এ জন্য অতীত যার ভাল, বর্তমান যার ভাল, আশা করা যায় ভবিষ্যৎ তার ভাল হবে”।

    তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন যখন কাছে আসবে, তখনই নিজ দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে জামায়াত।

  7. বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র মন্ত্রণালয়

    ঢাকায় ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনায় ভারত সরকারের দেওয়া বক্তব্যকে ‘অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত’ বলছে বাংলাদেশ সরকার।

    ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ রোববার বিকেলে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতি হতে দেখেছি। কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বক্তব্য দেয় না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই বিষয় প্রত্যাশা প্রকাশ করে।’

    শেখ হাসিনা ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না বলেও উল্লেখ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

    তিনি বলেন, ‘৫ ফেব্রুয়ারি তাঁর (শেখ হাসিনা) বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়, সে বিষয়ে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে ৬ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মন্তব্য অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে।‘

    বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য করা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন রফিকুল আলম।

    প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তাঁর হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেয়।

    ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত পাঁচই অগাস্ট ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এর ছয় মাস পূর্তির দিনে পাঁচ ফেব্রুয়ারি ভারতে বসে শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেন।

    সেই ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ঢাকায় ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর দুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও স্থাপনায় ভাঙচুর করা হয়।

    এমন পটভূমিতে ভারত ধানমণ্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে বর্ণনা করে বিবৃতি দেয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “হামলা-ভাঙচুরের এই ঘটনার অবশ্যই নিন্দা জানানো উচিত।”

    এখন বাংলাদেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রতিবাদ করল।

  8. ‘সংস্কার কমিশনের কোন প্রস্তাব সুষ্ঠু ভোটের অন্তরায় হলে বাঁধা দেবে বিএনপি’

    নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি তাতে বাধা দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

    রোববার বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশন সদস্যদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    আগামী জাতীয় নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি ও সার্বিক বিষয়ে নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমানও উপস্থিত ছিলেন।

    বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, “ইসির কথায় আমাদের কাছে মনে হয়েছে যে, আগামী মে-জুন মাসের মধ্যে তারা (ইসি) পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। তবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তাদের নাই।”

    কবে নাগাদ নির্বাচন হতে পারে, এমন কোন আভাস মিলেছে কী-না, এমন প্রশ্নের জবাবে মি. খান বলেন, “নির্বাচনের ঘোষণা তো উনারা(ইসি) করতে পারেন না। কারণ সংবিধানের নরমাল নিয়ম অনুযায়ী সেই নির্বাচন হচ্ছে না।”

    বিএনপি নির্বাচনের বিষয়ে কোন প্রস্তাব দিয়েছে কী-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা কোনো প্রস্তাব দেইনি। আমরা তো উনাদের কাছে এটা বলব না।

    বিএনপি নেতা মি. খান জানান, সোমবার প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক রয়েছে। সেখানেই নির্বাচন বিষয়ে আলোচনা করবে বিএনপি।

  9. 'অপারেশন ডেভিল হান্টে' সারাদেশে আটক ১৩০৮ জন

    শনিবার রাত থেকে সারাদেশে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্টে’ ১৩০৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সূত্র বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

    রোববার দুপুর পর্যন্ত আটকের এই সংখ্যা তুলে ধরে পুলিশ সদর দপ্তর জানায়, আটককৃতদের মধ্যে রেঞ্জ পুলিশ এরিয়া অর্থাৎ দেশের জেলাগুলোতে ১০৩৪ জন এবং মহানগর এলাকায় ২৭৪ জনকে আটক করা হয়েছে।

    এরমধ্যে শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটন এলাকাতেই আটক করা হয়েছে ৮২জনকে।

    এর আগে শুক্রবার রাতে গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

    শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হবে।

    পরে শনিবার সন্ধ্যার পর থেকেই শুরু হয় অপারেশন ডেভিল হান্ট।

  10. বিগত আওয়ামী লীগ আমলের ‘বঞ্চিত’ ১১৯ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি

    জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনে 'বঞ্চিত' ১১৯ জন সরকারি কর্মকর্তাকে সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

    রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    এতে বলা হয়ে, কর্মকর্তারা এক বা একাধিক পদে ভূতাপেক্ষ পদোন্নতির তারিখ হতে বিধি মোতাবেক প্রাপ্যতা অনুযায়ী সব আর্থিক সুবিধাদি পাবেন। এছাড়া কর্মকর্তারা বর্তমান অর্থ বছরে তাদের বকেয়া পাওনাদির ৫০ শতাংশ প্রাপ্য হবেন এবং অবশিষ্ট ৫০ শতাংশ তাঁরা পরবর্তী অর্থ বছরে (২০২৫-২৬) পাবেন।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তার বয়স ৫৭ (সাতান্ন)/৫৯ (উনষাট) বছর পূর্তি পর্যন্ত সর্বশেষ পদোন্নতিপ্রাপ্ত পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে চাকরিতে বহাল ছিলেন বলে গণ্য হবেন। অবসর উত্তর ছুটি/অবসর প্রস্তুতি ছুটি শেষে অবসরের জন্য নির্ধারিত তারিখে সরকারি চাকরি হতে অবসরগ্রহণ করেছেন মর্মে গণ্য হবেন।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনে আরো বলা হয়, এই কর্মকর্তারা বিধি মোতাবেক তাঁদের প্রাপ্য অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি পেনশন ইত্যাদি সমন্বয়পূর্বক আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।

  11. শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দিতে বিএনপি মহাসচিবের আহ্বান

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্য সম্পূর্ণ ভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী।

    “আমাদের সাবধানতার সাথে পা ফেলতে হবে। সফল হতে হলে ধীরে ধীরে এগোতে হবে। অন্ধকারকে আলো দিয়ে দূর করতে হয়। আলোকবর্তিকা জালিয়ে এগিয়ে যেতে হবে,” যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় বিমানবন্দরে সাংবাদিকদের বলছিলেন তিনি।

    এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব দেশব্যাপী চলমান 'অপারেশন ডেভিল হান্ট' চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানান।

    যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশনের আমন্ত্রণে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে মি. আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

    ঢাকায় ফিরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মি. আলমগীর বলেন, বাংলাদেশে ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য অভ্যুত্থানের মধ্য দিয়ে সফলতা অর্জন করেছে।

    “দুর্ভাগ্যের বিষয় হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। সবার কাছে আহবান জানাতে চাই। সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, স্থিতিশীলতার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের কাজ অব্যাহত রাখবেন,” বলছিলেন তিনি।

  12. ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ির নিচে পানি ছাড়া আর কিছু পায় নি ফায়ার সার্ভিস

    'আয়নাঘর' বা গোপন বন্দিশালা আছে কী-না এমন সন্দেহে ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর পর সেখানে কিছুই পায় নি ফায়ার সার্ভিস।

    এই তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর জোনের স্টেশন অফিসার মিজানুর রহমান।

    রোববার সকালেও ভেঙে দেয়া এই ভবনটি ঘিরে ছিল উৎসুক মানুষের ভিড়। এদিনও ধংসস্তুপের মধ্য থেকে ছিন্নমূল মানুষদের অনেককে রড ইটসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যেতে দেখা গেছে।

    গত পাঁচই ফেব্রুয়ারি রাতে বাড়িটি ভাঙার একদিন পর এই বাড়ির বেজমেন্টে ‘আয়নাঘর’ কিংবা গোপন বন্দিশালা রয়েছে, এ ধরনের কথাবার্তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

    এসব নানা আলোচনার প্রেক্ষাপটে ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়ির বেজমেন্টে থাকা পানি সরানোর উদ্যোগ নেয়া হয়।

    রোববার সকাল দশটার দিকে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের টিম সেখানে যায় পানি নিষ্কাশনের কাজে। তারা বাড়িটির বেজমেন্টে জমে থাকা পানি পাম্পের মাধ্যমে সরানোর কাজ শুরু করে।

    কয়েক ঘণ্টার চেষ্টার পর দুপুর দেড়টায় পুরোপুরি পানি নিষ্কাশনের কাজ শেষ হয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মি. রহমান।

    তিনি জানান, ওই ভবনের বেজমেন্টে পানি অপসারণ করে ‘আয়নাঘর’ বা তেমন কিছুর অস্তিত্ব পায় নি ফায়ার সার্ভিস।

    মি. রহমান বলেন, “আমরা পাম্পের মাধ্যমে পানি পাশের লেকে ফেলে পুরোপুরি সেচ করি। তবে সেখানে আমরা কিছু পাইনি। এরপর আমরা সেখান থেকে চলে এসেছি”।

    বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়িতে গিয়ে বিবিসি বাংলার সাংবাদিক সায়েদুল ইসলাম দেখতে পান সেখানে উৎসুক মানুষের ভিড়।

    বাড়িটি ঘিরে এতদিন যে ধরনের তথ্য ছড়ানো হচ্ছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে, এর সত্যতা জানার জন্যও সেখানে আসেন কেউ কেউ।

    অনেকে আবার বাড়িটি থেকে রড, ইট এসব পড়ে থাকা জিনিস নিয়েও চলে যাচ্ছিলেন।

  13. রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়ার কারণে এত বদনাম: সিইসি

    প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, "রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়ার কারণে দেশের নির্বাচন ব্যবস্থা সংকটে পড়েছে।"

    রোববার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে ইসি বিটের সাংবাদিকের সংগঠন আরএফইডি’র বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন।

    তিনি বলেন, “ইলেকশন কমিশনের এত বদনাম, এত গালি দেয়, এটা কেন হলো? ১০০টা কারণ বলতে পারবেন, ২০০টা কারণ বলতে পারবেন। কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হল - পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন।”

    নির্বাচন কমিশনের উপর আস্থা ফেরাতে সংস্থাটির ওপর রাজনীতিকদের প্রভাব বিস্তার বন্ধ করা প্রয়োজন বলে মনে করেন সিইসি।

    সিইসি বলেন, “আমরা যথাযথ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্য আমাদের বাংলাদেশের সবার সহযোগিতা লাগবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব নয় - যদি না আমরা সবার সহযোগিতা পাই।”

    এ বছর মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক ইত্তেফাকের সাইদুর রহমান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের মাহমুদুল হাসান এবং বিডি২৪ লাইভ ডটকমের মেহেদী হাসান।

  14. 'অপারেশন ডেভিল হান্ট' নিয়ে যা বললেন স্বরাষ্ট্র সচিব

    যারা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে দমন করার জন্য ‘ডেভিল হান্ট অপারেশন’ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।

    রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, “সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। এখানে যৌথভাবে সবাই একটি সুনির্দিষ্ট পন্থায় কাজ করবে।

    একইসঙ্গে তিনি বলেন, "এটা একটা পুলিশ অ্যাকশন। তবে আইনানুগ যতো ব্যবস্থা নেয়া দরকার সেসব ব্যবস্থা নিতে সব বাহিনীকে প্রস্তুত করা হয়েছে"।

    নাসিমুল গণি বলেন, “আমরা পুলিশ, ম্যাজিস্ট্রেট, প্রসিকিউটর সবার সাথে বসে ঠিক করবো কিভাবে মানবাধিকার রক্ষা করে আইন প্রয়োগ করা যায়। আমরা সিস্টেমে 'গুড প্র্যাকটিস' রেখে যেতে চাই যেন আয়নাঘর আর তৈরি না হয়।”

    এছাড়া পুলিশ কবে আগের অবস্থায় ফিরতে পারবে, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, যেসব দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখে নাই। আমরা অতো অমানবিক হতে পারিনি। এতে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গিয়েছে। আমরা সেই জায়গায় পরিবর্তন আনার চেষ্টা করছি।

    দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে আইন প্রয়োগের বিষয়ে আগামী ১১ই ফেব্রুয়ারি সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে কর্মশালা করার কথা জানান তিনি।

  15. ‘ডেভিল’ শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    ‘ডেভিল’ যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    রোববার ঢাকার মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "যারা দেশকে অস্থিতিশীল করে, যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী তারাই এটার টার্গেট।"

    গাজীপুরের ঘটনার সাথে জড়িতদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে।

    বাকিদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।

    গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার প্রেক্ষাপটে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর এক সভায় যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত হয়।

    শনিবার রাতেই শুরু হয় এ বিশেষ অভিযান।

    প্রথম রাতে গাজীপুর জেলার পাঁচটি থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ।

  16. চলমান পরিস্থিতি নিয়ে কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি

    দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবে বিএনপি।

    সোমবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে যমুনায় সন্ধ্যা ছয়টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শায়রুল কবির খান বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন।

    বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থানের কথা তুলে ধরবেন।

    শুক্রবার দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে।

    স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে ভাঙচুর, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে।

    এসব বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

  17. চাকরি ফিরে পাচ্ছেন আওয়ামী লীগ আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের অনেকে

    আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

    পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত এক হাজার ৫২২টি আবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয়।

    আবেদনকারীদের মধ্যে কনস্টেবল এক হাজার ২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনসমূহ পর্যালোচনার জন্য গত বছরের আগস্ট মাসে একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়।

    কমিটি ইতিমধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে।

    যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স হতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি তাদের বিষয়ে আইনি বাধা থাকায় তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি।

    যারা বরখাস্ত, অপসারণ আদেশের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেননি, তাদের পুনর্বহালের বিষয়ে আইনগত কারণে বিবেচনা করা সম্ভব হয়নি।

    এতে আরও বলা হয়, যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি ও অন্যান্য অভিযোগে ফৌজদারী মামলা রয়েছে তাদের বিষয়ে বিবেচনা করা সম্ভব হয়নি।

    চাকরিচ্যুত পুলিশ সদস্যদেরকে শৃঙ্খলা পরিপন্থী আচরণ না করার জন্য পুনরায় অনুরোধ জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

    আরো পড়তে পারেন:

  18. অপারেশন ডেভিল হান্ট: গাজীপুর থেকে ৪০ জন গ্রেফতার

    গাজীপুর জেলার পাঁচটি থানায় রাতভর সাড়াশি অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ।

    রবিবার গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, গতকাল থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা আওয়ামী লীগের নেতাকর্মী বলে তিনি জানান।

    তাদের অনেকের বিরুদ্ধে আগেই মামলা দায়ের হয়েছে। আবার আটকদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান মি. সাদেক।

    শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার কারণে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    শনিবার রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গাজীপুরের গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়

    পুলিশ, সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে। যা এখনো চলমান আছে।

    এ নিয়ে আরো পড়তে পারেন:

  19. বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ এবং বিশ্বের সব ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়। রিপোর্টিং করছেন সানজানা চৌধুরী।

    বিবিসি বাংলায় দেশ – বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে