বিজ্ঞাপন বা প্রচারণায় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষেধ

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম দিন ছিল শুক্রবার। কিন্তু দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রতি শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

সার সংক্ষেপ

  • অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে; মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগসহ ২৭টি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার দায়িত্বে।
  • গঠিত হওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম দিন আজ।
  • বঙ্গভবনে শপথ নেয়ার পরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে যান তিনি।
  • অন্তর্বর্তী সরকারের প্রতি শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

সরাসরি কভারেজ

  1. শুক্রবার যা কিছু ঘটেছে

    অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রথম দিন ছিল শুক্রবার। প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকায় কেন্দ্রী শহিদ মিনারে শ্রদ্ধা জানান।

    রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক হয়। সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে বিধানগুলোর অপপ্রয়োগ হয় সেগুলো বাতিল করার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। তাছাড়া, সরকার পরিচালনায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার জন্য উপদেষ্টা সহকারী হিসেবে তাদের নিযুক্ত করার কথাও ভাবা হচ্ছে।

    প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুক্রবার এক নির্দেশনায় বলা হয়েছে, বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের ছবি ব্যবহার করা যাবেনা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শপথের বৈধতা দিয়ে রুলিং দিয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত।

    তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনো কাটেনি। বিভিন্ন থানায় পুলিশ সদস্যরা ফিরতে শুরু করেছেন।

    জামালপুর জেলা কারাগারে রক্ষীদের সঙ্গে সংঘাতে ছয় কয়েদি নিহত হয়েছেন। বন্দিদের হামলায় আহত হয়েছেন চার কারারক্ষী। এছাড়া বন্দরনগরী চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে দুপুরে কয়েদিদের সাথে কারারক্ষীদের সংঘর্ষ হয়েছে। কর্মকর্তারা বলছেন, ভেতরে কয়েদিরা যখন কারারক্ষীদের সাথে সংঘাতে জড়িয়েছে তখন বাইরে থেকেও একদল দুর্বৃত্ত কারাগারের ফটক ভাঙার চেষ্টা করেছে।

    হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে ঢাকার শাহবাগে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি সংগঠন। শুক্রবার বিকেলে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী সমবেত হন সেখানে। দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়ি, ঘর ও অন্যান্য স্থাপনা হামলার প্রতিবাদ জানান তারা। নিরাপত্তার দাবি তুলে ধরেন।

    শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলার কয়েকশ মানুষ। তাদের বেশিরভাগই সেখানকার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। বিক্ষোভকারীরা বলছেন, নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে আবারো দেশ ফেরত আনবেন। তারা বলেন, শেখ হাসিনাকে ‘দেশত্যাগে বাধ্য’ করা হয়েছে। তারা ঢাকা-খুলনা মহাসড়ক তিনঘণ্টার মতো অবরোধ করে রাখে।

  2. পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

    বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন।

    শুক্রবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি।

    স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, গত পাঁচই অগাস্ট সরকার পতনের পর থেকে গভর্নর আর অফিসে যাননি।

    দায়িত্ব পালন কালে বিভিন্ন ইস্যুতে আলোচিত সমালোচিত হয়েছিলেন মি. তালুকদার।

    তার সময়ে মুদ্রাস্ফীতির উর্ধ্বগতি ছিল। টাকা ছাপিয়ে সরকারকে দেয়ার কারণেই এই মূল্যস্ফীতি হয়েছিল বলে মনে করেন অনেক অর্থনীতিবিদ।

    নিউইয়র্ক -ভিত্তিক গ্লোবাল ফিন্যান্স ম্যাগাজিনের ২০২৩ সালের প্রকাশিত র‍্যাংকিংয়ে তাকেকে 'ডি গ্রেড' দেয়া হয়ে।

    সে সময় বিবিসি বাংলাকে কয়েকজন অর্থনীতিবিদ বলেছিলেন, এর মাধ্যমে বোঝা যায় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ভালো অবস্থানে নেই।

  3. বিজ্ঞাপন বা প্রচারণায় প্রধান উপদেষ্টা ছবি ব্যবহার নিষেধ

    বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের ছবি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।

    প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আজ এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে তথ্য অধিদফতর।

    বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার গঠনের পরদিন সকালে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকায় অধ্যাপক ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে বিজ্ঞাপন প্রকাশিত হতে দেখা যায়। বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে এসব শুভেচ্ছা জানানো হয়।

    এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনাও দেখা গেছে।

    অধ্যাপক ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে বিজ্ঞাপন
  4. ঢাকায় হিন্দুদের বিক্ষোভ কর্মসূচি

    হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে ঢাকার শাহবাগে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি সংগঠন।

    শুক্রবার বিকেলে কয়েক হাজার সনাতন ধর্মালম্বী সমবেত হন সেখানে।

    দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়ি, ঘর ও অন্যান্য স্থাপনা হামলার প্রতিবাদ জানান তারা। নিরাপত্তার দাবি তুলে ধরেন।

    শনিবার বিকেল তিনটায় একই স্থানে আবারো সমাবেশের ডাক দিয়েছে জাতীয় হিন্দু মহাজোটসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন।

    বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হিসেবে, পাঁচই অগাস্ট থেকে তিনদিনে খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, শরীয়তপুর, ফরিদপুর, রংপুর, নোয়াখালী, চাঁদপুর, দিনাজপুরসহ সারা দেশে অন্তত ২৯টি জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

    এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও নিহতের কোনও খবর পাওয়া যায়নি।

    শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের সমাবেশ

    ছবির উৎস, Getty Images

  5. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জ আওয়ামী লীগের বিক্ষোভ

    শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলার কয়েকশ মানুষ। তাদের বেশিরভাগই সেখানকার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

    বিক্ষোভকারীদের নেতারা বলেন, বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদের কোন বিধান নেই।

    “আমাদের সংবিধান বাতিল হয় নাই। সংবিধান বাতিল না করে আজকে যে ইউনূস যে শপথ নিয়েছেন, আইনের চোখে তা সম্পূর্ণ অবৈধ,” বিক্ষোভে সমাবেশে বলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম।

    বিক্ষোভকারীরা বলছেন, নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে আবারো দেশ ফেরত আনবেন। তারা বলেন, শেখ হাসিনাকে ‘দেশত্যাগে বাধ্য’ করা হয়েছে।

    বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা মহাসড়ক তিনঘণ্টার মতো অবরোধ করে রাখে। এর আগে বৃহস্পতিবারও গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা-কর্মীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে।

    এসময় তারা হাতে লাঠি ও রাম দা বহন করে সড়ক অবরোধের মাধ্যমে নানা শ্লোগান দিচ্ছিল। এ সময় মহাসড়কে অনেক যানবাহন আটকা পড়ে। বিক্ষোভকারীরা বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে।

    শেখ হাসিনা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শেখ হাসিনা
  6. অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শপথের বৈধতা দিয়ে রুলিং দিয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত।

    নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বিবিসি বাংলাকে জানিয়েছেন. তাকে এ ব্যাপারে অবগত করা হয়েছে। তবে, এখনো তিনি আদেশটি দেখেন নি।

    আদেশ না দেখে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অপারগতাও জানান তিনি।

    শুক্রবার এই রুলিং জারি করে সুপ্রিম কোর্ট। এর আগে শপথের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

    তারই পরিপ্রেক্ষিতে রুলিং দিয়ে, দুর্যোগ মুহূর্তে মধ্যবর্তী সরকার দরকার বলে মন্তব্য করেছে আপিল বিভাগ।

    সুপ্রিম কোর্ট প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন, এরকম পরিস্থিতিতে রাষ্ট্রের নির্বাহী কার্য্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে এবং মহামান্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাগণকে নিযুক্ত করতে পারেন ও প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাগণকে শপথ পাঠ করাতে পারেন মর্মে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগ মতামত প্রদান করেছেন।"

    বাংলাদেশের সুপ্রিম কোর্ট

    ছবির উৎস, Getty Images

  7. আবু সাঈদের বাড়ি যাবেন মুহাম্মদ ইউনুস

    কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।

    শনিবার আরো দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামও সরকার প্রধানের সাথে যাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    আবু সাঈদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন মি. সাঈদ।

    গত ১৬ই জুলাই পুলিশ তাকে লক্ষ্য করে গুলি করার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে কোটা সংস্কার আন্দোলন ভিন্ন মাত্রা পায়।

    গুলি করার আগ মুহূর্তে আবু সাঈদ

    ছবির উৎস, SHARIER MIM

  8. জামালপুরে ছয় কয়েদি নিহত, চট্টগ্রাম কারাগারে গোলাগুলি

    জামালপুর জেলা কারাগারে রক্ষীদের সঙ্গে সংঘাতে ছয় কয়েদি নিহত হয়েছেন। বন্দিদের হামলায় আহত হয়েছেন চার কারারক্ষী। গোলাগুলি এবং অগ্নি সংযোগের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

    তবে এখন পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনার শুরু। জামালপুর কারাগারের জেলার আবু ফাতাহ সাংবাদিকদের জানান, আসামিদের একটি পক্ষ মুক্তির জন্য বিদ্রোহ করে। তাদের সাথে সংঘর্ষ বাঁধে অপর একটি পক্ষের।

    "পরে বিদ্রোহী গ্রুপটি প্রথম গেট ভেঙে কারাগার থেকে বের হয়ে আসে," যোগ করেন তিনি।

    বন্দিরা তাদের থাকার জায়গায়ও অগ্নিসংযোগ করে বলে জানান জেলার।

    দ্বিতীয় গেট খুলে দেয়ার জন্য জেলার মি. ফাতাহসহ কারাক্ষীদের ওপর আক্রমণ করে তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারারক্ষীদের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারাগারে অবস্থান নেন।

    স্থানীয় সাংবাদিক সাগর ফরাজী বিবিসি বাংলাকে জানান, নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সদস্যরা গতকাল থেকে কারাগার এলাকা ঘিরে রেখেছেন।

    নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলেও জানান মি. ফরাজী। তারা হলেন- আরমান, রায়হান, শ্যামল, ফজলে রাব্বি বাবু, জসিম ও রাহাত। তারা সবাই কারাবন্দী।

    বন্দরনগরী চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে দুপুরে কয়েদিদের সাথে কারারক্ষীদের সংঘর্ষ হয়েছে। কর্মকর্তারা বলছেন, ভেতরে কয়েদিরা যখন কারারক্ষীদের সাথে সংঘাতে জড়িয়েছে তখন বাইরে থেকেও একদল দুর্বৃত্ত কারাগারের ফটক ভাঙার চেষ্টা করেছে। তখন কারারক্ষীরা গুলি চালাতে বাধ্য হয়েছে বলে জানান একজন কর্মকর্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেরাবাহিনীর সহায়তা চেয়ে কারা কর্তৃপক্ষ।

    শেখ হাসিনা সরকারের পতনের পর চট্টগ্রাম কারাগার থেকে প্রায় এক হাজারের বেশি কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে, যাদের বেশিরভাগই রাজনৈতিক দলের নেতা-কর্মী।

    জামালপুর জেলা কারাগারের ফটক

    ছবির উৎস, SAGOR FORAZI

  9. উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে যেসব বিষয় আলোচনায়

    সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে বিধানগুলোর অপপ্রয়োগ হয় সেগুলো বাতিল করার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। তাছাড়া, সরকার পরিচালনায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার জন্য উপদেষ্টা সহকারী হিসেবে তাদের নিযুক্ত করার কথাও ভাবা হচ্ছে।

    শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

    যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এসময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও উপস্থিত ছিলেন।

    বৈঠকে মূলত আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারা।

    সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কিছু বিধান গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না। কিন্তু অগণতান্ত্রিক সরকারের হাতে অপপ্রয়োগ হয়।

    "সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো আইনগুলোর কোনো কোনো বিধান অপপ্রয়োগের ঝুঁকি আছে, সেগুলো নির্ণয় করে বাদ দেয়া হবে," যোগ করেন তিনি।

    যত দ্রুত সম্ভব যেন পুলিশ নামতে পারে, সেজন্য সবার সহায়তা চান উপদেষ্টারা।

    মিজ হাসান বলেন, "পুলিশ অনিরাপদ বোধ করলে নামবে না।"

    দুর্নীতি বিরোধী সিস্টেম পরিবর্তনের জন্যই অবশ্যই লড়াই হবে বলে মন্তব্য করেন তিনি।

    ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ছাত্রদের 'ভয়েস' নিশ্চিত করতেই উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন তারা।

    এছাড়া, ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টাদের সহকারী হিসেবে কাজ করার সুযোগ থাকবে বলেও জানান মি. ইসলাম।

  10. সংস্কারের জন্য সরকারকে সময় দেয়ার পক্ষে জাতীয় পার্টি, সংবাদ সম্মেলনে মহাসচিব

    বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য 'যৌক্তিক সময়' দেয়ার পক্ষে আছেন বলেন জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

    শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

    অন্তর্বর্তী সরকারকে সমর্থন এবং অভিনন্দন জানিয়ে মি. চুন্নু বলেন, শিক্ষার্থী, জনতা ও পুলিশ হত্যাকারীদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করতে হবে।

    এসব হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান জাপা মহাসচিব।

  11. বিএনপি নেতাদের সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বৈঠক

    বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠক শেষে গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ। কী করে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে তা নিয়ে সব দল ও সুশীল সমাজের সঙ্গে কথা হচ্ছে। সহিংসতা বন্ধ করে অর্থনৈতিক অগ্রগতির জন্য আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছেন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলনের সঙ্গে বাংলাদেশের মানুষের জনসমর্থন ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভালো সমর্থন ছিল। বিশেষ করে জাতিসংঘের।

    তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে উন্নয়ন সহযোগীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকের সকলের সেই শঙ্কা কেটে গেছে। নিরপেক্ষ নির্বাচন নিয়ে কারও মনে কোনো সন্দেহ নেই।

  12. 'আগেও যা করছি অর্ডারে করছি, আজকেও অর্ডার করছে থানায় চলে আসছি'

    সেনাবাহিনীর সহায়তায় তেজগাঁও থানায় কাজ শুরু করেছে পুলিশ। থানার সামনে সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের সাথে কথা বলেন।

    কথা বলার এক পর্যায়ে কান্না জড়িত কণ্ঠে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, পুলিশ এবং তাদের পরিবারের সদস্যরা সত্যিই আতঙ্কের মধ্যে আছে।

    “আমাদের ব্যর্থতা অনেক, আমরা জনগণকে বুঝাইতে পারি না। আজকেও ফিরে আসা কিন্তু জনগণের জন্যই। আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি, আজকেও অর্ডার করছে থানায় চলে আসছি,” বলছিলেন মি. মহসীন।

    সেনাবাহিনীর ২৫ ইস্টবেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর সাখাওয়াত খন্দকার বলেন, তেজগাঁও এলাকার শিক্ষার্থী, ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে একটি সমন্বয় সভা করা হয়েছে। তারা আশ্বস্ত করেছে যে সবাই পুলিশকে সাহায্য সহযোগিতা করবে।

    তিনি বলেন, বিক্ষুব্ধ মানুষের হাত থেকে থানা রক্ষা করা তাদের জন্য বিরাট একটি চ্যালেঞ্জ ছিল।

    “আমাদের কাছে মনে হইছে যে পুলিশকে বাঁচাইতে হবে। থানার ভেতরে ব্যাপক অস্ত্র রয়েছে। যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হয়ে যেত,” বলেন মেজর সাখাওয়াত খন্দকার।

    পুলিশের তেজগাঁও অঞ্চলের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক পুলিশের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ তৈরি বিষয়ে বলেন, “পুলিশের প্রতি আপনাদের যে ক্ষোভ আছে, সেটা কিছু ভুল সিদ্ধান্তের কারণে হয়েছে। এজন্য সমগ্র পুলিশ বাহিনী দোষী না। যা হয়েছে আপনারা পুলিশের দোষত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন,” বলছিলেন আজিমুল হক।

  13. বাংলাদেশের সাথে সহযোগিতা বৃদ্ধিতে কাজ করতে চায় চীন

    বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে চীন।

    শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এক মুখপাত্র এ কথা জানান।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, "বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়টি নিয়ে চীন অবহিত এবং তারা এই সরকারকে স্বাগত জানিয়েছে। চীন নীতিগতভাবে যেকোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধী। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা এবং দেশটির মানুষ স্বাধীনভাবে যে উন্নয়নের পথ বেছে নিয়েছে, তার প্রতি আমরা শ্রদ্ধাশীল।

    চীন ভালো প্রতিবেশী এবং বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্বের নীতিতে অটল রয়েছে উল্লেখ করে এই মুখপাত্র বলেন, চীন ও বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘদিনের এবং এই সম্পর্ক অনেক গভীর। চীন বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ককে মূল্যবান মনে করে।

    দ্বিপক্ষীয় যোগাযোগ ও সহযোগিতার উন্নয়ন এবং সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে এ সময় উল্লেখ করা হয়।

  14. অন্তর্বর্তী সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

    বাংলাদেশের নবনিযুক্ত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগসহ ২৭টি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্বে রাখা হয়েছে। ।

    এছাড়া অন্যান্য উপদেষ্টাদের মাঝে যেভাবে দায়িত্ব বণ্টন হয়েছে-

    সালেহ উদ্দিন আহমেদ- অর্থ ও পরিকল্পনা।

    ড. আসিফ নজরুল- আইন, বিচার ও সংসদ।

    আদিলুর রহমান খান- শিল্প মন্ত্রণালয়।

    হাসান আরিফ- স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়।

    তৌহিদ হোসেন- পররাষ্ট্র মন্ত্রণালয়

    সৈয়দা রেজওয়ানা হাসান- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

    শারমীন মুরশিদ- সমাজকল্যাণ মন্ত্রণালয়।

    ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়

    আ.ফ.ম খালিদ হোসেন- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

    ফরিদা আখতার- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

    নুরজাহান বেগম- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

    মো. নাহিদ ইসলাম- ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়

    আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় গতকাল শপথ নেননি। এদের মধ্যে আছেন- সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন রায় ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফারুক-ই-আজম। শপথ নেয়ার পর তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হবে।

  15. রাজধানীর কয়েকটি থানা ঘুরে যে চিত্র দেখলেন বিবিসি বাংলার সংবাদদাতা

    সেনাবাহিনীর সহায়তায় ঢাকার ক্ষতিগ্রস্ত কয়েকটি থানার কার্যক্রম পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে।

    শুক্রবার রাজধানীর কয়েকটি থানা ঘুরে বিবিসি বাংলার সংবাদদাতা দেখতে পান সেখানে সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে। অল্প অল্প করে থানায় হাজির হচ্ছে পুলিশ সদস্যরা।

    ক্ষতিগ্রস্ত থানাগুলো কর্ম উপযোগী করতে কিছু জায়গায় এলাকাবাসীকেও পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে।

    বেলা ১২টায় রামপুরা থানায় গিয়ে দেখা যায়, থানার সামনে সেনাসদস্যরা পাহারা দিচ্ছেন। কয়েকজন পুলিশ সদস্য কর্মস্থলে ফিরেছেন। তবে সবাই তখনো যোগ দেননি।

    পুলিশ এখনও কর্মস্থলে ফিরতে পুরোপুরি নিরাপদ বোধ করছেন না বলে মনে করছেন উপস্থিত সদস্যরা।

    থানায় থাকা অস্ত্রের হিসাব করা হচ্ছে এবং পুলিশের ব্যবহৃত গাড়িগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কয়টি ব্যবহার উপযোগী আছে সে বিষয়গুলোর মূল্যায়ন চলছে।

    এরপর খিলগাও থানায় গিয়ে দেখা যায় পরিচ্ছন্নতার কাজে সাহায্য করছে এলাকাবাসী। এ থানাটি সাম্প্রতিক আন্দোলন ঘিরে বড় রকমের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। সে ক্ষয়ক্ষতির হিসেব শুরু করেছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

    তবে সকাল ১১টার দিকে ভাটারা থানায় গিয়ে তেমন কোনো কার্যক্রম দেখা যায়নি। সেখানে সেনাসদস্যদের উপস্থিতি থাকলেও তখন পর্যন্ত পুলিশ সদস্যদের সেভাবে যোগ দিতে দেখা যায়নি।

    বৃহস্পতিবার ২৪ ঘণ্টার মধ্যে দেশের সব থানার কার্যক্রম চালু হতে করার কথা জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সেনা সদরে সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের মধ্যে এ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

    রামপুরা পুলিশ স্টেশনে সেনাবাহিনীর অবস্থান।
    ছবির ক্যাপশান, রামপুরা পুলিশ স্টেশনে সেনাবাহিনীর অবস্থান।
    খিলগাও থানায় স্থানীয়দের সহযোগিতা করতে দেখা গেছে।
    ছবির ক্যাপশান, খিলগাও থানায় স্থানীয়দের সহযোগিতা করতে দেখা গেছে।
  16. ড. ইউনূসকে অভিনন্দন জানালেন মমতা ব্যানার্জি

    বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব‍্যানার্জি।

    শুক্রবার বেলা ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজ থেকে এই শুভেচ্ছা বার্তা পোস্ট করেন তিনি।

    নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক আরো উন্নত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

    শুভেচ্ছা বার্তায় মমতা ব‍্যানার্জি জানান, “অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন, তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো। আশা করি, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে।”

    মিজ ব্যানার্জি বলেন, “বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক- এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো।”

    খুব শিগগিরই সংকট কেটে শান্তি ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

    তিনি বলেন, “শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকবো।”

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব‍্যানার্জি শুভেচ্ছা বার্তা

    ছবির উৎস, Facebook

    ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব‍্যানার্জি শুভেচ্ছা বার্তা
  17. ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ হলে ফিরবেন শেখ হাসিনা: সজীব ওয়াজেদ জয়

    ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ হলে বাংলাদেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা- এমনটাই জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। এর আগে, অবশ্য তিনি জানিয়েছিলেন দেশে ফিরবেন না তার মা।

    পিটিআইকে দেওয়া এই সাক্ষাৎকারে মি. ওয়াজেদ বলেছেন, “হ্যাঁ, এটা সত্যি যে আমি আগে বলেছিলাম যে উনি (শেখ হাসিনা) বাংলাদেশে ফিরবে না। কিন্তু সারাদেশে আমাদের নেতা এবং দলীয় কর্মীদের ওপর লাগাতার হামলার পর গত দু'দিনে অনেক কিছুই বদলে গিয়েছে।”

    “আমাদের জনগণকে সুরক্ষিত রাখতে যা যা করা দরকার, সেই সবকিছুই করা হবে। ওদের (দলের নেতা ও কর্মীদের) একা ছাড়ব না।”

    তাদের পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে সজীব ওয়াজেদ জোর দিয়ে জানিয়েছেন, শেখ মুজিবের পরিবারের সদস্যরা তাদের জনগণকে পরিত্যাগ করবে না এবং আওয়ামী লীগকেও এই পরিস্থিতিতে একলা ছেড়ে দেবে না।

    “আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল, তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না। গণতন্ত্র পুনরুদ্ধার হলে উনি অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন,” যোগ করেন মি. ওয়াজেদ।

    গত পাঁচই আগস্ট সংকটময় পরিস্থিতিতে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের ফলে আওয়ামী লীগের অনেক নেতা ও কর্মীদের মধ্যেই ক্ষোভ এবং অসন্তোষের সৃষ্টি হয় বলে জানা গিয়েছে। সেই ক্ষোভকেই ‘প্রশমিত’ করতে এবং দলের নেতা-কর্মীদের ‘আশ্বাস’ জানাতেই মি. ওয়াজেদের এই মন্তব্য বলে রাজনৈতিক মহলের অনুমান।

