যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান “কখনোই অনুরোধ করেনি”, দাবি ইরানি মন্ত্রীর

ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মত সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে, বাংলাদেশের খবরের মধ্যে রয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই এবং রাষ্ট্রপতি সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহবান করেননি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো

    • বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই এবং রাষ্ট্রপতি সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহবান করেননি।
    • বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৯শে মার্চ বিকাল ৩টা পর্যন্ত মুলতুবি করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
    • বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ঈদযাত্রায় ভোগান্তি কমাতে আজ ১৫ই মার্চ থেকে থেকে জ্বালানি রেশনিং পদ্ধতি তুলে দেওয়া হচ্ছে।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য ইরান আমেরিকার সাথে একটি সমঝোতায় আসতে চায়।
    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরান “কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার জন্য অনুরোধ করেনি।”
    • মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ৮৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
    • ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নতুন এক সতর্কবার্তা জারি করে জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে দেশটি। রোববার নয় ঘণ্টার মধ্যে এই হামলা ছিল পঞ্চম দফার হামলা।
    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি “সুস্থ আছেন” এবং “পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণ করছেন”।
    • বেশ কয়েকটি ইরানি হামলায় সেন্ট্রাল ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি জরুরি সেবা বিভাগ। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তেল আভিভের বিভিন্ন স্থানে বৃষ্টির মতো ক্লাস্টার বোমা(গুচ্ছ বোমা) পড়লে তিনজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন।
    • ইসরায়েলের বিভিন্ন স্থানের লক্ষ্যবস্তুতে ৫৪টি ক্ষেপণাস্ত্র হামলা করার কথা ঘোষণা করেছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর(আইআরজিসি) জনসংযোগ বিভাগ। আর ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মত সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
    • ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের কারণে ওয়াশিংটনের সমর্থন হাতছাড়া হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
    • ইরান থেকে নিক্ষেপ করা আরও চারটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং ছয়টি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
    • ইরানের বিপ্লবী গার্ড কোরকে(আইআরজিসি) “সুনির্দিষ্ট এবং সংবেদনশীল তথ্য” সংগ্রহ ও পাচার করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে বাহরাইন।
    • যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সম্পর্কে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর ভুয়া খবর ছড়াচ্ছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড(সেন্টকম)।
    • লেবাননের রাজধানী বৈরুতের বেশ কয়েকটি এলাকা থেকে সকালে মানুষকে সরে যেতে নির্দেশ দেওয়ার পর সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলী হারেত হরাইক এলাকায় ইসরায়েলি হামলার পর ধ্বংস হয়েছে ভবন এবং পুড়ে গিয়েছে গাড়ি।
    • ভারতের চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ঘোষিত হল বিধানসভা নির্বাচনের তফসিল। এই রাজ্যগুলি হলো কেরালা, তামিলনাড়ু, আসাম ও পশ্চিমবঙ্গ।
    • মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি “নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে” দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশগুলোকে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করার আহ্বান জানানোর পর এ কথা বলেছে দক্ষিণ কোরিয়া।
    • ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে যে, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির হত্যা মামলায় তারা আরও একজনকে গ্রেফতার করেছে।

    বিবিসি বাংলার লাইভ পাতার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর জানতে মূল পাতায় ক্লিক করুন।

  2. জরুরি মজুত থেকে তেল ছাড়লে সরবরাহ “শীঘ্রই স্বাভাবিক হতে শুরু হবে”:আন্তর্জাতিক জ্বালানি সংস্থা

    তেল দেয়ার ছবি

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, বিশ্ববাজারে তেলের সরবরাহ “শীঘ্রই স্বাভাবিক হতে শুরু করবে।”

    আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ঘোষণা করেছে, তারা তাদের জরুরি মজুত থেকে ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়বে, এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ “শীঘ্রই স্বাভাবিক হতে শুরু করবে।”

    সংস্থাটি জানিয়েছে, এশিয়া-ওশেনিয়া অঞ্চলে এই তেল “অবিলম্বে” পাওয়া যাবে এবং আমেরিকা ও ইউরোপে মার্চের শেষ নাগাদ সরবরাহ শুরু হবে।

    যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ আইইএ’ এর ৩২টি সদস্য দেশ বুধবার এই তেল ছাড়ার বিষয়ে একমত হয়েছে।

    মূলত বর্তমানের “নজিরবিহীন” সংকট মোকাবেলায় এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

