মঙ্গলবার সারাদিন যা যা হলো
- মৌসুমি স্থল নিম্নচাপের কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, রংপুর ও সিলেটসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, টানা বৃষ্টির এই প্রভাব আরও অন্তত চারদিন অর্থাৎ ১১ই জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
- বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানে দুদিনের টানা ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার তৈরি হয়েছে। এছাড়া জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচিতে পাহাড় ধসের তিনটি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
- দুই দিন ধরে টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি উঠে যাওয়া এবং পাহাড়ধসের শঙ্কায় পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো বন্ধ রাখা হয়েছে।
- চট্টগ্রামে ভারী বৃষ্টিতে রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
- চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
- বাংলাদেশের শ্রমিকদের জন্য সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
- অগাস্ট মাসে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথম দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
- ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে নেটোর ইউরোপীয় মিত্রদের ভূমিকায় "খুবই হতাশ" বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সিরিয়া সফরের সময় দেশটির রাজধানী দামেস্কের কেন্দ্রীয় এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
- ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, “ইরানের বিরুদ্ধে হুমকি যতদিন অব্যাহত থাকবে, ততদিন চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য আলোচনা শুরু হবে না।”
- পাকিস্তানের বেলুচিস্তানের জিয়ারত জেলার মাঙ্গি এলাকায় অস্ত্রধারীদের হামলায় অন্তত নয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।












