আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পত্রিকা: 'ভোট গণনায় অব্যবস্থাপনা, ফল হয়নি দ্বিতীয় দিনেও'
আজকের পত্রিকার শীর্ষ খবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে- জাকসু নির্বাচন: ভোট গণনায় অব্যবস্থাপনা, ফল হয়নি দ্বিতীয় দিনেও।
এতে বলা হচ্ছে- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অব্যবস্থাপনা ও নানা অনিয়মের অভিযোগে ভোট গ্রহণের দিনেই নির্বাচন বর্জন করেছিল পাঁচটি প্যানেলসহ বেশ কয়েক স্বতন্ত্র প্রার্থী।
এই নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা-বিক্ষোভের মধ্যেই ভোট গ্রহণের পাঁচ ঘণ্টা পর শুরু হয় গণনার কাজ। এ কাজেও দেখা যায় দীর্ঘসূত্রতা।
এতে ফল ঘোষণার সম্ভাব্য সময় দিয়েও বারবার তা পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। এই নিয়ে প্রার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীরাও চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
শুধু তাই নয়, অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনের এক সদস্য পদত্যাগ করেছেন।
৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।
একটি কেন্দ্রে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ শেষে রাত ১০টার দিকে সিনেট ভবনে কেন্দ্রীয়ভাবে ভোট গণনা শুরু হয়।
গতকাল শুক্রবার রাত ১টায় এই প্রতিবেদন লেখার সময়েও জাকসুর ভোট গণনা চলছিল।
ভোট গণনায় দেরির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম গতকাল সকালে সাংবাদিকদের বলেন, 'প্রাথমিকভাবে যেসব কারণে ভোট গণনায় দেরি হয়েছিল, সেগুলো আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আশা করছি, শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে আমরা সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারব।'
মানবজমিন পত্রিকার একটি খবরে বলা হচ্ছে ৭ মাসে হামলার শিকার ৩৬৮ পুলিশ।
'বেড়েছে খুন, ছিনতাই, অপহরণ'- এমন এক বার্তা দিয়ে মানজমিনের এই প্রতিবেদনে বলা হচ্ছে- দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে।
বাড়ছে সন্ত্রাসীদের দৌরাত্ম্য। প্রকাশ্যে ঘটছে একের পর এক লোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ড। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্য লাঞ্ছিত-হামলার ঘটনা বাড়ছে।
পুলিশের হিসাব মতে, চলতি বছরের প্রথম সাত মাসে বিভিন্ন অপরাধে সারা দেশে মামলা হয়েছে ১ লাখ ৬ হাজার ৭৮৩টি।
এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় মূল ভূমিকায় থাকা পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে ৩৬৮টি। আগস্ট মাসে অন্তত ৩৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে। জুলাই মাসে এর সংখ্যা ছিল ৫১টি। গণপিটুনিতে আগস্টে ২৩ জন নিহত ও ৪৩ জন গুরুতর আহত হয়েছেন। জুলাই মাসে এমন ঘটনায় নিহত হয়েছিলেন ১৬ জন।
অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পুরোপুরি কঠোর ও আরও সক্রিয়তা জরুরি। এদিকে উদ্ধার না হওয়া অস্ত্রগুলো বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।
পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের সাত মাসে সারা দেশে খুনের মামলা হয়েছে ২ হাজার ২৯৩টি।
নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে ১৩ হাজার ১৩০টি, অপহরণের ঘটনা ঘটেছে ৬২৫টি, ছিনতাই-চুরির ঘটনা ঘটেছে ৫ হাজার ৩৮৭টি।
এ ছাড়াও সারা দেশে ডাকাতি, দস্যুতা, দাঙ্গা, সিঁধেল চুরিসহ অন্যান্য ঘটনায় অসংখ্য মামলা হয়েছে। ২০২৪ সালে সারা দেশে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫টি।
খুনের মামলা ৩ হাজার ৪৩২টি, নারী ও শিশু নির্যাতনের মামলা ১৭ হাজার ৫৭১টি, অপহরণ ৬৪২টি, পুলিশ হামলা ও লাঞ্ছিতের মামলা ৬৪৩টি, চুরি ৮ হাজার ৬৫৫টি।
নয়া দিগন্তের আজকের শীর্ষ খবর- জাকসুর ফলাফলের জন্য অধীর অপেক্ষা।
এই খবরে বলা হচ্ছে, দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও আগ্রহ চরমে পৌঁছেছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। শান্তিপূর্ণভাবে ভোট শেষ হলেও এর প্রায় ২৪ ঘণ্টা পরও ফলাফল ঘোষণা না হওয়ায় শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনেক শিক্ষার্থী ও প্রার্থীদের ফলাফলের জন্য সারা দিন নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান করতে দেখা যায়।
এদিকে গতকাল বিকেল ৫টার দিকে হল সংসদের ভোট গণনা শেষ হলেও কেন্দ্রীয় সংসদের ভোট সন্ধ্যা ৭টার পর হতে গণনা শুরু হয়। রাতের মধ্যে পূর্ণাঙ্গ ফল প্রকাশের বিষয়ে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশেদুল আলম।
এর আগে মেশিন পদ্ধতিতে ভোট গণনা হওয়ার কথা থাকলেও ভোটের দিন ছাত্রদলসহ কয়েকটি বামপন্থী সংগঠনের দাবির কারণে নির্বাচন কমিশন ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্ত নেন। ভোটগ্রহণ শেষে রাত ১০টার দিকে গণনা শুরু হয়ে দীর্ঘ ২০ ঘণ্টা ধরে চললেও ফলাফল প্রস্তুত হয়নি।
জানা গেছে, নওয়াব ফয়জুন্নেসা হলের রিটার্নিং কর্মকর্তা এবং ইতিহাস বিভাগের অধ্যাপক সুলতানা আক্তার ম্যানুয়াল পদ্ধতিতে ভোটগণনা করতে অস্বীকৃতি জানান।
তিনি ওএমআর মেশিন পদ্ধতিতে ভোটগণনার দাবি জানান। পরবর্তীতে জাকসুর সভাপতি নির্বাচন কমিশনের সদস্যদের সাথে দেড়ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান ম্যানুয়াল পদ্ধতিতেই ভোট গণনার ঘোষণা দেন।
গতকাল দুপুরের পর থেকেই নির্বাচন কমিশন কার্যালয়ে সামনে তাদের জড়ো হতে দেখা যায়। এ সময় প্রার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
দ্রুত নির্বাচনের ফলাফল প্রকাশ না করতে পারলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন প্রার্থীরা।
ইংলিশ পত্রিকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খবর- NGO funds book in FY25 despite USAID cuts.
ইউএসএআইডি-এর অর্থায়ন হ্রাসের পরেও, বাংলাদেশে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)-গুলোর জন্য বিদেশি অনুদান গত অর্থবছর (২০২৪-২৫)-এ রেকর্ড ৯,২২০ কোটি টাকায় পৌঁছেছে।
এই প্রতিবেদনে বলা হচ্ছে- এর পেছনে কারণ রাজনৈতিক পরিবর্তন, অর্থ ছাড়ের প্রক্রিয়া সহজ হওয়া এবং মুদ্রার অবমূল্যায়ন।
গত কয়েকটি অর্থবছরে অনুদানের প্রবাহ কম ছিল, ২০২৩-২৪ অর্থবছরে তা ছিল ৭,৬০১ কোটি টাকা। তবে এনজিও বিষয়ক ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এতে ২১% প্রবৃদ্ধি হয়েছে।
ইউএসএআইডি-এর অর্থায়ন হ্রাসের ফলে হাজার হাজার কর্মী তাদের চাকরি হারান, যার পরিপ্রেক্ষিতে এনজিও বিষয়ক ব্যুরো এনজিওগুলোকে নতুন প্রকল্পে ছাঁটাই হওয়া কর্মীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে।
যদিও অনুদান বৃদ্ধি পেয়েছে, তবে এনজিও খাতে চাকরি পুনরুদ্ধারে এর প্রভাব এখনও স্পষ্ট নয়।
খাতসংশ্লিষ্টরা জানান, গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর, দাতারা এনজিও অর্থায়নের প্রতি নতুন করে আগ্রহ দেখিয়েছেন।
মুহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক খ্যাতির কারণে তার নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর অনেকেই বিশ্বাস করছেন যে এই অনুদান বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে আরও ভালোভাবে ব্যবহৃত হবে।
তারা বলেন, এই প্রবৃদ্ধি আরও স্পষ্ট হয়েছে কারণ চলতি বছরের ২০শে জানুয়ারি থেকে রোহিঙ্গা-সম্পর্কিত অর্থায়ন, বিশেষত ইউএসএআইডি-এর অনুদান, দৃশ্যতই কমে গেছে।
এখানে বলা হচ্ছে, স্থানীয় এনজিওগুলো এই ইতিবাচক প্রবৃদ্ধির পেছনে মূলত এনজিও বিষয়ক ব্যুরোর মাধ্যমে অর্থ ছাড়ের প্রক্রিয়া সহজ হওয়াকে কৃতিত্ব দিচ্ছে, যা আগের সরকারের আমলে জটিল প্রশাসনিক বাধায় আটকে থাকত।
End of বিবিসি বাংলার অন্যান্য খবর:
নিউ এইজ পত্রিকার শীর্ষ খবর- UNGA for Palestinian state without Hamas।
এতে বলা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদ শুক্রবার 'নিউইয়র্ক ঘোষণা' নামে পরিচিত একটি প্রস্তাবকে সমর্থন দিয়েছে, যা হামাসকে অন্তর্ভুক্ত না করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধানকে নতুন করে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা।
১৪২ দেশ ভোটে পক্ষে, ১০ দেশ ভোটে বিপক্ষে- যার মধ্যে ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও রয়েছে এবং ১২টি দেশ ভোটে বিরত থেকে এ প্রস্তাব গৃহীত হয়।
প্রস্তাবে স্পষ্টভাবে হামাসকে নিন্দা করা হয়েছে এবং তাদের অস্ত্র সমর্পণের দাবি জানানো হয়েছে।
গত দুই বছর ধরে ইসরায়েল জাতিসংঘ সংস্থাগুলিকে অভিযুক্ত করে আসছিল যে তারা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা করতে ব্যর্থ হয়েছে। তবে ফ্রান্স ও সৌদি আরব উপস্থাপিত ঘোষণাপত্রে এ বিষয়ে কোনো দ্ব্যর্থতা রাখা হয়নি।
আনুষ্ঠানিক নাম "ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়নবিষয়ক নিউইয়র্ক ঘোষণা"—এ বলা হয়েছে, "হামাসকে অবশ্যই সব বন্দিকে মুক্তি দিতে হবে" এবং সাধারণ পরিষদ স্পষ্টভাবে "২০২৩ সালের ৭ অক্টোবর বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামাসের পরিচালিত আক্রমণের" নিন্দা জানিয়েছে।
ঘোষণায় আরও বলা হয়েছে, "গাজায় যুদ্ধের অবসান এবং কার্যকর দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়নের ভিত্তিতে ন্যায়সংগত, শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের লক্ষ্যে সমষ্টিগত পদক্ষেপ" গ্রহণ করা প্রয়োজন।
আরব লীগ ইতোমধ্যেই এ ঘোষণাকে সমর্থন করেছে এবং ১৭টি জাতিসংঘ সদস্য রাষ্ট্র, যার মধ্যে একাধিক আরব দেশও রয়েছে, গত জুলাইয়ে এটি সহ-স্বাক্ষর করেছে। ঘোষণাপত্র শুধু হামাসকে নিন্দাই করেনি, বরং গাজায় নেতৃত্ব থেকে তাদের সম্পূর্ণভাবে অপসারণের আহ্বান জানিয়েছে।
ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের প্রথম পাতার খবর- Nepal gets new PM after revolt.
নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ছয় মাসের এই সরকার নির্বাচনের দায়িত্ব পালন করবে। প্রাণঘাতী দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে আগের সরকার পদত্যাগ করার পর তিনি এই দায়িত্ব গ্রহণ করলেন।
মঙ্গলবার পদত্যাগ করেন আগের প্রধানমন্ত্রী।
শপথ নেওয়ার সময় ৭৩ বছর বয়সী কার্কি বলেন, "আমি, সুশীলা কার্কি... দেশ ও জনগণের নামে শপথ করছি যে, প্রধানমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব পালন করব।" প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল তাকে শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে উপস্থিত কূটনীতিক ও কয়েকজন সাবেক নেতার সামনে প্রেসিডেন্ট পৌডেল বলেন, "অভিনন্দন! আমরা আপনার সফলতা কামনা করি, দেশের সফলতা কামনা করি।"
হিমালয়ের এই দেশটিতে প্রায় তিন কোটি মানুষ বসবাস করে। এ সপ্তাহে নিরাপত্তা বাহিনী তরুণ দুর্নীতিবিরোধী আন্দোলনকারীদের দমন করতে গেলে দেশজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
এতে অন্তত ৫১ জন নিহত হয়েছে—যা ২০০৮ সালে গৃহযুদ্ধ ও রাজতন্ত্র বিলুপ্তির পর দেশটিতে সবচেয়ে ভয়াবহ সহিংসতা।
বুধবার সেনারা আবারও রাস্তায় নেমে আসে এবং কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বণিক বার্তার আজকের শীর্ষ সংবাদ- ভারত পাকিস্তান মিয়ানমার সফল হলেও জোরালো উদ্যোগ নেই বাংলাদেশের।
এই খবরে বলা হচ্ছে- চীনের সহযোগিতায় আরব সাগরের তলদেশে যৌথ সমীক্ষা চালিয়ে সম্প্রতি বিপুল পরিমাণ গ্যাসের মজুদ আবিষ্কার করেছে পাকিস্তান।
তবে কী পরিমাণ গ্যাসের মজুদ সেখানে রয়েছে, তা এখনো ঘোষণা করা হয়নি। খাতসংশ্লিষ্টরা অবশ্য মনে করছেন, বিপুল পরিমাণ এ খনিজ সম্পদ উত্তোলন করা গেলে বৃহৎ আকারে বদলে যাবে পাকিস্তানের অর্থনীতি। গ্যাস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমে যাবে।
তাই আরো বিস্তৃত গ্যাস অনুসন্ধানে বিনিয়োগকারীদের আহ্বান জানাচ্ছে দেশটির সরকার। এরই মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় বিনিয়োগ সংস্থা স্পেশাল ফ্যাসিলিটেশন কাউন্সিল (এসএফসি) প্রকল্পটিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
পাকিস্তানের আগে গত বছরের জানুয়ারিতে গভীর সমুদ্রে তেল-গ্যাসের অনুসন্ধান চালিয়ে বড় সাফল্যের কথা জানায় প্রতিবেশী দেশ ভারত।
দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে গভীর সাগরে জ্বালানি তেল ও গ্যাসের বড় মজুদ আবিষ্কার করে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন লিমিটেড (ওএনজিসি)।
সংস্থাটির ভাষ্য অনুযায়ী খনির কার্যক্রম শেষ হলে প্রতিদিন গড়ে ৪৫ হাজার ব্যারেল জ্বালানি তেল এবং ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে।
সেক্ষেত্রে ভারতের দৈনিক মোট জ্বালানি তেল উত্তোলনে খনিটি প্রায় ১১ শতাংশ অবদান রাখবে। আর গোটা ভারতের মোট গ্যাস উত্তোলনে এ অবদান হবে ১৫ শতাংশ।
আবিষ্কৃত খনি থেকে প্রাক্কলন অনুযায়ী জ্বালানি উত্তোলন করা গেলে বছরে এ খাতে ভারতের সাশ্রয় হবে ১০ হাজার কোটি রুপির বেশি।
প্রথম আলো পত্রিকার প্রথম পাতায় আছে এশিয়া কাপের খবর- প্রতিদ্বন্দ্বিতার আড়ালে আছে অন্য উত্তেজনাও।
এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশ–হংকং ম্যাচের আগের দিনের ঘটনা। শ্রীলঙ্কা সেদিনই প্রথম আসে অনুশীলনে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের অনুশীলন মাঠে ব্যাট–প্যাড পরে ঢুকছিলেন লিটন দাস। পথে দেখা শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কার সঙ্গে।
ব্যাটিংয়ে যাওয়ার ব্যস্ততায় একটু আগেই দর্শকদের ছবি তোলার আবদার ফিরিয়ে দেওয়া লিটন ঠিকই হাত মেলালেন আসালাঙ্কার সঙ্গে।
প্রায় একই রকম আরেকটি দৃশ্য গতকাল দেখা গেল আবুধাবি পার্ক রোটানা হোটেলে। এশিয়া কাপের প্রথম পর্বের জন্য বাংলাদেশ ও শ্রীলঙ্কার ঠিকানা এই পাঁচ তারকা হোটেল।
লবিতে শ্রীলঙ্কান ক্রিকেটার দাসুন শানাকার দেখা হয়ে গেল বাংলাদেশের উইকেটকিপার–ব্যাটসম্যান নুরুল হাসানের সঙ্গে। দুজন হাত মেলালেন, কুশল বিনিয়মও হলো।
দুটিই খুব সাধারণ দৃশ্য। তবে ২০১৮ সালের নিদাহাস ট্রফির পর থেকে বাংলাদেশ আর শ্রীলঙ্কার ক্রিকেটারদের মুখোমুখি হওয়া মানেই যেন বাড়তি উত্তেজনার খোঁজ করা।
২০২৩ বিশ্বকাপে 'টাইমড আউটে'র ঘটনা দুই দলের সম্পর্কে ঝাঁজ এনেছে আরও। তবে আজ আবুধাবিতে এশিয়া কাপের ম্যাচে তাদের আরেকটি সাক্ষাতের আগে মনে হচ্ছে সবই স্বাভাবিক হয়ে গেছে। অন্তত দুই দলের ক্রিকেটারদের আনুষ্ঠানিক ভাষ্যটা সে রকমই।
পরশু রাতে হংকং ম্যাচের পর বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা তানজিম হাসান বলেছেন, তাঁরা পেশাদার ক্রিকেটার। দর্শকদের আবেগ তাদের ছুঁয়ে যাওয়ার সুযোগ নেই। লঙ্কান অধিনায়ক আসালাঙ্কাও বলেছেন, উত্তেজনাটা নাকি কেবল দর্শকদের মধ্যেই।
দর্শকদের আবেগ–উত্তেজনা ক্রিকেটারদের একদমই ছুঁয়ে যায় না বললে তা মেনে নেওয়াটা আসলে কঠিনই। আবেগ-উত্তেজনা থেকেই তো গ্যালারি থেকে সমর্থন–দুয়ো আসে। সেগুলো কি প্রভাব ফেলে না ক্রিকেটারদের ওপর!
আসালাঙ্কা যতই বলুন, 'এটা কেবলই একটা খেলা আমাদের জন্য। আমাদের কেবল নিজেদের পরিকল্পনাগুলো অনুসরণ করতে হবে', সঙ্গে ঠিকই স্বীকার করে নিয়েছেন, 'এটাও সত্যি যে কিছুটা বাড়তি অনুপ্রেরণা দেয় মাঠের বাইরের এসব ঘটনা।'
কালের কণ্ঠ পত্রিকার আজকের প্রথম পাতার খবর- সাগর-রুনি হত্যা মামলা; জিজ্ঞাসাবাদেই বন্দি তদন্ত।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রায় ১৩ বছর পেরিয়ে গেলেও এই হত্যার রহস্য উদঘাটনে ব্যর্থ হয়েছে বিভিন্ন সময় তদন্তের দায়িত্ব পাওয়া একাধিক সংস্থা। সর্বশেষ গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সও এখন পর্যন্ত কেবল জিজ্ঞাসাবাদেই সীমাবদ্ধ রয়েছে।
তদন্তের অংশ হিসেবে সাংবাদিক, ব্যবসায়ীসহ ৮০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আগামী ১৪ই সেপ্টেম্বর মামলার তদন্ত অগ্রগতি সম্পর্কে আদালতকে জানাবেন তদন্তকারী কর্মকর্তা।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক বলেন, 'আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা তদন্তের অগ্রগতি জানাব। সেখানে বলা হবে, এখন পর্যন্ত ৮০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।'
তবে তিনি জানান, 'অগ্রগতি বলার মতো তেমন কিছু নেই।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না। ফরেনসিক পরীক্ষাতেও গুরুত্বপূর্ণ কিছু মেলেনি।'
এ বিষয়ে মামলার বাদী ও নিহত রুনির ভাই নওশের আলম রোমান বলেন, 'তদন্ত সম্পর্কিত কোনো তথ্য আমাদের জানানো হয়নি। তদন্ত কর্মকর্তা আদালতে কী ধরনের অগ্রগতি উপস্থাপন করবেন, সেটি আমরাও জানতে আগ্রহী।
আদালত সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হন। এতে এ পর্যন্ত মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ১২০ বার পেছানো হলো।
আদালত একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তাকে আগামী ১৪ই সেপ্টেম্বর আদালতে উপস্থিত হয়ে অগ্রগতি জানাতে নির্দেশ দিয়েছেন।