আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
রিজার্ভ পতনের সঙ্গে শ্রীলঙ্কার মিল রয়েছে - অধ্যাপক রেহমান সোবহান
রিজার্ভ পতনের সঙ্গে শ্রীলঙ্কার মিল রয়েছে - বাংলাদেশের সুপরিচিত অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহানের বক্তব্য দিয়ে এই খবরটি প্রকাশ করেছে দৈনিক সমকাল।
রেহমান সোবহান বলেছেন, এখন প্রকৃত রিজার্ভ ১৮ বিলিয় ডলারে নেমেছে। রিজার্ভের ধারাবাহিক পতন নিয়ন্ত্রণ করা না গেলে দেশের অর্থনীতি বড় ধরনের নাজুক পরিস্থিতিতে পড়বে। এ ক্ষেত্রে শ্রীলঙ্কার মত পরিস্থিতি তৈরি হতে পারে। তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ঋণ সহায়তা পাওয়া কঠিন হয়ে যাবে।
অধ্যাপক রেহমান সোবহানের বক্তব্য নিয়ে খবর প্রকাশ করেছে দৈনিক মানবজমিন। এর শিরোনাম হচ্ছে - রিজার্ভ আরও কমলে আইএমএফের ঋণ নাও পেতে পারে বাংলাদেশ
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের বক্তব্য দিয়ে প্রতিবেদনটি করা হয়েছে। তিনি বলেছেন, রিজার্ভ ধারাবাহিকভাবে কমতে কমতে একসময় যদি তা ১০ বিলিয়ন ডলারে নেমে আসে, তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) বাংলাদেশকে ঋণ সহায়তা না-ও করতে পারে। বাংলাদেশের রিজার্ভ যেভাবে ধারাবাহিকভাবে কমছে, তার সঙ্গে তিনি শ্রীলঙ্কার মিল খুঁজে পান।
আলোচনায় সমঝোতা সমন্বয় - সুযোগ আছে কি না প্রশ্ন আওয়ামী লীগের কাছে। বিএনপির কাছে জিজ্ঞাসা নির্বাচনের পরিবেশ নিয়ে। এনিয়ে শিরোনাম করেছে দেশ রূপান্তর পত্রিকা।
খবরটিতে বলা হচ্ছে, ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষকদলের প্রতিনিধিরা আওয়ামী লীগের জানতে চেয়েছে, সমঝোতা ও সমন্বয় করার কোনো সুযোগ তাদের হাতে রয়েছে কি না? জবাবে ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা বলেছেন, সে সুযোগ বিএনপি খোলা রাখেনি। ২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপিকে নির্বাচনকালীন সরকারে থাকার আহ্বান জানানো হয়েছিল। তারা সেটা প্রত্যাখ্যান করেছে। এখন তো বিএনপি সংসদেও নেই। পদত্যাগ করেছে তারা। বিএনপির দাবি তো অসাংবিধানিক। ফলে সমঝোতার পথ খোলা নেই।
অপরদিকে বিএনপি নেতারা পর্যবেক্ষকদের জানিয়েছেন, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তার অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না
ছাড় দিয়ে আপস-সমঝোতায় রাজি নয় আ'লীগ ও বিএনপি । এ শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো।
এখানে বলা হচ্ছে, ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষকদলের প্রতিনিধিরা গতকাল সোমবার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছেন। তারা জানতে চেয়েছেনে আগামী নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কোনো সুযোগ আছে কি না। তবে দু'দলই নিজেদের অনড় অবস্থান তুলে ধরেছে।
কালের কণ্ঠ পত্রিকার অন্যতম খবর হচ্ছে - চীনের নিয়ন্ত্রণহীন প্রভাব সার্বভৌমত্বের জন্য চ্যালেঞ্জ। এ মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
খবরে বলা হচ্ছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাবকে 'নিয়ন্ত্রণহীন' বলে ইঙ্গিত কর এটি মোকাবেলায় গুরুত্বারোপ করেছেন পিটার হাস। তিনি বলেন, ' নিয়ন্ত্রণহীন চীনের প্রভাব ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সার্বভৗমত্ব এবং কৌশলগতত স্বায়ত্তশাসনের জন্য চ্যালেঞ্জ হতে পারে।'
গণতন্ত্র না এক নায়কতন্ত্র, সিদ্ধান্ত বাংলাদেশের - পিটার হাসের মন্তব্য নিয়ে এ খবরটি দিয়েছে দেশ দৈনিক যুগান্তর। এটি যুগান্তরের শেষ পাতায় প্রকাশিত হয়েছে।
পিটার হাস বলেছেন, বিশ্বের সব জায়গায়ই গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে যুক্তরাষ্ট্র। এটা আধিপত্য বিস্তার নয়, স্বাভাবিক পররাষ্ট্রনীতি। এর বিপরীত হলো একনায়কতন্ত্র। বাংলাদেশ কোন পক্ষে থাকবে, এ সিদ্ধান্ত তাদের।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো নিয়ে দ্য ডেইলি স্টারের শিরোনাম 'khaleda Zia should be sent abroad' অর্থাৎ খালেদা জিয়াকে বিদেশে পাঠানো দরকার।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে লিভার ট্রান্সপ্লান্টেশনের জন্য জরুরিভিত্তিতে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।
নির্বাচনের আগে নতুন আর কোনো নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী' শিরোনামে প্রতিবেদন করেছে সংবাদ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বক্তব্য দিয়ে খবরে বলা হচ্ছে, বাংলাদেশের সংসদ নির্বাচনের আগে বাণিজ্য নিষেধাজ্ঞা তো অনেক দূরের কথা, নতুন করে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো বাস্তবতা বা প্রেক্ষাপট নেই। সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী ডায়ানা ইয়ানসের সঙ্গে বৈঠকের পর গতকাল সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
আজকের পত্রিকার প্রধান শিরানাম 'খোকনের প্রকল্পে তাপসের অনীহা'। ঢাকার চানখাঁরপুলে মার্কেট নির্মাণসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সময়ে চলমান ছোট-বড় অন্তত ১০টি প্রকল্পের কাজ বলতে গেলে বন্ধ। এর মধ্যে ৭টিই মার্কেট। এসব মার্কেটে বরাদ্দ পাওয়া প্রায় ৫ হাজার ব্যবসায়ী বিপাকে পড়েছেন বলে খবরে বলা হচ্ছে। দুটি মার্কেট প্রকল্প বাতিল করেছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস।
ক্রিকেট বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ নিয়ে ইত্তেফাকের শিরোনাম 'বাংলাদেশের ইংলিশ পরীক্ষা আজ' । বাংলাদেশ সময় সকাল ১১টায় ভারতের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।