আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
'পাঁচ শীর্ষ ব্যবসায়ীসহ ১৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু'
যুক্তরাষ্ট্রে অর্থ পাচার করা বাংলাদেশীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়ে ইত্তেফাকের প্রধান শিরোনাম 'পাঁচ শীর্ষ ব্যবসায়ীসহ ১৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু।'
প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে অবৈধ অর্থ পাচার করা ১৫ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দেশটি। এসব ব্যবসায়ীর মধ্যে বাংলাদেশের পাঁচ শীর্ষ ব্যবসায়ী রয়েছেন। বাংলাদেশ থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে তদন্তে নেমেছিল যুক্তরাষ্ট্রেরে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। তদন্তে এই ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির বিভিন্ন প্রমাণ পেয়েছে এফবিআই।
এফবিআইয়ের তদন্ত তালিকায় থাকা ১৫ জনের মধ্যে একজন সাবেক আমলা রয়েছেন বলে প্রতিবেদনে বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রে তাঁর একাধিক বাড়ি রয়েছে। তাঁর সম্পদ নিয়ে তদন্ত চলছে। ওই আমলা স্ত্রীর নামে নিউইয়র্কে বাড়ি কিনেছেন বলে জানা গেছে।
মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্য নিয়ে সংবাদের প্রথম পাতায় প্রতিবেদন 'মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী: 'পত্রপত্রিকা একটু বেশি বাড়াইয়া বলে।'
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে ‘আসছে মার্কিন ঝড়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তবে একজনও বলেননি যে ঝড় আসবে। মোমেন বলেন, পত্রপত্রিকায় একটু বেশি বাড়াইয়া বলে। আমরা যুক্তরাষ্ট্রে ছিলাম। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। একজনও বলেন নাই যে ঝড় আসবে। আপনারা (গণমাধ্যম) এগুলা বানান। আপনাদের মাথা-মগজের মধ্যে কিছু গণ্ডগোল আছে।'
বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নিয়ে মার্কিন পর্যবেক্ষক দলের তৎপরতা নিয়ে মানবজমিনের প্রতিবেদন, 'নির্বাচনের পরিবেশ আছে কি না তা খতিয়ে দেখছে মার্কিন পর্যবেক্ষক দল'।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে কিনা এবং ভোটের সম্ভাব্য তারিখ ঘনিয়ে এলে পরিস্থিতি পর্যবেক্ষণের উপযোগী থাকবে কিনা অর্থাৎ সেখানে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক পাঠানো উচিত হবে কিনা? তা সরজমিন খতিয়ে দেখতে ঢাকায় সপ্তাহব্যাপী যৌথ মিশন শুরু করছে দেশটির নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (এনডিআই)।
প্রায় ৪ হাজার কোটি টাকা লোপাটের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারের সাজা নিয়ে প্রধান শিরোনাম 'পিকে হালদারের প্রথম মামলার রায়: ২২ বছরের কারাদণ্ড' করেছে যুগান্তর।
গতকাল রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায়ে কারাদণ্ড ছাড়াও পিকে হালদারকে ৬৯৬ কোটি টাকাসহ ১ হাজার ৪৪ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পিকে হালদারের বিরুদ্ধে দুদকের করা ৫২টি মামলার মধ্যে এটি প্রথম মামলার রায়। রায়ে পিকে হালদার ছাড়াও তার মা, ভাই, বান্ধবী ও আত্মীয়সহ অপর ১৩ জনের প্রত্যেককে দুই ধারায় ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। আসামি পিকে হালদারসহ দণ্ডিত ১০ জন পলাতক রয়েছেন।
পিকে হালদারের ২২ বছরের সাজা নিয়ে নিউ এজের প্রধান শিরোনাম, ‘PK Halder jailed for 22 years'। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় পিকে হালদারের এই কারাদণ্ড দিয়েছেন আদালত।
পিকে হালদার বর্তমানে ভারতের একটি কারাগারে বন্দী রয়েছে।
বণিক বার্তার প্রধান শিরোনাম 'আদানির কাছ থেকে এখন সর্বোচ্চ বিদ্যুৎ নিচ্ছে পিডিবি'।
প্রতিবেদনে বলা হচ্ছে, দেশে বিদ্যুৎ চাহিদা এখন দৈনিক ১৪ থেকে সাড়ে ১৪ হাজার মেগাওয়াট। এর বড় একটি অংশ আসছে ভারতের আদানি পাওয়ার লিমিটেডের কাছ থেকে।
দেশের বিদ্যুতে আদানি পাওয়ার বড় ভূমিকা রাখলেও এরই মধ্যে বিদ্যুতের বিল বাবদ বকেয়া ৪০ কোটি ডলার ছাড়িয়েছে। তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বলছে, প্রতিষ্ঠানটির বিদ্যুতের বিল পরিশোধ করা হচ্ছে।
বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতি নিয়ে কালের কণ্ঠের প্রথম পাতার খবর, 'রিজার্ভ নিয়ে এত চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী।'
সংবাদ সংস্থা বাসসের বরাত দিয়ে করা এই প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমেই কমে আসার মধ্যেও অভয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আজ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি, কিছু সমস্যায় আমরা আছি। রিজার্ভ নিয়ে অনেকে কথা বলে, আমি বলছি রিজার্ভ নিয়ে এত চিন্তার কিছু নেই। আমার গোলায় যতক্ষণ খাবার আছে, ততক্ষণ আমরা চিন্তা করি না।'
রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উদ্বেগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নয়াদিগন্ত।
'রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবস্থায় উদ্বিগ্ন আইএমএফ' প্রতিবেদনে বলা হয়েছে, আইএমএফের একটি প্রতিনিধিদল বাংলাদেশে অবস্থান করছে। তারা গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক বৈঠকে ব্যাংকগুলোর পরিস্থিতি তুলে ধরেন।
আইএমএফ বলেছে, দেশের ব্যাংকিং খাত ক্রান্তিকাল অতিক্রম করছে। এই খাতে খেলাপি ঋণ এখনো ১০ শতাংশের ওপরে রয়েছে। এর মধ্যে সরকারের হাতে থাকা ব্যাংকগুলোর অবস্থা নাজুক হয়ে পড়েছে। রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকের খেলাপি ঋণ এখন ২০ শতাংশে ওপরে চলে গেছে। প্রতিনিয়ত এই ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার বেড়েই চলেছে। খেলাপি ঋণ কমানোর ক্ষেত্রে কর্তৃপক্ষের উদ্যোগ কাজে লাগছে না। এমন পরিস্থিতিতে আগামী কয়েক মাসে খেলাপি ঋণের মাত্রা কিভাবে কমিয়ে আনা সম্ভব হবে সে বিষয়ে জানতে চেয়েছে তারা।
বাংলাদেশের অর্থনৈতিক সংকট নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম 'সংকটে অর্থনীতি, সামনে অনিশ্চয়তা'।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছর তিন মাসে মূল্যস্ফীতি, প্রবাসী আয়, রিজার্ভ, খেলাপি ঋণ, রপ্তানি রাজস্ব -কোনো সূচকের অবস্থাই সন্তোষজনক নয়। গত এক থেকে দেড় বছরে প্রায় প্রতিটি সূচক আগের শক্তিশালী অবস্থানের চেয়ে দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। সবচেয়ে বেশি অবনতি হয়েছে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর)।
চলতি অক্টোবর থেকে ডিসেম্বর-এই তিন মাস জাতীয় নির্বাচনের সময়। এ সময় রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। নির্বাচনের সময় এমনিতেই ব্যবসা-বাণিজ্যের গতি কমে আসে। নানা অনিশ্চয়তা দেখা দেয়। সব মিলিয়ে অর্থনীতির বেসামাল অবস্থার দ্রুত উন্নতির আশা দেখছেন না অর্থনীতিবিদেরা।
ইসরায়েল ও হামাসের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ নিয়ে দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ‘Gaza bleeds as Israel pounds enclave’ অর্থাৎ ‘ইসরায়েলে হামলায় গাজা রক্তাক্ত।'
প্রতিবেদনে বলা হচ্ছে, হামাসের হামলায় ৬ শতাধিক ইসরায়েলি নিহত হওয়ার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের হামলায় আবাসিক ভবন, মসজিদ ও হামাসের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাজার অন্তত ৮০০ স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৩৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ২০টি শিশু আছে।
ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারত। এ নিয়ে সমকালের প্রতিবেদন, 'কোহলি-রাহুলে জয়ে শুরু ভারতের'।
গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ রানে ৩ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়া দলকে ৬ উইকেটের বড় জয় এনে দিয়েছেন বিরাট কোহলি। রান তাড়ায় কোহলি সেরা। নতুন করে আবার তা স্মরণ করালেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটার।
কালের কণ্ঠের একটি প্রধান খবর, তিন গন্তব্যে ট্রেন যাবে ভাঙ্গা হয়ে, ভাড়া ঠিক হয়নি।
এই প্রতিবেদনে বলা হচ্ছে, পদ্মা সেতু দিয়ে শিগরিই নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সেতুর টোল নিয়ে জটিলতা না কাটায় ভাড়াও নির্ধারণ করা যায়নি। তবে আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া প্রান্ত থেকে ট্রেনে চড়ে এই চলাচল উদ্বোধন করবেন। আপাতত ট্রেন ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যাতায়াত করবে।