আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকার ঘটনা তদন্তের নির্দেশ হাইকোর্টের

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করার বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন। দিনের উল্লেখযোগ্য খবরগুলো জানতে নজর রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি

    বাংলাদেশে চলমান গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে দেশটির প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।

    একই সাথে দেশটির প্রধানমন্ত্রীর আনোয়ার ইব্রাহিমকে ফোন করে তার সাথে কথাও বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

    মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

    তিনি জানান, একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) মজুত ও পুনঃ গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) বিকল হয়ে যাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে শিল্প, বাণিজ্য ও বাসাবাড়িতে তীব্র গ্যাস-সংকট বিরাজ করছে। দৈনিক ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে ২ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট।

    প্রতিমন্ত্রী বলেন, সমস্যার গুরুত্ব অনুভব করে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর উপদেষ্টা মাহদী আমিনের মারফতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি লিখেছেন। আজ বাংলাদেশ সময় বেলা ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানিসংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছেন।

    প্রতিমন্ত্রী মি. অমিত বলেন, এই সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন।

  2. জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

    জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি শপিং সেন্টারের ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

    স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর কুমামোতো শহরের এইওন মলে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

    মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে কিউশু দ্বীপের স্থলভাগে ভূমিকম্পটি আঘাত হানে। এর পরপরই দেড় লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

    ভূমিকম্পের পর অল্প সময়ের জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও এক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করা হয়।

    জরুরি সেবা বিভাগ জানিয়েছে, কুমামোতো অঞ্চলের এইওন মলের ভেতরে অনেক মানুষ আটকা পড়েছেন।

    অন্যদিকে কাশিমা শহরের ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, একটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা ধসে পড়ায় সেখানে বহু মানুষ আটকা পড়েছেন।

    বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি জাপান। দেশটিতে প্রতিবছর গড়ে প্রায় দেড় হাজার ভূমিকম্প অনুভূত হয়।

  3. মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে দুইজন নিহত

    ঢাকার মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে অন্তত দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আরো অন্তত ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি হাফিজুর রহমান বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানায়, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। সেখানে টিসিবির পণ্য নিতে অনেকে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে দেয়াল ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটেছে।

    পুলিশ জানিয়েছে, এই ঘটনায় হতাহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নিহতদের একজনের নাম নাছিমা বেগম। তবে অপর নিহত পুরুষের নাম এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

  4. রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে নির্বাচনের জন্য ইসি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

    মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

    এসময় সিইসি বলেন, আইনেই বলা আছে, “রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দিনক্ষণ ঠিক করার জন্য বা প্রসিডিওরাল বিষয়গুলো ওখানে বলা আছে। ওখানে বলা আছে, স্পিকারের সাথে আলোচনাক্রমে দিনক্ষণ ঠিক করা হবে যে কোনদিন নির্বাচন হবে, নমিনেশন পেপার কোনদিন জমা দেওয়া হবে, যাচাই বাছাই কোনদিন হবে, নির্বাচন হলে যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, আর যদি প্রতিযোগিতা না থাকে এবং একক প্রার্থী থাকে তাহলে আরেক ধরনের ব্যবস্থা”।

    তিনি বলেন, “আমরা বলেছি, যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। কারণ আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারেও একটা প্রস্তুতির ব্যাপার আছে। আমাদের ওদিকেও ব্যস্ততা আছে”।

    সিইসি জানান, নির্বাচন কমিশন ভোটার তালিকার জন্য মঙ্গলবার চিঠি দিয়েছি। সংসদ সচিবালয় ইসির কাছে যত দ্রুত সম্ভব ভোটার তালিকা দিবেন। পরবর্তীতে নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

  5. বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন হাফিজ উদ্দিন আহমদ।

    দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথম এ কার্যক্রম শুরু করে বলে বলা হয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসসের খবরে।

    খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকাল সোয়া ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানায় এবং গার্ড অব অনার প্রদানের স্থানে নিয়ে যায়।

    পরে পিজিআর-এর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

    গার্ড অব অনার প্রদান শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।

    আনুষ্ঠানিকতা শেষে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাঁর কার্যালয়ে উপস্থিত হন এবং সেখানকার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জন বিভাগের সচিব তাঁকে বঙ্গভবনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন।

  6. টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের বিষয়টি তদন্তে হাইকোর্টের নির্দেশ

    বাংলাদেশের বাজারে ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

    মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

    বিষয়টি বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করছেন এই নিয়ে হাইকোর্টে রিটকারী আইনজীবী মো. আব্দুল্লাহ আল মামুন।

    এর আগে গত রোববার দেশের বাজারে বিক্রি হওয়া ১৯ ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্ট নিয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশব্যাপী একটি সমন্বিত গবেষণা পরিচালনা করে এই সংস্থা।

    এই গবেষণায় বলা হয়, গবেষণায় পরীক্ষা করা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। বাকি ৮টিতে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি।

    পরে এ নিয়ে বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মি. মামুন।

    পরে মঙ্গলবার আদালত শুনানি শেষে ২৬টি টুথপেস্টে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেয়।

    রিটকারী আইনজীবী মি. মামুন বিবিসি বাংলাকে বলেন, “শুধু ২৬টি না, বাজারে যতগুলো টুথপেষ্ট আছে সবগুলো নিয়ে তদন্তদের নির্দেশ দিয়েছেন আদালত। এই কমিটিতে সরকারি প্রতিষ্ঠান বিএসটিআই, সায়েন্স ল্যাবরেটরি ও বুয়েটের একজন প্রতিনিধিকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে”।

  7. গতকাল যা যা ঘটেছে:

    • যুগ্ম-সচিব পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর।
    • বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
    • তিন শর্তে লাইসেন্স ফিরে পেয়েছে ঢাকার মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল।
    • ফেসবুকে ‘তান্ত্রিক’ পরিচয়ে স্বামী-স্ত্রীর সম্পর্ক জোড়া লাগানো ও জাদুটোনা দূর করার নামে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
    • আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান বন্ধের বিষয়ে ভারত সরকারের সঙ্গে হওয়া সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলেছেন ককরোচ জনতা পার্টির (সিজিপি) অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা। তিনি দাবি করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার করতে হবে, গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে।
    • জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে দেশের কয়েকটি টেলিভিশন চ্যানেল ও শীর্ষস্থানীয় সংবাদপত্র বন্ধ করে দেওয়া হতো। বহু সাংবাদিক গুম, কারাবন্দি ও নির্যাতনের শিকার হতেন। শুধু তাই নয়, আনুষ্ঠানিকভাবে হাসিনা পরিবারের ‘শেখতন্ত্র’ বা ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা করা হতো বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
    • স্পেন ও ফ্রান্সে দাবানল এখনও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে চলেছে। এ পর্যন্ত তিন লাখেরও বেশি মানুষকে নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে।
    • ভারতের পরীক্ষা ব্যবস্থায় আমূল পরির্বতন আনতে লোকসভায় নতুন বিল পেশ করেছে নরেন্দ্র মোদীর সরকার।
    • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং বৈঠকে ইরানই থাকবে আলোচনার শীর্ষে।
  8. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে