আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

জামায়াত-শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি

দুপুরে মিন্টো রোডে ডিবি পুলিশের কার্যালয় থেকে ছয়জন সমন্বয়ককে ছেড়ে দেয়া হয়। বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত এবং আহতদের স্মরণে স্মৃতিচারণসহ নানা কর্মসূচি পালনের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন। এদিকে, সরকার বিভিন্ন দাতা সংস্থার সাথে একটি বৈঠক করবে। দ্বিতীয় দিনের মতো বিচারপতি অসুস্থ থাকায় এদিনও হয়নি কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি।

সার সংক্ষেপ

  • গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং নয় দফা দাবি আদায়ে ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নামে শুক্রবারের নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
  • জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি।
  • নিহত এবং আহতদের স্মরণে 'রিমেমবারিং দ্য হিরোজ কর্মসূচি' পালন করেছে আন্দোলনকারীরা।
  • কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিল্পীসমাজ।
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করেছে ডিবি পুলিশ।
  • আবু সাঈদের মৃত্যুর পুলিশি তদন্তের কোনো 'ভ্যালু' নেই, বললেন তথ্য প্রতিমন্ত্রী।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদেশে যা দেখা গেল

    • গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং নয় দফা দাবি আদায়ে ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নামে শুক্রবারের নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদেরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।
    • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেয়া শুক্রবারের কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তবে এর আগে, শুক্রবারের কর্মসূচি নিয়ে সমন্বয়কদের মধ্যে মতপার্থক্যের বিষয়টি সামনে আসে।
    • কোটা আন্দোলনের সময় গ্রেফতার তিন এইচএসসি পরীক্ষার্থীকে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় জামিন দেয়া হয়েছে।
    • কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে ১৬ই জুলাই নিহতদের মৃত্যু ও সংঘাত সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যপরিধি বাড়িয়েছে সরকার। বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট কমিশন গঠন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগে কমিশনের সদস্য সংখ্যা ছিল একজন।
    • কোটা সংস্কার আন্দোলেনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর মামলায় আটক কিশোর আলফি শাহরিয়ার মাহিম জামিনে মুক্তি পেয়েছে। এর আগে দুপুরে ১৬ বছর বয়সী এই কিশোরকে জামিন দেয় আদালত। বিকেলে রংপুর কারাগার থেকে মুক্তি পায় মাহিম।
    • জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী আইনের ২০০৯ এর ধারা ১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরসহ উহার সকল অঙ্গসংগঠনকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করিল।
    • রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর যে পুলিশি তদন্ত সেটির কোনো 'ভ্যালু' নেই বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মি. আরাফাত বলেন, আবু সাঈদের মৃত্যুর তদন্তসহ কোনো তদন্তই রুটিন প্রসেসে হবে না। আমরা কোনো রুটিনে থাকবো না। আমরা আন্তর্জাতিক তদন্ত করবো। যা দেখছেন এগুলোর কোনো ভ্যালু নাই। সব কিছু আমরা নতুন করে তদন্ত করবো।
  2. কর্মসূচি ঘিরে মতপার্থক্য, যা জানালেন সারজিস আলম

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেয়া শুক্রবারের কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তবে এর আগে, শুক্রবারের কর্মসূচি নিয়ে সমন্বয়কদের মধ্যে মতপার্থক্যের বিষয়টি সামনে আসে।

    অপর এক সমন্বয়ক আবদুল কাদেরের নামে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবারের যে 'প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিলের' কর্মসূচি দেয়া হয়েছে সেটি নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল সারজিস আলমকে। তার অভিযোগ ছিল, তাদের সাথে আলোচনা না করেই এই কর্মসূচি দেয়া হয়েছে।তবে পরবর্তীতে এই কর্মসূচির সাথে একমত পোষণ করে মি. আলম বিবিসি বাংলাকে বলেন, কালকের ঘোষিত কর্মসূচি থাকবে। আগামীকাল সবার সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি দেয়া হবে।

    “বিগত ছয় দিন ধরে বাকি তিন থেকে চারজন সমন্বয়ক যারা কর্মসূচি দিচ্ছে, আমরা বের হওয়ার পর তাদের সাথে আর কথা হয়নি। যেহেতু আমরা একটার দিকেই বের হয়েছি সেহেতু আমরা কথা বলেই, একটু দেরি হতো, কিন্তু একসাথেই কর্মসূচিগুলো দিতে পারতাম। যেহেতু ওরা একটা কর্মসূচি দিয়েছে এবং সফলভাবে এ ছয়দিন ওরা কর্মসূচিগুলো দিয়েছিল। তাই ওই কর্মসূচিটা আজকের জন্য থাকবে। আর আগামীকাল থেকে আমরা একসাথে কর্মসূচি দিবো,” বিবিসি বাংলাকে বলেন মি. আলম।

    সন্ধ্যায় শুক্রবারের কর্মসূচি ঘোষণা করেছেন সমন্বয়ক আবদুল কাদের। তার সাথে কথা না হলেও দ্বিতীয় সারির তিন সমন্বয়কের সাথে কথা হয়েছে বলে জানান মি. আলম।

    বিবিসি বাংলাকে তিনি বলেন, “আমি আব্দুল কাদেরের সাথে কথা বলিনি। যে তিন জন সমন্বয়ক গত কয়েক দিন ধরে বিভিন্ন ধরনের ভিডিও কল, কনফারেন্সের মাধ্যমে কর্মসূচি দিয়েছে তাদের সাথে কথা বলেছি।”

    “রিফাত রশীদ, মাহিন সরকার, হান্নান মাসুদ। এই তিনজনের সাথে কথা বলেছি। তারা বলেছে তাদের কনসার্ন নিয়েই কর্মসূচি দেয়া হয়েছে। কিন্তু যেহেতু এখানে সমন্বয়ক আব্দুল কাদের তাদের সিনিয়র সে জায়গা থেকে তার নাম দেয়া হয়েছে।”

    মি. আলম জানান, শিক্ষকদের সাথে পুলিশের দুর্ব্যবহার, শিক্ষার্থীদের গণগ্রেফতার এসব কিছুর ভিত্তিতে কালকের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

    “ওই তিনজন সমন্বয়কের কাছে জানতে চেয়েছি এটা কিসের ভিত্তিতে দেয়া হলো? কারণ এটাতো বড় কর্মসূচি বিগত দশ দিনে এটা ছিল না। এই যে হামলা, গণগ্রেপ্তার এইসবের প্রেক্ষিতে এই প্রতিবাদ কর্মসূচি তাদের জায়গা থেকে দিয়েছে বলে জানিয়েছে,” বলেন মি. আলম।

    সমন্বয়কদের মধ্যে কোনো দ্বন্দ্ব তৈরি হয়েছে কি না এ প্রশ্নে তিনি বলেন, “আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমাদের সামনের সারির এই কয়েকজনকে গ্রেফতার করা হলে পরবর্তীতে কারা নেতৃত্ব দেবে ডিসিশন মেকিংয়ে, সেকেন্ড লেয়ারে যারা তাদেরকে যদি গ্রেপ্তার করা হয়, থার্ড লেয়ারে কারা করবে এটা আমাদের ঠিক করাই ছিল। ওই তিনজন আমাদের সেকেন্ড লেয়ারে ডিসিশনগুলো নিয়েছে আসলে।”এদিকে, বৃহস্পতিবার ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়ার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আন্দোলন নিয়ে নিজেদের আবস্থান তুলে ধরে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। তবে পরবর্তীতে তাদের ফেসবুক আইডি 'ডিজঅ্যাবল' হয়ে যায়।

  3. জামিন পেয়েছে তিন এইচএসসি পরীক্ষার্থী

    কোটা আন্দোলনের সময় গ্রেফতার তিন এইচএসসি পরীক্ষার্থীকে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় জামিন দেয়া হয়েছে।

    মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের বিবিসি বাংলাকে জানান, এদের মধ্যে দুইজন মুক্তি পেয়েছে। আরেকজনকে রোববার মুক্তি দেয়া হবে। তিনি রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী।

    একইসাথে দেশে কোনো এইচএসসি পরীক্ষার্থী আটকের তথ্য থাকলে helpsc24@gmail.com - এ জানাতে বলা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেক্ষেত্রে মন্ত্রণালয় জামিনের বিষয়ে উদ্যোগ নেবে বলেও জানান মি. খায়ের।

  4. শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, ছাড়া পেয়েই সমন্বয়ক হাসনাতের স্ট্যাটাস

    গোয়েন্দা হেফাজতে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেও সেখান থেকে ছাড়া পেয়ে আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন তাদের একজন হাসনাত আব্দুল্লাহ।

    বৃহস্পতিবার দুপুরে ডিবি হেফাজত থেকে এই সমন্বয়কদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। সেখান থেকে ফিরে বিকেলে ফেসবুকে ওই পোস্ট দেন তিনি।

    স্ট্যাটাসে মি. আব্দুল্লাহ লিখেছেন, “এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউই মুক্ত নই। এই গণগ্রেপ্তার গণ ঘৃণার নামান্তর।”।

    “আমাদের মুক্তি তখনই সম্পূর্ণ হবে, যখন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটিও মুক্তি পাবেন। এই গণ গ্রেপ্তার কেবল নিরপরাধ মানুষের অধিকার হরণ নয়, বরং আমাদের সমগ্র সমাজের উপর চাপিয়ে দেয়া একটি নিষ্ঠুরতার প্রতিফলন।”

    তিনি লিখেছেন, “এটি মুক্তচিন্তা ও মানবাধিকারের প্রতি এক ভয়ানক আঘাত। আমাদের এই আন্দোলন শুধুমাত্র ব্যক্তির মুক্তির জন্য নয়, বরং বৈষম্য, নিপীড়ন, গণগ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে। এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

    গত শনিবার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে হেফাজতে ছিলেন।

    বৃহস্পতিবার তাদের মুক্তির পর আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, শিক্ষার্থীরা সরকারের কাছে নিজেদের নিরাপত্তা চেয়েছিল। আজকে তারা নিরাপত্তার প্রয়োজন নেই জানালে চলে যাওয়ায় বাধা দেয়া হয়নি।

  5. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

    গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং নয় দফা দাবি আদায়ে ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নামে শুক্রবারের নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদেরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থী ও আন্দোলনের সমর্থনকারী ছাত্র-জনতা কাউকে পেলেই গ্রেফতার করে নির্যাতন চালাচ্ছে। পরবর্তীতে বাছাই করে পাড়া মহল্লায় রেইড দিয়ে গণগ্রেফতারের নামে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। গুম করার হুমকি দিয়ে আদায় করছে মোটা অঙ্কে অর্থ। আগামীর বাংলাদেশ গড়ার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলীর উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করেছে পুলিশ। আন্দোলনে অংশ নিয়ে নিহত, আহত, পঙ্গু এবং গ্রেফতার হওয়া সকলের স্মরণে নতুন এ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

    সবস্তরের জনগণকে এ কর্মসূচি সফল করে তোলার আহবান জানিয়েছে তারা।

    এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা আন্দোলন কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সাথে পুলিশের ঔদ্ধত্যপূর্ণ আচরণের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন।

  6. সরকারের গঠিত তদন্ত কমিশনের আকার ও কার্যপরিধি বাড়লো

    কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে ১৬ই জুলাই নিহতদের মৃত্যু ও সংঘাত সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যপরিধি বাড়িয়েছে সরকার।

    বৃহস্পতিবার (১ আগস্ট) বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট কমিশন গঠন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগে কমিশনের সদস্য সংখ্যা ছিল একজন।

    একইসাথে আগের প্রজ্ঞাপন রহিত করেছে সরকার। ৪৫ কার্যদিবসের মধ্যে কমিশনকে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

    নবগঠিত তদন্ত কমিশন ১৬ই জুলাই থেকে ২১শে জুলাই পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘটিত মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ক্ষয়ক্ষতির ঘটনা তদন্ত করবে।

    প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে, ওই ছয়দিনে নিহত ব্যক্তিদের মৃত্যুর কারণ উদঘাটন এবং তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে এ কমিশন।

    একইসাথে ওই সময়ে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে কমিশন।

    এছাড়া সহিংসতা, নাশকতায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান এবং সরকারি সকল প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপন করবে এই তদন্ত কমিশন।

  7. আবু সাঈদ হত্যা মামলায় ১২দিন কারাভোগ শেষে জামিনে মুক্ত কিশোর

    কোটা সংস্কার আন্দোলেনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর মামলায় আটক কিশোর আলফি শাহরিয়ার মাহিম জামিনে মুক্তি পেয়েছে।

    এর আগে দুপুরে ১৬ বছর বয়সী এই কিশোরকে জামিন দেয় আদালত।

    বিকেলে রংপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

    রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহিম ১২ দিন কারাভোগ করেছেন।

    গত ১৮ই জুলাই বিকেলে মাহিমকে আটক করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে।

    পরিবারের সদস্যরা বলছেন, কোর্ট থেকে নথিপত্র পাওয়ার পর তারা জানতে পারেন, মাহিমকে আবু সাঈদ হত্যা মামলার আসামি করা হয়েছে।

  8. 'একটু স্বাভাবিক' হয়ে ডিবি অফিসে আটকের বিষয়ে বক্তব্য তুলে ধরবো: সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

    “একটু স্বাভাবিক” হয়ে ডিবি অফিসে আটকের বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরবেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

    বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় থেকে ছাড়া পেয়ে এক আত্মীয়ের বাসায় গেছেন তিনি।

    সেখান থেকে বিবিসি বাংলাকে জানান, ছাড়ার আগে ৩২ ঘন্টা ধরে অনশন করেছেন তারা।

    “বোঝেনই তো সাতদিন এক ধরনের পরিস্থিতির মধ্যে ছিলাম। তারপর লাস্ট ৩২ ঘন্টা ধরে অনশন। একটু স্বাভাবিক হয়ে সবাই মিলে একটা লিখিত বক্তব্য দেবো,” বলছিলেন মি. আব্দুল্লাহ।

    এর আগে, ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কের সবাইকে পরিবারের জিম্মায় দেয়া হয়। বৃহস্পতিবার সকালেই পরিবারের সদস্যদের ডেকে পাঠায় পুলিশ।

    কয়েক ঘণ্টা অপেক্ষার পর পুলিশের মাইক্রোবাসে করে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়া হয়।

  9. রাজশাহী-বরিশালে কর্মসূচি পালনে বাধা, ময়মনসিংহে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

    রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কর্মসূচি পালন শেষে পুলিশ তিন শিক্ষার্থীকে নিয়ে যেতে চাইলে বাধা দেন শিক্ষার্থীরা।

    এর আগে, সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচি পালনের ঘোষণা দেয় এবং সেই অনুযায়ী কিছু শিক্ষার্থী ক্যাম্পাসের বিভিন্ন এলাকা দিয়ে প্রবেশ করে বলে জানান স্থানীয় সাংবাদিক শফিকুল ইসলাম।

    পরে তারা কর্মসূচি পালন না করে বেলা সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের মৌন মিছিলে যোগ দেয়।

    মৌন মিছিল শেষ হলে বেলা পৌনে ১২টার দিকে কয়েকজন শিক্ষার্থীকে চ্যাংদোলা করে নিয়ে যেতে থাকে মহানগর গোয়েন্দা শাখা পুলিশ।

    এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে শিক্ষকরা ছাত্রদের ছিনিয়ে নেন।

    বেলা ১২টার দিকে শিক্ষকরা বলয় তৈরি করে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট দিয়ে অটোরিকশায় তুলে দেন। এ ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উপস্থিত ছিলেন।

    এদিকে কর্মসূচি কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা জড়ো হবার চেষ্টা করলে ১২ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

    তাদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভ, এম এইচ তমালও ছিলেন বলে জানান স্থানীয় সাংবাদিক কাওসার হোসেইন।

    পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় ওই ১২ শিক্ষার্থীকে ছেড়ে দেয় পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

    তবে আন্দোলনের ভিন্ন চিত্র ছিল ময়মনসিংহে। সেখানে সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত টাউনহল মোড়ে জড়ো হয় শিক্ষার্থীরা।

    প্রথমে কয়েকজন শিক্ষার্থী অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের নিষেধ করে বলে জানান স্থানীয় সাংবাদিক হুসেইন শাহীদ।

    পরে আরও শিক্ষার্থীরা জড়ো হলে তাদের বাধা দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    তবে সমাবেশ চলাকালীন সেখানে পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

  10. জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে দেয়া প্রজ্ঞাপনে যা বলা হয়েছে

    জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া কয়েকটি মামলার রায়ে জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করা হয়েছে।

    এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রহিয়াছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাম্প্রতিককালে সংঘটিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উসকানির মাধ্যমে জড়িত ছিল।’

    প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘সরকার বিশ্বাস করে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরসহ এর সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে।’ সেহেতু, সরকার সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ধারা ১৮ (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরসহ উহার সকল অঙ্গসংগঠনকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং উক্ত আইনের তফসিল-২ এ বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গসংগঠন নিষিদ্ধ সত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করেছে বলে প্রজ্ঞাপনে জানিয়েছে সরকার।

  11. জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

    জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী আইনের ২০০৯ এর ধারা ১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরসহ উহার সকল অঙ্গসংগঠনকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করিল।

    এর আগে ‘আজকেই জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে’ বলে দুপুরের দিকে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

    সেসময় মন্ত্রী বলেন, “জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার একটা আইনি প্রক্রিয়া আছে, সেটা আমরা গত পরশু শুরু করে দিয়েছিলাম। এর মধ্যে এই নিষিদ্ধের যে গেজেট প্রকাশ করা হবে, সেটারও কিছু আইনি বাধ্যবাধকতা আছে, সেগুলো পূরণ করতে হবে।”

  12. বৃহস্পতিবার ঢাকায় কয়েকটি সমাবেশের চিত্র

  13. সমন্বয়কদের ছেড়ে দেয়া নিয়ে আইনমন্ত্রী যা বললেন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ছেড়ে দেয়া প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তারা (সমন্বয়কেরা) সরকারের কাছে নিরাপত্তা চেয়েছিল বলেই তাদের হেফাজতে রাখা হয়েছিল।

    দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, সমন্বয়করা আমাদের কাছে নিজেদের নিরাপত্তা চেয়েছিল এবং সেই ব্যাপারে জিডিও করা আছে।”

    আজকে যখন তারা বলছে তাদের নিরাপত্তার প্রয়োজন নাই, তারা বেরিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করেছে - আমরা তাদের চলে যাওয়ায় কোনো বাধা দেইনি এবং তারা চলে গেছে।”

    বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে ছয় সমন্বয়ককে ছেড়ে দেয়া হয়।

    এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম বিবিসিকে জানিয়েছিলেন, ছেড়ে দেয়ার আগে ছয় সমন্বয়ক গত ৩২ ঘণ্টা ধরে অনশনে ছিলেন।

    এদিকে, গণহারে গ্রেফতার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, “আইন মন্ত্রণালয়ের অধীনে প্রসিকিউশন। বিচার বিভাগ কিন্তু স্বাধীন।”

    আমরা প্রসিকিউশনকে নির্দেশনা দিয়েছি যে, যারা সম্পৃক্ত না, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা মাইনর এদেরকে যেন প্রসিকিউশন উদ্যোগী হয়ে জামিন দেয়ার ব্যবস্থা করে।”

  14. আবু সাঈদের মৃত্যুর পুলিশি তদন্তের কোনো 'ভ্যালু' নেই, বললেন তথ্য প্রতিমন্ত্রী

    রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর যে পুলিশি তদন্ত সেটির কোনো 'ভ্যালু' নেই বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

    বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মি. আরাফাত বলেন, আবু সাঈদের মৃত্যুর তদন্তসহ কোনো তদন্তই রুটিন প্রসেসে হবে না। আমরা কোনো রুটিনে থাকবো না। আমরা আন্তর্জাতিক তদন্ত করবো। যা দেখছেন এগুলোর কোনো ভ্যালু নাই। সব কিছু আমরা নতুন করে তদন্ত করবো।

    আন্দোলনকারীদের উপর গুলি করার কোনো পারমিশন পুলিশের ছিল না বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “তারা আইন ও সংবিধানের মধ্যে কাজ করে। তবে গ্রাউন্ডে ক্ষেত্র বিশেষে কেউ কেউ আইন ভেঙেছে। আমরা সেটি তদন্ত করে তাদেরও আইনের আওতায় আনবো।”

    আন্দোলনকারী শিক্ষার্থীদের যুক্তি দিয়ে ভাবার অনুরোধ জানাতে দেখা যায় প্রতিমন্ত্রীকে।

    “আপনারা যে আবেগ নিয়ে রাস্তায় যাচ্ছেন, খেয়াল রাখবেন তৃতীয়পক্ষ সুযোগ যেন না নেয়। তারা সুযোগ নেয়ার অপেক্ষায় আছে, যদি আবারও একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয় তার দায় কে নেবে?”

    আমাদের কোনো অভিযোগ শিক্ষার্থীদের প্রতি নয়। সাধারণ শিক্ষার্থীরা এসব অরাজকতা চালাতে পারে না।“১৬ই জুলাই প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেয়ার আগে ছয় জনের মৃত্যু হয়েছে। তিনি প্রতিটি মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেছেন, নিন্দা জানিয়েছে, উদ্বেগ প্রকাশ করেছেন, আপনাদের দাবি মেনে নেয়ার কথা বলেছেন। একটু ধৈর্য ধরলে আজ এতগুলো মৃত্যু হতো না,” যোগ করেন মি. আরাফাত।

    সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান জানান তিনি।

  15. শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানালো ‘শিল্পী সমাজ’

    কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছেন দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ।

    এদিকে, জনপ্রিয় ব্যান্ড নেমেসিস এক ফেসবুক পোষ্টে জানিয়েছে, তারা আর কখনো জয় বাংলা কনসার্টে পারফর্ম করবে না।

    বৃহস্পতিবার ফার্মগেট এলাকায় বৃষ্টির মধ্যেই জড়ো হন মঞ্চ, টিভি এবং চলচ্চিত্রের তারকা শিল্পীরা, যাদের মধ্যে ছিলেন আজমেরী হক বাঁধন, মোশাররফ করিম, সিয়াম আহমেদ।

    অভিনেত্রী আজমেরী হক বাঁধন সমাবেশে বলেন, “আমি এই দেশের বাসিন্দা। আমার বিদেশি কোন পাসপোর্ট নাই। আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার। এই দেশটা আমরাই সংস্কার করবো”।

    ‘আমরা শান্তি চাই, রক্ত দিতে চাই না’ উল্লেখ করে অভিনেতা মোশারফ করিম বলেছেন, “যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে আসলে ঘরে বসে থাকার মতো অবস্থা নাই। মোবাইলে এইসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি।”

    ছাত্রদের দাবিকে 'ন্যায্য' উল্লেখ করে চিত্রনায়ক সিয়াম আহমেদ বলেন, “দেশের মানুষ যখন সবাই একসাথে নায্য দাবি রাখে, সেটা ফেলে দেয়ার মতো না। দেখেন, আপনি যদি সুস্থ-স্বাভাবিক মানুষ হন, আপনি রাত্রে বেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে – কারো পানি লাগবে?”

    “ডেফিনিটলি আই অ্যাম উইথ দ্য স্টুডেন্টস (অবশ্যই আমি ছাত্রদের পাশে)। তারা তো অনৈতিক দাবি রাখে নাই যে, তাদেরকে এভাবে প্রান হারাইতে হবে”, বলেন তিনি।

    এদিকে, দুপুরে জনপ্রিয় ব্যান্ড নেমেসিসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, "গত দুই সপ্তাহের প্রেক্ষাপটে এটা আর বলার অপেক্ষা রাখে না যে আমরা আর কখনই জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না।"

  16. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ডিবি

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের, আসিফ মাহমুদ এবং নুসরাত তাবাসসুম - এই ছয়জন সমন্বয়ককে ছেড়ে দেয়া হয়।

    সমন্বয়ক মো. নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে 'নিরাপত্তার স্বার্থ' দেখিয়ে ২৬শে জুলাই হাসপাতাল থেকে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামসহ আরো দুইজন সমন্বয়ক এবং পরেরদিন আরো তিনজন সমন্বয়ককে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

    এরপর ২৮শে জুলাই ঢাকার গোয়েন্দা পুলিশের ‘নিরাপত্তা হেফাজতে’ থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দেন নাহিদ ইসলাম। তার সাথে সে সময় আটক বাকি সমন্বয়কেরা উপস্থিত ছিলেন।

    যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়কদের অভিযোগ, জিম্মি করে নির্যাতনের মুখে এই বক্তব্য দেওয়ানো হয়েছে।

    এদিকে, বৃহস্পতিবার দুপুরে ছেড়ে দেয়ার আগে ছয় সমন্বয়ক গত ৩২ ঘন্টা ধরে অনশনে ছিলেন বলেও জানিয়েছেন বদরুল ইসলাম।

  17. আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর

    ছাত্র ও শিক্ষকদের চলমান আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত কৃষক লীগের এক সভায় এ প্রশ্ন তোলেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, “তাদের (ছাত্রদের) দাবি মেনে নেয়া হয়েছে, তারপরেও তারা সাধারণ মানুষের সেবা দেয়ার জায়গাগুলোয় আঘাত হেনেছে, অগ্নিসংযোগ করেছে। এটা কোন ধরনের আন্দোলন?”

    “যেখানে তাদের দাবির চেয়েও বেশি মেনে নেয়া হয়েছে, সেখানে এ আন্দোলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা কী? কার স্বার্থে? কেন?” প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।

    বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল ১৯৭৫ সালের ১৫ই অগাস্ট। বাংলাদেশে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়।

    বাংলাদেশ আওয়ামী লীগ অগাস্ট মাস জুড়ে শোক কর্মসূচি পালন করবে। এর অংশ হিসেবে কৃষক লীগের আজকের কর্মসূচি ছিল।

  18. আজও হচ্ছে না গুলি না চালানোর রিটের শুনানি

    বৃহস্পতিবারও হচ্ছে না কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে ও ডিবি কার্যালয়ে থাকা ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি।

    অসুস্থতার কারণে দ্বিতীয় দিনের মতো ছুটিতে রয়েছেন বেঞ্চের বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন।

    ফলে আজ ওই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে এককভাবে বেঞ্চটির কার্যক্রম পরিচালিত হবে।

    গতকালও তিনি উপস্থিত না থাকার কারণে শুনানি অনুষ্ঠিত হয়নি।

    সোমবার ২৯শে জুলাই হাইকোর্টে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকা।

    আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, সেনাবাহিনীর প্রধান, নৌ বাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয়েছে রিটে।

  19. অপরাজেয় বাংলা ও দোয়েল চত্বরে কর্মসূচিতে শিক্ষকরা

  20. ১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত, নতুন রুটিনে বাকি পরীক্ষা

    চলতি মাসের অর্থাৎ অগাস্ট মাসের ১০ তারিখ পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।

    শিক্ষা মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা মোঃ আবুল খায়ের বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।

    মি. খায়ের জানান, ১১ই অগাস্ট থেকে নতুন সময়সূচিতে অনুষ্ঠিত হবে।

    অর্থাৎ বাকি পরীক্ষাগুলো আগের করা রুটিনে আর হবে না। একেবারে নতুন করে আরেকটি রুটিন করে বাকি পরীক্ষাগুলো নেয়া হবে।

    কোটা আন্দোলন ঘিরে সহিংসতা দেশজুড়ে ছড়িয়ে পড়ার পর ১৭ই জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের স্কুল কলেজসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

    ওই ঘোষণায় ১৮ই জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়।

    সেসময় শিক্ষা মন্ত্রণালয় বলেছিল, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    সর্বশেষ গত ২৪শে জুলাই শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিবিসি বাংলাকে বলেছিলেন, শতভাগ নিরাপদ পরিবেশ তৈরি না হলে শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না।

    তিনি বলেছিলেন, পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলে সবার আগে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি’র বাকি পরীক্ষাগুলো আয়োজন করা হবে।