আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

হাথুরুসিংহেকে অব্যাহতি দেয়ার কথা জানালেন বিসিবি সভাপতি, ১৩০ টাকা ডজনে ডিম বিক্রি করবে সরকার

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ,পাশের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। পিএসসির চেয়ারম্যান ও চার সদস্যের শপথ গ্রহণ। হাথুরুসিংহে বাদ, ক্রিকেট দলের নতুন কোচ ফিল সিমন্স। সাবেক মন্ত্রী রাজ্জাক ও ফারুক খান দুই দিনের রিমান্ডে। চারবছর পর বিসিএসের গেজেট প্রকাশ।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার যা যা ঘটেছে:

    • বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার হার্ডলাইনে যাবে এবং সরকারের কাছে তথ্য আছে যে অনেক করপোরেট প্রতিষ্ঠান ইচ্ছে করে পণ্যের দাম বাড়াচ্ছে। বিশেষ ক্ষমতা আইনে সরকার তাদের গ্রেফতার করবে।
    • আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে তারা আশা করছেন যে, পহেলা নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘জুলাই অগাস্টের গণহত্যা’র বিচার শুরু হবে।
    • বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে সাময়িকভাবে অব্যাহতি এবং ওয়েস্ট ইন্ডিজের সাবেক হেড কোচ ফিল সিমন্সকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ।
    • সরকারের কৃষি ওএমএস কর্মসূচির আওতায় ঢাকার বিশটি জায়গায় সুলভ মূল্যে দশটি কৃষি পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
    • বাংলাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে এবং এ বছর পাশের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। ওদিকে বাংলাদেশের সরকারি কর্মকমিশন বা পিএসসি ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া ২০৬৪ প্রার্থীর নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে।
    • আওয়ামী লীগের দুই সিনিয়র নেতা আব্দুর রাজ্জাক ও মুহাম্মদ ফারুক খানকে গ্রেফতারের পর দুই দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
    • বাংলাদেশের সরকারি কর্মকমিশন বা পিএসসি ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া ২০৬৪ প্রার্থীর নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে। ২০২০ সালের নভেম্বরে এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিলো।
    • জাতিসংঘ বলেছে গাজার উত্তরাঞ্চলে বিপর্যয়কর পরিস্থিতি বিরাজ করছে। সংস্থাটি দুই সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো ওই এলাকায় খাদ্য বিতরণ করতে পেরেছে।
  2. বিসিএস ক্যাডার হলো ২০৬৪, গেজেট প্রকাশ

    বাংলাদেশের সরকারি কর্মকমিশন বা পিএসসি ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া ২০৬৪ প্রার্থীর নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে।

    ২০২০ সালের নভেম্বরে এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিলো। পরীক্ষা ও যাচাই বাছাইয়ের বিভিন্ন ধাপ অতিক্রম করে গত বছর ডিসেম্বরে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার এবং ৬৪২ জনকে নন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছিলো।

    ওই সুপারিশের প্রায় দশ মাস পর এসে সুপারিশকৃতদের মধ্যে ২ হাজার ৬৪ জনের নাম রেখে গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হলো।

    নিয়োগ পাওয়া ২ হাজার ৬৪ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছেন ২৯৩ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, পুলিশ ক্যাডারে ৯৬ জন।

    সব মিলিয়ে এই বিসিএসের কার্যক্রম শুরুর পর চূড়ান্ত গেজেট প্রকাশ করা পর্যন্ত প্রায় চার বছর সময় লাগলো।

    নিয়োগের প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন

  3. পহেলা নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে বিচার শুরু হবে, বললেন আসিফ নজরুল

    আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে তারা আশা করছেন যে পহেলা নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘জুলাই অগাস্টের গণহত্যা’র বিচার শুরু হবে।

    মি. নজরুল আজ ট্রাইব্যুনাল ভবন পরিদর্শনের পর সাংবাদিকদের একথা বলেন। তিনি ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ট্রাইব্যুনাল ভবন প্রস্তুতকরণের কাজ দেখতে সেখানে গিয়েছিলেন।

    “এতো বড় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার যেখানে হবে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছি। আমরা দুজন উপদেষ্টা দ্বিতীয়বারের মতো এখানে এলাম। আশা করছি পহেলা নভেম্বরের মধ্যে ঐতিহাসিক বিচারকার্য শুরু হওয়ার কথা,” বলছিলেন তিনি।

    তিনি বলেন, এ বিচার করতে তারা মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

    “যে অসীম আত্মত্যাগ ছাত্রজনতা করেছে তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই আগস্টে যে অসংখ্য পরিবারে যে হাহাকারের করুণ কাহিনী রচিত হয়েছে এবং যে আত্মত্যাগ ছাত্রজনতা করেছে তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। অবশ্যই এই বিচার এখানে হবে ও দ্রুত শুরু হবে। বিচার হবে, তবে সেটা সুবিচার,” বলছিলেন তিনি।

    আসিফ নজরুল বলেন জুলাই ও অগাস্টে গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট রেজিম ছাত্র জনতার ওপর নির্মমভাবে গুলি চালিয়েছিল। কমপক্ষে দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছে। হাজার হাজার মানুষে অঙ্গহানি ঘটেছে। চিরদিনের জন্য বিকলাঙ্গ হয়ে গিয়েছে।

    “উপমহাদেশের ইতিহাসে এতোবড় গণহত্যার নজির কোথাও নেই। পৃথিবীতেও বিরল বলা চলে। এ বিচার করতে আমরা বদ্ধপরিকর”।

    ওদিকে বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনালের নিয়মিত কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

  4. জাতিসংঘ বলছে গাজার উত্তরাঞ্চলের পরিস্থিতি ভয়াবহ

    জাতিসংঘ বলেছে গাজার উত্তরাঞ্চলে বিপর্যয়কর পরিস্থিতি বিরাজ করছে। সংস্থাটি দুই সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো ওই এলাকায় খাদ্য বিতরণ করতে পেরেছে।

    জাতিসংঘের মতে এখনো ওই এলাকায় প্রায় চার লাখ ফিলিস্তিনি অবস্থান করছে। সাম্প্রতিক সময়ে সেখানেই ‘বড় আকারে বেসামরিক নাগরিক হতাহতের’ কথা জানিয়েছে তারা।

    ইসরায়েলের হামলায় শত শত মানুষের মৃত্যুর খরব এসেছে। তবে দেশটি বলেছে হামাস যোদ্ধাদের সমূলে উৎপাটনের জন্য তারা অভিযান চালিয়েছে।

    এদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ আবারো দাবি করেছে যে হেজবুল্লাহ তাদের যোদ্ধা ও অস্ত্র বহনের জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করছে। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র বলেছে হেজবুল্লাহ সদস্যদের বহন করা হচ্ছে এমন মনে হলে যে কোন ধরনের যানবাহনকেই তারা লক্ষ্যবস্তু বানাবে।

    “আমরা মেডিকেল টিমগুলোর প্রতি আহবান জানাচ্ছি যাতে তারা হেজবুল্লাহ সদস্যদের সাথে যোগাযোগ না করে এবং তাদের কোন সহযোগিতা না দেয়,” আইডিএফ মুখপাত্র আভিচায় আদ্রাই সামাজিক মাধ্যমে এক্স এ দেয়া পোস্টে লিখেছেন।

    ওদিকে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা জানিয়েছে গাজায় গতকাল দশ বছরের কম বয়সী অন্তত ৯৩ হাজার শিশুকে পোলিও টিকা খাওয়ানো হয়েছে।

  5. কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে ‘দ্রোহ কার্নিভালের’ অনুমতি, আদালতের হস্তক্ষেপে প্রতিবাদ কর্মসূচির অনুমতি

    কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে প্রতিবাদী কর্মসূচি পালনের অনুমতি পেল চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্‌‌স। আরজি কর হাসপাতালে কর্মরত নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং অনশনরত জুনিয়র ডাক্তারদের দাবির সমর্থনে প্রতিবাদী কর্মসূচি ‘দ্রোহ কার্নিভালের’ ডাক দিয়েছিল ওই সংগঠন। কিন্তু অনুমতি মেলেনি।

    চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনরত জুনিয়র ডাক্তার ও রাজ্য সরকারের মধ্যে এর আগেও ‘সংঘাত’ দেখা গিয়েছে।

    প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে আয়োজিত শোভাযাত্রা দুর্গা ‘পুজো কার্নিভাল’ রয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। গত কয়েক বছর ধরে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় কলকাতার রেড রোডে। সেখানে দুর্গা প্রতিমাসহ শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

    যেখানে এই অনুষ্ঠান হচ্ছে, তার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ‘দ্রোহ কার্নিভাল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।

    এই আবহে মঙ্গলবার ‘দ্রোহ কার্নিভাল’ প্রত্যাহারের অনুরোধও জানানো হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। এরপর রানি রাসমণি রোড এবং সংলগ্ন কিছু জায়গায় ১৬৩ ধারা জারি করা হয়। রাস্তায় ব্যারিকেডও দেওয়া হয়।

    কিন্তু মঙ্গলবার হাইকোর্টের হস্তক্ষেপে ১৬৩ ধারা খারিজ হয় এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি মেলে চিকিৎসক সংগঠনের। বিকেল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে চিকিৎসক ও চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়াও নাগরিক সমাজ যোগ দিয়েছে।

    অন্যদিকে, রাজ্যের তরফে আয়োজিত কার্নিভালও শুরু হয়েছে।

  6. সুপ্রিম কোর্টে কলকাতার নারী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় প্রশ্নের মুখে রাজ্য, সুপ্রিম কোর্টে সিভিক ভলেন্টিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যকে

    কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল পশ্চিমবঙ্গ সরকার।

    রাজ্যে হাসপাতালসহ বিভিন্ন জায়গায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।

    প্রসঙ্গত, ওই নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনে গ্রেফতার মূল অভিযুক্ত সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ ছিল বলে আদালতে জানানো হয়েছে।

    সিভিক ভলেন্টিয়ার হলো রাস্তায় ট্রাফিক সামলানোসহ পুলিশের ছোট খাটো কাজে সাহায্য করার জন্য চুক্তি ভিত্তিতে নিযুক্ত স্বেচ্ছাসেবক।

    এরপর রাজ্য সরকারকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের আইনি ভিত্তি, কোথায় কত সংখ্যক সিভিক ভলেন্টিয়ার রয়েছে, তাদের শিক্ষাগত যোগ্যতা এবং ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন কীভাবে হয় তা জানাতে বলা হয়েছে।

    একইসঙ্গে স্কুল এবং হাসপাতালের মতো সংবেসদনশীল জায়গায় পরবর্তী শুনানি পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার মোতায়েন না করার কথা বলেছে শীর্ষ আদালত।

    এদিকে, ওই ধর্ষণ এবং খুনে সঞ্জয় রায় ছাড়াও একাধিক ব্যক্তি যুক্ত থাকতে পারে কি না তা তদন্ত করে দেখছে সিবিআই। সুপ্রিম কোর্টে জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টে একথা জানিয়েছে ভারতীয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

  7. প্রতি ডজন ডিম ১৩০ টাকায় বিক্রি করবে সরকার

    সরকারের কৃষি ওএমএস কর্মসূচির আওতায় ঢাকার বিশটি জায়গায় সুলভ মূল্যে দশটি কৃষি পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    মঙ্গলবার রাজধানীর খাদ্য ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন ভোক্তারা যাতে সুলভ মূল্যে ক্রয় ক্ষমতার মধ্যে সবকিছু পায় সেজন্য এ উদ্যোগ নিয়েছেন তারা।

    কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রাথমিকভাবে রাজধানীর ২০টি স্থানে ট্রাক সেলের মাধ্যমে এসব কৃষিপণ্য বিক্রয় করা হবে।

    যেসব জায়গায় বিক্রি হবে সেগুলো হলো- খাদ্য ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বসিলা, রায়ের বাজার, রাজারবাগ, মুগদা-উত্তর, মুগদা-দক্ষিণ, পলাশী মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলি, মহাখালী বাস স্ট্যান্ড, বেগুনবাড়ি, উত্তরখান, দক্ষিণ খান, কামরাঙ্গীরচর, রামপুরা ও ঝিগাতলা।

    অন্যদিকে, এই কর্মসূচির আওতায় জন প্রতি এক কেজি আলু ৩০ টাকা, এক ডজন ডিম ১৩০ টাকা, এক কেজি পেঁয়াজ ৭০ টাকা, ১ কেজি কাঁচা পেঁপে ২০ টাকায় এবং পাঁচ কেজি বিভিন্ন ধরনের সবুজ শাক-সবজি প্যাকেজ আকারে বিক্রি করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

  8. সাবেক মন্ত্রী রাজ্জাক ও ফারুক খান দুই দিনের রিমান্ডে

    আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক এবং মুহাম্মদ ফারুক খানকে আলাদা দুটি মামলায় দুই দিনের রিমান্ডে দিয়েছে ঢাকার একটি আদালত।

    তারা দুজনই আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য।

    সোমবার সন্ধ্যায় মি. রাজ্জাককে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

    আর গভীর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে আটক করা হয় আরেক ফারুক খানকে।

    এরপর আজ নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আদালতে উপস্থাপন করে মি. রাজ্জাককে পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

    টাঙ্গাইল-১ আসন থেকে বেশ কয়েকবার নির্বাচিত সাংসদ আব্দুর রাজ্জাক আওয়ামী লীগ সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। এর আগে এক মেয়াদে খাদ্যমন্ত্রী ছিলেন তিনি।

    অন্যদিকে গোপালগঞ্জ-১ আসনের ছয় বারের সাংসদ মুহাম্মদ ফারুক খান সর্বশেষ বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ছিলেন। পল্টন থানায় বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় আদালতে দশ দিনের রিমান্ড আবেদন করে পল্টন থানা পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

  9. হাথুরুসিংহে বাদ, ক্রিকেট দলের নতুন কোচ ফিল সিমন্স- বোর্ড সভাপতি

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে সাময়িকভাবে অব্যাহতি এবং ওয়েস্ট ইন্ডিজের সাবেক হেড কোচ ফিল সিমন্সকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ।

    “কারও যখন চাকরি যায় তখন নোটিশের দরকার হয় না। তারপরও তিনি আন্তর্জাতিক ব্যক্তি। এটা দেশের বাইরে যাবে। সেজন্য নিজেদের দেশের নিয়ম ও আন্তর্জাতিক নিয়ম ফলো করে যেতে চাই। ৪৮ ঘণ্টার নোটিশ করেছি। ইমেডিয়েট ইফেক্টে সাসপেন্ড করেছি। তারপর হয়তো টারমিনেশন হবে,” মি. আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেছেন।

    এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ ইঙ্গিত দিয়েছেন যে একজন খেলোয়াড়ের সাথে অসদাচরণই হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার মূল কারণ। ২০২৩ সালের ওই ঘটনায় মি. আহমেদ নিজেই ওই খেলোয়াড়ের সাথে কথা বলেছেন বলে জানিয়েছেন।

    “শারীরিক আঘাত কোনো জাতীয় দলের খেলোয়াড়কে করতে পারবেন না। ওটার শাস্তি ওই, যেটা এখন হচ্ছে। ওই রিপোর্ট নিয়ে আমি কাজ করেছি। ওই খেলোয়াড়ের সাথে কথা বলেছি। সব নিয়মের মধ্যে থেকে আমি চেষ্টা করেছি,” বলছিলেন মি. আহমেদ।

    প্রসঙ্গত, হাথুরুসিংহের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই বছরের চুক্তি শেষ হওয়ার কথা ছিল আগামী বছর ফেব্রুয়ারিতে যে চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা সে পর্যন্ত। এর আগে, তিনি প্রথম দফায় ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ দলের কোচ হিসেবে কাজ করেছেন।

  10. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারের কথা বললেন উপদেষ্টা আসিফ

    দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার হার্ডলাইনে যাবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সরকারের কাছে তথ্য আছে যে অনেক করপোরেট প্রতিষ্ঠান ইচ্ছে করে পণ্যের দাম বাড়াচ্ছে। বিশেষ ক্ষমতা আইনে সরকার তাদের গ্রেফতার করবে।

    মি. ভূঁইয়া সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বা বিএসআরএফ আয়োজিত মতবিনিময় সভায় কথা বলছিলেন।

    “বন্যার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। যোগান ও চাহিদার মধ্যে সমন্বয় নেই। বাজারে সিন্ডিকেট আছে এবং এই সিন্ডিকেট ভাঙ্গার কাজ চলছে,” বলছিলেন তিনি।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো এবং এই সিন্ডিকেটের ভেতরে ব্যবসায়ীরা ছিলেন।

    “তারা এখনো রয়ে গেছেন। ব্যবসায়িক স্বার্থ বাঁচাতে কেউ কেউ রাজনীতিকদের সাথে লিয়াজো করে সিন্ডিকেট টিকিয়ে রেখেছে। চাঁদাবাজদের গ্রেফতার করা হচ্ছে। তবে সমস্যা হচ্ছে এক চাঁদাবাজকে গ্রেফতার করলে আরেক চাঁদাবাজ চলে আসে,” বলছিলেন তিনি।

  11. গুম কমিশনে অভিযোগ জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ

    গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ জমা দিয়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ।

    মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে কমিশন প্রধানের কাছে অভিযোগ জমা দেন তিনি।

    পরে সাংবাদিকদের তিনি বলেন, গুম, খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে। এখনো এ ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা না যাওয়ায় ক্ষোভ জানান সালাহউদ্দিন আহমেদ।

    এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম-খুনে জড়িত সকলের বিচার নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই নেতা।

  12. ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে একদিনে ৪৭ লাখ টাকার বেশি জরিমানা আদায়

    রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ১৩১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। জরিমানা করা হয়েছে ৪৭ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

    ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

    এছাড়া অভিযানের সময় ২২৩টি গাড়ি ডাম্পিং ও ৬৮টি গাড়ি রেকার করা হয়েছে।

    সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  13. পিএসসির চেয়ারম্যান ও চার সদস্যের শপথ গ্রহণ

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নব নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমসহ চারজন সদস্যকে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুপ্রিমকোর্ট প্রশাসন জানিয়েছে, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথ পড়ান।

    পিএসসির অন্য সদস্যরা হলেন ড. নুরুল কাদির, ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্লাহ এবং ড. মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার।

    গত আটই অক্টোবর পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেন। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান পদে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। একইদিন সংস্থাটিতে চার সদস্য নিয়োগ দেয়া হয়।

  14. গণঅভ্যুত্থানের বেআইনি ঘটনা তদন্তে তথ্যানুসন্ধান কমিটি গঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের

    গত ১৫ই জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত ছাত্র– জনতার অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার সত্যানুসন্ধান করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    সাত সদস্যের এই কমিটিকে ৪৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান গত আটই অক্টোবর এই কমিটি গঠন করেন।

    সোমবার ‘অতি জরুরি’ এক চিঠিতে কমিটির সদস্যদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

    ২০২৪ সালের ১৫ই জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার সত্যানুসন্ধান করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য এই তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে।

    চিঠিতে উল্লেখ করা হয়েছে, কমিটির সদস্যরা প্রয়োজন মনে করলে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন।

    এই কমিটির আহ্বায়ক আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ।

    অন্য সদস্যদের মধ্যে রয়েছেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন মোহাম্মদ ইকরামুল হক, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক নাদিয়া নেওয়াজ রিমি, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ নাসরিন সুলতানা এবং সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) শেখ আইয়ুব আলী কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

  15. শিক্ষার্থী রাজন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা মো. শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার রাতে শাহআলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

    ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেফতারকৃত শাহ আলম ৯৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

    রাজধানীর মিরপুর-১০ এ ফয়জুল ইসলাম রাজন হত্যার ঘটনায় গত ১৬ই অগাস্ট মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়।

    মামলার এজাহারে বলা হয়, গত ১৯শে জুলাই বিকেলে মিরপুর-১০ এর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

    এ সময় ফয়জুল ইসলাম রাজন গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত রাজনকে মিরপুর-৬ এর ডাক্তার আজমল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    গ্রেফতার শাহ আলমের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

  16. ১ কোটি ২৫ লাখ টাকা খরচে মিরপুর-১০ স্টেশন চালু

    দুই মাস ২৭ দিন পর চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন। এজন্য ১ কোটি ২৫ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

    মঙ্গলবার এই স্টেশনটি চালু করার সময় মি. খান বলেন, যেহেতু অন্যান্য স্টেশনগুলো থেকে অনেক যন্ত্রাংশ এনে এখানে সংযোজন করেছি, তাই সে সব যন্ত্রাংশ আমদানিসহ আমাদের দুই স্টেশনে মোট খরচ হবে ১৮ কোটি ৮৫ লাখ টাকা। সেখানে আরও কিছু বেশি যন্ত্রাংশও থাকবে।

    মেট্রোরেলের ভাড়া কমানোর ব্যাপারে চেষ্টা করা হবে উল্লেখ করে মি. খান বলেন, ‘বিভিন্ন অজুহাতে প্রকল্পের মেয়াদ ও টাকা বাড়ানো হয়েছে। প্রকল্পে দুর্নীতি নাকি অপচয়, সেটি চিহ্নিত করতে হবে।’

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ভাঙচুরের শিকার হয় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশন। এতে স্টেশন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ব্যবহার বন্ধ রাখতে হয়।

    এ দুটি স্টেশন সংস্কারে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এক বছর সময় লাগবে বললেও গত ২০ই সেপ্টেম্বর ২২ লাখ টাকার প্রাথমিক ব্যয়ে কাজীপাড়া স্টেশন চালু হয়। এর ২৫ দিন পর চালু হলো মিরপুর-১০ স্টেশনটি।

  17. পাশের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল

    এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সব শিক্ষা বোর্ডের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়। এ বছর পাশের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

    এবার জিপিএ ৫ পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। এ ফল উত্তীর্ণের মোট সংখ্যার ১৪ শতাংশ।

    এর আগে ২০২৩ সালে এ পরীক্ষায় পাশের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ; তাদের মধ্যে ৯২ হাজার ৫৯৫ জন জিপিএ-৫ পেয়েছিল।

    ঢাকা বোর্ডে পাশের হার ৭৯ দশমিক ২১ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭০ দশমিক ৩২ শতাংশ এবং রাজশাহী বোর্ডে ৮১ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী পাশের করেছেন।

    দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ, যশোর বোর্ডে ৬৪ দশমিক ২৯ শতাংশ, সিলেট বোর্ডে ৮৫ দশমিক ৩৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৮১ দশমিক ৮৫ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৬৩ দশমিক ২২ শতাংশ।

    এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে ৮৮দশমিক ০৯ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডে ৯৩ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

    এ বছর পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। পাশ করেছে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন শিক্ষার্থী।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গত ৩০শে জুন শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। পরে পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের দাবির মুখে স্থগিত পরীক্ষা আর অনুষ্ঠিত হয়নি।

    ফলে এবার কোনো বিভাগের শিক্ষার্থীদের পাঁচটি, কারও ছয়টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাকি পরীক্ষাগুলো বাতিল হওয়ায় সেগুলোর ফল এসএসসির ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।

  18. যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে সেনাপ্রধান

    সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা করবেন। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন সেনাপ্রধান।

    সফর শেষে আগামী ২৫শে অক্টোবর দেশে ফেরার কথা সেনাপ্রধানের।

  19. ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত, আহত ২৫

    ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২৫ জন যাত্রী আহত হয়েছে।

    মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কোতোয়ালি থানার মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    মাদারীপুর রিজিওনের হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খান বিবিসি বাংলাকে দুর্ঘটনায় পাঁচ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

    মি. খান জানান, “পাঁচ জন স্পট ডেড, আহত আছেন ২০ জনের মতো। মরদেহগুলো হাসপাতালে আছে। তাদেরকে আইডেন্টিফাইয়ের কাজ চলছে।”

    ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকায় মাগুরাগামী রাস্তায় এ দুর্ঘটনা হয়েছে বলে জানান মি. খান।

    দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানান মি. খান।

    আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন বলেও জানান মি. খান।

    ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ৈ বিবিসি বাংলাকে বলেন, “ঢাকা থেকে ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস নামের একটি বাসের সাথে সাতক্ষীরা থেকে বরিশালের আমতলীগামী আরেকটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ বাসটিতে ইটভাটার বেশ কিছু শ্রমিক যাচ্ছিল। এরা একসাথে ভাড়া করে বাসে যাচ্ছিল।”

    ভোর পাঁচটা ৫০ মিনিটেই উদ্ধার কার্যক্রম শেষ করা হয়েছে বলে জানান মি. বাড়ৈ। তবে, মি. বাড়ৈ জানান নিহতরা সবাই পুরুষ।

    তিনি ২৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এদের মধ্যে চারজন নারী এবং ২১ জন পুরুষ বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।