    এর আগে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের সময় এই সংস্থা জরুরি মজুত থেকে যে পরিমাণ তেল বাজারে ছেড়েছিল, এবারের পরিমাণ তার দ্বিগুণেরও বেশি।

    উল্লেখ্য যে, দুই সপ্তাহ আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেলের দাম প্রায় ২৫ শতাংশ বেড়ে গেছে।

  3. যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান “কখনোই অনুরোধ করেনি”

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, তেহরান “কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার জন্য অনুরোধ করেনি”

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরান “কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার জন্য অনুরোধ করেনি।”

    ডোনাল্ড ট্রাম্পের আগের মন্তব্যের প্রতিক্রিয়ায় বলা হয়েছে যে, ইরান একটি চুক্তি চায়।

    কিন্তু এতে সম্মত হতে রাজী নন তিনি, “কারণ শর্তাবলী এখনও যথেষ্ট ভালো নয়।”

    সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে তিনি বলেন, “আমেরিকানদের সাথে কথা বলার কোনো কারণ আমরা দেখছি না, কারণ যখন তারা আমাদের ওপর হামলা করার সিদ্ধান্ত নিয়েছিল, তখনও আমরা তাদের সাথে আলোচনায় ছিলাম।”

    “এটা প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের পছন্দের একটি যুদ্ধ এবং আমরা আমাদের আত্মরক্ষা চালিয়ে যাব” বলেন তিনি।

  4. হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের বিষয়ে ‘আলোচনা করতে ইচ্ছুক দেশগুলোর জন্য ইরান উন্মুক্ত’

    হরমুজ প্রণালিতে হামলার শিকার একটি নৌযান

    ছবির উৎস, Royal Thai Navy

    ছবির ক্যাপশান, ইরানের একাধিক হামলার খবরের পর হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ব্যাপকভাবে কমে গেছে।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ সকালে সিবিএস নিউজকে জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজগুলোর নিরাপদ চলাচলের বিষয়ে যেসব দেশ আলোচনা করতে চায়, তাদের জন্য আলোচনার পথ খোলা রেখেছে ইরান।

    এই নৌপথে হামলার কারণে বর্তমানে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে আছে।

    নির্দিষ্ট কোনো দেশের কথা উল্লেখ না করে আরাঘচি বলেন, “কিছু দেশ ইতিমধ্যেই এই প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াতের বিষয়ে যোগাযোগ করেছে।”

    তিনি আরও দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং “সেগুলো পুনরায় চালু করার কোনো পরিকল্পনা আপাতত নেই।”

    আরাঘচি উল্লেখ করেন, আগে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার সময় ইরান “সমৃদ্ধ পদার্থের (ইউরেনিয়ামের) ঘনত্ব কমিয়ে ফেলার মতো বড় ছাড়” দিতে চেয়েছিল।

    তিনি বলেন, “ওইটা ছিল একটা বড় ছাড়।”

    এই যুদ্ধ পরিস্থিতি বদলে দিয়েছে, “এখন আলোচনার টেবিলে কিছুই নেই, সবকিছু ভবিষ্যতের ওপর নির্ভর করে।”

  5. ইরানে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী: আইডিএফ

    ইরান সরকারের বিভিন্ন অবকাঠামোর ওপর হামলার পরিধি আরো বিস্তৃত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী(আইডিএফ)।

    আইডিএফ জানিয়েছে, নতুন করে এখন পশ্চিম ও মধ্য ইরানের আরও কিছু নতুন নতুন এলাকাকে এই হামলার আওতায় আনা হচ্ছে।

    আইডিএফের মতে, এই হামলার মূল উদ্দেশ্য হলো ইরান সরকারের “কমান্ড অ্যান্ড কন্ট্রোল বা আদেশ ও নিয়ন্ত্রণ করার” সক্ষমতা কমিয়ে দেওয়া।

    একই সাথে তারা ঘোষণা করেছে, রোববার ভোরে ইসরায়েলি বিমান বাহিনী পশ্চিম ইরানের হামদান এলাকায় অবস্থিত ইরান সরকারের সদর দফতরগুলোতে সফলভাবে এক দফা হামলা শেষ করেছে।

    আইডিএফ জানিয়েছে, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর(আইআরজিসি)এবং বাসিজ বাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সদর দফতরে হামলা করেছে তারা।

    এই হামলাগুলো ইরান সরকারের মূল পরিচালনা ব্যবস্থা এবং ভিত্তিকে আরও দুর্বল করে দেওয়ার একটি চলমান প্রচেষ্টার অংশ বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

  6. তেল আভিভে ক্লাস্টার বোমা হামলায় বেশ কয়েকজন আহত: জরুরি সেবা বিভাগ

    তেল আভিভে পুড়ে যাওয়া গাড়ি পরিদর্শন করছেন একজন ইসরায়েলি পুলিশ

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আভিভে পুড়ে যাওয়া গাড়ি পরিদর্শন করছেন একজন ইসরায়েলি পুলিশ

    বেশ কয়েকটি ইরানি হামলায় সেন্ট্রাল ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি জরুরি সেবা বিভাগ।

    ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তেল আভিভের বিভিন্ন স্থানে বৃষ্টির মতো ক্লাস্টার বোমা(গুচ্ছ বোমা) পড়লে তিনজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন।

    পুলিশের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝখানে একটি বিস্ফোরণের পর ধ্বংসাবশেষের মধ্য দিয়ে একজন ব্যক্তি টলতে টলতে দূরে সরে যাচ্ছেন।

    ক্লাস্টার বোমা হলো এমন একটি পদ্ধতি যেখানে রকেট, ক্ষেপণাস্ত্র বা কামানের গোলার ভেতর থেকে মধ্য আকাশে প্রচুর পরিমাণে ছোট ছোট বোমা বা ‘বোমলেট’ একটি বিস্তীর্ণ এলাকাজুড়ে নিক্ষেপ করা হয়।

    ইসরায়েলের জরুরি সেবা বিভাগ ‘মেগান ডেভিড অ্যাডম’ ইরানি হামলায় চারজন আহত হওয়ার খবর দিয়েছে।

    এদের মধ্যে বিনি ব্রাক এলাকায় প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তির মাথায় কাঁচের টুকরো লেগে মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।

    রামাত গান এলাকায় ৭০ বছর বয়সী এক ব্যক্তি বিস্ফোরণের ধাক্কায় সামান্য আহত হয়েছেন।

    পেতাহ তিকভা এলাকায় ৪৬ এবং ১৮ বছর বয়সী দুইজন নারী বিস্ফোরণের তীব্র শব্দের কারণে কানে সমস্যা অনুভব করছেন। তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল।

  7. ইরানের সাথে যুদ্ধের কারণে মার্কিন সহায়তা কমে যাওয়া নিয়ে ইউক্রেনের উদ্বেগ

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

    ছবির উৎস, AFP via Getty

    ছবির ক্যাপশান, ইরানের সাথে যুদ্ধের কারণে মার্কিন সহায়তা কমে যাওয়া নিয়ে ইউক্রেনের উদ্বেগ

    ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের কারণে ওয়াশিংটনের সমর্থন হাতছাড়া হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

    ড্রোন হামলা প্রতিহত করার ক্ষেত্রে ইউক্রেনিয় বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ে কিয়েভের প্রস্তুতির কথা সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

    তিনি বলেন, “আমরা এই অঞ্চলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছি।”

    মিঃ জেলেনস্কি আরও বলেন, “আমরা জোরালোভাবে আশা করছি, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে না।”

  8. ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মত সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান: আইআরজিসি

    ক্ষেপণাস্ত্র ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবি

    ছবির উৎস, AFP via Getty

    ছবির ক্যাপশান, ইসরায়েল যুদ্ধেই প্রথমবারের মত সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান: আইআরজিসি

    ইসরায়েলের বিভিন্ন স্থানের লক্ষ্যবস্তুতে ৫৪টি ক্ষেপণাস্ত্র হামলা করার কথা ঘোষণা করেছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর(আইআরজিসি) জনসংযোগ বিভাগ।

    এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় “খোররামশাহর সুপার-হেভি মিসাইল যেটি দ্বৈত ওয়ারহেডের, খায়বার-শাখান, কদর, এমাদ এবং প্রথমবারের মতো অপারেশন সাদেক প্রমিজ এ চারটি কৌশলগত জ্বালানি চালিত সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।”

    বিপ্লবী গার্ড বাহিনীর প্রচার বিভাগের তথ্য অনুযায়ী, সেজিল হলো একটি মাঝারি পাল্লার সারফেস-টু-সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

    ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র থেকে তেল আবিবের দূরত্ব মাত্র সাত মিনিটে পাড়ি দিতে পারে।

    এদিকে, কিছুক্ষণ আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে আসা আরেক দফার ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করেছে।

    আগের দফার হামলার খবর আসার দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে এই নতুন হামলাটি চালানো হয়।

  9. ইসরায়েলের হামলায় তেহরানে বিধ্বস্ত ভবন এবং ধ্বংসস্তুপের কিছু ছবি

    তেহরান থেকে কিছু নতুন ছবি প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে, রাজধানীর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি থেকে মানুষ ধ্বংসাবশেষ সরিয়ে নিচ্ছে।

    এর আগে ইসরায়েল ঘোষণা করেছিল, তারা পশ্চিম ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে "ব্যাপক" হামলা চালিয়েছে। তবে ক্ষয়ক্ষতির সম্ভাব্য বিবরণ এখনও পৌঁছায়নি।

    খবর অনুযায়ী, রোববার সকালে ইসফাহান, খোমেইন, হামিদান, দেজফুল এবং পশ্চিম তেহরানে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    ধ্বংসস্তুপের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন এক ব্যক্তি

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের সামনে দাঁড়িয়ে একজন ব্যক্তি ফোনে কথা বলছেন
    হামলায় বিধ্বস্ত ভবনের কাঠামো

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলি হামলায় পুরো ভবনটি ধ্বংস হয়ে গেছে
    ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ভবনের সামনে দিয়ে যাচ্ছেন একজন নারী

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ভবনের সামনে দিয়ে যাচ্ছেন একজন নারী
  10. লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৮৫০ জনে দাঁড়িয়েছে:স্বাস্থ্য মন্ত্রণালয়

    বৈরুতের দক্ষিণ উপশহর হারেত রিকের এই স্থানটি সম্প্রতি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৮৫০ জনে দাঁড়িয়েছে:স্বাস্থ্য মন্ত্রণালয়

    মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ৮৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

    এই পরিসংখ্যানটি দোসরা মার্চ থেকে বর্তমান সময় পর্যন্ত হিসাব করা হয়েছে।

    উল্লেখ্য যে, হেজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করার পর ওইদিন থেকেই ইসরায়েল লেবাননে তাদের সামরিক অভিযান শুরু করে।

  11. ইরানের নিক্ষেপ করা আরো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সংযুক্ত আরব আমিরাত

    ইরান থেকে নিক্ষেপ করা আরও চারটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং ছয়টি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

    যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কতগুলো হামলা প্রতিহত করা হয়েছে তার একটি তালিকাও প্রকাশ করেছে দেশটি।

    দেশটি ইরানের নিক্ষেপ করা ২৯৮টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং এক হাজার ৬০৬টি ড্রোন প্রতিহত করেছে।

    দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলার ফলে এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন এবং ১৪২ জন “সামান্য ও মাঝারি ধরনের” আঘাত পেয়েছেন।

  12. ইরানে তথ্য পাচারের অভিযোগে বাহরাইনে পাঁচজন গ্রেফতার

    ইরানের বিপ্লবী গার্ড কোরকে(আইআরজিসি) “সুনির্দিষ্ট এবং সংবেদনশীল তথ্য” সংগ্রহ ও পাচার করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে বাহরাইন।

    বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

    মন্ত্রণালয় জানিয়েছে, কেবল তথ্য পাচারই নয় বরং বাহরাইনের বিরুদ্ধে সন্ত্রাসী পরিকল্পনা বাস্তবায়নের জন্য “সন্ত্রাসী সদস্য সংগ্রহ বা নিয়োগ” করার অপরাধেও তাদের গ্রেফতার করা হয়েছে।

    এই চক্রের ষষ্ঠ একজন ব্যক্তি বর্তমানে বিদেশে পলাতক রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

  13. ইউএস এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন সম্পর্কে ইরানের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ যুক্তরাষ্ট্রের

    যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সম্পর্কে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর ভুয়া খবর ছড়াচ্ছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড(সেন্টকম)।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর ফার্সিয়ান পেইজে সেন্টকম লিখেছে, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর “আরও একবার” দাবি করেছে তারা যুদ্ধজাহাজটিকে ‘অকেজো’ করে দিয়েছে।

    “বিষয়টি পরিষ্কার করা যাক, আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সমুদ্র থেকে ইরানি আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা অব্যাহত রেখেছে” লিখেছে সেন্টকম।

    আব্রাহাম লিঙ্কন ছাড়াও মার্কিন নৌবাহিনীর বৃহত্তম বিমানবাহী রণতরী ‘জেরাল্ড আর ফোর্ড’ বর্তমানে এই অঞ্চলে অবস্থান করছে।

    মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে আরও সেনা পাঠাচ্ছে।

    এর মধ্যে পাঁচ হাজার মেরিন ও নাবিকের সমন্বয়ে একটি “অ্যামফিবিয়াস রেডি গ্রুপ”ও অন্তর্ভুক্ত রয়েছে।

  14. ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলীতে ধ্বংস হয়েছে বেশ কিছু ভবন

    হামলার পর ধোঁয়া উড়ছে বৈরুতের একটি এলাকায়

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, একটি পুড়ে যাওয়া আবাসিক ভবন থেকে ধোঁয়া উড়ছে এবং রাস্তায় ভবনের ধ্বংসস্তূপ ছড়িয়ে - ছিটিয়ে আছে

    লেবাননের রাজধানী বৈরুতের বেশ কয়েকটি এলাকা থেকে মানুষকে সরে যেতে নির্দেশ দেওয়ার পর সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল।

    ছবিতে ওই হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলী হারেত হরাইক এলাকায় ইসরায়েলি হামলার পর ধ্বংস ও পুড়ে যাওয়া ভবন ও গাড়ির ছবি দেখা যাচ্ছে।

    সকালে আইডিএফ যেসব এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল, তার মধ্যে অন্যতম এই এলাকা। আইডিএফ জানিয়েছে, ওই অঞ্চলে হেজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে এই হামলা চালানো হয়েছে।

    ক্ষতিগ্রস্ত ভবন ও উদ্ধারকারীদের দেখা যাচ্ছে।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলি হামলায় বৈরুতের একটি এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে
    ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বৈরুতের একটি ভবনে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবি টানিয়ে রাখা হয়েছে
    হামলায় ধ্বংস হওয়া ভবন ও গাড়ি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ি এবং এর জানালার কাঁচ চূর্ণবিচূর্ণ হয়ে পড়েছে
  15. ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট মাত্র দুই দফায় – ২৩ ও ২৯ এপ্রিল

    নির্বাচনের আগে নরেন্দ্র মোদী ও মমতা ব্যানার্জীর জনসভা

    ছবির উৎস, Samir Jana/Hindustan Times via Getty Images

    ছবির ক্যাপশান, নির্বাচনের আগে নরেন্দ্র মোদী ও মমতা ব্যানার্জীর জনসভা

    ভারতের ৪টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে ঘোষিত হল বিধানসভা নির্বাচনের তফসিল। এই রাজ্যগুলি হলো কেরালা, তামিলনাড়ু, আসাম ও পশ্চিমবঙ্গ।

    এ ছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরিতেও ঘোষিত হয়েছে নির্বাচনের দিনক্ষণ।

    পশ্চিমবঙ্গে দুই দফায় হচ্ছে এইবারের বিধানসভা নির্বাচন। ২৩শে এপ্রিল ও ২৯শে এপ্রিল হবে ভোটগ্রহণ। কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগণা ও উত্তর ২৪ পরগণা জেলায় নির্বাচন হবে দ্বিতীয় দফা অর্থাৎ ২৯শে এপ্রিল। রাজ্যের বাকি সব জেলায় ভোট হবে প্রথম দফা অর্থাৎ ২৩শে এপ্রিল।

    দুই দফার শেষে ৪ঠা মে পশ্চিমবঙ্গের ভোট গণনা হবে বলেও জানিয়েছেন দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বস্তুত সবগুলো রাজ্যেই ওই একই দিনে ভোট গণনা হবে। নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার দিল্লিতে আজ এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন।

    নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র এক ঘণ্টা আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা বা ডিএ মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। এছাড়া মসজিদের মুয়াজ্জিন ও হিন্দু পুরোহিতদের মাসিক ভাতা বাড়ানোর কথাও জানান মুখ্যমন্ত্রী।

    বকেয়া ডিএ-র দাবিতে এর আগে প্রতিবাদে নেমেছিলেন সরকারি কর্মচারীরা। দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টও রাজ্য সরকারকে এই ডিএ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। নির্বাচনের তফসিল ঘোষণার এক দিন আগে শনিবার (১৪ মার্চ) বিজেপির হয়ে কলকাতায় জনসভা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহরে এসে পশ্চিমবঙ্গের জন্য ১৮ হাজার কোটি রুপির উন্নয়ন প্রকল্পও ঘোষণা করেন তিনি।

  16. ইরাকে ড্রোন হামলা, কারাগারের নিরাপত্তা নিয়ে বাগদাদের সতর্কবার্তা

    বাগদাদ বিমানবন্দরের কাছে যেসব ড্রোন হামলা হয়েছে, সেগুলো পাশের একটি কারাগারের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে বলে সতর্ক করেছে ইরাক।

    সম্প্রতি এই কারাগারে আইএসআইএস সন্দেহভাজনদের সিরিয়া থেকে স্থানান্তর করে এনে রাখা হয়েছে।

    বাগদাদের আল-কারখ কারাগারে এসব আইএসআইএস সন্দেহভাজনদের রাখা হয়েছে।

    এই কারাগার একসময় মার্কিন সামরিক বাহিনীর ‘ক্যাম্প ক্রপার’ ডিটেনশন সেন্টার ছিল। বাগদাদ বিমানবন্দর কমপ্লেক্সের অংশ এই কারাগারটি বারবার হামলার শিকার হয়েছে।

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিদিনই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে আসছে ইরান সরকার সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো।

  17. যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানের পর পরিস্থিতি ‘পর্যবেক্ষণের' কথা বলেছে দক্ষিণ কোরিয়া

    হরমুজ প্রণালীতে জাহাজের ছবি দেখা যাচ্ছে।

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, “হরমুজ প্রণালী উন্মুক্ত, নিরাপদ এবং মুক্ত” রাখার জন্য জাহাজ পাঠানোর আহ্বান জানান ট্রাম্প

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি “নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে” দক্ষিণ কোরিয়া।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশগুলোকে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করার আহ্বান জানানোর পর এ কথা বলেছে দক্ষিণ কোরিয়া।

    গতকাল ট্রাম্প চীন, ফ্রান্স, জাপান, যুক্তরাজ্য এবং দক্ষিণ কোরিয়াকে “হরমুজ প্রণালী উন্মুক্ত, নিরাপদ এবং মুক্ত” রাখার জন্য জাহাজ পাঠানোর আহ্বান জানান।

    দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সিউল মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে “গভীর মনোযোগ দিয়েছে” এবং যুক্তরাষ্ট্রের সাথে “নিবিড় যোগাযোগ” অব্যাহত রেখেছে।

    মন্ত্রণালয় আরও জানিয়েছে, কোরীয় নাগরিকদের রক্ষা এবং “জ্বালানি পরিবহনের রুটের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপের সম্ভাবনা যাচাই” করছে তারা।

  18. আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান: আইডিএফ

    ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নতুন এক সতর্কবার্তা জারি করে জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে দেশটি।

    গত নয় ঘণ্টার মধ্যে এই হামলা ছিল পঞ্চম দফার হামলা।

    যেসব এলাকায় হামলা হয়েছে সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করেছে আইডিএফ।

    তবে এই হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ।

    যেসব এলাকায় হামলার খবর পাওয়া গেছে, সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।

  19. বৈরুতে নতুন করে কিছু এলাকা থেকে মানুষকে সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের

    ইসরায়েলি সামরিক অভিযানের আগেই ‘অবিলম্বে’ লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলীর বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্ক করেছে ইসরায়েল।

    আইডিএফ মুখপাত্র আভিচে আদ্রায়ি জানিয়েছেন, এই সতর্কতা বিশেষ করে হারেত রিক, ঘোবেইরি, লাইলাকি, হাদাত, বুর্জ আল বারাজনেহ, তাহউইত আলগাদির এবং চিয়াহ এলাকার বাসিন্দাদের জন্য প্রযোজ্য।

    তিনি বলেন, “হিজবুল্লাহর সদস্যদের আশেপাশে থাকা যে কাউকেই” লক্ষ্যবস্তু করতে আইডিএফ দ্বিধাবোধ করবে না''।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তিনি লিখেছেন, “আপনারা নিজেদের এবং আপনাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছেন....অবিলম্বে এলাকাটি খালি করুন।”

  20. ২৯শে মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতুবি করা হয়েছে

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৯শে মার্চ বিকাল ৩টা পর্যন্ত মুলতুবি করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

    রোববার সকাল এগারোটায় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকের পর মুলতবি করা হলো।

    এর আগে গত বৃহস্পতিবার এই ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন বসে।

    সেদিন জামায়াত-এনসিপিসহ বিরোধীদলগুলোর ওয়াকআউটের মুখে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেন।

    এখন সংসদের এই অধিবেশেনের পরবর্তী কার্যদিবসগুলোতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হবে।