করোনাভাইরাস: জার্মানি ২০০জনকে পরীক্ষামূলক টিকা দিবে

করোনাভাইরাস বিশ্ব মহামারি নিয়ে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ আপডেট নিয়ে বিবিসি বাংলার লাইভ আয়োজন।

সরাসরি কভারেজ

মিজানুর রহমান খান

  1. বাংলাদেশে ভিআইপিদের করোনাভাইরাস চিকিৎসায় আলাদা হাসপাতালের খবর অস্বীকার করেছে তথ্য মন্ত্রণালয়

    ভিআইপিদের করোনাভাইরাস রোগের চিকিৎসার জন্যে আলাদা হাসপাতাল প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে- বিবিসি বাংলার এই খবরের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়।

    সরকারের প্রধান তথ্য কর্মকর্তা বলছেন, “প্রকাশিত সংবাদটি সঠিক তথ্যনির্ভর নয় এবং ভুল। ভুল তথ্য সম্বলিত সংবাদটি প্রকাশের কারণে জনগণের মধ্যে অহেতুক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়।”

    সুরথ কুমার সরকার বিবিসি বাংলাকে পাঠানো এক ই-মেইলে বলেন,“বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হিসাবে আমি সংবাদটির প্রতিবাদ করছি।”

    এর আগে বিবিসি বাংলার খবরে বলা হয় যে করোনাভাইরাসে যদি বাংলাদেশের কোন ভিআইপি,বিত্তশালী এবং দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিকেরা আক্রান্ত হন, তাহলে তাদের জন্য আলাদা হাসপাতাল প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

    এজন্য ঢাকার একটি হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে এবং বেসরকারি কয়েকটি বড় হাসপাতালের কর্তৃপক্ষের সাথে এনিয়ে কথাবার্তা চলছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এবং এবিষয়ে সরকারের যুক্তিও তুলে ধরা হয়েছে।

    ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল প্রস্তুতকরার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এনিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে সরকারের পক্ষ থেকে এই খবরের সত্যতা অস্বীকার করা হলো।

    মি. সরকার বলেন, “প্রকৃতপক্ষে, বাংলাদেশ সরকারের ভিআইপিদের করোনাভাইরাসজনিত চিকিৎসার জন্য পৃথক কোন হাসপাতালে চিকিৎসা সুবিধা সৃষ্টি করার কোন পরিকল্পনা নাই এবং তা করাও হয়নি।”

  2. “করোনাভাইরাস আমাদের সঙ্গে থাকবে আরো দীর্ঘ সময়”

    ডাব্লিউএইচওর মহাপরিচালক ড. টেড্রস আধানম গেব্রিয়াসাস।

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ডাব্লিউএইচওর মহাপরিচালক ড. টেড্রস আধানম গেব্রিয়াসাস।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হুঁশিয়ার করে দিয়েছেন, যদিও পশ্চিম ইউরোপে করোনাভাইরাস মহামারি “দৃশ্যত স্থিতিশীল হচ্ছে বা কমছে,” তার পরেও আফ্রিকা, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপে এই প্রবণতা উর্ধ্বমুখী যা উদ্বেগজনক।”

    “কোন ভুল করবেন না- আমাদের দীর্ঘ পথ যেতে হবে, এই ভাইরাস আমাদের সঙ্গে রয়ে যাবে আরো দীর্ঘ সময়,” বলেন ডাব্লিউএইচওর মহাপরিচালক ড. টেড্রস আধানম গেব্রিয়াসাস।

    তিনি বলেন, লোকেরা বাড়িতে থাকতে থাকতে “বোধগম্য কারণেই হতাশ“ তবে “ আমাদের সামনে আছে একটি নতুন, স্বাভাবিক, স্বাস্থ্যকর ও নিরাপদ বিশ্ব।”

  3. নিউ ইয়র্কে মৃত্যুর সংখ্যা ‘কমছে’

    যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক অঙ্গ রাজ্যের গভর্নর এন্ড্রু কুমো বলছেন, তার রাজ্যে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে বলে মনে হচ্ছে।

    এই রাজ্যটি যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারির এপিসেন্টার বা কেন্দ্র।

    মি. কুমো জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় সেখানে ৪৭৪ জন মারা গেছেন।

    গত ২রা এপ্রিলের পর এই সংখ্যা সর্ব নিম্ন।

  4. মাস্ক পরা বাধ্যতামূলক জার্মানিতে

    জার্মানির রাস্তা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জার্মানিতে শিথিল করা হচ্ছে বিধি-নিষেথ।

    সারা জার্মানিতে ১৬টি রাজ্য মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করার এক পরিকল্পনার কথা ঘোষণা করেছে।

    দেশটি ইতোমধ্যে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা বিধি-নিষেধ শিথিল করতে শুরু করেছে।

    বিভিন্ন রাজ্যে মাস্ক পরার এই আইনে অল্প কিছু পার্থক্য আছে।

    তবে সারা দেশের গণপরিবহনে চলাচলের সময় এই মাস্ক পরা বাধ্যতামূলক এবং প্রায় সব রাজ্যই বাজার করার সময় মাস্ক পরার বিষয়ে আইন করতে যাচ্ছে।

  5. জার্মানিতে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে ২০০ জনের শরীরে

    trial vaccine

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, একটি সফল টিকা আবিষ্কারের জন্য সারা বিশ্বের বিজ্ঞানীরা মরিয়া হয়ে কাজ করছেন।

    করোনাভাইরাসের মহামারি মোকাবেলায় জার্মানি এমাসের শেষ নাগাদ মানবদেহে সম্ভাব্য টিকা দেওয়ার পরীক্ষা শুরু করবে।

    জার্মান কোম্পানি বায়োএনটেক, যারা মার্কিন কোম্পানি ফাইজারের সাথে করোনাভাইরাসের টিকা উদ্ভাবন নিয়ে কাজ করছে, তারা বলছে যে এই গবেষণায় দু‘শোর মতো স্বেচ্ছাসেবীকে এই টিকা দেওয়া হবে। তাদের বয়স ১৮ থেকে ৫৫।

    মানবেদেহে এই পরীক্ষা চালানোর জন্য জার্মান কর্তৃপক্ষ তাদেরকে অনুমতিও দিয়েছে।

    জার্মান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্ফান বলেছেন, “জার্মানিতে এই টিকা তৈরির এতোটা অগ্রগতি একটি ভাল ইঙ্গিত। একই সাথে মনে রাখতে হবে যে এটা করতে কয়েক মাস লাগবে।”

    “এটা শরীরে দেওয়া হবে এমন একটি ইঞ্জেকশন। এধরনের টিকার জন্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে,“ বলেন তিনি।

    ব্রিটেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরাও মানবদেহে এই টিকার উপর পরীক্ষা শুরু করবেন এসপ্তাহে। যুক্তরাষ্ট্র ও চীনেও এধরনের পরীক্ষা শুরু হচ্ছে।

  6. করোনাভাইরাস: ভাড়াটে বের করে দেওয়ার অভিযোগে ঢাকার এক বাড়িওয়ালা কারাগারে

    বাংলাদেশে সংবাদ মাধ্যমগুলো বলছে, রাজধানী ঢাকায় ভাড়া দিতে না পারায় বাড়ি থেকে এক দম্পতিকে বের করে দেওয়া ও মারধরের অভিযোগে পুলিশ একজন বাড়িওয়ালাকে গ্রেফতার করার পর আদালত ওই বাড়িওয়ালাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে।

    পুলিশকে উদ্ধৃত করে বলা হচ্ছে, করোনাভাইরাসের প্রকোপের কারণে এক মাসের ভাড়া বকেয়া হলে ভাড়াটে দম্পতিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর তারা ৯৯৯ -এ ফোন করে পুলিশের কাছে অভিযোগ করেন।

    ভাড়াটের অভিযোগের পর পুলিশের বিশেষ বাহিনী র‌্যাব মঙ্গলবার রাতে বাড়িওয়ালাকে গ্রেফতার করে।

    আজ বুধবার উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মুখ্য মহানগর আদালত ওই বাড়িওয়ালাকে জেলে পাঠিয়ে দিয়েছে।

    এর আগে পুলিশের পক্ষ থেকে বাড়িওয়ালাদের এব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছিল।

  7. bazar

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সামাজিক দূরত্বের সরকারি নির্দেশনা তোয়াক্কা না করেই লোকজন ঢাকার একটি বাজারে জড়ো হয়েছে।
  8. সারা বিশ্বে করোনাভাইরাসের কিছু আপডেট

    আপনি যদি এই মাত্র আমাদের লাইভে যোগ দিয়ে থাকেন, তাহলে আপনার জন্য সারা বিশ্ব থেকে পাওয়া কিছু তথ্য:

    • জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়, যারা সারা পৃথিবীতে করোনাভাইরাসের সংক্রমণের হিসাব রাখছে, তারা বলছে যে এখনও পর্যন্ত ২৫ লাখ আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে এক লাখ ৭৭ হাজার মানুষ মারা গেছে বলে জানা গেছে।
    • মানবদেহে ভ্যাকসিনের পরীক্ষা শুরু হতে যাচ্ছে জার্মানি ও ব্রিটেনে।
    মাদ্রাসা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মাদ্রাসায় শিক্ষার্থীরা গাদাগাদি করে বাস করে।
    • ভাইরাসের প্রকোপের কারণে নাইজেরিয়ার মাদ্রাসা থেকে প্রায় ৯০ লাখ শিশুকে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
    • মরক্কোর স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, বিধি-নিষেধ ভঙ্গ করার কারণে গত ২৪ ঘণ্টায় পুলিশ ৩,০০০ লোককে গ্রেফতার করেছে।
    • স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশের বুনিয়েল শহরের কর্তৃপক্ষ একে অপরের প্রতি টমোটো ছোঁড়ার ঐতিহ্যবাহী একটি উৎসব স্থগিত করেছে। ১৯৫৭ সালের পর এই প্রথম এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি স্থগিত করা হলো।
  9. যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দফায় করোনাভাইরাস প্রকোপের বিষয়ে হুঁশিয়ারি

    যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে সেটা প্রথম দফার চেয়েও খারাপ হতে পারে বলে দেশটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হুঁশিয়ার করে দিয়েছেন।

    রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেন্টারের পরিচালক রবার্ট রেডফিল্ড বলেছেন, এর ফলে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সেবা ব্যবস্থার ওপর “অকল্পনীয় চাপ” সৃষ্টি হতে পারে।

    যুক্তরাষ্ট্রে আট লাখেরও বেশি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সনাক্ত করা হয়েছে- যা বিশ্বে সর্বোচ্চ।

    আর এতে মারা গেছে ৪৫ হাজারেরও বেশি মানুষ।

    একজন স্বাস্থ্যকর্মী

    ছবির উৎস, GETTY IMAGES

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
  10. সামাজিক দূরত্ব বজায় রেখে বোরো ধান সংগ্রহে কৃষকদের সহযোগিতার আহবান

    মাঠ থেকে বোরো ধান সংগ্রহে কৃষকদের সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকার শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছে।

    করোনাভাইরাসের মহামারির মধ্যে কর্তৃপক্ষ প্রয়োজনে কৃষকদের স্কুল প্রাঙ্গন ব্যবহার করতে দিতেও নির্দেশনা দিয়েছে।

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দেওয়া এই নির্দেশনায় বলা হয়েছে: উদ্ভূত পরিস্থিতিতে দেশের যেসব অঞ্চলে বোরো ধান আহরণের জন্য কৃষকদের সহায়তা করা প্রয়োজন সেসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে কৃষকদের প্রয়োজনীয় সাহায্য করার অনুরোধ করা হলো।

    এই নির্দেশনায় সামাজিক দূরত্ব বজায় রেখে বোরো ধান আহরণে কৃষকদের সহযোগিতা করতে বলা হয়েছে।

    নির্দেশনা

    ছবির উৎস, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

    ছবির ক্যাপশান, সরকারের নির্দেশনা
  11. সিঙ্গাপুরে ১০ হাজার ছাড়িয়েছে করোনাভাইরাস রোগীর সংখ্যা

    বুধবার সিঙ্গাপুরে আরো ১০১৬ জন নতুন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়।

    দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে এখন সিঙ্গাপুরেই সর্বোচ্চ রোগী।

  12. ইমরান খান অপেক্ষায় করোনাভাইরাস পরীক্ষার ফলাফলের

    একটি দাতব্য সংস্থার প্রধানের সাথে ইমরান খান সাক্ষাৎ করেন যিনি পরবর্তীতে কোভিড-১৯এ পজিটিভ হন।

    গত সপ্তাহে ইমরান খানকে একটি চেক তুলে দেন সেই ব্যক্তি।

    এরপর ইমরান খান নিজেও নানা বৈঠকে অংশ নিয়েছেন মন্ত্রীসভার সাথে।

    এখন তিনি টেস্ট করিয়েছেন এবং ফলাফলের অপেক্ষায় আছেন।

    পাকিস্তানে সংক্রমণ নয় হাজার ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা ২০০।

    এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কোভিড-১৯ সংক্রমণ হয়।

    এই ব্যক্তির সাথে দেখা করেন ইমরান খান

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, এই ব্যক্তির সাথে দেখা করেন ইমরান খান
  13. স্পেনে মে মাসের মাঝামাঝি সময়ে শিথিল হবে লকডাউন

    রয়টার্স বলছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানজেচ পরিকল্পনা করছেন মে মাসের মাঝামাঝি পর্যন্ত লকডাউন থাকবে। এরপর ধীরে ধীরে শিথিল করা হবে।

    নিরাপত্তা রাখতে এই জরুরী অবস্থার মধ্যেই পর্যবেক্ষণ জারি রাখবে স্পেন সরকার।

    স্পেনে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ হয়েছে যেটা ২ লাখেরও বেশি।

    স্পেনে কিছু জায়গায় স্বস্তি আসছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, স্পেনে কিছু জায়গায় স্বস্তি আসছে
  14. ইউরোপ থেকে সর্বশেষ যা জানা যাচ্ছে

    • স্পেনে কারণ ছাড়া বের হতে পারছেনা শিশুরা। মঙ্গলবার ঘোষণা দেয়া হয়েছিল শিশুদের বের হওয়ার ব্যাপারে কড়াকড়ি হালকা করা হবে। কিন্তু এখন এখন তার সাথে শর্ত যোগ করা হয়েছে।
    • শিশুরা বের হতে পারবে কিন্তু সাথে অবিভাবক থাকতে হবে।
    • রোমানিয়ায় ভাইরাস নিয়ে কড়াকড়ি না মানায় ২ লাখ জরিমানা করা হয়েছে যা থেকে আদায় হয়েছে ৭ কোটি ৮ লাখ ইউরো।
    • মস্কোতে ডিজিটাল পদ্ধতিতে মানা হচ্ছে লকডাউন।
    • কারো ঠান্ডা লাগলেও তাকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে রাশিয়ায়।
    • বার্লিনে ম্যারাথন দৌড় বাতিল করে দেয়া হয়েছে। ২৪শে অক্টোবর পর্যন্ত জনসমাগম নিষিদ্ধ হয়েছে জার্মানিতে।
  15. ব্রেকিং, বাংলাদেশে ৫ই মে পর্যন্ত চলবে সাধারণ ছুটি

    করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে চলমান সাধারণ ছুটি মে মাসের ৫ তারিখ পর্যন্ত বাড়ানো হচ্ছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিবিসি বাংলাকে জানিয়েছেন, "এই সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর বিষয়টি নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে। আজই (বুধবার) বিকালে সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।"

    করোনাভাইরাস সংক্রমণ রোধে ২৬শে মার্চ থেকে প্রথম দফায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল বাংলাদেশে।

    এরপর তিন দফা ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।

    তৃতীয় দফায় ছুটি বাড়ানোর পর ২৫শে এপ্রিল তা শেষ হওয়ার কথা ছিল।

    এখন সেখান থেকে ছুটির মেয়াদ আরো এক সপ্তাহের বেশি বাড়ানো হচ্ছে।

  16. ব্রেকিং, সুস্থ এতো কম কেনো, স্বাস্থ্য অধিদপ্তরের ব্যাখ্যা

    উপসর্গ ও লক্ষণ নিয়ে ১৪-১৫ দিন থাকেন বলছেন নাসিমা সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

    এর ফলে মৃতের তুলনায় সুস্থ হওয়ার হারটা কম বলছেন তিনি।

    রোগী বাড়ছে গত ১০ দিন ধরে। গত দুদিন চারশো ছাড়ায় ২৪ ঘন্টায় শনাক্তের সংখ্যা।

    এর আগে ৩০০ অতিক্রম করে যায়। আজও চারশো ছুঁই ছুঁই সংখ্যক লোকের দেহে কোভিড-১৯ ধরা পড়ে।

  17. ব্রেকিং, সংখ্যায় বাংলাদেশে করোনাভাইরাস

    সংখ্যায় বাংলাদেশে করোনাভাইরাস

    ছবির উৎস, মীর সাব্বির

    ছবির ক্যাপশান, সংখ্যায় বাংলাদেশে করোনাভাইরাস
  18. ব্রেকিং, বাংলাদেশে মারা গেছেন আরো ১০জন

    বাংলাদেশে নতুন আক্রান্ত হয়েছেন ৩৯০ জন।

    ৩০৯৬ জনকে পরীক্ষা করে এই সংখ্যক শনাক্ত পাওয়া গেছে।

    বাংলাদেশে করোনাভাইরাসে মোট শনাক্ত হয়েছেন ৩৭৭২ জন।

    গত ২৪ ঘন্টায় আরো ১০জন মৃত্যুবরণ করেছেন।

    এ পর্যন্ত মারা গেছেন ১২০ জন।

    ৬৪ জেলার মধ্যে ৫৫ জেলায় কোভিড আক্রান্ত ব্যক্তি আছেন।

    গাজীপুর, কিশোরগঞ্জ এবং নরসিংদীতে এখন সংক্রমণ বাড়ছে।

    তেহাত্তর শতাংশ রোগী ঢাকা বিভাগের মধ্যে।

    এসব তথ্য আজকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ব্রিফিংয়ে পাওয়া গেছে।

  19. লকডাউনের ফলে তিন কোটি মানুষ না খেয়ে মরে যেতে পারে- বিশ্ব খাদ্য সংস্থা

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে ১৮৫টি দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার মধ্যে ৮২টি দেশ পুরোপুরি বা আংশিকভাবে লকডাউন প্রয়োগ করেছে।

    কিন্তু এই লকডাউনে পুরো অর্থনীতি অচল হয়ে পড়ার কারণে বিশ্বের অনেক দেশ লকডাউন শিথিল করার কথা ভাবতে শুরু করেছে।

    বিশ্ব খাদ্য সংস্থা সতর্কবাণী দিয়েছে যে, অর্থনীতি এভাবে চলতে থাকলে বিশ্বের অন্তত তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল পূর্বাভাস দিয়েছে যে, করোনাভাইরাসের কারণে অর্থনীতি স্থবির হয়ে পড়ায় বিশ্বের প্রবৃদ্ধি তিন শতাংশ হারিয়ে যেতে পারে।