অন্তর্বর্তী সরকারের দাবি প্রত্যাখ্যান ভারত সরকারের

ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে দাবি জানিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ওসমান হাদিকে পাঠানো হচ্ছে সিঙ্গাপুরের হাসপাতালে। সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাদের জন্য আটক করেছে ঢাকার ডিবি পুলিশ। দিনের প্রধান খবরগুলো জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো

    • শেখ হাসিনার ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগ এনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • তবে ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেসব দাবি জানিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলেছে, বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভূক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পক্ষে তাদের অবস্থান।
    • সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
    • ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হচ্ছে সিঙ্গাপুরে।
    • অস্ট্রেলিয়ার বন্ডি বিচে দুই বন্দুকধারীর গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছে বলে নিউ সাউথ ওয়েলসের পুলিশ জানিয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন শিশু ও পুলিশসহ অন্তত ২৯জন।
    • আফ্রিকার দেশ সুদানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।
    • শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর, রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল বাড়াচ্ছে সরকার। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
    • শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। দুইজন সন্দেহভাজন ব্যক্তিকেও শনাক্ত করা হয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. সোমবার ওসমান হাদিকে পাঠানো হচ্ছে সিঙ্গাপুরের হাসপাতালে

    শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি

    ছবির উৎস, Osman Hadi/facebook

    ছবির ক্যাপশান, শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে আগামীকাল সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হচ্ছে সিঙ্গাপুরে।

    রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত হয়।

    এতে বলা হয়, গত দুই দিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে।

    আজ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

    সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে।

    যে কারণে সোমবার দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

    প্রেস উইং জানিয়েছে, এই লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তাঁর চিকিৎসার সব ধরনের ব্যবস্থাও নেয়া হয়েছে।

    প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা।

  3. সাংবাদিক আনিস আলমগীরকে আটক করেছে ডিবি

    সাংবাদিক আনিস আলমগীর

    ছবির উৎস, Anis Alamgir Facebook Page

    ছবির ক্যাপশান, সন্ধ্যার পরে ঢাকার একটি জিম থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে

    সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    ধানমণ্ডি এলাকার একটি ব্যায়াগাগার থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবির একটি টিম তাকে নিয়ে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসে।

    ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোঃ শফিকুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, ''কিছু বিষয়ে কথা বলার জন্য আমরা তাকে নিয়ে এসেছি। এই বিষয়ে পরবর্তীতে জনসংযোগ শাখা থেকে আপনাদের বিস্তারিত জানানো হবে''।

    আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ''কিছু বিষয় তো আছেই। আমরা তার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবো। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে পরবর্তীতে আপনাদের জানানো হবে''।

    সাংবাদিক আনিস আলমগীর আজকের কাগজ সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ইরাক যুদ্ধের সময় তিনি বাগদাদ থেকে প্রতিবেদন করেছেন।

    গত কিছুদিন ধরে টকশোতে ও লেখায় সরকারের নানা সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের বিষয়ে তাকে সমালোচনা করে বক্তব্য দিতে দেখা গেছে।

  4. অন্তর্বর্তী সরকারের দাবি প্রত্যাখ্যান ভারত সরকারের

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

    ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেসব দাবি জানিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    রোববার দুপুরে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু দাবি তুলে ধরে। এ সময় বাংলাদেশ সরকার কিছু বিষয়ে ভারতের কাছে উদ্বেগ তুলে ধরে।

    এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, ১৪ই ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে যেসব দেওয়া বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে ভারত।

    ভারতের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভূক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ভারত সবসময়েই তার অবস্থান জানিয়ে আসছে''।

    সেখানে আরো বলা হয়েছে, ''বন্ধুপ্রতীম বাংলাদেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারত কখনোই তার ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি''।

    ''আমরা আশা করছি, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার পরিস্থিতির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে দেশটির অন্তর্বর্তী সরকার,'' বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    এর আগে রোববার বিকালে বাংলাদেশেল পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে।

    সেখানে বলা হয়েছিল,ভারতে অবস্থানরত শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। যা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

    এসময় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতের দেওয়ার দণ্ডের মুখোমুখি করতে দ্রুত তাদের দেশে প্রত্যার্পণেরও আহ্বান জানায় বাংলাদেশ।

    বাংলাদেশি রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন পালিয়ে ভারতে আশ্রয় না নিতে পারে সে বিষয়েও ভারতের সহযোগিতা চাওয়া হয়।

    বিবৃতিতে বলা হয়, এসময় ভারতীয় হাইকমিশনার বলেছে, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা ভারতের রয়েছে এবং এ বিষয়ে সব ধরনের সহযোগিতাও দিতে তার দেশ প্রস্তুত।

  5. নির্বাচন যথাসময়েই হবে, বানচালের যেকোনো চেষ্টা ব্যর্থ হবে: নির্বাচন কমিশন

    নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ

    চোরাগোপ্তা হামলা কিংবা নাশকতা চালিয়ে নির্বাচনে প্রভাব ফেলা যাবে না বলে মনে করে নির্বাচন কমিশন।

    তফসিল ঘোষণার পরদিনই শরিফ ওসমান হাদির ওপর হামলা ও দুইটি নির্বাচন অফিসে আগুনের চেষ্টার পর রোববার নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে কমিশন।

    বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সন্ত্রাসী হামলা ও নাশকতার চেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

    তিনি বলেন, ''জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা ব্যর্থ হবেন''।

    আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দীর্ঘ এই বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীগুলো তাদের মতামত তুলে ধরে নির্বাচন কমিশনকে।

    সেই তথ্য তুলে ধরে কমিশনার মি. সানাউল্লাহ বলেন, “এর আগে অপারেশন ‘ডেভিল হান্ট’ চলাকালে গ্রেপ্তার হওয়া বেশিরভাগ আসামী কারামুক্ত হয়ে গেছে''।

    তিনি বলেন, ''সবাইকে পাশের মানুষটি নিয়ে সতর্ক থাকতে হবে। কোনো নাশকতাকারী যেন উৎসাহিত না হয়, সেই বার্তা কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে''।

    এই নির্বাচন কমিশনার বলেন, ''ওসমান হাদির উপর হামলা করে একটি ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল ভীতির পরিবেশ সৃষ্টি করা। তাদেরকে সফল হতে দেওয়া হবে না''।

  6. 'সিডনির ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে'

    হামলার ঘটনায় উদ্বিগ্ন অস্ট্রলিয়ার বাসিন্দারা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হামলার ঘটনায় উদ্বিগ্ন অস্ট্রলিয়ার বাসিন্দারা

    বন্ডি বিচে বন্দুকধারীদের গুলিবর্ষণে নিহতের সংখ্যা আরো দুইজন বেড়েছে।

    সিডনির পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় মারা গেছে ১১ জন। আহত অবস্থায় ২৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে শিশু ও পুলিশের সদস্যরাও রয়েছে।

    যখন গুলির ঘটনাটি ঘটে, সেই সময় ইহুদিদের হানুকাহ উৎসবের প্রথম দিন উপলক্ষে ওই সৈকতে সহস্রাধিক মানুষ সমবেত হয়েছিলেন।

    নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী ক্রিস মিনস বলেছেন, সিডনির ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছিল।

    অন্যদিকে সিডনির পুলিশ কমিশনার ম্যাল লানইয়োন বলেছেন, সহস্রাধিক মানুষের জমায়েত লক্ষ্য করে ''এটি ছিল একটি সন্ত্রাসী হামলা''।

    দুই বন্দুকধারীর দুইজনের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে, আরেকজন গুরুতর আহত হয়েছে। ওই হামলায় আরো একজন জড়িত থাকার সন্দেহে তদন্ত করছে পুলিশ।

    ওই অনুষ্ঠানস্থলে অন্তত সাতজনের অনড় দেহ পড়ে থাকার একটি ভিডিও দেখা গেছে, যা যাচাই করে সত্যতা পেয়েছে বিবিসি।

    ঘটনাস্থল থেকে অদূরে বন্দুকধারীদের গাড়ি থেকে বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করেছে পুলিশ।

    শিশু কোলে অ্যাম্বুলেন্সের সামনে দুইজন নারী

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হামলার ঘটনায় ২৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে শিশু ও পুলিশও রয়েছে
  7. রাজনৈতিক দল ও জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতাদের বাড়তি নিরাপত্তা দেবে সরকার

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর, রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল বাড়াচ্ছে সরকার।

    রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করা হবে।

    এই প্রটোকলে রাজনৈতিক নেতা এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা তাঁদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন, সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে।

    এছাড়াও গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে প্রেস উইং।

    প্রেস উইং জানিয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় হামলাকারী ও তাঁর সহযোগীদের পুলিশ ইতিমধ্যে শনাক্ত করেছে। তাঁদের গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় অভিযান অব্যাহত রয়েছে।

  8. ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, আরো যা জানিয়েছে মেডিকেল বোর্ড

    ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার পরিস্থিতি জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

    মেডিকেল বোর্ড জানিয়েছে, দ্বিতীয় দিনে পুনরায় করা সিটি স্ক্যানে দেখা গেছে ওসমান হাদির মস্তিষ্কের ফোলা আগের চেয়ে আরো বেড়েছে। যা অত্যন্ত উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি নির্দেশ করে।

    রোগীর ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। এই ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি পরিলক্ষিত হয়নি। চেস্ট ড্রেইন টিউবও সচল রয়েছে।

    চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর কিডনির কার্যক্ষমতা বর্তমানে বজায় আছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা আগের চেয়ে কিছুটা হ্রাস পেয়েছে। তবে ব্রেন ইনজুরির কারণে শরীরের কিছু হরমোনগত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, যা প্রতি ঘণ্টায় ইউরিন উৎপাদনে প্রভাব ফেলছে। এ কারণে এসিড-বেস ব্যালেন্স, ফ্লুইড ও ইলেক্ট্রোলাইট অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা করা হচ্ছে।

    রোগীর রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতা বর্তমানে অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে মেডিকেল বোর্ড।

    তারা বলছেন, ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্কের অতিরিক্ত ফোলাজনিত চাপের কারণে রোগীর রক্তচাপে ওঠানামা পরিলক্ষিত হচ্ছে। রোববার রোগীর হৃৎস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা গেছে।

    মেডিকেল বোর্ড মনে করে, এই ধরনের জটিল ও সংকটাপন্ন শারীরিক অবস্থায় ব্লাড সুগারের ওঠানামা একটি পরিচিত ক্লিনিক্যাল চ্যালেঞ্জ, যা মেডিকেল টিম সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণে রাখছে।

    চিকিৎসকরা বলছেন, রোগীর সার্বিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।

    এক বিজ্ঞপ্তির মাধ্যমে মেডিকেল বোর্ড জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য যদি ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয় তাহলে এভারকেয়ার হাসপাতাল কৃর্তপক্ষ সে বিষয়ে সহযোগিতা করবে।

  9. ওসমান হাদির ওপর গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার, তিনজনকে আটক

    রোববার বিকেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

    ছবির উৎস, DMP

    ছবির ক্যাপশান, রোববার বিকেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। দুইজন সন্দেহভাজন ব্যক্তিকেও শনাক্ত করা হয়েছে। আটক করা হয়েছে মোটরসাইকেলের মালিককে।

    পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সীমান্ত এলাকায় মানব পাচারের সাথে জড়িত এমন দুইজনকে আটক করেছে পুলিশ।

    ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রোববার বিকেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি।

    ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন মো. নজরুল ইসলাম জানান, ওসমান হাদিকে গুলির সাথে জড়িত দুইজনকে শনাক্ত করা হয়েছে। তার হলেন ফয়সাল করিম মাসুদ ও মো. আলমগীর শেখ।

    তিনি বলেন, “ঘটনার তদন্তে আমরা জানতে পেরেছি সন্দেহভাজন ব্যক্তিরা হেলমেট পরিহিত অবস্থায় ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে”।

    পুলিশ বলছে, ''অভিযুক্তদের গ্রেফতারে ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। সন্দেহভাজন ব্যক্তিরা যাতে সীমান্ত পার না হতে পারে সেজন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে''।

    অতিরিক্ত কমিশনার মি. ইসলাম বলেন, “শেরপুরের নলিতাবাড়ি সীমান্ত দিয়ে লোক পারাপার করে এমন জড়িত সন্দেহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি”।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দাবি করছে অভিযুক্ত ফয়সাল ও আলমগীর দেশের বাইরে পালিয়ে গেছে, এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা জানান, পালিয়ে যাওয়ার কোন তথ্য তাদের কাছে নেই। সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ।

  10. অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে বন্দুকধারীর গুলিতে অন্তত নয় জন নিহত

    বন্ডি বিচ এলাকায় পুলিশের প্রহরা

    ছবির উৎস, DAVID GRAY / AFP via Getty Images

    ছবির ক্যাপশান, বন্ডি বিচ এলাকায় পুলিশের প্রহরা

    অস্ট্রেলিয়ার বন্ডি বিচে দুই বন্দুকধারীর গুলিতে অন্তত নয় জন নিহত হয়েছে বলে নিউ সাউথ ওয়েলসের পুলিশ জানিয়েছে।

    ওই ঘটনায় আরো অন্তত ১১ জন আহত হয়েছে। এছাড়া দুইজন পুলিশ কর্মকর্তাও গুলিবিদ্ধ হয়েছে।

    অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

    যে দুইজন বন্দুকধারী এই হামলা চালিয়েছে, তাদের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। আরেকজনকে আহত অবস্থায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

    নিউ সাউথ ওয়েলসের বন্ডি বিচ অস্ট্রেলিয়ার সবচেয়ে সুন্দর সৈকতগুলোর একটি।

    যখন এই হামলার ঘটনা ঘটেছে, তখন বন্ডি বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুকাহ উদযাপনের অনুষ্ঠান চলছিল। তবে হামলার সাথে ওই উৎসবের কোনো সম্পর্ক আছে কিনা, তা পুলিশ নিশ্চিত করেনি।

    সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিও্রতে দেখা যায় দুইজন বন্দুকধারী ক্যাম্পবেল প্যারেডের পার্কিং এলাকার একটি ব্রিজ থেকে বিচের দিকে গুলি ছুড়ছেন। এই ভিডিওটি সহ বেশ কয়েকটি ভিডিওর সত্যতা যাচাই করতে পেরেছে বিবিসি ভেরিফাই।

    অস্ট্রেলিয়ায় গত তিন দশকের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা। ১৯৯৬ সালে তাসমানিয়ায় এক বন্দুকধারীর গুলিতে ৩৫ জন মারা যাাওয়ার পর অস্ট্রেলিয়ার সরকার কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইন জারি করেছিল, যে ঘটনার পর থেকে বন্দুক হামলা অনেকাংশে কমে যায়।

    ঐ ঘটনার পর এই প্রথম অস্ট্রেলিয়ায় পাবলিক প্লেসে বন্দুক হামলার ঘটনা ঘটলো।

  11. ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়

    ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন
    ছবির ক্যাপশান, ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    এসময় বাংলাদেশ সরকার এসব বিষয়ে ভারতের সরকারের কাছে গভীর উদ্বেগের কথাও তুলে ধরেছে।

    রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। যা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

    এসময় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতের দেওয়ার দণ্ডের মুখোমুখি করতে দ্রুত তাদের দেশে প্রত্যার্পণেরও আহ্বান জানায় বাংলাদেশ।

    বাংলাদেশি রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন পালিয়ে ভারতে আশ্রয় না নিতে পারে সে বিষয়েও ভারতের সহযোগিতা চাওয়া হয়।

    বিবৃতিতে বলা হয়, এসময় ভারতীয় হাইকমিশনার বলেছে, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা ভারতের রয়েছে এবং এ বিষয়ে সব ধরনের সহযোগিতাও দিতে তার দেশ প্রস্তুত।

  12. ওসমান হাদির মস্তিষ্কে রক্ত জমাট বেধে আছে, উন্নত চিকিৎসায় বিদেশে নিতে চায় পরিবার

    ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওসমান হাদি
    ছবির ক্যাপশান, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওসমান হাদি

    ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি।

    তবে কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়া তাঁর দুই কিডনি আবার সচল হয়েছে। ফুসফুসের কার্যক্রমও অপরিবর্তিত রয়েছে।

    রোববার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক আবদুল আহাদ।

    তিনি জানান, ওসমান হাদির শারীরিক অবস্থা আগের মতোই আশঙ্কাজনক ও তার মস্তিষ্কের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেধে আছে।

    মি. আহাদ জানান, “ওসমান হাদির ব্রেনের ভেতরে এখনো বুলেটের একটি অংশ থেকে গেছে। এই অংশের অবস্থান ব্রেনের স্পর্শকাতর রক্তনালীর সঙ্গে”।

    তিনি বলেন, “একটা অংশ বের হয়ে গেছে। অপারেশনের সময় বুলেটের একটি শেল (কাভার) অংশ ডাক্তাররা বের করেছেন। তবে আরও একটি ছোট অংশ এখনো ব্রেইনের ভেতরে থেকে গেছে। ঝুঁকি বিবেচনা করে ডাক্তাররা যদি প্রয়োজন মনে করেন, এই অংশ বের করা সম্ভব তাহলে সেটা করবেন।’

    এদিকে মি. হাদির চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রবিবার মেডিকেল বোর্ডে এ নিয়ে আলোচনাও হয়েছে।

  13. সুদানে হামলায় হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম পরিচয় প্রকাশ

    সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর

    ছবির উৎস, ISPR

    ছবির ক্যাপশান, সুদানে হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর

    আফ্রিকার দেশ সুদানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।

    স্থানীয় সময় শনিবার দুপুরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী এ ড্রোন হামলায় চালায়। শনিবার ছয়জন নিহত হওয়ার কথা জানানো হলেও তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

    রোববার দুপুরে তাদের পরিচয় প্রকাশ করে আইএসপিআর। এতে বলা হয় নিহতরা হলেন—কর্পোরাল মো. মাসুদ রানা (নাটোর); সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), শামীম রেজা (রাজবাড়ী) ও শান্ত মন্ডল (কুড়িগ্রাম); মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

    অপরদিকে আহত শান্তিরক্ষীরা হলেন—লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান (কুষ্টিয়া), সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন (দিনাজপুর), কর্পোরাল আফরোজা পারভিন ইতি (ঢাকা), ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম (বরগুনা); সৈনিক মো. মেজবাউল কবির (কুড়িগ্রাম), মোসা. উম্মে হানি আক্তার (রংপুর), চুমকি আক্তার (মানিকগঞ্জ) ও মো. মানাজির আহসান (নোয়াখালী)।

  14. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে