ইন্টারনেট ইতিহাসের মাইলফলক

ইন্টারনেটের সুচনা হয়েছিল ‘ডারপা‘ নামে মার্কিন প্রতিরক্ষা দফতরের একটি গবেষণা প্রকল্প থেকে৻
তখন এর নাম ছিল আরপানেট, ১৯৬৯ সালের ১৪ই জানুয়ারি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় লস এঞ্জেলেস এবং স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট-এর মধ্যে প্রথম নেটওয়ার্ক যোগাযোগ স্থাপিত হয়৻
প্রথম আন্তর্জাতিক নেটওয়ার্ক যোগাযোগ স্থাপিত হয়েছিল ২৫শে জুলাই ১৯৭৩ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আরপানেট যোগাযোগ স্থাপিত হয় লন্ডনের ইউনিভার্সিটি কলেজের৻
১৯৭৩ সালেই আরপানেটের রবার্ট কান আর ভিনটন সার্ফ প্রথমবারের মতো তৈরি করেন ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল এবং ইন্টারনেট প্রটোকল - যাকে বলা হয় টিসিপিআইপি৻ ১৯৮০র দশকে এটাই পরিণত হয় ইন্টারনেটের সার্বজনীন ভাষায়৻
১৯৭৫ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মধ্যে টিসিপিআইপির প্রথম পরীক্ষা হয়৻ এর দু‘বছর পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং নরওয়ের মধ্যে তিনটি নেটওয়ার্কের মধ্যে টিসিপিআইপি যোগাযোগ স্থাপনের পরীক্ষা হয়৻

১৯৮১ সাল নাগাদ আইবিএম-এর মতো কোম্পানিগুলো আরো কিছু নেটওয়ার্ক চালু করে৻ যেমন বিটনেট, এদের নেটওয়ার্কে একসময় ৪৯টি দেশের এক হাজারেরও বেশি প্রতিষ্ঠান সংযুক্ত ছিল৻
পরের কয়েক বছরে যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে তোলে যাকে বলা হতো এনএসএফনেট৻
নেটওয়ার্কে যোগাযোগের ভাষায়ও প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটে, তবে টিসিপিআইপি প্রটোকলই শেষ পর্যন্ত ইন্টারনেটের সর্বজনগ্রাহ্য ভাষা হয়ে দাঁড়ায়৻
১৯৮৭র নভেম্বর থেকে এনএসএফনেট তাদের তথ্যপরিবহনের গতির এমন উন্নয়ন ঘটায় যার ফলে সে যুগের ইন্টারনেট প্রথম বারের মতো বাণিজ্যিক বিনিয়োগকারী আকর্ষণের ক্ষমতা অর্জন করে৻
১৯৮৮ সালে আন্তর্জাতিক চেহারা নেয় প্রাথমিক যুগের ইন্টারনেট ৻ এনএসএফনেট যোগাযোগের সাথে যুক্ত হয় ক্যানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে, এবং সুইডেন৻

১৯৯০ সাল নাগাদ আরপানেটের জায়গা নিয়ে নেয় এনএসএফনেট ৻ ততদিনে ইন্টারনেটের আকার এমন হয়েছে যে আরপানেট যখন বন্ধ হয়ে গেল তখন কর্মচারীরা ছাড়া আর কেউ তা বুঝতেই পারে নি৻
১৯৯১ সালে টিম বার্নার্সলি ওয়াল্র্ড ওয়াইড ওয়েব প্রকল্প চালু করেন৻ ১৯৯২ সালে ইন্টারনেটের গতি বেড়ে প্রতি সেকেন্ডে ৪৫ মেগাবিটস-এ দাঁড়ায়৻
২২শে সেপ্টেম্বর ১৯৯২ তারিখে সারা ইউরোপ জুড়ে ইন্টারনেট ব্যবস্থা চালু হয় এনএস্এফনেটের আদলে – যার নাম ছিল ই-বোন৻
১৯৯৩ সালের ২২শে এপ্রিল উইনডোজ অপারেটিং সিস্টেমে প্রথম ওয়েব ব্রাউজার চালু হয় - যার নাম ছিল মোজাইক৻
১৯৯৫ থেকে ২০০৫ সালের মধ্যে এনএসএফনেট এবং ই-বোন বন্ধ হয়ে যায় আর তাদের জায়গা নেয় পরস্পর আন্তঃসংযুক্ত বাণিজ্যিক ইন্টারনেট সেবা প্রদানকারীরা৻








