ইরানে ইসরায়েলের পাল্টা হামলা, কয়েকটি শহরে বিস্ফোরণ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে
Published
পড়ার সময়: ৩ মিনিট

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরায়েলের বিমানবাহিনী ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে। এরপরই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির তিনটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে।

"তেহরান, তাবরিজ এবং ইসফাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে," রাষ্ট্রীয় টেলিভিশন তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে। এছাড়া, মধ্যাঞ্চলীয় শহর কারাজের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে ইসরায়েল পশ্চিম ও মধ্য ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে এক বার্তায় বলেছে: "কিছুক্ষণ আগে, ইসরায়েলি বিমানবাহিনী পশ্চিম ও মধ্য ইরানে ইরানি সন্ত্রাসী শাসকদের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।"

এদিকে ইরান তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত ঘোষণা করেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরগামী সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর তেহরানের দুটি প্রধান বিমানবন্দরের একটি। চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে এটি কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিল মাসে পুনরায় চালু করা হয়েছিল।

তবে ইরানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে মধ্য ও পশ্চিম ইরানে ইসরায়েলের হামলার সময় তেহরানের আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তু করা হয়নি।

তেহরান অগ্নিনির্বাপণ বিভাগের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার ভোরে ইরানের রাজধানীর পশ্চিমাঞ্চলে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তবে এখনো হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইসরায়েলে ইরানের হামলার পর তেলের দাম বেড়েছে

ছবির উৎস, Anadolu via Getty Images

ছবির ক্যাপশান, ইসরায়েলে ইরানের হামলার পর তেলের দাম বেড়েছে

ইসরায়েলে হামলার পর তেলের দাম বেড়েছে

এপ্রিল মাসে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর এই প্রথম ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এর জের ধরে সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর সময় তেলের দাম বেড়ে যায়।

বিশ্ববাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুড এর দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৫০ ডলার হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেল আড়াই শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে।

এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই জ্বালানি তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে।

গত এক সপ্তাহ ধরে তেলের দাম প্রায় ৯৫ ডলারের আশপাশে অবস্থান করছিল।

বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর এই সংঘাতের দীর্ঘমেয়াদি প্রভাবের কারণে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, Kevin Dietsch via Getty Images

ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প

ইরানে হামলা না করার অনুরোধ ট্রাম্পের

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি মার্কিন ও আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপের আগে ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানান যে তিনি নেতানিয়াহুকে ইরানের হামলার জবাবে পাল্টা আক্রমণ না করার আহবান জানাবেন।

ট্রাম্প একই বার্তা ইসরায়েলের চ্যানেল ১২ নিউজকেও দেন। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বলেছেন যে তিনি 'আজ রাতে আর কোনো অতিরিক্ত হামলা দেখতে চান না'।

ট্রাম্প বলেন: "ইরানের হামলায় কেউ আহত হয়নি। প্রত্যেকেই তাদের মতো করে কাজ করেছে। ইসরায়েল তার হামলা চালিয়েছে, ইরানও তার হামলা চালিয়েছে। আমাদের আর কোনো হামলার প্রয়োজন নেই।"

তিনি আরও বলেন: "আমি এখনই নেতানিয়াহুকে ফোন করব এবং তাকে পাল্টা হামলা না করতে বলব।"

এর আগে ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন যে, নেতানিয়াহুর 'ইরানের সঙ্গে একটি চুক্তি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না'।

লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে তেহরানে সরকারপন্থীদের বিক্ষোভ

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, তেহরানে সরকারপন্থীদের বিক্ষোভ

তেহরানে সরকারপন্থীদের বিক্ষোভ

লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলার পর তেহরানের রাস্তায় সরকারপন্থীদের বিক্ষোভের কিছু বিবিসির হাতে এসেছে।

বিক্ষোভকারীদের অনেকেই ইরান ও হেজবুল্লাহর পতাকা বহন করছিলেন।