আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
'কলকাতা মিশনের কনস্যুলার অ্যাটাশে লাপাত্তা'
'কলকাতা মিশনের কনস্যুলার অ্যাটাশে লাপাত্তা' মানবজমিন পত্রিকার শিরোনাম।
খবরটিতে বলা হয়েছে, প্রায় তিন মাস ধরে লাপাত্তা কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কনস্যুলার অ্যাটাশে আমিনুল হক।
গত নভেম্বরে তিনি ভারত ত্যাগ করেছেন এমনটা নিশ্চিত হয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু তার বর্তমান অবস্থান কোথায়? সে সম্পর্কে এখনো ধোঁয়াশা।
কূটনৈতিক সূত্র বলছে, আমিনুল ইউরোপের একটি দেশে রাজনৈতিক আশ্রয় নেয়ার চেষ্টা করছেন মর্মে তথ্য আসছে। তবে সেটা এখনো ভেরিফাই করা সম্ভব হয় নি।
বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক ভিসা ইস্যুকারী কলকাতা মিশনের পাসপোর্ট - ভিসা তথা কনস্যুলার সেবার মূল দায়িত্ব ছিল আমিনুল হকের।
বন্ধুমহলে 'আমিনুল হক পলাশ' নামে পরিচিত ওই সরকারি কর্মকর্তার মূল চাকরি দেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত একটি সংস্থায়।
সাধারণত এমন পোস্টিংয়ে একজন কর্মকর্তাকে সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত রাখা হয়।
কিন্তু কিছু অভিযোগের প্রেক্ষিতে ১৫ই নভেম্বরের মধ্যে আমিনুল হককে দেশে ফেরার জরুরি আদেশ জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বছরের ৭ই নভেম্বর সেখান থেকে বিদায় নিলেও আজ অবধি তিনি দেশে ফেরেননি।
End of বিবিসি বাংলার অন্যান্য খবর:
'ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি' কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার শিরোনাম। এ খবরে বিএনপির পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের সিদ্ধান্ত তুলে ধরা হয়েছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র ফেরাতে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে বিএনপি মাঠে নামছে বলে বলা হয়েছে খবরটিতে।
মূলত জন সম্পৃক্ত কর্মসূচি দিয়ে জনগণের সমর্থন আদায় এবং দ্রুত নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে নতুন কর্মসূচি দিতে যাচ্ছে দলটি।
একই সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধকে ভিত্তি ধরে এবং বাহাত্তরের সংবিধান সমুন্নত রেখে জুলাই গণ-অভ্যুত্থানের 'পরামর্শমূলক' ঘোষণাপত্র প্রণয়ন করছে বিএনপি।
ঘোষণাপত্র প্রণয়নে সরকারি উদ্যোগে সহযোগিতা করতে এটি তৈরি করা হচ্ছে।
গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ দুটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন।
এ বিষয়ে স্থায়ী কমিটির কেউ নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি না হলেও স্থায়ী কমিটির একাধিক সদস্য এ বিষয়টি নিশ্চিত করেছেন বলে উল্লেখ করা হয়েছে খবরটিতে।
তারা বলেন, দুই ভাগে কর্মসূচি পালন করা হবে। প্রথম পর্যায়ে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশ হবে।
দ্বিতীয় পর্যায়ে সমাবেশ হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরানোর দাবিতে। দ্বিতীয় কর্মসূচি মূলত সরকারকে চাপে রেখে নির্বাচন আদায় করতে দেয়া হচ্ছে।
'গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে যাচ্ছে 'আমলাতন্ত্রে'' সমকাল পত্রিকার শিরোনাম।
জনপ্রশাসন, আইনশৃঙ্খলাসহ সব খাতের খোলনলচে বদলে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে এই সরকার দায়িত্ব নেয়ার সাড়ে পাঁচ মাস পরও সরকারি অনেক কাজ যেন চলছে 'কচ্ছপের পিঠে চেপে'।
ডিসির পদায়ন, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার, বিনামূল্যের পাঠ্যবই বিতরণ, মন্ত্রণালয় ও বিভাগের প্রয়োজনীয় সরঞ্জাম কেনাকাটা, পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনের মতো অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে আমলাতান্ত্রিক গ্যাঁড়াকলে।
সরকারের উপদেষ্টারাই বলছেন, সরকারের যে গতিতে কাজ করার কথা, সেভাবে করতে পারছে না আমলাদের অসহযোগিতার কারণে।
বিশ্লেষকরা মনে করেন, রাতের ভোটের কারিগর ও সুবিধাভোগী কর্মকর্তারা এখনও বড় বড় পদে বহাল। এছাড়া প্রশাসনের অনেক যোগ্য লোক আওয়ামী লীগ আমলে ছিলেন বঞ্চিত, এখনও তাদের ভাগ্য ফেরেনি।
তারা কৌশলে প্রশাসনকে গতিহীন করে রেখেছেন। উপদেষ্টা ও আমলাদের মধ্যে সমন্বয় না থাকার বিষয়টিও পরিষ্কার।
'ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত' নয়া দিগন্ত পত্রিকার শিরোনাম।
খবরটিতে বলা হয়েছে, দেশের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল মঙ্গলবার বিকেলে শাহবাগে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক।
তিনি বলেন, পর্যায়ক্রমে এসব মাদ্রাসা জাতীয়করণ করা হবে।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। ইবতেদায়ি মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা এবং প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলার অনুমোদনের ব্যবস্থা নেয়াসহ নানা দাবি রয়েছে তাদের।
ইবতেদায়ি শিক্ষকরা বলছেন, বর্তমানে এক হাজার ৫১৯টি অনুদানভুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক তিন হাজার ৫০০ টাকা ও সহকারী শিক্ষক তিন হাজার ৩০০ টাকা অনুদান পায়। ৪০ বছর অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছেন।
'রোজার আগে রাজপথে নামার পরিকল্পনা বিএনপির' দেশ রূপান্তর পত্রিকার শিরোনাম।
রমজান সামনে রেখে দ্রব্যমূল্য কমানো, নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ফেব্রুয়ারিতে কর্মসূচি দেয়ার পরিকল্পনা করছে বিএনপি।
এর অংশ হিসেবে শিগগিরই দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। গত সোমবার রাতে দলটির স্থায়ী কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির একাধিক স্থায়ী কমিটির সদস্য।
তারা জানান, রমজান মাস সামনে রেখে নিত্য পণ্যের দাম কমানো এবং সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ফেব্রুয়ারি মাসে কর্মসূচি দেবেন তারা।
এই ইস্যুতে রমজানের আগেই ঢাকাসহ দেশব্যাপী সমাবেশ করবে দলটি। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করে কর্মসূচির সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
'ব্যাংকে মেয়াদি আমানত রেখে ফুলেফেঁপে উঠছে সরকারি প্রতিষ্ঠান' বণিক বার্তা পত্রিকার প্রথম পাতার শিরোনাম।
খবরটিতে বলা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি তেল বিপণনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড।
২০২৪ পঞ্জিকাবর্ষের জুলাই-ডিসেম্বর সময়ে ব্যাংকে গচ্ছিত আমানতের সুদ বাবদ কোম্পানিটি আয় করেছে ২৪৯ কোটি টাকা।
আগের বছরের একই সময়ে এ বাবদ কোম্পানিটির আয় হয়েছিল ১৭২ কোটি টাকা। মূলত সুদহার বাড়তে থাকার প্রভাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির এ খাত থেকে আয় বেড়েছে প্রায় ৪৫ শতাংশ।
জ্বালানি খাতের এ কোম্পানিগুলোর মতো রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠান এখন ব্যাংকে গচ্ছিত মেয়াদি আমানত থেকে সুদ বাবদ বিপুল পরিমাণ অর্থ আয় করছে।
বর্তমান সময়ে সুদহার বাড়তে থাকায় সরকারি এসব প্রতিষ্ঠানের ব্যাংকে রাখা মেয়াদি আমানতের বিপরীতে সুদ বাবদ আয় আরো স্ফীত হয়েছে।
উচ্চ সুদের কারণে এসব প্রতিষ্ঠান লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসরকারি বিনিয়োগ ও এসএমই খাতের উদ্যোক্তারা।
অন্যদিকে তদবির ও প্রভাব খাটিয়ে এসব আমানতের একাংশ রাখা হয়েছে বেশ কিছু দুর্বল ব্যাংকেও, যেগুলো ফেরত পাওয়া নিয়েও রয়েছে বড় ধরনের সংশয়।
'জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা' প্রথম আলো পত্রিকার প্রথম পাতার শিরোনাম।
খবরটিতে রেল কর্মীদের কর্মবিরতির কারণে মানুষের ভোগান্তির কথা তুলে ধরা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে ঢাকার কমলাপুর ও বিমানবন্দর এবং ঢাকার বাইরে রেল চলাচলকারী জেলার স্টেশনগুলোতে গিয়ে যাত্রীরা জানতে পারেন ট্রেন চলবে না।
কোথাও কোথাও ট্রেন চলাচল শুরু করলেও মাঝপথে থামিয়ে দেয়া হয়। ঢাকাসহ কয়েকটি জেলা থেকে রেলের যাত্রীদের একাংশকে বিআরটিসি বাসে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে সব জায়গায় এমন ব্যবস্থা ছিল না।
সারাদিনই চলে কর্মবিরতি। এতে রেল চলাচল বন্ধ থাকায় বাসে যাত্রীর চাপ বেড়ে যায়। এই সুযোগে বাসমালিক ও শ্রমিকেরা ভাড়া বাড়িয়ে দেন।
ফলে যাত্রীদের ব্যয়ও বেড়ে যায়। ক্ষুব্ধ যাত্রীরা রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর চালান। তারা বলেন, যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা করছেন রেলকর্মীরা।
'শেখ হাসিনা সরাসরি গুম, খুনের নির্দেশ দিয়েছিলেন, র্যাব বিলুপ্তির সুপারিশ' দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম।
খবরটিতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশে গুম ও হত্যার মতো ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের এমন ভয়ংকর তকথ্য উঠে এসেছে।
এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে জুলাই বিপ্লবের ওপর একটি প্রতিবেদন হস্তান্তর করেন।
সরকারের প্রেস উইং জানিয়েছে, সরকারের সংস্কার কর্মসূচি এবং দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন প্রচেষ্টার প্রশংসা করেন তারা।
এইচআরডব্লিউর এশিয়া প্রধান বলেন, "আপনারা এখন পর্যন্ত যে অগ্রগতি করেছেন তাকে আমরা সাধুবাদ জানাই"।
জুলাই – অগাস্ট অভ্যুত্থানের সময়ের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, "বাংলাদেশের সাধারণ মানুষ এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের গুরুত্ব উপলব্ধি করছে"।
'People take the hit as workers' strike halts trains' দ্যা ডেইলি স্টার পত্রিকার এ শিরোনামের অর্থ শ্রমিকদের ধর্মঘটে ট্রেন চলাচল বন্ধে দুর্ভোগে মানুষ।
খবরটিতে বলা হয়েছে, দেশব্যাপী রেলকর্মীদের কর্মবিরতির কারণে হাজারও রেল যাত্রী দুর্ভোগে পড়েছিলেন কাল।
শ্রমিক নেতাদের সাথে সরকারের আলোচনা ফলপ্রসু না হওয়ায় আজ বুধবারের সকাল নয়টা পর্যন্ত সব ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছিল।
এরই মধ্যে মধ্যরাতে রেল কর্মীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে তিনটায় রেল মন্ত্রী মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় বৈঠক শেষে এ ঘোষণা দেন।
তাদের দাবি পূরণের আশ্বাসের পর তারা এ ঘোষণা দেন।
রেল উপদেষ্টা শ্রমিকদের অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ধীরে ধীরে দাবি পূরণ করার আশ্বাস দেন।
রেল উপদেষ্টার বরাত দিয়ে রেল সচিব ফাহিমুল ইসলাম বলেছেন, তিনি নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী লোকোমাস্টারদের অতিরিক্ত কাজের জন্য বিশেষ পারিশ্রমিকের সিলিং সরানোর চেষ্টা করবেন।
'Govt to clear Beximco workers' dues by selling mortgaged shares' দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার শিরোনামের অর্থ বন্ধক রাখা শেয়ার বিক্রি করে বেক্সিমকোর শ্রমিকদের বকেয়া পরিশোধ করবে সরকার।
শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে ছাঁটাই হওয়া কারখানা থেকে শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং শাইনপুকুর সিরামিকসে বেক্সিমকোর বন্ধক রাখা শেয়ার বিক্রির ব্যবস্থা করবে সরকার।
"এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে অর্থ বিভাগ। শেয়ার বিক্রির তহবিল থেকে শ্রমিকদের গ্র্যাচুইটি, পরিষেবা সুবিধা এবং অন্যান্য আইনগতভাবে প্রয়োজনীয় অর্থ দেয়ার জন্য ব্যবহার করা হবে" বলেছেন মি. হোসেন।
এছাড়াও গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির আহ্বায়ক বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করবে।
গতকাল সচিবালয়ে এ কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "বেক্সিমকো ফার্মা এবং শাইনপুকুর সিরামিকসের বন্ধক রাখা শেয়ার বিক্রির ব্যবস্থা করতে আগামী রোববার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক হবে"।