পত্রিকা: 'বিলুপ্ত করা হচ্ছে এনসিপির গণতান্ত্রিক ছাত্র সংসদ'

Published
পড়ার সময়: ৬ মিনিট

বিলুপ্ত করা হচ্ছে এনসিপির গণতান্ত্রিক ছাত্র সংসদ— ইত্তেফাকের প্রথম পাতার খবর এটি।

এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ভরাডুবি হওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাহী কাউন্সিলের সভায় হতাশা প্রকা করেন অধিকাংশ কেন্দ্রীয় নেতা।

পর্যালোচনায় উঠে এসেছে — রাজনৈতিক অভিজ্ঞতার অভাব, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একপাক্ষিক আচরণ এবং প্রচারণায় কৌশলগত নানা ত্রুটি থাকলেও মূলত অভ্যন্তরীণ বিবাদ ও গ্রুপিংয়ের কারণেই বাগছাসের এমন ভরাডুবি হয়েছে।

এ নির্বাচন থেকে অভিজ্ঞতা ও প্রয়োজনীয় শিক্ষা নিয়ে দ্রুত সময়ের মধ্যেই বাগছাস পুনর্গঠন এবং এ ছাত্রসংগঠনটির নাম ও কাঠামো বিলুপ্ত করে নতুনভাবে কার্যক্রম শুরু করবে, এমন আভাস পাওয়া গেছে।

ডাকসু নির্বাচনে বাগছাসের সমর্থিত প্যানেলে বিজয়ের মাধ্যমে জাতীয় রাজনীতিতে এনসিপি নিজেদের শক্তি ও সক্ষমতা প্রমাণ করতে চেয়েছিল।

কিন্তু আশানুরূপ ফলাফল না হওয়ায় তারা একটু হলেও চাপে পড়েছে।

বই লেখেন পুলিশের বড় কর্তা কেনেন কেবল অধস্তনেরাই— আজকের পত্রিকার প্রথম পাতার একটি খবরের শিরোনাম এটি।

এই খবরে বলা হয়েছে, তদন্ত, আইনকানুন, নিয়মনীতি ও প্রশিক্ষণ নিয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বই লেখেন। এসব বই শত শত কপি বিক্রিও হয়।

কিন্তু ক্রেতাদের প্রায় পুরোটাই অধস্তন পুলিশ সদস্য।

অভিযোগ রয়েছে, কেউ ঊর্ধ্বতনকে খুশি রাখতে, আবার কেউ চাপে পড়ে কিংবা অনেক ক্ষেত্রে বইয়ের প্রকাশনা সংস্থার লোকজন থানায় গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের লেখা বই গছিয়ে দেন।

শুধু বগুড়া জেলার ১২টি থানা ও গোয়েন্দা পুলিশের ইউনিটেই কয়েক লাখ টাকার বই বিক্রি হয়েছে।

বগুড়া সদর থানার এক এসআই নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশের চাকরিতে বই কিনতে বাধ্য করার ঘটনা নতুন নয়। সারদা পুলিশ একাডেমিতেও প্রশিক্ষণের সময় বিভিন্ন কর্মকর্তার লেখা বই কিনতে হয়েছিল।

এবার চাপ দেয়া হলে তিনি ফেসবুকে ভুয়া আইডি খুলে বিষয়টি প্রকাশ করার হুমকিও দেন।

কাহালু থানায় কয়েকজন বই কিনতে রাজি না হওয়ায় ওসি স্থানীয় ইউপি চেয়ারম্যানদের কাছে বই বিক্রি করেছেন বলে অভিযোগ আছে।

তবে ওসি নিতাই চন্দ্র সরকার দাবি করেন , অফিসারদের বাইরে আর কাউকে বই দেয়া হয়নি।

এই প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে রাষ্ট্রীয় ব্যয়ের নামে অর্থ তছরুপের যেসব ঘটনা ঘটেছে, সেইসব বিষয়ে অন্তর্বর্তী সরকার ফরেনসিক অডিট করবে অনেকে এমন প্রত্যাশা করেছিলেন।

যার মাধ্যমে তছরুপকৃত অর্থের পরিমাণ নির্ধারণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবে সরকার।

তবে গত ১৩ মাসে অন্তর্বর্তী সরকারের এ ধরনের কোনও উদ্যোগ দেখা যায়নি।

বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার গতানুগতিক পদ্ধতিতেই কার্যক্রম চালিয়ে যাওয়ায় এ ধরনের কোনও উদ্যোগ দেখা যায়নি।

অন্যদিকে সরকারের দাবি, সক্ষমতা অনুসারে যতটুকু সম্ভব সেটি করার চেষ্টা হয়েছে।

আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে সরকারের ঋণ স্থিতি ১৫ লাখ ৫৮ হাজার ২০৬ কোটি টাকা বাড়ে, যা সরকারের মোট ঋণের প্রায় ৮৫ শতাংশ। মূলত উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য এ ঋণ নিয়েছিল।

শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন অনুসারে, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে সরকারি বিনিয়োগকে ঘিরে ব্যাপক দুর্নীতি হয়েছে। এ সময়ে দেশ থেকে ২৩ হাজার ৪০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ কোটি টাকা) পাচার হয়েছে।

Polls delay could even threaten nat'l security, অর্থাৎ নির্বাচন যথাসময়ে না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম এটি।

খবরটিতে বলা হচ্ছে, গতকাল শনিবার প্রথম আলো আয়োজিত 'নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ' শীর্ষক গোলটেবিল আলোচনায় উঠে এসেছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। এজন্য সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে।

সরকার ঘোষিত সময়ে ভোট না হলে দেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে।

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের মতে, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে কেবল অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হবে তা নয়, জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে। তিনি এখানে কোনও যদি-কিন্তু বলছেন না। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন হওয়া যাবে না।

দেশ রূপান্তরের প্রথম পাতার শিরোনাম— 'এজিবি বাহিনী' নিয়ে ফুঁসছে বেবিচক

এতে বলা হয়েছে, বিমানবন্দরের নিরাপত্তায় বিভিন্ন নিরাপত্তা বাহিনী সক্রিয় থাকার পরও নতুন করে 'এয়ার গার্ড অব বাংলাদেশ' (এজিবি) নামে বিশেষ বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এজন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে সম্প্রতি বিশেষ কমিটি করা হয়েছে।

তাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কোনও সদস্যকে রাখা হয়নি।

কমিটিতে অন্তর্ভুক্ত না করা এবং নতুন বাহিনী গঠনের উদ্যোগে ফুঁসছে বেবিচক। বেবিচকের কর্মকর্তা-কর্মচারীরা সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন।

তারা বলেছেন, একটি প্রভাবশালী মহল একটি বাহিনীকে সামনে এনে কাজ করতে চাচ্ছে।

সূত্র জানায়, বিমানবন্দরগুলোর নিরাপত্তায় একটি বিশেষ বাহিনী করতে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করে বিমান বাহিনী। এরপর এয়ার গার্ড বাংলাদেশ নামে একটি বিশেষ বাহিনী গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

এই খবরে বলা হয়েছে, গত ৩০ ও ৩১ অগাস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাস সংলগ্ন জোবরা গ্রামের বাসিন্দাদের দুই দফা সংঘর্ষের পর আবাসনসংকটের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এরপর ২ সেপ্টেম্বর রাতে জরুরি সিন্ডিকেট সভা করে চবি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ১০টি হল নির্মাণ করার জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠাবে।

এর মধ্যে ছাত্রীদের হল থাকবে ৫টি। প্রতিটি হল হবে ১০ তলা।

তবে শিক্ষকেরা বলছেন, একসঙ্গে ১০টি হল নির্মাণ করার প্রস্তাব বাস্তবসম্মত নয়। তাড়াহুড়ো না করে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে হলের সংখ্যা নির্ধারণ করার কথা বলছেন তারা।

এদিকে, গত দুই যুগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৪টি নতুন বিভাগ খোলায় ১৪ হাজারের বেশি শিক্ষার্থী বেড়েছে।

এই সময়ে আবাসিক হল হয়েছে ৫টি। যেখানে থাকার ব্যবস্থা বেড়েছে (আবাসন) ২ হাজার ৬৩২ জনের।

ফলে ৭০ শতাংশ শিক্ষার্থী হলে থাকার সুযোগ পান না। বাধ্য হয়ে তাদেরকে ক্যাম্পাসের আশপাশে অথবা ২২ কিলোমিটার দূরে চট্টগ্রাম শহরে থাকতে হয়।

অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে ৭ দল— মানবজমিনের প্রথম পাতার শিরোনাম এটি।

এই প্রতিবেদন অনুযায়ী, জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতির নির্বাচনসহ চার দফা দাবিতে জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের যুগপৎ কর্মসূচি দেয়ার যে গুঞ্জন চলছে তার ঘোষণা আসতে যাচ্ছে আগামীকাল সোমবার।

জামায়াত, ইসলামী আন্দোলনসহ সমমনা অন্তত ৭টি রাজনৈতিক দল পৃথক সংবাদ সম্মেলন করে যুগপৎ কর্মসূচি দেবে।

দল দুটির সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও নেজামে ইসলাম পার্টি।

শুরুতে তারা বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, পথযাত্রা আলোচনা সভার মতো কর্মসূচি দিতে যাচ্ছে।

পরবর্তীতে সব দলের সমন্বয়ে বড় আকারের কর্মসূচি দেয়া হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, এসব দাবিতে ইতিপূর্বেও আমরা বিক্ষোভ সমাবেশ, সেমিনার করেছি। কিন্তু কাজ না হওয়ায় নতুন কর্মসূচি দিতে হচ্ছে।

জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রমও নিষিদ্ধ চায় তারা।

পিআর নিয়ে দলগুলোর অবস্থানকে অনেকে সরকারের ওপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বলছেন, নির্বাচন বিলম্বিত করারও কৌশল।

যদিও দলগুলোর নেতারা বলছেন, যৌক্তিক ও জনগণের দাবি হিসেবে পিআরের পক্ষে তারা।

এদিকে, সাত দলের কর্মসূচির সঙ্গে এখনই যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সমকালের দ্বিতীয় প্রধান শিরোনাম— সিঙ্গাপুরে কোম্পানি খুলে ১৯৪ কোটি টাকা পাচার

এতে বলা হয়েছে, সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের ছেলে রাইয়ান কবির বাংলাদেশ থেকে পাচার করা অর্থে সিঙ্গাপুরে কোম্পানি খুলেছেন।

এই কোম্পানির পরিশোধিত মূলধন ১৪ লাখ সিঙ্গাপুরি ডলার। দেশ থেকে বৈধ উপায়ে এ অর্থ নেয়া হয়নি। অথচ ব্যাংকে ওই কোম্পানির অনুকূলে বিপুল অঙ্কের এলসি খোলা হয়।

দেশবন্ধু গ্রুপ ও জারা জামান টেকনোলজির নামে এলসি খুলে এ অর্থ বিদেশে নেয়া হয়।

সিঙ্গাপুরে খোলা কোম্পানি থেকে আমদানি দেখিয়েই পাচার করা হয়েছে ১৯৪ কোটি টাকা।

অর্থপাচারের পাশাপাশি আলমগীর কবিরের বেয়াইয়ের প্রতিষ্ঠানের ঋণ স্থিতির তুলনায় ১৩ কোটি টাকা বেশি সুদ মওকুফ দিয়ে অর্থ আত্মসাৎ, ১০ টাকার শেয়ার ২৫ টাকায় কেনাসহ নানা জালিয়াতির তথ্যও পেয়েছে বিএফআইইউ।

জাকসুতেও শিবিরের সাফল্য— নয়া দিগন্তের প্রধান শিরোনাম এটি। এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে ঢাকার অন্যান্য সংবাদপত্রগুলোও।

এই খবরে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদেও (জাকসু) ছাত্রশিবির সমর্থিত প্যানেল ভূমিধস বিজয় লাভ করেছে।

জাকসুর ২৫টি পদের মধ্যে জিএস, এজিএসসহ (নারী) ২০টি পদে সমন্বিত শিক্ষার্থী জোটের ব্যানারে জয় পেয়ে চমক দেখিয়েছে শিবির।

বাকি পাঁচটি পদের মধ্যে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়েছে।

এছাড়া, স্ক্রীড়া সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী এবং সমাজসেবা ও মানবসম্পদ সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদে বাগছাসের প্রার্থী জয়লাভ করেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৯৮৯ সালে 'ঠুনকো' অজুহাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তারপর থেকে সংগঠনটি প্রকাশ্যে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি।

৩৫ বছর পর চব্বিশে এই ক্যাম্পাসে আত্মপ্রকাশ করেই এক বছরের মাথায় এলো বিজয়।