আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বৃহস্পতিবার সারাদেশে 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা

বৃহস্পতিবার থেকে সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলকারীরা। অন্যদিকে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতের রায়ের জন্য সবাইকে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

সার সংক্ষেপ

  • বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
  • আমার বিশ্বাস, আমাদের ছাত্র সমাজ সর্বোচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবে। তাদের হতাশ হতে হবে না- বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কক্সবাজারে, বগুড়া, শেরপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের কর্মীদের সাথে সংঘর্ষ, বহু আহত
  • দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
  • কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ প্রকাশ

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদেশে 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা

    বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বুধবার বিকেলে ফেসবুক পোস্টে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।

    এতে বলা হয়, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ই জুলাই সারাদেশে "কমপ্লিট শাটডাউন" ঘোষণা করছি”।

    এই ঘোষণায় জানানো হয়েছে, শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোন প্রতিষ্ঠানের দরজা খুলবে না, এ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোন গাড়িও চলবে না।

    সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের বৃহস্পতিবারের কর্মসূচি সফল করার আহবানও জানানো হয়েছে।

    ফেসবুক পোস্টে মি. মাহমুদ বলেন, ‘আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের”।

  2. জাহাঙ্গীরনগরে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ চলছে

    আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ সময় বেশ কয়েকজন আহত ও দুই জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিক নাশীর উদ্দিন বিবিসি বাংলাকে বলেন, “বুধবার সকালে সিন্ডিকেট সভায় ক্যাম্পাস বন্ধ ও হল খালি করার ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীরা রেজিস্টার ভবন ঘেরাও করেছিল।

    বিকেলের দিকে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে”। পরে পুলিশের উপস্থিতিতে আটকে পড়া শিক্ষকরা রেজিস্টার ভবন থেকে বের হয়ে চলে যান।

    এর কিছুক্ষণ পর বিকেল সোয়া পাঁচটার দিকে পুলিশ এসে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড মেরে শিক্ষার্থীদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। এসময় রাস্তায় অবস্থান করে পুলিশের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

    বিকেল থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে সংঘর্ষ সন্ধ্যা নাগাদ পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে বলে জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহাগ আহমেদ।

  3. শিক্ষার্থীরা আদালত থেকে ন্যায় বিচার পাবে, তাদের হতাশ হতে হবে না: শেখ হাসিনা

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেয়া ভাষণে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা আদালতের রায় আসা পর্যন্ত অপেক্ষা করে।

    ''আমার বিশ্বাস, আমাদের ছাত্র সমাজ সর্বোচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবে। তাদের হতাশ হতে হবে না,'' বলেছেন শেখ হাসিনা।

    তিনি বলেন, ''আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী ঘটনা চালিয়েছে, এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। ''

    ''আমি আরো ঘোষণা করছি, হত্যাকাণ্ডসহ যেসকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সেসকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। ''

    শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ''সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে। আদালতে শুনানির তারিখ রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ রয়ছে। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে সকলকে অপক্ষো করার অনরোধ করছি।''

  4. কোটা সংস্কারের আন্দোলন, রাজশাহী ও খুলনার চিত্র

    রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল দশটার দিকে কোটা বিরোধী আন্দোলনকারীরা অবস্থান নেয়।

    সেখান থেকে সাংবাদিক মীর কাদির বিবিসি বাংলাকে জানিয়েছেন, কোটা বিরোধী আন্দোলনকারীরা শহীদ হবিবুর রহমান ছাত্রাবাসে গিয়ে কয়েকটি কক্ষ ভাঙচুর করে, যেখানে ছাত্রলীগ নেতারা থাকতেন।

    আন্দোলনকারীরা এক পর্যায়ে উপাচার্যকে ঘেরাও করে রাখে। আবাসিক হলগুলো ছেড়ে দেবার নির্দেশ দেয়া হলেও শিক্ষার্থীরা সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেখানে অবস্থান করছিল এবং ছাত্রবাস ছেড়ে যেতে অস্বীকৃতি জানায়।

    বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যকে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর সন্ধ্যা সাতটার দিকে পুলিশ টিয়ারশেল ছুঁড়ে সেখান থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়।

    খুলনায় আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করেছে।

    স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন, খুলনা বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ, খুলনা মেডিকেল এবং বিভিন্ন বেসরকাির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

    খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বুধবার বিকেল পাঁচটা এবং ছাত্রীদের বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার মধ্যে আবাসিক হল ছেড়ে যাবার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু সেখানে শিক্ষার্থীরা আবাসিক হল ছেড়ে যেতে অস্বীকৃতি জানাচ্ছে।

  5. কোটা সংস্কার আন্দোলন নিয়ে জাতিসংঘের উদ্বেগ

    বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।

    জাতিসংঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংএ মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানান। ব্রিফিং এ তার কাছে বাংলাদেশের চলমান কোটা আন্দোলন নিয়ে জানতে চাওয়া হয়।

    মি. ডুজারিক বলেন, “ আমরা পরিস্থিতি সম্পর্কে অবগত। উদ্বেগ নিয়েই গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমি মনে করি, বাংলাদেশসহ বিশ্বের অন্য সব জায়গায় মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে”।

    “শান্তিপূর্ণ প্রতিবাদ করা মৌলিক মানবাধিকার। বাংলাদেশ সরকারের উচিত মানুষের এ অধিকার নিশ্চিত করা” বলেন তিনি।

    মি. ডুজারিক বলেন, “যে কোন হুমকি ও সংঘাত থেকে প্রতিবাদকারীদের রক্ষা করার উদ্যোগ নিতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাই”।

  6. মোবাইল ইন্টারনেট সার্ভিস ব্যাহত

    ঢাকার বিভিন্ন এলাকায় মোবাইলে ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়েছে মানুষ। দুপুরের পর থেকে মোবাইলে ইন্টারনেটের গতি কমে গেছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও দুপুর থেকে ব্যাহত ছিল ইন্টারনেট সার্ভিস।

    বিবিসি বাংলার সংবাদদাতারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না। ফেইসবুক ও ম্যাসেঞ্জার ও ব্যবহার করা যাচ্ছে না।

    ক্যাম্পাসে ইন্টারনেটের ধীরগতির কারণে কোন ধরনের পোস্ট, ছবি, ভিডিও পোস্ট করা যাচ্ছে না বলে জানিয়েছেন তারা।

  7. আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কিছু ছবি

    মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়।

    গায়েবানা জানাজা শেষে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা রাজু ভাস্কর্যের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এই সময় ব্যাপক সংষর্ঘ শুরু হয়।

    পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে শিক্ষার্থীরা ইট পাটকেল ছুড়তে শুরু করে। এর আগে ছাত্রলীগের নেতাকর্মীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে দেয় শিক্ষার্থীরা। ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষসহ অনেকের কক্ষ ভাঙ্গচুর করা হয়।

  8. মুক্তিযোদ্ধাদের সমাবেশ ঘোষণা

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, কোটা সংস্কার আন্দোলন এখন স্বাধীনতার বিরোধীদের হাতে চলে গেছে। কাজেই আর বসে থাকার সময় নেই।

    জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদ এ সংবাদ সম্মেলন আয়োজন করে।

    এ সংবাদ সম্মেলনে মি. হক বলেন, কোটা সংস্কারের আন্দোলনের সুতার নাটাই আন্দোলনকারীদের হাতে নেই। যারা স্বাধীনতার বিরোধীতা করে গেছে, তাদের হাতে গেছে।

    মুক্তিযুদ্ধের চেতনার আঘাতকারীদের প্রতিহত করার লক্ষ্যে বৃহস্পতিবার বেলা তিনটায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে।

    মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের চেতনাধারী জনগণ এ সমাবেশ উপস্থিত হবে।

  9. ভিডিও: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ

  10. সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশ জুড়ে সহিংসতার প্রেক্ষাপটে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

    গত কয়েকদিনের মতো বুধবারও ঢাকায় ও আরো কয়েকটি জেলায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে।

    ছাত্রলীগ ও পুলিশের সাথে সহিংসতায় মঙ্গলবার দেশে ছয় জন নিহত হয়েছিল।

    বুধবার দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের সাথে কোটা সংস্কার আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষের তথ্য পাওয়া যাচ্ছে।

    রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করছে, অন্যদিকে মল চত্বরের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করছে।

  11. চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় মামলা

    চলমান আন্দোলনক ঘিরে মঙ্গলবার বিকেলে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনায় মোট চারটি মামলা হয়েছে।

    তিনটি মামলা পাঁচলাইশ থানায় এবং একটি মামলা খুলশী থানায় করা হয়। বুধবারই এসব মামলা করা হয়।

    এখন পর্যন্ত ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচলাইশ থানার তিন মামলার মধ্যে দুইটির বাদী পুলিশ।

    হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দুইটি করা হয়। এসব মামলায় অজ্ঞাতনামা ছয় হাজার থেকে সাত হাজার মানুষকে আসামি করা হয়েছে।

    আরেকটি মামলা করেন আহত এক ব্যক্তির মা। এ মামলায় এক থেকে দেড়শ মানুষকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

    এছাড়া খুলশী থানায় এমইএস কলেজের শিক্ষার্থী শাহেদ আলী বাদী হয়ে মামলা করেন। এতে ৫০০-৬০০ জনকে আসামি করা হয়েছে। মারামারির ঘটনায় এ মামলাটি করা হয়।

  12. রাজু ভাস্কর্যের সামনে যেতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারসেল নিক্ষেপ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে কোটা সংস্কারের পক্ষে শিক্ষার্থীরা গায়েবানা জানাজা পড়িয়েছে। এরপর টিএসসির দিকে রাজু ভাস্কর্যের সামনে তারা যেতে চাইলে বাধা দেয় পুলিশ।

    এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল ছুঁড়েছে পুলিশ।

    টিএসসির পুরো এলাকায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

    ঘটনাস্থল থেকে বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, রাজু ভাস্কর্যের সামনে পুলিশ অবস্থান নিয়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল ছুড়ছে। অন্যদিকে মল চত্বরের দিকে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ইটপাটকেল ছুড়ছে।

    পুরো বিশ্ববিদ্যালয় এলাকা অনেকটা রণক্ষেত্র পরিণত হয়েছে।

    শিক্ষার্থীদের বাধা দেয়ার সময় ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও আইন বিভাগের ছাত্র আখতারুজ্জামানকে আটক করেছে পুলিশ।

    এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গতকাল আটক করা দুই শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে এনেছেন নিপীড়ন বিরোধী শিক্ষকরা।

  13. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাঈদের জানাজা

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে পীরগঞ্জে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

    বাড়ির পাশের জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে সকাল সোয়া নয়টায় প্রথম জানাজা হয়।

    এরপর প্রায় সাড়ে নয়টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের আরো কিছু শিক্ষক – শিক্ষার্থী এলে দ্বিতীয় জানাজা হয়। পরে সোয়া দশটার দিকে সাঈদের লাশ দাফন করা হয়।

    এছাড়া বেগম রোকেয়া বিশ্ববদ্যিালয়ে গায়েবানা জানাজা পড়ানো হয় দুপুরে।

  14. আমার ভাই-বোনদের উপর আর কোনও সহিংসতা দেখতে চাই না: মুশফিক

    দেশব্যাপী চলমান কোটা সংস্কারের আন্দোলনে নিয়ে মন্তব্য করেছেন ক্রিকেটার মুশফিকুর রহিম।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সে কথা উল্লেখ করে মি. রহিম ভেরিফায়েড ফেইসবুক পেইজে লেখেন, “আমি আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না।”

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক গতকাল শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে আহত হন।

    সে বিষয়টিকে উল্লেখ করে তিনি বলেন, “এটা মেনে নেয়া কঠিন কোনও ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনেস্তা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি।”

    সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি এই সমস্যা সমাধানের জন্য শান্তিপূর্ণ রাস্তা বের করার অনুরোধ করেন এবং অবিলম্বে ‘রক্তপাত” বন্ধ করার আহ্বান জানান।

  15. শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ মোস্তফা সরয়ার ফারুকী’র

    শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

    বুধবার দুপুরে তিনি তার ভেরিফায়েড ফেইসবুক পেইজে লেখেন, “আপনারা যারা ভাবছেন আন্দোলনটা স্রেফ একটা চাকরির জন্য, তারা বোকার স্বর্গে আছেন।”

    “আপনারা এর (আন্দোলনের) সবগুলা শ্লোগান খেয়াল করেন। দেখবেন, এই আন্দোলন নাগরিকের সম-মর্যাদার জন্য। এই আন্দোলন নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে না বাঁচার জন্য। এই আন্দোলন রাষ্ট্রক্ষমতায় যারা আছেন তাদের মনে করিয়ে দেয়ার জন্য যে, দেশের মালিক তারা না।”

    তিনি আরও বলেন যে দেশের আসল মালিক জনগণ এবং সেই “জনগণকে রাষ্ট্র যে পাত্তা দেয় না, এই আন্দোলন সেটার বিরুদ্ধেও একটা বার্তা। রাষ্ট্র জনগণকে কেনও পাত্তা দেয় না, এই আন্দোলনকারীরা সেটাও বোঝে। যে কারণে ভোটের বিষয়টাও শ্লোগান আকারে শুনেছি।”

    “পাবলিক সারভেন্ট শব্দটা বেশ ভালো। নির্বাচিত (!) প্রতিনিধি বা যে কোনও সরকারি বেতনভুক্ত ব্যাক্তিকে এই শব্দেই ডাকা উচিৎ সবসময়। এই আন্দোলন সেই পাবলিক সারভেন্টদের মনে করিয়ে দেয়ার চেষ্টা করছে, আপনি আমার কাছে জবাবদিহি করতে বাধ্য,” তিনি যোগ করেন।

  16. ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান: ওবায়দুল কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের অস্তিত্বের প্রতি হামলা এসেছে, হুমকি এসেছে। এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে। কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান।’

    বুধবার সকালে ঢাকায় আওয়ামী লীগের একটি মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক, মুক্তিযুদ্ধের চেতনা ধারন করি, লালন করি, বিশ্বাস করি সেই চেতনায় বিশ্বাসীরা, আমরা চুপ করে বসে থাকতে পারি না। এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে। কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান।’

    কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রসঙ্গ ওবায়দুল কাদের বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে কেন রাস্তাঘাট দখল করতে যাবে? সহিংসতায় জড়াবে? এই আন্দোলনের নেতৃত্ব নিঃসন্দেহে অশুভ শক্তির হাতে চলে গেছে। সেই অবস্থায় আমরা নিশ্চুপ থাকতে পারি না।’

    ‘আমাদের সারা দেশের প্রত্যেক নেতা-কর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি, সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থান নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। কোনো অপশক্তির সঙ্গে আপস করা যাবে না।’

  17. জাহাঙ্গীরনগরে হল ছাড়ার নির্দেশ, প্রতিবাদে রেজিস্ট্রার ভবনে ভাঙ্গচুর

    বুধবার বেলা একটার দিকে শিক্ষার্থীদের সামনে বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়ার ঘোষণা দিতে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান।

    তখন উত্তেজিত শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবন ভাঙ্গচুর করে ও ভিসিকে ভেতরে অবরুদ্ধ করে রাখে।

    রেজিস্ট্রার ভবনে হামলার ঘটনার পর প্রধান ফটক দিয়ে অসংখ্য পুলিশ ঢুকে এপিসি কারসহ। এখন পুলিশ আর শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে বলে জানিয়েছেন একটি অনলাইন পোর্টালের ক্যাম্পাস প্রতিনিধি প্রতিনিধি হাসিব তানভীর।

  18. গণঅধিকার পরিষদের গায়েবানা জানাজা

  19. প্রাধ্যাক্ষ সহ হাউজ টিউটরদের রুমে রেখে তালা দিয়েছে জগন্নাথের ছাত্রীরা

    অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা ও নারী শিক্ষার্থীদেরকে হল ছাড়ার নির্দেশ দিলেও তা মানতে রাজি হননি শিক্ষার্থীরা।

    বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের বিকাল সাড়ে চারটার মাঝে হল ত্যাগ করতে বলেছে।

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য কোনও হল নেই। ওখানে মেয়েদের জন্য একটাই হল, যার নাম- বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল।

    কিন্তু কর্তৃপক্ষ ছাত্রীদেরকে এই সিদ্ধান্ত জানালে ছাত্রীরা বুধবার দুপুর একটা থেকে ক্যাম্পাসে অবস্থান নেন এবং জানান যে তারা হল ছেড়ে কোথাও যাবেন না।

    একজন শিক্ষার্থী বলেছেন, ‘আমরা হলের ছাত্রীরা আমাদের সিদ্ধান্তে অনড়। আমরা নিরাপত্তার সাথে হলেই থাকবো।”

    শিক্ষার্থীরা হলে নিরাপদ, এই মর্মে কর্তৃপক্ষকে লিখিতও দিতে বলেছেন তারা। ছাত্রীদের দাবীর মুখে এক পর্যায়ে তাদেরকে হলে থাকার অনুমতি দেন কর্তৃপক্ষ।

    “তারা মৌখিকভাবে বলে গেছে বিদ্যুৎ, গ্যাস, পানি সরবারাহ বন্ধ করবে না। কেউ চাইলে হলে থাকতে পারবে। যারা চাইবে না, তারা চলে যেতে পারবে,” যোগ করেন তিনি।

    তবে এই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্যাম্পাস প্রতিনিধি অনুপম মল্লিক আদিত্য জানান, প্রাধ্যাক্ষ হলে থাকার মৌখিক অনুমতি দিলেও লিখিতভাবে সম্মতি জানাতে অনীহা প্রকাশ করেছেন।

    “সেজন্য বিক্ষুব্ধ ছাত্রীরা প্রাধ্যাক্ষ সহ হাউজ টিউটরদের একটি রুমে রেখে বাইরে থেকে তালা আটকে দিয়েছে।”

    হলের প্রভোস্ট দিপীকা রানী সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

  20. কোটা সংস্কার আন্দোলনকারীদের সরকার 'প্রতিপক্ষ' বানিয়েছে কেন?

    ২০১৮ সালের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পর থেকে গত প্রায় ছয় বছরে এতো বড় আকারের বিক্ষোভের মুখোমুখি সরকার আর হয়নি।

    এই আন্দোলন সরকারকে ‘বিচলিত’ করেছে তাতে কোনো সন্দেহ নেই। পরিস্থিতি সামাল দিতে সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

    কীভাবে সরকার ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে চলে গেল?