প্রধান উপদেষ্টার বৈঠকে ঘোষণাপত্রের সময় নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি

'জুলাই ঘোষণাপত্র' নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক। ঐকমত্যের ভিত্তিতে 'ঘোষণাপত্র' চূড়ান্ত করার সিদ্ধান্ত। ১৭ বছর কারাবাসের পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। হোটেল-রেস্তোরাঁয় নতুন নির্ধারণ করা ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে আগের মতো পাঁচ শতাংশে রাখার সিদ্ধান্ত।দিনের ঘটনাপ্রবাহ জানুন এক নজরে।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার যা যা হলো

    • অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি’র তরফ থেকে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৈঠকে তিনি ঘোষণাপত্রের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন।
    • জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান বৈঠকের সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সকলকে একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
    • পাঠ্যপুস্তক থেকে 'আদিবাসী' সংক্রান্ত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে আদিবাসীদের ওপর যে হামলা চালানো হয়েছিলো, তার প্রতিবাদে ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ ব্যানারে একদল বিক্ষোভকারী বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে শিক্ষাভবনের সামনে পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে।
    • সীমান্তে আর কোনও লাশ ঝুলে থাকলে কাঁটাতার অভিমুখে ‘মার্চ ফর ফেলানী’ কর্মসূচি করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
    • শেখ পরিবারের নামে থাকা ১৩টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের তরফ থেকে।
    • এনসিটিবি’র সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাসহ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলায় জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানা প্রতিনিধি শাহাদাৎ ফরাজী সাকিবের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
    • টানা ১৭ বছর কারাবাসের পর আজ ১৬ই জানুয়ারি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বেলা দুইটার দিকে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। তার বিরুদ্ধে থাকা সব মামলায় খালাস পাওয়ায় তিনি কারামুক্ত হয়েছেন।
    • হোটেল-রেস্তোরাঁয় নতুন নির্ধারণ করা ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে আগের মতো পাঁচ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
    • আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালিত ছেলে আসাদুজ্জামান হিরুকে গুলশান থেকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ।
    • ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে 'দুর্নীতিগ্রস্ত' মন্তব্য করে টুইট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) কর্ণধার ইলন মাস্ক।
    • নিজের বাড়িতে অজ্ঞাত পরিচয় হামলাকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে।

    আরও সংবাদ ও বিশ্লেষণ পেতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট।

  2. 'জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র' তৈরিতে অস্থিরতার প্রয়োজন নেই: জামায়াতে ইসলামী

    'জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের' মতো একটি মূল্যবান দলিল তৈরি করার সময় “কোনও অস্থিরতা, কোনও অসঙ্গতি, কোনও সমন্বয়হীনতার প্রয়োজন নেই” বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সমন্বয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার যে বৈঠকের ডাক দিয়েছিলেন, তাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র তরফ থেকে অংশগ্রহণ করেন দলের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

    ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া ওই বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “এমন একটি মূল্যবান দলিল তৈরির পেছনে সরকারের কোনও অস্থিরতা, কোনও অসঙ্গতি, কোনও সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীরস্থিরভাবে ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে সরকারের মতবিনিময় হওয়া দরকার।”

    মি. পরওয়ার জানান, “এই ঘোষণাপত্র চূড়ান্ত করার জন্য দুইদিন আগ থেকে সরকারের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা রাজনৈতিক দলের কাছে যেয়ে ঘোষণাপত্রের খসড়া পেশ করেছিলেন। তবে সেই খসড়াগুলো সবাই সময়মতো পায়নি। যারা পেয়েছে, তারা অল্প সময় হাতে রেখে পাওয়ায় দলীয় ফোরামে আলোচনা করার সুযোগ পায়নি। সেজন্য ঘোষণাপত্রের খসড়ার ওপর সুনির্দিষ্টভাবে আলোচনা করার পরিবেশ ও সুযোগ আজকে ছিল না।”

    “খসড়ায় অনেক কিছু বাদ পড়েছে, কোনও মৌলিক ইস্যু যেন বাদ না পড়ে যায় তা নিয়ে কথা বলেছি আমরা” উল্লেখ করে তিনি আরও বলেন যে “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইসলামি শক্তি’র অনেক নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, গুম-খুন, ক্রসফায়ারে হত্যা করা হয়েছে এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রের কাঠামোতে স্থান পায়নি।”

    আজকের সব আলোচনা “প্রাথমিক” উল্লেখ করে তিনি বলেন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করার ব্যাপারে উপস্থিত সকল রাজনৈতিক দল সামগ্রিকভাবে “একমত” হয়েছে।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী'র সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার

    ছবির উৎস, TV SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বাংলাদেশ জামায়াতে ইসলামী'র সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার
  3. সীমান্তে কোনও লাশ ঝুলে থাকলে কাঁটাতারের অভিমুখে ‘মার্চ ফর ফেলানী’: সারজিস আলম

    সীমান্তে আর কোনও লাশ ঝুলে থাকলে কাঁটাতার অভিমুখে ‘মার্চ ফর ফেলানী’ কর্মসূচি করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

    আজ বৃহস্পতিবার কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভে ‘মার্চ ফর ফেলানী’র যাত্রা শুরু আগে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

    “আমরা আজ এই মার্চ ফর ফেলানীর পক্ষ থেকে শুধু একটি কথাই বলতে চাই, আর যদি আমার কোনও ভাই কিংবা বোনের লাশ আমাদের ওই সীমান্তের তারকাঁটায় ঝুলে থাকে, তবে আমাদের আজকের এই যে মার্চ ফর ফেলানী, সেই মার্চ ফর ফেলনী ওই তারকাটাকে উদ্দেশ্য করে মার্চ করবে,” বলেন মি. আলম।

    “আর যদি আমাদের ওই মার্চ তারকাটাকে উদ্দেশ্য করে হয়, তবে আমাদের এই লক্ষ্য তারকাটাকে ভেদ করে যতদূর দৃষ্টি যায়, ততদূর যাবে” উল্লেখ করে তিনি আরও আরও বলেন, “আজকের পর থেকে আমার বাংলাদেশের কোনও নাগরিকের দিকে যদি শকুনের দৃষ্টিতে তাকানোর চেষ্টা করে, তবে সেই দৃষ্টি উপরে ফেলার জন্য বাংলাদেশের ছাত্র-জনতা যথেষ্ট।”

    তিনি তার বক্তব্যে আরও বলেন, “পার্শ্ববর্তী রাষ্ট্র বিগত ৫৩ বছর ধরে একটি গোষ্ঠীকে ক্ষমতার চেয়ারে বসিয়ে যেভাবে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটির সার্বভৌমত্বকে কুক্ষিগত করে রেখেছিলো, বাংলাদেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে ২০২৪ সালে তার মোক্ষম জবাব দিয়েছে,” এবং “আগামীর বাংলাদেশের ছাত্র জনতা আর কোনোদিন নতজানু পররাষ্ট্র নীতি মেনে নিবে না।”

    “আগামী বাংলাদেশে ক্ষমতায় যারাই আসুক না কেন, ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য আপনাদের মাঝে কেউ যদি কোনও দেশ বা গোষ্ঠীর দালাল হন, তবে আপনাদের পরিণতি খুনী হাসিনার মতোই হবে,” যোগ করেন মি. আলম।

    ইতোমধ্যে বাংলাদেশের যতজন নাগরিক সীমান্ত হত্যার শিকার হয়েছেন, তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করার দাবিও জানান তিনি। সেইসাথে, কুড়িগ্রামে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে নিহত ফেলানী খাতুনের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল ফেলানীর নামে করার দাবি করেন তিনি।

    সারজিস আলম

    ছবির উৎস, TV SCREEN GRAB

    ছবির ক্যাপশান, সারজিস আলম
  4. 'সাড়ে পাঁচ মাস পরে ঘোষণাপত্রের প্রয়োজন ছিল কি না,' প্রশ্ন করেছেন বিএনপি প্রতিনিধি

    জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি’র তরফ থেকে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

    বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকরা তার কাছে জানতে চান যে সেখানে আজ কী কী আলাপ হয়েছে। উত্তরে বিএনপি’র এই নেতা বলেন যে রাষ্ট্র পরিচালনার বিষয়ে তারা পরামর্শ-মতামত দিয়েছেন।

    সেসবের মাঝে ঘোষণাপত্র বিষয়ক কোনও পরামর্শ ছিল কি না জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে। সব রাজনৈতিক দলের নেতারা তাদের পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন।”

    “আমরা প্রশ্ন করেছি, সাড়ে পাঁচ মাস পরে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলেই কোনও প্রয়োজন ছিল কি না। যদি থেকে থাকে, সেটার রাজনৈতিক, ঐতিহাসিক এবং আইনি গুরুত্ব কী?”

    “সেগুলো নির্ধারণ করতে হবে, যাতে এই ঘোষণাপত্র কেন্দ্র করে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে, সেখানে কোনও ফাটল সৃষ্টি না হয়। এদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে,” যোগ করেন তিনি।

    মি. আহমেদ বলেন, “কোনও রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হলে সেই দলিলকে অবশ্যই আমরা সম্মান করি। কিন্তু সেটি প্রণয়ন করতে গিয়ে সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের পরামর্শ নেওয়া হয়। আলোচনা করা হয়, সেই দিকটায় আমি পরামর্শ দিয়েছি। সকল উপদেষ্টাকে এ দিকটায় নজর রাখার অনুরোধ করেছি যাতে আমাদের মধ্যে যাতে কোনোরকম বিভ্রান্তি সৃষ্টি না হয়।”

    বিএনপির এই নেতা বলেন, “সবচাইতে জরুরি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা। জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, সেটিকে গণঐক্যে রূপান্তরিত করে রাজনৈতিক সংস্কারের মধ্যে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ। কোনও ফ্যাসিবাদী শক্তি কোনোরকম অনৈক্যের বীজ যেন আমাদের মাঝে বপন না করতে পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।"

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

    ছবির উৎস, TV SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
  5. জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল

    জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, “ঘোষণাপত্র তৈরির বিষয়ে সবাই একমত পোষণ করেছে। সবার ঐকমত্যের ভিত্তিতে আরও নিবিড় আলোচনার ভিত্তিতে এই ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত। সবাই আশাবাদ ব্যক্ত করেছে এই প্রক্রিয়ায় আমরা সফল হতে সক্ষম হবো।”

    কবে নাগাদ এটি ঘোষণা করা হতে পারে জিজ্ঞেস করলে তিনি বলেন, “রাজনৈতিক দল ও ছাত্রদের যারা অংশগ্রহণ করেছেন, সকলেই বলেছেন যে এই ঐকমত্য পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য যত সময়ই লাগুক, সেই সময় যেন নেওয়া হয়।”

    “তাড়াহুড়া যেন না করা হয়। অযথা কালক্ষেপণও যেন না করা হয়,” যোগ করেন তিনি।

    ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে আলোচনার জন্য যেন কমিটি গঠন করার প্রস্তাবও রাজনৈতিক দলগুলোর তরফ থেকে এসেছে। তিনি বলেন, সবার প্রস্তাব বিবাচেনা করে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।

    “কোথাও অনৈক্যের সুর” নাই উল্লেখ করে তিনি বলেছেন, আজকের বৈঠকে “শুধুমাত্র পদ্ধতি নিয়ে বিভিন্ন মতামত এসেছে। সবাই যেন অনুভব করে যে এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের মালিকানা তারও আছে, সে ব্যাপারে বিভিন্ন মতামত এসেছে। এটি সুদৃঢ় ঐক্যের পথে সহায়ক হবে।”

  6. আমি যতদিন আছি, একতা নিয়েই থাকবো: প্রধান উপদেষ্টা

    জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান বৈঠকের সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকলকে একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

    আজ বৃহস্পতিবার তিনি তার বক্তব্যে বলেন, “আমি যতদিন আছি, এই একতা নিয়েই থাকবো। সেই পথেই চলতে হবে। আপনারা সেই সাহস আমাদেরকে দেন। পাঁচই অগাস্টের কথা স্মরণ করে আপনাদেরকে দেখে আজ খুবই সাহসী মনে হচ্ছে যে আমরা একতাবদ্ধভাবে আছি।”

    রাজনৈতিক দলগুলোর উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের সাথে দেখা হলে, বসতে পারলে আমার ভালো লাগে, মনে সাহস পাই। কারণ এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে। ঐক্যের দ্বারাই এটি সৃষ্টি। আমরা নিজেরা নিজেরা কাজ করি যখন, তখন হঠাৎ দেখি একা পড়ে গেছি, আশেপাশে কেউ নাই আপনারা। তখন একটু দুর্বল মনে করি। যখন আপনারা সবাই একসঙ্গে হন, মনের মধ্যে সাহস হয় যে আমরা একতাবদ্ধভাবে আছি। একতাতেই আমাদের জন্ম। একতাতেই আমাদের শক্তি।”

    এই বক্তব্যের মাঝেই তিনি জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের প্রসঙ্গে কথা বলেন।

    স্মৃতিচারণ করে তিনি বলেন, “মাঝখানে একদিন ছাত্ররা এসে বললো যে তারা একটি ঘোষণা দিবে। আমাকেও সেখানে থাকতে হবে। আমি বুঝতে চাইলাম যে কী প্রোক্লেমেশন দিচ্ছে, বললো। আমি বললাম যে এটা হবে না। আমার যাওয়াটাও ঠিক হবে না, তোমাদেরও করা ঠিক হবে না।”

    “কারণ তোমরা যদি পাঁচই অগাস্টে ফিরে যেতে চাও, সেই দিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিলো সেটিকে রিক্রিয়েট করতে হবে। একা এটা করা যাবে না। ওইদিনের পুরো অনুভূতিই ছিল একতার অনুভূতি। কাজেই তোমরা করতে চাইলে সবাইকে নিয়ে করতে হবে। এটা না করলে যে একতা নিয়ে তোমরা পাঁচই অগাস্ট সৃষ্টি করেছিলে, সেটির অবমাননা হবে,” বলেন প্রধান উপদেষ্টা।

    প্রধান উপদেষ্টা এও বলেন যে সেদিনের তার কথায় ছাত্ররা “খুব খুশি হয় নাই। কিন্তু ক্রমে তারা বুঝলো যে পাঁচই অগাস্টকে রিক্রিয়েট করতে হলে তাহলে এভাবেই করতে হবে।”

    তার মতে, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ঐক্যবদ্ধভাবে না করতে পারলে “এটির উদ্দেশ্য ব্যহত হবে” এবং সেক্ষেত্রে “এটির দরকারও নাই আসলে।”

    “সবাই একত্র থাকলে সবার মনেই সাহস আসবে। সারা দেশ চমকে উঠবে যে আমরা জেগে আছি এখনও। আমরা ভোঁতা হয়ে যাইনি এখনও। আমাদের অনুভূতি ভোঁতা হয়নি এখনও। আমাদের অনুভূতি এখনও চাঙ্গা আছে। আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ আছি,” তিনি যোগ করেন।

  7. ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ মিছিলে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

    পাঠ্যপুস্তক থেকে 'আদিবাসী' সংক্রান্ত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে আদিবাসীদের ওপর যে হামলা চালানো হয়েছিলো, তার প্রতিবাদে ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ ব্যানারে একদল বিক্ষোভকারী বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে শিক্ষাভবনের সামনে পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে।

    বিক্ষোভকারীরা এদিন সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আন্দোলন চালিয়ে চালিয়ে যাচ্ছিলেন এবং এক পর্যায়ে তারা সচিবালয় ঘেরাও করার জন্য অগ্রসর হন।

    তখন শিক্ষা ভবনের সামনে তারা পুলিশের বাধার মুখোমুখি হন। বিক্ষোভকারীরা সেখানে থাকা ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করে।

    পরবর্তীতে সেখানে সাউন্ড গ্রেনেড ব্যবহারের পাশাপাশি বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জও করা হয়।

    পুলিশের রমনা জোনের উপকমিশনার মো. মাসুদ আলম ঘটনাস্থল থেকে সাংবাদিকদের বলেন, তারা শুরুতে আন্দোলনকারীদেরকে অনুরোধ করেছিলো।

    “তাদেরকে বলা হয়েছিলো, এরপর আর যাইয়েন না। এই পর্যন্ত থাকেন। আপনারা যদি যান, সবাই উৎসাহিত হবে। সবাই সচিবালয়ের সামনে যাবে। অনুরোধ করার পরও…তাদের প্রথমেই টার্গেট হলো আমাদের ব্যারিকেড…আমরা এত সুন্দর করে ব্যারিকেড দিছি, তালা পর্যন্ত দিছি যাতে ওদের সাথে হাত দেওয়া না লাগে, ওইটাও ভেঙে ফেলছে,” বলছিলেন মি. আলম।

    “যখনই ভেঙে ফেলছে, তখন আমরা জলকামান ব্যবহার করছি, যাতে না যেতে পারে। তাদের ছত্রভঙ্গ করার জন্য হালকা হাওয়া দিছি। সাউন্ড গ্রেনেড দেওয়া হইছে, যাতে ছত্রভঙ্গ হয়ে চলে যায়। এইটুকুই আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য কাউরে মারা না, কারও ক্ষতি করা না।”

    এই আন্দোলনের সাথে জড়িত কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার অন্তত তিন থেকে চার জন আহত হওয়ার খবর পেয়েছেন তারা।

    ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ ব্যানারে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে সচিবালয়ের দিকে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে।
    ছবির ক্যাপশান, ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ ব্যানারে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে সচিবালয়ের দিকে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে।
  8. আগামীকাল মেডিকেল ভর্তি পরীক্ষা, যেসব সড়ক পরিহার করার অনুরোধ ডিএমপি’র

    সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেজন্য ঢাকার সুনির্দিষ্ট কিছু এলাকা পারতপক্ষে পরিহার করার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিশন পুলিশ—ডিএমপি।

    এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, দেশের ১৯টি কেন্দ্রের একাধিক স্থানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    এর মাঝে ঢাকায়ই রয়েছে ১৬টি ভেন্যু। সেগুলো হলো— ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বাণিজ্য অনুষদ ও সমাজ বিজ্ঞান অনুষদ; উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস); ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ (বুয়েট ক্যাম্পাস); বেগম বদরুন্নেছা সরকারি কলেজ; ঢাকা মেডিকেল কলেজ; ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ (নিউ বেইলী রোড); সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (নিউ বেইলী রোড); শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (আগারগাঁও); ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (আগারগাঁও); সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ; শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; ইডেন মহিলা কলেজ; সরকারি বাংলা কলেজ (মিরপুর) এবং সরকারি তিতুমীর কলেজ (মহাখালী)।

    পরীক্ষা উপলক্ষ্যে এসব পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের সড়কগুলো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সংলগ্ন সড়ক, বেইলি রোড, মগবাজার-কাকরাইল সড়ক, নিউমার্কেট-আজিমপুর সড়ক, রোকেয়া সরণী, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ সংলগ্ন সড়কে অনেক গাড়ি থাকবে।

    তাই, এসব সড়ক যথাসম্ভব পরিহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

  9. শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

    শেখ পরিবারের নামে থাকা ১৩টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক থেকে এ তথ্য জানানো হয়।