    তিনি বলেছেন “আওয়ামী লীগ ভারতের সব মরশুমের মিত্র”।দলের নেতাকর্মীদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক চাপ বাড়াতে আর্জিও জানিয়েছেন ভারতকে।

    অন্যদিকে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “দেশে (বাংলাদেশে)নৈরাজ্য চলছে এবং এই অঞ্চল দ্বিতীয় আফগানিস্তানে পরিণত হচ্ছে।”

    এছাড়াও বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পিছনে পাকিস্তানের হাত থাকতে পারে বলেও মন্তব্য করেছেন মি.ওয়াজেদ।

    তার কথায়, “কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স (পরিস্থিতিগত প্রমাণ)-এর উপর ভিত্তি করে আমার সন্দেহ হচ্ছে এর পিছিনে পাকিস্তানের আইএসআইয়ের হাত রয়েছে।”

    “আন্দোলন এবং হামলা খুব ভালভাবে পরিকল্পনা মাফিক করা হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমের মারফৎ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ইন্ধন যোগান হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার যা-ই করেছে তাকে নষ্ট করে দেওয়ার জন্য ওরা কাজ করেছে।”

  18. কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তর্বর্তী সরকারের শ্রদ্ধা

    কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে তিনি শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

    এরপর একে একে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের ১৩ জন উপদেষ্টা।

    এর আগে, তারা সাভারে স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শোক বইতে সই করেন তিনি।

    কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা অন্তর্বর্তী সরকারের

    ছবির উৎস, Screen grab from Jamuna TV

    ছবির ক্যাপশান, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা অন্তর্বর্তী সরকারের
  19. বাংলাদেশ নিয়ে ভারত ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

    সহিংস বিক্ষোভের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের ঘটনাবলী নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৃহস্পতিবার আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

    এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার)-এ একটি পোস্টে এই বিষয়ে উল্লেখ করেছেন মি. জয়শঙ্কর। তিনি লিখেছেন, 'আজ যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী ডেভিড ল্যামির কাছ থেকে ফোন পেয়েছি। বাংলাদেশ ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।'

    তবে ভারত কিংবা যুক্তরাজ্য কেউই শেখ হাসিনার পরবর্তী গন্তব্য সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করেনি।

    আপাতত দিল্লিতে একটি সুরক্ষিত ঠিকানাতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন এমন গুঞ্জনের মুখে তার পুত্র সজীব ওয়াজেদ জয় এই তথ্যকে অসত্য বলে দাবি করেছেন।

  20. অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন

    বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

    বৃহস্পতিবার রাতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। সামাজিক মাধ্যমে নিজের এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) থেকে বৃহস্পতিবার মোদী এ বিষয়ে টুইট করেন।

    ওই টুইট বার্তায় মোদী বলেন "আমরা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসার আশা করি। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

    এদিকে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার স্থানীয় সময় বুধবার তার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ আশা প্রকাশ করেন।

    মি. মিলার বলেন, “বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে গণতন্ত্রের মূলনীতি, আইনের শাসন প্রতিষ্ঠায় সব সিদ্ধান্ত নেয়া।”

    যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছে বলেও তিনি জানান।

    শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের শপথ গ্রহণকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

    ওই বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ এখন ক্রান্তিকাল চলছে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে জরুরি কাজ হবে, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন আয়োজন এবং সাম্প্রতিক আন্দোলনে সহিংসতা ও হতাহতের ঘটনার জবাবদিহিতা নিশ্চিত করা।

    দেশের জনগণ ও তরুণ সমাজের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য এই শপথ গ্রহণ গুরুত্বপূর্ণ মুহূর্ত।

    ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে এবং গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এ কাজে তাদের সহায়তা করতে আগ্রহী।

    নতুন এই প্রশাসন সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার অংশ হবে বলে আশা করা হচ্ছে।

    ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
    টুইটার বার্তা