আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না: সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কোনো দলের অবৈধ-অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না। এদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে সেন্টমার্টিন দ্বীপ। পর্যটন মৌসুম চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। প্রতিদিন দ্বীপটিতে যাওয়ার অনুমতি পাবেন দুই হাজার পর্যটক।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • কোনো দলের অবৈধ-অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
    • পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে সেন্টমার্টিন দ্বীপ। পর্যটন মৌসুম চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। প্রতিদিন দ্বীপটিতে যাওয়ার অনুমতি পাবেন দুই হাজার পর্যটক। বৃহস্পতিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব।
    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন।
    • প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, শাপলা প্রতীক নাগরিক ঐক্য চেয়েছিল, তাদের দেওয়া হয়নি। এই প্রতীক নিয়ে এনসিপির দাবির ব্যাপারে আর কিছু বলতে চান না তিনি।
    • লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে লাখ লাখ ইউরো অবৈধ তহবিল নেওয়া সংক্রান্ত মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধের ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।
    • যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার শিকার হওয়ার অভিযোগে মামলা দায়েরের তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় তিনি এই তথ্য জানান।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না: সালাউদ্দিন আহমেদ

    কোনো দলের অবৈধ-অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

    বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

    দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মি. আহমেদ বলেন, বর্তমান সরকার সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করছে। যার মধ্য দিয়ে ভবিষ্যতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

    বাংলাদেশে ব্যক্তি স্বৈরতন্ত্র, রাজনৈতিক স্বৈরতন্ত্র কিংবা সাংবিধানিক অথবা সংসদীয় স্বৈরতন্ত্র উদ্ভবের আর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

  3. পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

    এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

    এখনও চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় গুরুত্বপূর্ণ এই ম্যাচেও দলের বাইরেই থাকছেন অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন জাকের আলি।

    এছাড়া বাংলাদেশ দলে আরও তিনটি পরিবর্তন আনা হয়েছে। সাইফুদ্দিন, নাসুম এবং তামিম এর পরিবর্তে এই ম্যাচে দলে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ এবং মাহেদী হাসান।

    পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে জিতে এরই মধ্যে এশিয়ার কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে দুই ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কারও।

    বাংলাদেশ ও পাকিস্তান এই দুই দলের আজকের ম্যাচে যারাই জয়ী হবে তারা ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

  4. নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা

    পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে সেন্টমার্টিন দ্বীপ। পর্যটন মৌসুম চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। প্রতিদিন দ্বীপটিতে যাওয়ার অনুমতি পাবেন দুই হাজার পর্যটক।

    বৃহস্পতিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।

    গত এক বছর সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ নিয়ন্ত্রিত থাকার ফলে সেখানকার প্রাণ প্রকৃতি ফিরে এসেছে বলেও জানান সচিব।

    এসময় দেশের পর্যটন স্পট ও পর্যটন সংশ্লিষ্ট কাজের জন্য, সরকার আচরণবিধি তৈরি করছে বলে জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

    গত এক বছরে কত সংখ্যক বিদেশী পর্যটক বাংলাদেশে এসেছেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগে আমাদের নিজেদের পর্যটক নিয়ে চিন্তা করতে হবে। তাদের ভ্রমণ পারিবারিক, সাশ্রয়ী, নিরাপদ ও আনন্দময় করাই আমাদের লক্ষ্য।”

  5. কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: বিএনপি নেতা জাহিদ হোসেন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    বৃহস্পতিবার বিশ্ব ফার্মাসিস্ট ডে উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

    বলেন, “কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান এসে শুধু বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পূনরুদ্ধারের নেতৃত্বে দিবেন।”

    আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির প্রস্তুতির বিষয়ে মি. হোসেন বলেন, ১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এখন পর্যন্ত মনোনয়নের বিষয়ে কাউকে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি।

    “নির্বাচনী আসনের তুলনায় বিএনপি মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা প্রায় ১০ গুণ। স্থানীয় জনগণের কাছে জনপ্রিয়তা ও বিভিন্ন জরিপের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে,” বলেও জানান তিনি।

  6. শাপলা প্রতীক নিয়ে এনসিপির দাবির ব্যাপারে আর কিছু বলতে চান না সিইসি

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শাপলা প্রতীক নাগরিক ঐক্য চেয়েছিল, তাদের দেওয়া হয়নি। এই প্রতীক নিয়ে এনসিপির দাবির ব্যাপারে আর কিছু বলতে চান না তিনি।

    আজ বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজের দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন সিইসি।

    তার বক্তব্য হচ্ছে, নির্বাচন কমিশনের সচিব শাপলা প্রতীকের ব্যাপারে বক্তব্য দিয়েছেন। এরপর তিনি কিছু বলতে চান না।

    প্রসঙ্গত, নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ গতকাল বুধবার সাংবাদিকদের বলেন, ভোটের প্রতীকের তালিকায় শাপলা নেই। সেজন্য এনসিপিকে বিকল্প প্রতীকের জন্য বলা হবে।

    এদিকে, এনসিপির পক্ষ থেকে শাপলা প্রতীক চেয়ে আবারও নির্বাচনে কমিশনে চিঠি দেওয়া হয়েছে।

    এছাড়া শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয়, তা দেখে নেবে-এমন বক্তব্য দিয়েছেন এনসিপির একজন নেতা।

    এ ধরনের বক্তব্যকে হুমকি মনে করেন কিনা- সাংবাদিকদের এ প্রশ্নে সিইসি নাসির উদ্দিন বলেন, তিনি এটাকে হুমকি মনে করেন না।

    তিনি এ-ও বলেন, প্রতীকের ব্যাপারে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। ইসি কারও কথায় চলে না, নিরপেক্ষভাবে কাজ করতে চায়।

    সিইসি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে।

    "আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, আমরা জোরে-সোরে নিচ্ছি।"

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, "সব খেলোয়াড়রা যদি ফাউল করার নিয়তে মাঠে নামে তাহলে রেফারির পক্ষে তো এই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। সুতরাং খেলোয়াড়দের তো ফাউল করার নিয়ত থেকে একটু দূরে থাকতে হবে।"

  7. ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির পাঁচ বছরের কারাদণ্ড

    লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে লাখ লাখ ইউরো অবৈধ তহবিল নেওয়া সংক্রান্ত মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধের ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

    প্যারিসের ফৌজদারি আদালত তাকে দুর্নীতি ও অবৈধ প্রচারণায় অর্থায়নসহ অন্যান্য সব অভিযোগ থেকে খালাস দিয়েছে।

    তবে মামলাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন সারকোজি।

    ২০০৭ সালের নির্বাচনি প্রচারণার জন্য গাদ্দাফির তহবিল ব্যবহার করার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।

    রাষ্ট্রপক্ষ অভিযোগ করেছে যে এর বিনিময়ে সারকোজি পশ্চিমা দেশগুলোর কাছে গাদ্দাফির খ্যাতি ক্ষুণ্ন করতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

    ৭০ বছর বয়সী সারকোজি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন।

  8. যুক্তরাষ্ট্রে হামলার ঘটনায় মামলা করার তথ্য জানালেন আখতার হোসেন

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার শিকার হওয়ার অভিযোগে মামলা দায়েরের তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

    আজ দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় তিনি এই তথ্য জানান।

    পোস্টেলেখা রয়েছে, “যুক্তরাষ্ট্রে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হামলাকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা দায়ের করেছেন আখতার হোসেন।"

    পোস্টের সঙ্গে যুক্ত ভিডিও বার্তায় আখতার হোসেন দাবি করেন, বিমানবন্দরে হামলার পরে “আওয়ামী সন্ত্রাসীরা” আবার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সেসময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা ও তার শুভাকাঙ্ক্ষীরা তা প্রতিহত করে এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করে।

    পরে পুলিশ এসে মামলার পরামর্শ দেয়। এজন্য বিমানবন্দরের কাছে একটি থানায় তিনি মামলা করতে এসেছেন বলে জানান।

    যারা সেদিন হামলা করেছিল এবং “হত্যাচেষ্টা” করেছিল তাদের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান আখতার হোসেন।

    তিনি বলেন, “আমরা পুলিশকে অবহিত করেছি, যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছে তারা বাংলাদেশে এমন একটি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত, যারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, মানবতাবিরোধী অপরাধ চালিয়েছে।"

    জাতিসংঘের প্রতিবেদন বিষয়ে যুক্তরাষ্ট্রের পুলিশকে জানিয়েছেন বলে জানান মি. হোসেন।

  9. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।