বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান

পাকিস্তান সরকার তাদের ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে, তবে দলটি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলবে না। বাংলাদেশের সংসদ নির্বাচনে ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি নিয়োগ করার বিষয়ে নিজেদের আপত্তির কথা নির্বাচন কমিশনকে জানিয়েছে বিএনপি।

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো

    • পাকিস্তান সরকার তাদের ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। তবে দলটি ১৫ই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলবে না। এর আগে ভারত অভিযোগ করেছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে বাংলাদেশকে প্ররোচিত করেছে পাকিস্তান।
    • জানুয়ারি মাসে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে তিন দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। দেশের রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
    • পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বন্দুক ও বোমা হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক এবং ১৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী সরফরাজ বাগতি। অভিযানে অন্তত ১৪৫ জন হামলাকারী নিহত হয়েছে। সবমিলিয়ে এসব সংঘর্ষে নিহত হয়েছে ১৯৩ জন।
    • “ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। আমরা এটা মেনে নিয়েই ঈমান এনেছি। এটা মেনে নিয়েই আমরা চলছি”, বলেছেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা। তার মতে, শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা।
    • ইরানে কোনো হামলা হলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে বলে হুঁশিয়ারি করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি। তিনি বলেন, “আমেরিকানদের জানা উচিত, তারা যদি যুদ্ধ শুরু করে, তাহলে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ।”
    • বাংলাদেশের সংসদ নির্বাচনে ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি নিয়োগ করার বিষয়ে নিজেদের আপত্তির কথা নির্বাচন কমিশনকে জানিয়েছে বিএনপি। ছাত্রদের সংসদ নির্বাচনের মতো জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না বলে তারা জানান।
    • জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের বিষয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, "নারী বিদ্বেষী একটি পোস্টের নয় ঘণ্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত ১টার দিকে আইডি হ্যাকের দাবি কতোটা যৌক্তিক?"
    • ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বিষয়টি আইনগতভাবে মোকাবিলার কথা জানান প্রশাসক মোহাম্মদ এজাজ।
    • আসছে জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

    ডলার ও বাংলাদেশ ব্যাংক

    ছবির উৎস, BSS

    দেশের রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। জানুয়ারি মাসে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে তিন দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

    বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খবরে বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে দুই দশমিক ১৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল।

    ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে বাংলাদেশ তিন দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছিল, যা ছিল দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। এছাড়া, ২০২৫ সালের ডিসেম্বরে তিন দশমিক ২৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ।

    চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা মোট ১৯ দশমিক ৪৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৫ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।

    বাসস-কে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলা এবং রিজার্ভ বাড়াতে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

    তিনি আরও বলেন, এসব পদক্ষেপ প্রবাসীদের আয় বা দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে।

  3. বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান

    টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের

    ছবির উৎস, Getty Images

    পাকিস্তান সরকার তাদের ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। তবে দলটি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলবে না।

    রোববার এক বিবৃতিতে পাকিস্তান সরকার জানায়, “সরকার পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট দল ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে না।”

    এই ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন কয়েক দিন ধরেই খবর চলছিল ভারতের বিপক্ষে ম্যাচ খেলার অনুমতি না দেওয়ার বিষয়টি পাকিস্তান সরকার বিবেচনা করছে।

    এর আগে গত সপ্তাহে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর বলেছিলেন, “প্রধানমন্ত্রী সব বিকল্প সামনে রেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন।”

    উল্লেখ্য, বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছিল।

    এই সিদ্ধান্তকে ‘অন্যায়’ ও ‘ডাবল স্ট্যান্ডার্ড’ (দ্বিচারিতা) বলে অভিহিত করেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

    তার ভাষায়, “বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত, যা অন্য সবার জন্য প্রযোজ্য। যদি কোনো দেশ নিরাপত্তাজনিত কারণে অন্য একটি দেশে খেলতে অস্বীকৃতি জানাতে পারে, তাহলে বাংলাদেশেরও সেই অধিকার থাকা উচিত।”

    তিনি আরো বলেন, "এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নিতে সরকার শ্রীলঙ্কায় টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।। তবে বাংলাদেশকে যদি ন্যায্য বিচার দেওয়া না হয়, তাহলে আইসিসি চাইলে (পাকিস্তানকে বাদ দিয়ে) ২২তম টিমকে অন্তর্ভূক্ত করতে পারে"।

    সেই সময় তিনি বলেছিলেন, পাকিস্তান বিকল্প পরিকল্পনা এ, বি, সি, ডি বিবেচনায় রেখেছে।

    এর আগে ভারত অভিযোগ করেছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে বাংলাদেশকে প্ররোচিত করেছে পাকিস্তান।

    ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর সহ সভাপতি রাজীব শুকলা বলেন, চলতি বছর ভারতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু পাকিস্তান এই বিষয়ে ‘অপ্রয়োজনীয় হস্তক্ষেপ’ করেছে।

    পাকিস্তানের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “পাকিস্তান অকারণে এতে জড়িয়ে পড়েছে। বাংলাদেশকে উসকানি দেওয়ার পেছনে পাকিস্তানের বড় ভূমিকা রয়েছে।”

    রাজীব শুকলা বলেছিলেন, “পাকিস্তানের এসব করা উচিত ছিল না। পাকিস্তান বাংলাদেশিদের সঙ্গে কী অন্যায় করেছে, তা বিশ্ব জানে, বাংলাদেশিরাও জানে। তখনই বাংলাদেশ আলাদা রাষ্ট্র হয়েছিল।”

    বিসিসিআই-এর সহ সভাপতি আরো বলেন, পাকিস্তান এখন বাংলাদেশের ‘হিতৈষী’ সেজে তাদের ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যা মোটেই সঠিক নয়।

  4. পাকিস্তানের বেলুচিস্তানে প্রাণঘাতী বন্দুক ও বোমা হামলা, ১৯৩ জন নিহত

    বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ বিভিন্ন শহরে হামলাকারীরা আঘাত হানে

    ছবির উৎস, EPA

    পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বন্দুক ও বোমা হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক এবং ১৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী সরফরাজ বাগতি।

    বাগতির ভাষ্য অনুযায়ী, এসব হামলার জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৪৫ জন হামলাকারী নিহত হয়েছে।

    সবমিলিয়ে এসব সংঘর্ষে নিহত হয়েছে ১৯৩ জন।

    এর আগে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করে জানায়, এতে বহু সেনা নিহত হয়েছে।

    এই সহিংসতাকে বেলুচিস্তানের সাম্প্রতিক সময়ের অন্যতম রক্তক্ষয়ী দিন হিসেবে চিহ্নিত করা হয়। দীর্ঘদিন ধরেই পাকিস্তান সরকার এই দরিদ্র প্রদেশটিতে জাতিগত বিদ্রোহ দমনে লড়াই চালিয়ে যাচ্ছে।

    পাকিস্তান সরকার অভিযোগ করেছে, ভারত বিএলএ-কে সমর্থন দিচ্ছে। তবে দিল্লি বারবার এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

    বিএলএ অভিযোগ করে আসছে, পাকিস্তানের ফেডারেল সরকার দেশের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানের বিপুল খনিজ সম্পদ কাজে লাগালেও এর সুফল স্থানীয় জনগণ পায় না।

    স্থানীয় অধিকারকর্মীরাও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে জোরপূর্বক গুমের অভিযোগ তুলেছেন, যদিও ইসলামাবাদ এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

    বেলুচিস্তান পাকিস্তানের মোট ভূমির প্রায় ৪৪ শতাংশ জুড়ে বিস্তৃত। প্রদেশটির ইরান ও আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ করে এবং আরব সাগরের উপকূলের একটি অংশও এর অন্তর্ভুক্ত।

    দেশটির ২৪ কোটির বেশি জনসংখ্যার প্রায় পাঁচ শতাংশ মানুষ এই প্রদেশে বাস করে।

    প্রাকৃতিক সম্পদের দিক থেকেও বেলুচিস্তান সবচেয়ে সমৃদ্ধ প্রদেশ, এখানে রয়েছে বিপুল পরিমাণ গ্যাস ও খনিজ সম্পদ।

    প্রদেশটির নাম এসেছে বেলুচ জনগোষ্ঠী থেকে, যারা এখানকার সবচেয়ে বড় জাতিগত গোষ্ঠী।

    ব্রিটিশ শাসন থেকে পাকিস্তান স্বাধীনতা লাভের পর ১৯৪৮ সাল থেকেই বেলুচ জনগণের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের দাবিতে পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রতিরোধ ও বিদ্রোহ শুরু হয়।

  5. ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না, আমরা এটা মেনে নিয়েছি: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি

    জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা

    ছবির উৎস, Naznin Akter Lucky

    জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা বলেছেন, “ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। আমরা এটা মেনে নিয়েই ঈমান এনেছি। এটা মেনে নিয়েই আমরা চলছি”।

    রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    জামায়াতে ইসলামীর শীর্ষ পদে নারীদের সুযোগ দেয়া হবে কিনা এমন প্রশ্নে নুরুন্নেসা সিদ্দিকা বলেন, “জামায়াতে ইসলামী হলো ইসলামী সংগঠন। ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে, এটাই স্বাভাবিক। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, পুরুষ হচ্ছে নারীদের পরিচালক। এটা আল্লাহর নির্দেশ, এটা ফরজ”।

    তার মতে, শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা।

    তিনি বলেন, “গত ৫৪ বছরে দুজন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, কিন্তু নারীদের সমস্যা কি সমাধান হয়েছে? নারীদের প্রতি সহিংসতা কমেছে? নারীদের অধিকার আদায় হয়েছে? সুতরাং নারী শীর্ষপদে থাকলেই যে একটা কিছু হয়ে যাবে, কথাটা তো ঠিক না”।

    “বরং নারী হোক বা পুরুষ, যিনি মানবিক হবেন, নারী পুরুষ সবাইকে মর্যাদা দেবেন আমরা এমন নেতৃত্ব চাই। এজন্য আমরা শীর্ষপদে আসা জরুরি মনে করি না”।

    গত বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জামায়াতের আমির পদে নারীর সুযোগ দেয়ার প্রসঙ্গে বলেছিলেন, “এটি সম্ভব নয়। নারীদের কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, তারা দায়িত্ব পালন করতে পারবেন না। কিছু শারীরিক অসুবিধা আছে, যা আমরা অস্বীকার করতে পারি না”।

    তার এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়।

  6. যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ বেধে যাবে: আয়াতোল্লাহ আলি খামেনি

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি

    ছবির উৎস, Getty Images

    যুক্তরাষ্ট্র ইরানের আশপাশে সামরিক শক্তি জোরদার করার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেছেন, ইরানে কোনো হামলা হলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে।

    ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম খামেনিকে উদ্ধৃত করে বলেছে, “আমেরিকানদের জানা উচিত, তারা যদি যুদ্ধ শুরু করে, তাহলে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ।”

    এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান বর্তমানে “গুরুত্বপূর্ণ আলোচনা” চালাচ্ছে এবং তিনি আশা করছেন, সেগুলো “গ্রহণযোগ্য সমাধানে” পৌঁছাবে। একই সঙ্গে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানিও বলেছেন, আলোচনা ধীরে ধীরে এগোচ্ছে।

    তবে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সরকারবিরোধী বিক্ষোভে প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছে।

    এই সামরিক প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধবিমানবাহী জাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্য অঞ্চলে পাঠিয়েছে। গত সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, জাহাজটি আরব সাগরে কার্যক্রম চালাচ্ছে।

    খামেনি বলেন, “(ট্রাম্প) প্রায়ই বলেন যে তিনি জাহাজ মোতায়েন করেছেন। এসব বলে ইরানি জাতিকে ভয় দেখাতে পারবে না।”

    এদিকে রোববার থেকে ইরানের হরমুজ প্রণালিতে দুই দিনব্যাপী সরাসরি গোলাবর্ষণ মহড়া শুরু করার কথা রয়েছে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি প্রধান রুট।

    বিশ্বে বাণিজ্যিকভাবে পরিবাহিত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে যায়। ইরান ও ওমানের মধ্যবর্তী এই প্রণালির সবচেয়ে সংকীর্ণ অংশের প্রস্থ প্রায় ৩৩ কিলোমিটার (২১ মাইল)।

    অতীতে ইরানে হামলা হলে এই প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছিল তেহরান।

    যুক্তরাষ্ট্র এরই মধ্যে এই এলাকায় নিজেদের বাহিনীর আশপাশে কোনো “অনিরাপদ ও অপেশাদার আচরণ” না করার জন্য ইরানকে সতর্ক করেছে ।

    এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, “যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এখন আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কীভাবে নিজেদের এলাকায় মহড়া চালাবে, তা নির্ধারণ করতে চাইছে।”

    যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, গত ডিসেম্বরের শেষ দিকে বিক্ষোভ শুরুর পর থেকে তারা অন্তত ছয় হাজার ৩০০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে এবং আরও ১৭ হাজার মৃত্যুর খবর যাচাই করছে।

    নরওয়েভিত্তিক আরেক সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) সতর্ক করেছে, নিহতের প্রকৃত সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে যেতে পারে।

    বিক্ষোভকারীরা বিবিসিকে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী দমন-পীড়ন তারা এর আগে কখনও দেখেননি।

  7. বিএনসিসি নিয়োগের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আপত্তি জানিয়েছে বিএনপি

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।

    ছবির উৎস, Screen Grab

    বাংলাদেশের সংসদ নির্বাচনে ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি নিয়োগ করার বিষয়ে নিজেদের আপত্তির কথা নির্বাচন কমিশনকে জানিয়েছে বিএনপি।

    রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান

    বিএনপির এই নেতা বলেন, ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যদের যারা ছাত্র, তাদেরকে নির্বাচনের কাজে যুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা তারা শুনেছেন, যদিও এটা চূড়ান্ত হয়নি।

    ছাত্রদের সংসদ নির্বাচনের মতো জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না বলে তারা জানিয়েছেন ।

    "এই কাজে যুক্ত হলে তারা ও তার প্রতিষ্ঠান বিতর্কিত হতে পারে সেজন্য ভালো হয়. তাদেরকে নির্বাচন প্রক্রিয়ায় সর্ম্পৃক্ত না করা।" তিনি বলেন।

    তিনি জানান,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আইনে যাদের উল্লেখ আছে তাদেরকে নির্বাচনের কাজে রাখা উচিত।

    ইসি তাদের এই কথার যৌক্তিকতা স্বীকার করে এ বিষয়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে আশ্বস্ত করেছে বলে তিনি জানিয়েছেন।

    সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন আসনে অস্বাভাবিক ‘ভোটার মাইগ্রেশন’ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মতো অভিযোগ করেন তিনি।

    নজরুল ইসলাম খান বলেন, “গত এক দেড় বছরে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে (ভোটার স্থানান্তর)। বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক। এটা কখনো আগে হয়নি”।

    জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিইসির সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধিদল।

    বৈঠকে আলোচনায় বিএনপির প্রতিনিধি দল ভোটার মাইগ্রেশনের বিষয়টি তুলে ধরলে ইসি তাদেরকে জানান, তারা সংশ্লিষ্ট বিভাগে খোঁজ করে জানতে পেরেছেন কোনো আসনে দু তিন হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়নি।

    ইসির এমন বক্তব্যে বিএনপি সন্তুষ্ট নয় জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, তারা নিশ্চিত জানেন, প্রকৃতপক্ষে অনেক বেশি ভোটার মাইগ্রেশন হয়েছেন। যারা ইসিকে এ সংক্রান্ত তথ্য সরবরাহ করেছেন, তারা সঠিক তথ্য দেননি।

    বিভিন্ন জায়াগায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম খান।

    তিনি বলেন, কেউ কেউ কোনো দলের পক্ষে বক্তৃতা করতে ধর্মীয় আবেগ ও বিশ্বাসকে আঘাত করছেন। কিন্তু ইসি কোনো ব্যবস্থা নিচ্ছে না।

  8. জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগে যা বললেন ডিবি

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্ত করার কথা জানিয়েছেন ডিবির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদ।

    রোববার সাংবাদিকদের তিনি বলেন, ‘ডা. শফিকুর রহমানের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে ডিবি। এখন দেখা হচ্ছে এটি সত্যিই হ্যাক হয়েছে কি না। যদি হ্যাক হয়ে থাকে তাহলে কারা এবং কিভাবে হ্যাক করেছে, তা তদন্ত করা হচ্ছে।’

    জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডল থেকে নারীদের নিয়ে একটা অবমাননাকর পোস্ট ভাইরাল হয়।

    পরে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম শনিবার রাতে দাবি করেন, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই হ্যাক হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট।

    এর কিছুক্ষণ পরই সাড়ে ৪টার দিকে আইডি থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়।

    বিষয়টি নজরে আসতেই দলের সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

    দ্রুততম সময়ে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয় বলেও জানান তিনি। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান সিরাজুল ইসলাম।

  9. নির্বাচনের সময় ইন্টারনেট সেবা ব্যাহত করার চেষ্টা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

    চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্তরের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    ছবির উৎস, BSS

    নির্বাচনকালীন সময়ে কেউ ইন্টারনেট সেবা ব্যাহত করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    বাংলাদেশ সংবাদ সংস্থার খবর অনুযায়ী রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্তরের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, “নির্বাচনের সময় কেউ যদি ইন্টারনেট সেবা ব্যাহত করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, চট্টগ্রামের পাহাড়, সমতল ও উপকূলীয় এলাকা এই বৈচিত্র্যময় ভৌগোলিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচনের সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী মোতায়েন করা হবে।

    তিনি আরও বলেন, “ইন্টারনেট খোলা থাকবে। আপনাদের মুখ পুরোপুরি খোলা। আপনারা এখানে সত্য তুলে ধরার জন্যই আছেন। আপনারা যদি সত্য প্রকাশ করতে না পারেন, তাহলে মানুষ সঠিক তথ্য পাবে না। তাই আমরা চাই সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করুক এবং সত্য বলুক।”

    নির্বাচন প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “তাদের প্রস্তুতি বেশ ভালো। এই প্রস্তুতি অনুযায়ী কাজ এগোলে নির্বাচন হবে সুষ্ঠু ও উৎসবমুখর।”

  10. নির্বাচনে ৫৫ শতাংশ ভোটার উপস্থিতির আশা পররাষ্ট্র উপদেষ্টার

    পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।  (ফাইল ফটো)

    ছবির উৎস, BSS

    আসছে জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    রোববার মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এই প্রত্যাশার কথা জানান।

    ১৯৯১ সালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের উদাহরণ টেনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সেই নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। আমার বিশ্বাস, ১২ তারিখের নির্বাচনে সেটা ছাড়িয়ে যাবে।"

    এছাড়া নির্বাচনে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

    পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আসছে জাতীয় নির্বাচনে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতা হতে পারে। কিন্তু তারপরও বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছে।

    এছাড়া গণভোটে হ্যাঁ ভোট প্রসঙ্গে তিনি বলেন, আগে ‘হ্যাঁ’ ভোট নিয়ে কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি ছিল, যেহেতু বড় দলগুলো এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, তাই আমার মনে হয় এটি খুব সহজেই পাস হবে।”

  11. পোস্টের নয় ঘণ্টা পর আইডি হ্যাকের দাবি কতোটা যৌক্তিক? প্রশ্ন মাহদী আমিনের

    বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

    ছবির উৎস, BNP Media Cell

    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

    রোববার, সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    ওই পোস্টে কর্মজীবী নারীদের ‘পতিতাবৃত্তি’র সঙ্গে তুলনা করা হয়।

    পরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আইডি হ্যাকের দাবি করা হলে মাহদী আমিন প্রশ্ন রাখেন, "নারী বিদ্বেষী একটি পোস্টের নয় ঘণ্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত ১টার দিকে আইডি হ্যাকের দাবি কতোটা যৌক্তিক?"

    তিনি আরো জানান, কোন গুরুত্বপূর্ণ বা ভ্যারিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে তা জনগণ ও মিডিয়াকে অবহিত করা। কিন্তু এখানে দেখা গেলো পোস্টটি আপলোডের অনেক পরে হ্যাকিং এর দাবি তোলা হয়েছে। অথচ ওই সময়ের মধ্যে জামায়াতে আমিরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনেক নির্বাচনী প্রচারণার কন্টেন্ট পোস্ট করা হয়েছে। কিন্তু সেখানে এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে একটা পোস্টও নেই।

    ওই পোস্টে নারীদের উদ্দেশ্য যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করায় দেশব্যাপী যে আলোচনা চলছে, তা সঠিক হলে সেটি পুরো সমাজব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেয়ার প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন তিনি।

    মাহদী আমিন বলেন, ‘জামায়াতের জন্য নারীবিদ্বেষী আচরণ নতুন কিছু নয়, এর আগেও নানা সময়ে নারীদের নিয়ে তাদের বিতর্কিত নানা কর্মকাণ্ড লক্ষ্যণীয় ছিলো। নির্বাচন সামনে রেখে গণজোয়ার ঠেকাতে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র করা হচ্ছে।’

  12. ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    মোহাম্মদ এজাজ

    ছবির উৎস, DNCC

    ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

    ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

    বিষয়টি আইনগতভাবে মোকাবিলার কথা জানান প্রশাসক মোহাম্মদ এজাজ।

    “আমার দিক থেকে আমরা কোন ভুল বা অন্যায় করিনি। যেকোনো সিদ্ধান্ত আমরা আইনগতভাবে মোকাবিলা করবো” তিনি বলেন।

    দুদকের আবেদনে বলা হয়, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের বিভিন্ন অভিযোগের অনুসন্ধান চলছে।

    তার বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধিনস্ত মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটন দখল, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি কর্পোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দসহ ডিএনসিসি’র স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে।

    আবেদনে আরও বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ৮ বিধিসহ ফৌজদারী কার্যবিধি'র ১৬০ ধারা মতে অভিযোগের বিষয়ে ২৯শে জানুয়ারি হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য দুদক থেকে তাকে নোটিশ পাঠানো হলেও তিনি দুদক কার্যালয়ে উপস্থিত হননি।

    দুদকের আবেদনে বলা হয়েছে, তারা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে যে, তিনি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাত্রা বন্ধ করা প্রয়োজন।

    জানা গেছে, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ জমা পড়ে। এসব অভিযোগ খতিয়ে দেখতে গত বছরের নভেম্বর থেকে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে দুদক।

    উল্লেখ্য, গত বছরের ১২ই ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার এক বছরের জন্য মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেয়।

  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে