আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবেন জোবাইদা, এয়ার অ্যাম্বুলেন্স আসতে 'দেরি হবে'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবেন বলে লন্ডন বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে দলটি জানিয়েছে, কারিগরি সমস্যার কারণে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে দেরি হবে। চোখ রাখুন বিবিসি বাংলা লাইভ পাতায়..

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে লন্ডন বিএনপির একাধিক সূত্র। এদিকে, চিকিৎসার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রা কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে বিএনপির প্রেস উইং।
    • মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম আগেই জানিয়েছিল বিএনপি। বৃহস্পতিবার বিকেলে আরও ৩৬টি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করলো দলটি।
    • বাংলাদেশের আসন্ন নির্বাচনে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
    • বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
    • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু'দিনের সফরে ভারতে এসে পৌঁছিয়েছেন। দিল্লির পালাম বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরে এলেন।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে 'বিলম্ব হবে'

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে লন্ডন বিএনপির একাধিক সূত্র।

    এরইমধ্যে তিনি লন্ডনে বিমানবন্দরে চেক ইন করেছেন এবং লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ফ্লাইট ছাড়বে বলে সূত্রগুলো জানিয়েছে।

    শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি বাংলাদেশে এসে পৌঁছাবেন বলেও জানা গেছে।

    এদিকে, চিকিৎসার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রা কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে বিএনপির প্রেস উইং।

    বৃহস্পতিবার রাতে তারা জানায়, কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা রয়েছে সেটিতে কারিগরি সমস্যার কারণে এই যাত্রা বিলম্ব হবে।

    এর আগে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    তিনি জানিয়েছিলেন, আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে।

  3. দিল্লি পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু'দিনের সফরে ভারতে এসে পৌঁছিয়েছেন। দিল্লির পালাম বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরে এলেন।

    আগামীকাল শুক্রবার তার সঙ্গে প্রধানমন্ত্রী মি. মোদীর বৈঠক নির্ধারিত হয়ে আছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট মন্ত্রণালয়। সেই বৈঠকের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মি. পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি ভবনে।

    ভারত আর রাশিয়া দুই দেশই বছরে একবার করে শীর্ষ সম্মেলনে মিলিত হয়। এবারের সম্মেলনটি হচ্ছে দিল্লির হায়দরাবাদ হাউসে।

    ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। প্রেসিডেন্ট পুতিনের এই সফরে ‌এই তিনটি বিষয় নিয়েই আলোচনা হতে পারে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।

  4. নিবন্ধন পেতে যাচ্ছে আম জনতার দল, চেয়েছে প্রজাপতি প্রতীক

    দলের নিবন্ধনের দাবিতে সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অনশনে বসেছিলেন আম জমতার দলের সদস্য সচিব তারেক রহমান। তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, তাদের দলটি নিবন্ধন পেতে যাচ্ছে বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে।

    নির্বাচন ভবনের সামনে সাংবাদিকদের তিনি বলেন, আমজনতার দল নিবন্ধ পেতে যাচ্ছে এমন খবর দেখার পর নির্বাচন কমিশনে আসেন তিনি। এরপর কমিশনের সিনিয়র সচিব তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    মি. তারেক জানান, তারা দলের প্রতীক হিসেবে প্রজাপতি মার্কা চেয়েছেন।

    নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ায় গত চৌঠা নভেম্বর নির্বাচন কমিশনের সামনে অনশনে বসেন তারেক রহমান। পরেন য়ই নভেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের আশ্বাসে তিনি অনশন ভাঙেন।

  5. সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

    বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

    গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ), প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং এর মধ্যবর্তী এলাকা) যে কোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

  6. জোবাইদা রহমান কাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন: মাহদী আমিন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান বৃহস্পতিবারই লন্ডন থেকে রওনা হয়ে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবেন।

    তবে, তার আগেই ফ্লাইটের ব্যবস্থা করা গেলে, তিনি পৌছাঁনোর আগেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে নিয়ে রওনা হবে একটি দল।

    সেক্ষেত্রে এই দলে থাকবেন খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও ব্যক্তিগত সহকারী।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা জানিয়েছেন।

    তিনি ওই পোস্টে লিখেছেন, “মেডিকেল বোর্ডের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম, দেশবাসীর অনিঃশেষ দোয়া-আন্তরিকতা ও কূটনীতিকদের সহযোগিতায় তাঁর (খালেদা জিয়া) শারীরিক অগ্রগতি হয়েছে, আলহামদুলিল্লাহ। উন্নত ও সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতে ম্যাডামকে অতি শীঘ্র লন্ডনের হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত হয়েছে”।

    “এই চিকিৎসা-প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আছেন ডা. জোবাইদা রহমান, যিনি লন্ডন থেকে সার্বিক সমন্বয় করে যাচ্ছেন। তিনি আজই দেশের উদ্দেশে রওনা হয়ে কাল সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন, যেন সাথে থেকে দেশনেত্রীকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যেতে পারেন"।

    "তবে তার আগেই যদি ফ্লাইট ব্যবস্থা করা যায়, সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতিমধ্যে ঢাকায় এসেছেন। ম্যাডামের পুত্রবধু শর্মিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও পার্সোনাল স্টাফও এয়ার অ্যাম্বুলেন্সে সার্বক্ষণিক পাশে থাকবেন বলে জানা গিয়েছে”।

    তিনি লিখেছেন, খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়ার প্রতিটি বিষয় সরাসরি তত্ত্বাবধান করছেন তারেক রহমান।

    নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে 'সংকটাপন্ন' অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

    সবশেষ কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

    এর মধ্যে তার চিকিৎসায় দেশি, বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এই বোর্ডের অন্যতম সদস্য জোবাইদা রহমান।

    আরো পড়তে পারেন:

  7. ৩৬ আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম আগেই জানিয়েছিল বিএনপি। বৃহস্পতিবার বিকেলে আরও ৩৬টি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করলো দলটি।

    ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে মো. আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু।

    যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান। পটুয়াখালী-২ আসনে মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল।

    ময়মনসিংহ-৪ আসনে মো. আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবর রহমান ইকবাল।

    মানিকগঞ্জ-১ আসনে এস এ জিন্নাহ কবির, মুন্সীগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান, ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১ আসনে মো. মজিবুর রহমান, রাজবাড়ী-২ আসনে মো. হারুন অর রশীদ।

    ফরিদপুর-১ আসনে খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তার, মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৈধুরী, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া।

    কুমিল্লা-২ আসনে মো. সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমীন ও কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।

  8. আরো ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরো ৩৬ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করলো বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি।

    বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

    এর আগে গত তেসরা নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল দলটি।

  9. নির্বাচনে পুলিশকে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

    বাংলাদেশের আসন্ন নির্বাচনে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান জানিয়েছেনঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

    আসন্ন নির্বাচনকে দেশের জন্য ‘শত বছরের ভিত্তি নির্মাণের’ সুযোগ উল্লেখ করে তিনি এ দায়িত্বকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেন।

    আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা।সেখানে তিনি বলেন, “ভূমিকম্প হলে আমরা বিল্ডিং কোড মানা হয়েছে কি না তার কথা বলি। এই নির্বাচন আমাদের সমাজের জন্য সেই বিল্ডিং কোড তৈরি করার সুযোগ। এমন একটি কোড তৈরি করতে হবে, যা যত বড় ঝাঁকুনিই আসুক, নড়বে না”।

    “জীবনের শেষে যখন আমরা ভাবব, কী করেছি—তখন এটিই প্রথমে আসা উচিত যে, আমরা এই বিল্ডিং কোড তৈরিতে অংশ নিতে পেরেছি”।

    প্রফেসর ইউনূস বলেন, “আসন্ন নির্বাচন শুধু পাঁচ বছরের একটি প্রচলিত নির্বাচন নয়, জাতীয় নির্বাচনের পাশাপাশি এবার একটি গণভোটও অনুষ্ঠিত হবে”।

    তিনি বলেন, “গণভোট আরও বড় বিষয়—এটা সেই ‘বিল্ডিং কোড’। আমরা যে বিল্ডিং কোড স্থাপন করব, সেটাই আগামী একশ বছর জাতিকে পথ দেখাবে”।

    তিনি বলেন, এসপিদের পদায়ন নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে। দেশের বৃহত্তর স্বার্থে এটি সহজভাবে নেওয়ারও আহ্বান জানান তিনি।

  10. নিউমুরিং টার্মিনাল নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বিষয়ে আদালতের দ্বিধাবিভক্ত রায়

    চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চলমান চুক্তি প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলে দ্বিধাবিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট।

    বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ পৃথকভাবে এ রায় ঘোষণা করে। দুই বিচারকের একজন এই চুক্তির প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করলেও বৈধ ঘোষণা করে সিদ্ধান্ত জানিয়েছেন অন্যজন।

    রিটের পক্ষে শুনানি করা ব্যারিস্টার কায়সার কামাল জানান, হাইকোর্টের এমন অবস্থানের পর এখন নিয়মানুযায়ী প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের আরেকটি বেঞ্চ গঠন করে দেবেন।

    নিউমুরিং ইস্যুতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

    গত ৩০শে জুলাই এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া আইনগত কর্তৃত্ববহির্ভূত কেন হবে না সেটি জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

  11. আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল সকালে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে, জানালেন ডা. জাহিদ

    উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

    বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    তিনি জানান, গত রাতে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে তার চিকিৎসা হবে বলেও জানান মি. হোসেন।

    "খালেদা জিয়ার সঙ্গে দেশ ও দেশের বাইরের বেশ কয়েকজন চিকিৎসক থাকবেন এবং মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। দেশের বিশেষজ্ঞদের পাশাপাশি লন্ডন এবং চীনের চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষক করছেন," বলেন ডা. জাহিদ হোসেন।

    বিমানে খালেদা জিয়ার সঙ্গে দেশের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপশি দুইজন বিদেশি চিকিৎসক এবং অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস থাকবেন বলেও জানান তিনি।

  12. সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা

    মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

    একইসঙ্গে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে ট্রাইব্যুনাল। পলক, আনিসুল হক ও সালমান এফ রহমান বর্তমানে কারাগারে রয়েছেন।

    ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন কৌঁসুলি গাজী এম এইচ তামিম। তিনি এ মামলায় পলাতক আসামি জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করলে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ তা মঞ্জুর করে।

    বিবিসিকে মি. তামিম বলেন, জয় ও পলকের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে গত বছরের ১৪ই জুলাই রাতে পলকের ফেসবুকে স্ট্যাটাসে আন্দোলনরত শিক্ষার্থীদের উসকানি, জয়ের পরামর্শে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে তথ্য গোপন এবং অপরাধ সংঘটনে সহায়তা করা।

    আগামী ১০শে ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

  13. বাংলাদেশে আসছেন জোবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকার উদ্দেশে লন্ডন থেকে রওনা হবেন।

    সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র এ কথা জানিয়েছে বিবিসিকে।

    বাংলাদেশে পৌঁছানোর পর জোবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে লন্ডন যাত্রা করবেন।

    এদিকে, বৃহস্পতিবার কাতার জানিয়েছে খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স দিতে দেশটি প্রস্তুত রয়েছে।

    এর আগে, শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

    সবশেষ বুধবার বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি গত ২৪ ঘণ্টায় এবং তার এ অবস্থাকে স্থিতিশীল মনে করছেন চিকিৎসকরা।

    এমন পরিস্থিতির মধ্যে বুধবার খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে চিকিৎসক দলের সাথে যুক্ত হয়েছেন।

    নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে 'সংকটাপন্ন' অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

    সবশেষ কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

    এর মধ্যে তার চিকিৎসায় দেশি, বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এই বোর্ডের অন্যতম সদস্য জোবাইদা রহমান।

    ইতোমধ্যে এই মেডিকেল বোর্ডে বুধবার যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুইটি দল যোগ দিয়েছে।

    আরো পড়তে পারেন:

  14. বুধবার সারাদিন যা যা ঘটেছে

    • বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে সন্ধ্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন তিনি।।
    • খালেদা জিয়া ঢাকার যেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তার পাশের একটি মাঠে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে।
    • আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম। আগামী সপ্তাহে হাইকোর্টে রিটটির শুনানি হতে পারে।
    • জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। একইসঙ্গে, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
    • গুমসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ১৭ ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ওই ১৭ জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন সেনা কর্মকর্তাও রয়েছেন।
    • মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে আনুষ্ঠানিকভাবে অপারগতা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।
    • সরকারকে না জানিয়েই ব্যবসায়ীর নিজেদের সিদ্ধান্তে ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ব্যবসায়ীরা যেভাবে ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন, সেটার যৌক্তিকতা ও আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
    • প্রবাসীরা বাংলাদেশে ছুটি কাটানোর সময় ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন, তবে ৬০ দিনের বেশি থাকলেই মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
    • বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ১০ জন সেনা কর্মকর্তা সম্প্রতি আদালতে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার যে আবেদন করেছিলেন, সেটি খারিজ হয়ে গেছে। ফলে ওই কর্মকর্তাদের সশরীরেই ট্রাইব্যুনালে হাজিরা দিতে হবে।
    • বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেল থেকে জামিনে মুক্তি পাওয়া ভারতীয় নারী সোনালি খাতুনকে দেশে ফিরিয়ে নিতে রাজি হয়েছে ভারত সরকার। তার আট বছর বয়সি ছেলেকেও ভারতে ফিরিয়ে নেওয়া হবে বলে বুধবার দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছেন ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহতা।
    • জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মতো তারাও "একটা অসভ্য দল"। দলটির "কিছু প্রার্থী ধর্মীয় আবেগকে উসকে দিয়ে" ভোটের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
    • বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে সংকট এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আসন্ন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি।
    • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার পুরোটা অংশ প্রত্যাখ্যান করেননি বলে জানিয়েছে রাশিয়া।
    • পাবনায় বস্তাবন্দি করে পুকুরে ফেলে আটটি কুকুরছানা হত্যার ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

    বিবিসি বাংলার অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পরতে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে