আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
'ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূতের ছুটি নিয়ে নানা আলোচনা'
মানবজমিনের শিরোনাম 'ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূতের ছুটি নিয়ে নানা আলোচনা'। খবরে বলা হচ্ছে, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের আচমকা ছুটির রহস্য উন্মোচিত হয়নি। তিনি কী কারণে, কোথায় অবস্থান করছেন সে সম্পর্কেও খোলাসা করে কিছু বলা হয়নি।
তাছাড়া চুক্তিভিত্তিক চাকরিতে থাকা জ্যেষ্ঠ ওই কূটনীতিকের ‘হোম লিভ’র প্রাপ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। স্যাংশন, ভিসা নীতি, গণতন্ত্র, মানবাধিকারসহ নানা ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে যখন ঢাকার ঘনিষ্ঠ আলোচনা চলছে, সেই সময়ে পোড়খাওয়া কূটনীতিক মোহাম্মদ ইমরানের অনুপস্থিতি অর্থাৎ দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থানের সিদ্ধান্তে পেশাদার অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
যদিও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মনে করেন রাষ্ট্রদূতের ফিজিক্যাল উপস্থিতি খুব একটা জরুরি না।
সচিবের ভাষ্যমতে, ‘রাষ্ট্রদূত ছুটিতে গেলেও জরুরি প্রয়োজনে প্রযুক্তির সুবাদে তাকে যুক্ত করার সুযোগ রয়েছে। এখনকার দিনে যেখানেই তিনি থাকেন না কেন, তিনি ২৪ ঘণ্টাই কানেকটেড (যুক্ত)। সুতরাং, রাষ্ট্রদূত যেকোনো জায়গা থেকে মিশনের যেকোনো কাজে নজর রাখতে পারবেন। মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।’
সদ্য দিল্লি ফেরত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন গতকাল রোববার গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় অন্যান্য বিষয়ের সঙ্গে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের ছুটি নিয়ে উত্থাপিত প্রশ্নের জবাব দেন। বলেন, রাষ্ট্রদূত ইমরানের এটা মঞ্জুরি ছুটি।
সমকালের শিরোনাম 'আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ানোর চিন্তা বিএনপির'। প্রতিবেদনে বলা হচ্ছে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় ছাড়া রাজপথ ছাড়বে না বিএনপি। 'একতরফা' নির্বাচন প্রতিহত করতে সারা দেশে আন্দোলনকে আরও জোরদার করার পরিকল্পনা নিয়েছে তারা।
বিশেষ করে চলমান হরতাল- অবরোধ কর্মসূচিকে আরও কঠোর করার পরিকল্পনা রয়েছে দলটির। একই সঙ্গে তাদের আন্দোলনে জনগণের সম্পৃক্ততা বাড়াতে নানামুখী কৌশলও নেওয়া হচ্ছে। বিরোধী দলের ওপর গণগ্রেপ্তার, হয়রানি আর দ্রব্যমূল্যের ইস্যু কাজে লাগাতে চাইছে দলের হাইকমান্ড।
'আন্দোলনের তথ্য আগেই পেয়ে যাচ্ছে পুলিশ!' দৈনিক যুগান্তরের শিরোনাম এটি। বিএনপি-জামায়াতসহ সমমনা বিরোধী রাজনৈতিক দলের চলমান আন্দোলনের তথ্য চলে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। তথ্যপ্রযুক্তির পাশাপাশি বিরোধী দলের অনেক নেতাকর্মীই পুলিশের সোর্স হিসাবে কাজ করছেন। এমনটাই বলা হচ্ছ এই প্রতিবেদনে।
নেতাকর্মীদের নিজেদের মধ্যকার ফোনের কথোপকথনের রেকর্ডও পেয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিজেদের মধ্যে গ্রুপিংয়ের কারণে নেতাকর্মীদের অনেকেই উৎসাহী হয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করছেন। অনেকে আবার গ্রেফতার এড়াতে এমন কাজ করছেন।
আগাম তথ্য পাওয়ায় অনেক ক্ষেত্রে অগ্নিসংযোগ, ভাঙচুরের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা যাচ্ছে-এমন দাবি পুলিশের।
এছাড়া হরতাল-অবরোধে শান্তিপূর্ণ মিছিল করতেও বেগ পেতে হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের। কর্মসূচি বাস্তবায়নের আগেই গ্রেফতার হচ্ছেন অনেকে।
End of বিবিসি বাংলার অন্যান্য খবর:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইত্তেফাকের প্রধান শিরোনাম '২৯৮ আসনে নৌকার প্রার্থী ঘোষণা, নতুন মুখ ১০৪'। খবরে বলা হচ্ছে, জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে দল মনোনীত প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর মধ্যে তিন জন প্রতিমন্ত্রীসহ একাদশ জাতীয় সংসদের ৬৯ জন সদস্য বাদ পড়েছেন।
আওয়ামী লীগের বাদ পড়া আসন এবং গতবার জোট শরিকদের ছেড়ে দেওয়া আসনগুলো মিলিয়ে মোট ১০৪টি আসনে নতুন মুখ এসেছে। মনোনয়ন প্রাপ্তদের তালিকায় আছেন ২২ নারী। আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটি থেকে মনোনয়ন পেয়েছেন ৩৪ জন।
এছাড়া নবীন নেতা, সাবেক ছাত্রনেতা, সাবেক আমলা, সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা, প্রকৌশলী, অভিনেতা ও ব্যবসায়ীদেরও মনোনয়ন দেয়া হয়েছে। এক্ষেত্রে চমক হিসেবে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান।
গতকাল রবিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল নৌকার প্রার্থীর নাম ঘোষণা করেন।
আগামী নির্বাচনে জাতীয় পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে কালের কণ্ঠের শিরোনাম 'রওশন-কাদের বৈঠকে সমঝোতা হয়নি'। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও দলের চেয়ারম্যান জি এম কাদের আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে একমত হতে পারেননি।
গত শনিবার রাতে রওশন এরশাদের বাসায় দুজনের বৈঠক হলেও দুই নেতাই নিজ নিজ অবস্থানে অনড় ছিলেন। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল রোববার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ বলেন, তাঁদের বৈঠকে কোনো সমঝোতা হয়নি।
দল পরিচালনা ও নির্বাচন নিয়ে দুই নেতার টানাপড়েনের মধ্যে রওশনের গুলশানের বাসভবনে গিয়ে দেখা করেন জি এম কাদের।
বৈঠকে দুই নেতার মধ্যে দল ও মনোনয়নসহ কয়েকটি বিষয়ে বিশদ আলোচনা হয়। রাজনৈতিক আলোচনা হলেও বৈঠকে পারিবারিক আবহ ছিল। কিন্তু দুই নেতা নিজ অবস্থানে অনড় ছিলেন।
ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম 'Garment workers’ minimum pay stays Tk 12,500'. পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ১২ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করেছে ন্যূনতম মজুরি বোর্ড।
গতকাল রোববার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা চূড়ান্ত মজুরি কাঠামো ঘোষণা করেন।
তবে শ্রমিক নেতারা ন্যুনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে অনড়। মজুরি কাঠামোর খসড়ায় পাঁচটি গ্রেডের প্রস্তাব করা হলেও বোর্ড সদস্যদের সঙ্গে আলোচনা করে তা কমিয়ে চার করা হয়।
'জ্বালানি বন্ধের ঝুঁকিতে ওসমানী বিমানবন্দর' আজকের পত্রিকার শিরোনাম। খবরে বলা হচ্ছে, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়নে নতুন টার্মিনাল নির্মাণ, রানওয়ে সম্প্রসারণসহ নানা কাজ চলছে। এর অংশ হিসেবে বর্ধিত করা হচ্ছে অ্যাপ্রোন।
কিন্তু সম্প্রতি এ কাজের জন্য মাটি খনন করতে গিয়ে জেট ফুয়েল সরবরাহের হাইড্রেন্ট লাইনটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পাশাপাশি কাটা পড়েছে ডিপোর পিএলসি সিস্টেমের অপটিক্যাল ফাইবার কেব্লও (ওএফসি)। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিমানবন্দরে নিরবচ্ছিন্ন জেট ফুয়েল সরবরাহ।
জেট ফুয়েল সরবরাহ বন্ধের ঝুঁকির বিষয়টি জানিয়ে ২০ নভেম্বর ওসমানী বিমানবন্দরের পরিচালককে চিঠি দিয়েছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পক্ষে সংস্থার উপব্যবস্থাপক (এভিয়েশন) মো. আনোয়ার সাদাত ওই চিঠি দেন।
End of বিবিসি বাংলায় আরও পড়তে পারেন
এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে প্রথম আলোর শিরোনাম 'ফলাফলে করোনার আগের ধারা'। এতে বলা হচ্ছে করোনাভাইরাসের কারণে ২০২০ সালে এইচএসসি পরীক্ষাই হয়নি। ভিন্ন মূল্যায়নে তখন সবাই পাস করেছিলেন। পরের বছর শুধু বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হয়েছিল। তখন পাসের হার হয়েছিল প্রায় ৯৬ শতাংশ।
আর গতবার (২০২২) পরীক্ষা হয়েছিল একেকটি বিষয়ে অর্ধেক নম্বরের ভিত্তিতে। তখন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে পরীক্ষাই হয়নি। তাতে পাসের হার হয় ৮৪ শতাংশের বেশি।
কিন্তু এবার পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে পরীক্ষা হলেও একটি বাদে সব বিষয়ে পরীক্ষা হয়েছে পূর্ণ নম্বরে। শুধু আইসিটি বিষয়ের পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়া হয়।
এবার ফল আগের তিন বছরের তুলনায় খারাপ হয়েছে। পাসের হার গতবারের চেয়ে ৮ শতাংশ কমে গেছে। আর জিপিএ-৫ কমেছে গতবারের চেয়ে অর্ধেকের বেশি।
'ব্যাংক ঋণের সুদহার আরো বাড়ল' বণিক বার্তার শিরোনাম। এতে বলা হচ্ছে, দেশে বিরাজমান উচ্চ মূল্যস্ফীতি কমানোর কথা বলে আবারো নীতি সুদহার বা রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে রেপো রেট হবে ৭ দশমিক ৭৫ শতাংশ।
এর আগে গত ৪ অক্টোবর এক ধাক্কায় রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল। সে হিসাবে মাত্র দুই মাসের মধ্যেই রেপো রেট ১ দশমিক ২৫ শতাংশ বাড়ল। রেপো রেট বাড়ানোর পাশাপাশি ব্যাংক ঋণের সুদহার বাড়ানোরও ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নীতি সুদহারে বাংলাদেশ ব্যাংক থেকে দেশের তফসিলি ব্যাংকগুলো টাকা ধার নেয়। সুদহার বাড়ানোয় এখন কেন্দ্রীয় ব্যাংক থেকে আরো বেশি সুদে অর্থ ধার করতে হবে। এর প্রভাব দেশের সরকারি-বেসরকারি সব খাতের ওপর পড়বে।
দেশের ব্যাংকগুলো ঋণের পাশাপাশি আমানতের সুদহারও বাড়াবে। বাজারে অর্থের প্রবাহ নিয়ন্ত্রণের লক্ষ্যে রেপো রেট বাড়ানো হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়।