রোববার সারাদিনে যা যা ঘটেছে:
- চলতি অক্টোবর মাসে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ভ্রমণ না করার জন্য পর্যটকদের প্রতি অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে, পার্বত্য চট্টগ্রামের বিরাজমান অশান্ত পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে এবছর পার্বত্য চট্টগ্রামে (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবরদান উদযাপন না করার ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ।
- সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খানকেও আটক করা হয়েছে।
- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
- গত জুলাই ও অগাস্ট মাসে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে নিহত ৭৩৫ জনের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
- ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট শেরপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেজাউল মাকছুদ জাহেদী এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।
- বাংলাদেশে বায়ু দূষণ কমাতে ২০ বছরের বেশি পুরনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরনো ট্রাক ও কাভার্ডভ্যানের চলাচল বন্ধ করার উদ্যোগ নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। সড়ক-মহাসড়ক থেকে এ ধরনের বাস-ট্রাক প্রত্যাহারের নির্দেশনা দিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) একটি চিঠি পাঠানো হয়েছে।
- গত অগাস্টে বাংলাদেশের ১১টি জেলায় বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, আর্থিক হিসেবে সেটির পরিমাণ প্রায় ১৪ হাজার ৪২১ কোটি ৪৬ লাখ টাকা বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।