    মি. মাহমুদের পোস্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম নওগাঁ বিশ্ববিদ্যালয় করা হয়েছে।

    গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিনেইম ইউনিভার্সিটির নাম মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যরোস্পেস বিশ্ববিদ্যালয়ের নাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছে সরকার।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ থেকে পরির্তন করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের নাম মেহেরপুর বিশ্ববিদ্যালয়, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়রতপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর নাম পরিবর্তন করে 'বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি' দেওয়া হয়েছে।

    জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে করা হয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

    আসিফ মাহমুদের ফেসবুক পেইজ থেকে
    ছবির ক্যাপশান, আসিফ মাহমুদের ফেসবুক পেইজ থেকে
  10. প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে যোগ দিবে বিএনপি

    জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিকেলে রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা, তাতে বিএনপি’র তরফ থেকে যোগ দিবেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

    আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপি’র প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

    যদিও শুরুতে ওই সংলাপে যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিলো। কারণ এদিন সকালে কয়েকটি বেসরকারি টেলিভিশনের স্ক্রলে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্ধৃত করে 'বিএনপি সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না' এমন খবর প্রকাশ হয়েছিলো।

    তবে বিবিসি বাংলার সাথে আলাপে দলটির স্থায়ী কমিটির সদস্য মি. টুকু ওই খবরকে 'ভুল সংবাদ' বলে মন্তব্য করেছেন। তিনি তখনই সালাহউদ্দিন আহমেদের যোগ দেওয়ার কথা বিবিসি বাংলাকে জানান।

  11. 'এনসিটিবির সামনে হামলায় নাগরিক কমিটি কর্মী জড়িত', ব্যবস্থা নেয়ার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

    এনসিটিবির সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাসহ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলায় জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানা প্রতিনিধি শাহাদাৎ ফরাজী সাকিবের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যাচ্ছে।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ভিডিও ফুটেজ এবং অভিযুক্ত ব্যক্তির স্যোশাল মিডিয়া কার্যক্রমে সেটি স্পষ্ট।

    "জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে নাগরিক সমাজকে প্রতিনিধিত্ব করার অভিপ্রায়ে গঠিত, জাতীয় নাগরিক কমিটির একজন প্রতিনিধি জাতিগত বিভাজন জিইয়ে রাখা ও ন্যাক্কারজনক হামলায় জড়িত থাকা মোটেই বাঞ্ছনীয় নয়," উল্লেখ করে বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    এতে আরও বলা হয়েছে, আমরা আশা করি, হামলায় সংশ্লিষ্টতার দায়ে অভিযুক্ত শাহাদাৎ ফরাজী সাকিবের বিষয়ে জাতীয় নাগরিক কমিটি অতিদ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে গণঅভ্যুত্থানের স্পিরিটের প্রতি নিজেদের দায়বদ্ধতার পরিচয় দেবে।

    হামলায় আহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাসহ বেশ কয়েকজন
    ছবির ক্যাপশান, হামলায় আহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাসহ বেশ কয়েকজন
  12. মুক্তি পেয়েছেন লুৎফুজ্জামান বাবর

    সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

    টানা ১৭ বছর কারাবাসের পর বৃহস্পতিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

    বেলা দুইটার দিকে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। তার বিরুদ্ধে থাকা সব মামলায় খালাস পাওয়ায় তিনি কারামুক্ত হলেন।

    কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নতুল ফরহাদ জানান, বৃহস্পতিবার আদালত থেকে তারা রিলিজ অর্ডার পেয়েছেন।

    এদিকে বাবরের মুক্তির খবরে কারাগারের সামনে সকাল থেকেই অবস্থান নেন দলের নেতাকর্মী ও স্বজনরা। তিনি কারাগার থেকে বেরিয়ে আসার পর তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।

    ছাদখোলা গাড়ি করে যাওয়ার পথে নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন মি. বাবর। দলের নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে কারাগার থেকে জিয়াউর রহমানের সমাধির উদ্দেশে রওনা দিয়েছেন।

    সেখানে শ্রদ্ধা জানানো শেষে লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে দলীয় নেতারা জানিয়েছেন।

    ২০০৭ সালের ২৮শে মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

    তবে আওয়ামী লীগের সরকার পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি। সবশেষ আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা থেকে খালাস পান তিনি।

  13. হোটেল-রেস্তোরাঁয় ভ্যাট কমে আগের মত পাঁচ শতাংশ

    খাবার

    ছবির উৎস, Getty Images

    হোটেল-রেস্তোরাঁয় নতুন নির্ধারণ করা১৫ শতাংশ ভ্যাট কমিয়ে আগের মত পাঁচশতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

    বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক আইন ও বিধি বিভাগের দ্বিতীয় সচিব মো. বদরুজ্জামান মুন্সী।

    আজই এ বিষয়ে এনবিআরের আদেশ জারি হওয়ার কথা রয়েছে।

    গত নয়ই জানুয়ারি অধ্যাদেশ জারি করে হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল।

    এরপর রাতারাতি হোটেল-রেস্তোরাঁয় খাবারের দাম বেড়ে যায়। সাথে অ্যাপভিত্তিক ফুড ডেলিভারি প্রতিষ্ঠানগুলোতেও বেড়ে যায় খাবারের দাম।

    এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়।

    এমন প্রেক্ষাপটে সারা দেশে মানববন্ধন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

    এনবিআরকে রেস্তোরাঁ মালিক সমিতি লেখা চিঠিতে ব্যবসায়ীরা ভ্যাট ১৫ শতাংশ করা হলে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে এমন আশংকা জানান।

    যে কারণে ভ্যাট হার পাঁচ শতাংশের মধ্যে রাখার আবেদন জানায় রেস্তোরাঁ মালিক সমিতি।

    ভোক্তা এবং ব্যবসায়ী উভয়ের কথা বিবেচনা করে রেস্তোরাঁ খাতে ভ্যাট হার পাঁচ শতাংশই বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মো. বদরুজ্জামান মুন্সী।

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

    ছবির উৎস, NBR

  14. ওবায়দুল কাদেরের 'কথিত' পালিত ছেলে গ্রেফতার

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালিত ছেলে আসাদুজ্জামান হিরুকে গুলশান থেকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ।

    বুধবার মধ্যরাতে গুলশান থানা পুলিশের বিশেষ একটি দল তাকে গ্রেফতার করে।

    ঢাকার বাড্ডা থানার এক হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ওসি তৌহিদ আহমেদ।

    পরে রাতেই তাকে বাড্ডা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

  15. টিউলিপ সিদ্দিককে 'দুনীতিগ্রস্ত' বলে ইলন মাস্কের টুইট

    টিউলিপকে নিয়ে ইলন মাস্কের মন্তব্য

    ছবির উৎস, X

    ছবির ক্যাপশান, টিউলিপকে নিয়ে ইলন মাস্কের মন্তব্য

    টিউলিপ সিদ্দিককে 'দুর্নীতিগ্রস্ত' মন্তব্য করে টুইট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) কর্ণধার ইলন মাস্ক।

    নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে দুবাইভিত্তিক উদ্যোক্তা এবং বক্তা মারিও নওফালের একটি পোষ্ট শেয়ার করে মি. মাস্ক লিখেছেন, "ব্রিটেনের লেবার পার্টির শিশু কল্যান বিষয়ক মন্ত্রী নিপীড়কদের রক্ষা করে আর দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত"।

    মঙ্গলবার ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেন।

    বাংলাদেশে দুর্নীতির তদন্তে তার নাম আসার পর থেকেই তার ওপর পদত্যাগের চাপ বাড়ছিল। যদিও টিউলিপ সিদ্দিক বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

    লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকে টিউলিপ সিদ্দিক দেশটির ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

    তার কাজ ছিল যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া।

    অন্যদিকে, যুক্তরাজ্যের সেফগার্ডিং (নারীদের ওপর সহিংসতা থেকে সুরক্ষাবিষয়ক) মন্ত্রী জেস ফিলিপসের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই টুইট করে আসছেন ইলন মাস্ক।

    ইলন মাস্কের বক্তব্যকে 'মিথ্যা তথ্য' হিসেবে বর্ণনা করেছেন মিজ ফিলিপস এবং বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন মাস্কের বক্তব্যের ফলে তিনি 'নিরাপত্তা ঝুঁকির' মধ্যে পড়ছেন।

    এ নিয়ে আরো পড়তে পারেন:

  16. বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা, হাসপাতালে অস্ত্রোপচার

    সাইফ আলী খান

    ছবির উৎস, ANI (File Photo)

    ছবির ক্যাপশান, সাইফ আলী খান

    নিজের বাড়িতে অজ্ঞাত পরিচয় হামলাকারীর ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে।

    হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা নীরাজ উত্তমানি জানান, সাইফ আলী খানের শরীরে ছয়টি ছুরিকাঘাত রয়েছে এবং এর মধ্যে দুটি বেশ গভীর। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার অস্ত্রোপচারে অংশ নিচ্ছেন।

    বৃহস্পতিবার ভোরে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সাইফের বাড়িতে এই হামলা হয়।

    মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দিক্সিত গেডাম বিবিসি মারাঠিকে জানিয়েছেন, মধ্য রাতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সাইফ আলী খানের বাসভবনে প্রবেশ করে এবং তার গৃহপরিচারিকার সাথে তর্ক করতে থাকে।

    এ সময় অভিনেতা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ওই ব্যক্তি সাইফ আলী খানের ওপর অতর্কিত ছুরিকাঘাত করে।

    পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

    সাইফ আলী খানের পরিবার এখনও এই ঘটনায় কোনো বিবৃতি দেয়নি। কিন্তু তার জনসংযোগ দল জানিয়েছে, এটি ‘সিঁধেল চুরির’ ঘটনা। তারা সাইফের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে সংবাদ মাধ্যম ও তার ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছে।

  17. জুলাই ঘোষণাপত্র চূড়ান্তে সর্বদলীয় বৈঠক, বিএনপির যোগ দেয়া নিয়ে আলোচনা

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু
    ছবির ক্যাপশান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু

    জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিকেলে যে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা - তাতে বিএনপি যোগ দেবে কী না তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

    সকালে কয়েকটি বেসরকারি টেলিভিশনের স্ক্রলে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্ধৃত করে 'বিএনপি সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না' এমন খবর প্রকাশ হয়।

    কিন্তু বিবিসির সাথে আলাপে দলটির স্থায়ী কমিটির সদস্য মি. টুকু ওই খবরকে 'ভুল সংবাদ' বলে মন্তব্য করেছেন।

    তিনি বিবিসিকে জানিয়েছেন, বিকেলে ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যাবেন।

    মি. টুকু আরো জানিয়েছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে এখন, এরপরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

    এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক করা হবে।

    সেদিন ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, সর্বদলীয় বৈঠকে ঠিক হবে জুলাই ঘোষণাপত্রে কী থাকবে, কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং সরকার কীভাবে এতে ভূমিকা রাখবে।

    বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, আজ বিকেল চারটায় ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এ সর্বদলীয় বৈঠক শুরু হবে, যা চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত। ।

    এই সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য সেইসাথে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনে উপস্থিত থাকার কথা রয়েছে।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ৩১শে ডিসেম্বর শহীদ মিনারে 'জুলাই বিপ্লবের ঘোষণাপত্র' প্রকাশের মাধ্যমে 'বাহাত্তরের মুজিববাদী সংবিধানের কবর রচনা হবে' এমন ঘোষণা দেয়া হয়েছিল।

    এ নিয়ে আরো পড়তে পারেন:

  18. বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ এবং বিশ্বের সব ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়। রিপোর্টিং করছেন সানজানা চৌধুরী।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে