পত্রিকা: 'ছিনতাইয়ে দাদন ব্যবসা'

সংবাদপত্র
Published
পড়ার সময়: ৭ মিনিট

' ছিনতাইয়ে দাদন ব্যবসা ' মানবজমিন পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

উপকূলীয় জেলেদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এক মহাজনী ব্যবসা 'দাদন'।

হাতে যখন কাজ থাকে না, তখন মহাজনদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে জীবনধারণ করেন জেলেরা। মৌসুমে তারা সাগরে মাছ ধরেন।

দাদনের বিনিময়ে ওই মাছের বড় অংশ দিয়ে দিতে হয় মহাজনদের। এভাবেই দাদন ব্যবসায়ীর কবলে পড়ে জীবনচক্র আবর্তিত হয় জেলেদের।

এমন দাদন ব্যবসা আছে আরও নানা স্থানে, নানা পেশা ঘিরে। ছিনতাইয়ের মতো জঘন্য অপরাধে খোদ রাজধানীতেই এই দাদন দেয়ার মতো তথ্য মিলেছে বলে এ খবরে বলা হয়েছে।

উপকূলীয় জেলেদের মতো ছিনতাইকারীরাও এখন 'দাদন' পদ্ধতিতে ছিতাইয়ের সরঞ্জাম ও টাকা যোগাড় করছে।

মোটরসাইকেল, চাপাতি, সামুরাইসহ ধারালো অস্ত্র আগাম টাকা ছাড়াই ভাড়া পায় ছিনতাইকারীরা।

এমনকি, ছিনতাই করতে গিয়ে কেউ যদি ধরা পড়ে, সেক্ষেত্রেও ছাড়িয়ে আনার জন্য দাদনের ব্যবস্থা রয়েছে। দ্রুত জামিনের জন্য আগাম টাকাও দাদন হিসেবে পাচ্ছে তারা।

ছিনতাইয়ের মালামাল বিক্রি করতে হয় 'দাদন' ব্যবসায়ীদের কাছে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া কয়েকজন ছিনতাইকারী এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে এ খবরে উল্লেখ করা হয়েছে।

মানবজমিন
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

' রাজনীতিতে বিভক্তি স্পষ্টতর ' কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম।

এ খবরে বলা হয়েছে, দেশের রাজনীতিতে বিভক্তি স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে।

সংস্কারের গুরুত্বপূর্ণ কিছু ইস্যু, বিশেষ করে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ইস্যুতে চব্বিশের গণ-অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে দূরত্বে এখন আর কোনো রাখঢাক নেই বলে সংবাদটিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ করে কুরুচিপূর্ণ, অশ্লীল মন্তব্য এবং তার প্রতিক্রিয়ায় সভামঞ্চ ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় যত এগিয়ে আসছে, ততই বিভাজন বাড়ছে।

স্পষ্ট হচ্ছে নতুন রাজনৈতিক মেরুকরণ।

গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এন‌সি‌পি), ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদসহ 'ফ্যাসিবাদবিরোধী' ডান ও ধর্মভিত্তিত দল‌গু‌লো‌কে আমন্ত্রণ জা‌নায় জামায়া‌তে ইসলামী।

তবে আমন্ত্রণ জানানো হয়নি বিএনপি ও তাদের সমমনা দল এবং বামপন্থী দলগুলোকে। বেশ কয়েকটি দল আমন্ত্রণ পেলেও সমাবেশে যোগ দেয়নি।

এই সমাবেশের অন্যতম দাবি ছিল সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন।

বিএনপিকে আমন্ত্রণ না জানানোর কারণ হিসেবে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, পিআর পদ্ধতির পক্ষে না থাকায় বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি।

কালের কণ্ঠ

' রাজনৈতিক মামলা প্রত্যাহারে ধীরে চলছে জেলা কমিটি ' সমকাল পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

এ খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার কার্যক্রমে ধীরে চলছিলো জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটি।

অনেক জেলায় সাড়ে নয় মাস ধরে মামলার যাচাই - বাছাই চলছিল। এ অবস্থায় নতুন নিয়োগ পাওয়া জেলা ও মহানগর পাবলিক প্রসিকিউটরদের সরাসরি মামলা প্রত্যাহারের সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়।

এখন পিপির মাধ্যমে আবেদন পেয়ে মামলা প্রত্যাহারের সরকারি আদেশ জারি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে স্থানীয় পর্যায়ে জেলা কমিটির অজান্তে মামলা প্রত্যাহার হচ্ছে।

আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে খবরটিতে বলা হয়েরছে, ডিসি ও পিপিরা গত সাড়ে নয় মাসে ১৬ হাজার ৯৪০ টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের জন্য আবেদন পাঠিয়েছিলেন।

পরে আইন মন্ত্রণালয় ২১ টি সভা করে ১৫ হাজার ৬০০টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করে।

এর মধ্যে ডিসিদের পাঠানো মামলার সংখ্যা প্রায় এক হাজার। বাকি ১৪ হাজার ৬০০ মামলা পিপি ও রাজনৈতিক দলের মাধ্যমে তথ্য পেয়ে প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়।

সমকাল

' হাসিনার বিচার শেষ হতে পারে ডিসেম্বরে ' আজকের পত্রিকার শিরোনাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ শেষে রায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ঘোষণা হতে পারে বলে এ খবরে বলা হয়েছে।

একই সময়ে আরও কয়েকটি মামলার বিচারকাজ শেষ হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সূত্রের বরাত দিয়ে এ তথ্য সংবাদটিতে উল্লেখ করা হয়েছে।

দুই ট্রাইব্যুনালের চলমান গতিপ্রকৃতি বিবেচনায় এমন আশা করা হচ্ছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ইতিমধ্যে দুটি মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে।

এর একটিতে পাঁচটি অভিযোগে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক ( আইজিপি ) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

এ মামলায় রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আনুষ্ঠানিক বিচার শুরু হওয়া অপর মামলাটি রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় করা।

এই মামলায় আসামি ঢাকা মহানগর পুলিশের ( ডিএমপি ) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের আট সদস্য।

এছাড়া সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর পাঁচজনের মরদেহ ও একজনকে গুরুতর আহত অবস্থায় পুড়িয়ে হত্যা এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যার ঘটনায় করা মামলা দুটিতে অভিযোগ জমা দেওয়ার পর আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল।

আদালত অবমাননার এক মামলায় ইতিমধ্যে শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে ট্রাইব্যুনালে।

আগামী পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্ণ হবে।

আজকের পত্রিকা

' শেষ সময়ে ব্যবসায়ীদের দ্বারস্থ সরকার ' প্রথম আলো পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

এ খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোর দর-কষাকষির শুরু থেকে বেসরকারি খাত, অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের সম্পৃক্ত করেনি অন্তর্বর্তী সরকার।

ফলে শুল্ক কমানোর বিষয়ে এখন খুব বেশি আশাবাদী হতে পারছেন না দেশের রপ্তানিকারকেরা।

তারা বলছেন, শেষ পর্যন্ত শুল্ক না কমলে তার ভুক্তভোগী হবেন রপ্তানিকারকেরা। এমনকি যুক্তরাষ্ট্রের অনেক ক্রেতা এ দেশের রপ্তানিকারকদের জানিয়েছেন, দর–কষাকষিতে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে।

এ কারণে সরকারের উদ্যোগ নিয়ে রপ্তানিকারকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট ব্যবসায়ী ও রপ্তানিকারকেরা বলছেন, দর-কষাকষির আড়াই মাস শেষে দেখা যাচ্ছে, বাংলাদেশের চেয়ে প্রতিযোগী দেশগুলো অনেক এগিয়ে আছে।

অথচ পাল্টা শুল্ক কমানোর দর–কষাকষির জন্য বাংলাদেশের হাতে এখন সময় আছে ১০ দিন।

সরকারের দুই দফা আলোচনা থেকে কোনো ফল না আসায় এখন এসে রপ্তানিকারক, ব্যবসায়ী ও বেসরকারি খাতের দ্বারস্থ হয়েছে সরকার।

জানা যায়, পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দপ্তরের সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষে এখন দর-কষাকষি করছে বাণিজ্য মন্ত্রণালয়।

প্রথম আলো

' কমিশনের সামনে কঠিন পরীক্ষা ' নয়া দিগন্ত পত্রিকার শিরোনাম।

এ খবরে বলা হয়েছে, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো এবং উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নির্বাচনের বিষয়ে একমত পোষণ করেছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলনসহ অধিকাংশ রাজনৈতিক দল।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন প্রক্রিয়া নিয়ে গতকাল রোববারও দলগুলোর সাথে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন।

আলোচনা শেষে দলগুলোর প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত প্রস্তাবনা দিয়েছে কমিশন। এ নিয়ে আগামীকালের মধ্যে লিখিত সুপারিশ চাওয়া হয়েছে।

অন্যদিকে নিম্নকক্ষ ও উচ্চকক্ষ ইস্যুতে দীর্ঘ আলোচনার পর জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বেশির ভাগ দলের সুপারিশ হচ্ছে উচ্চকক্ষে ভোটের আনুপাতিক হারে (পিআর) প্রতিনিধি নির্বাচিত হতে হবে।

বিএনপিসহ সমমনা কয়েকটি দল নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষে ১০০ জন প্রতিনিধি নির্বাচনের পক্ষে।

এ অবস্থায় উচ্চকক্ষে কোন পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচিত হবেন, গত সপ্তাহে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তা নির্ধারণের দায়িত্ব দেয়া হয় ঐকমত্য কমিশনকে।

চলতি সপ্তাহের মধ্যেই কমিশনের সিদ্ধান্ত জানানোর কথা। এ অবস্থায় বিভিন্ন দলের পক্ষ থেকে বলা হচ্ছে, সংস্কার ইস্যুতে চলতি সপ্তাহে প্রথমবারের মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

নয়া দিগন্ত

' গোপালগঞ্জে পুলিশের ৪ মামলায় আসামি ৫ হাজারের বেশি ' সংবাদ পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় সেদিনই চারজন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

এ নিয়ে চারটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে এসব মামলা দায়েরের তথ্য গতকাল রোববার নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান।

এ ঘটনায় আরও একটি হত্যা মামলা হবে বলে জানা গেছে। তিন মামলার আসামি সংখ্যা এক হাজার ৪০০ থেকে ৫০০ জন করে।

দীপ্ত সাহার মৃত্যুর ঘটনায় সদর থানার এসআই শামীম হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা এক হাজার ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারীকে আসামি করে হত্যা মামলা করেছেন।

এজাহারে বলা হয়েছে, কতিপয় দুষ্কৃতিকারীরা বেলা আড়াইটার দিকে সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

এ সময় কলেজ মসজিদের পাশে মিলন ফার্মেসির সামনের দীপ্ত সাহা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে এক বর্গফুট ফ্ল্যাটের দাম প্রায় ৩০ হাজার টাকা।

অথচ তৎকালীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সেখানে প্রায় দেড় লাখ বর্গফুট আয়তনের ৪৮টি ফ্ল্যাট ১৪ হাজার ৫০০ টাকা বর্গফুট দরে বরাদ্দ দিয়েছে।

ফ্ল্যাটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও রাজউকের তৎকালীন চেয়ারম্যান আনিসুর রহমান মিঞাসহ ৪৮ জন ভিআইপির নামে।

এতে সরকারের প্রায় ২৩০ কোটি টাকা গচ্চা গেছে।

প্রায় সাড়ে চার কোটি টাকা দামের একেকটি ফ্ল্যাট কেনার টাকা সরকারি কর্মকর্তারা কোথায় পেয়েছেন, সেটিও সন্দেহজনক।

এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে রাজউক চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা জানতে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট গত ১৮ জুন অভিযান পরিচালনা করেছে।

দেশ রূপান্তর

' Many victims yet to get any help ' নিউএইজ পত্রিকার এ শিরোনামের অর্থ ' অনেক ভুক্তভোগী এখনো কোনো সহায়তা পাননি।'

জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের অনেকেই এখনো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে কোনও অথবা একবারের বেশি আর্থিক সাহায্য না পাওয়ায় বাড়ছে তাদের দুর্ভোগ এবং হতাশা।

জুলাইয়ে হতাহতদের সহায়তা করার জন্য গতবছরের ১৭ই সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকার প্রাথমিক তহবিল দিয়ে এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করা হয়।

গত ১৫ই জুলাই পর্যন্ত প্রথম পর্যায়ে ফাউন্ডেশনটি ছয় হাজার ৬৯১ জন আহত ব্যক্তিকে এক লাখ টাকা এবং ৮৫২ জন নিহতের পরিবারের মধ্যে ৮০৬ জনকে পাঁচ লাখ টাকা করে অনুদান দিয়েছে।

সরকারের কাছে আহত হিসেবে নিবন্ধিত ১৪ হাজার ৫৪১ জনের মধ্যে ফাউন্ডেশনের সাথে যুক্ত থেকে আট হাজার ৭১৮ জন সহায়তা চেয়েছেন। এছাড়া ৫২৩ জন দ্বিতীয় পর্যায়ের অনুদানও পেয়েছেন।

কিন্তু অনেকেই এখনও কোনও সাহায্য পাননি।

নিউএইজ

' Tense mood at NBR, misses revenue target 9th FY in a row ' ঢাকা ট্রিবিউনের এ শিরোনামের অর্থ 'একটানা নবম অর্থবছরেও রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ এনবিআরে উত্তেজনা।'

জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মকর্তা - কর্মচারীরা দীর্ঘমেয়াদী বিক্ষোভ, সমাবেশ ও কর্মবিরতি পালন করেছে। ফলে ২৭ জনকে বরখাস্ত করা হয়েছে এবং সদ্য সমাপ্ত ২০২৫ অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নির্ধারিত সংশোধিত লক্ষ্যমাত্রা চার লাখ ৬১ হাজার কোটি টাকা থেকে কমেছে এনবিআরের রাজস্ব আদায়।

চূড়ান্ত আদায় হয়েছে তিন লাখ ৭০ হাজার কোটি টাকা, যা ৯২ হাজার ৬২৬ কোটি টাকার কম।

এসব তথ্য থেকে আরও জানা যায়, টানা নয় বছর ধরে এনবিআর তার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে। ২০১৫-১৬ অর্থবছরের পর থেকে কোনও বছরেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।

অর্থনীতিবিদ এবং অংশীদারদের মতে, এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রায় বড় ঘাটতির জন্য প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং সরকারের অতিরিক্ত লক্ষ্যমাত্রা দায়ী।

সেইসাথে গত অর্থবছরে চলমান বিভিন্ন আন্দোলন, যার মধ্যে গত বছরের জুলাইয়ের আন্দোলন, এই বছর এনবিআরের সংস্কার আন্দোলন এবং ব্যাংকের অতিরিক্ত ছুটিও দায়ী।

ঢাকা ট্রিবিউন