আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
'৩ শতাধিক প্রভাবশালী দুদকের নজরে'
৩ শতাধিক প্রভাবশালী দুদকের নজরে – শিরোনাম মানবজমিন পত্রিকার। খবরে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের আগে অনেকটা নীরব থাকলেও সরকারের পালাবদলে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাতারাতি পাল্টে গেছে।
গত ১৬ বছরে হাজার কোটি টাকার মালিক হয়েছেন তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে এরই মধ্যে তিন শ’ জনের তালিকা ধরে এগুতে শুরু করেছে দুদক।
এর মাঝে রয়েছে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী ও পুলিশের কর্মকর্তাসহ সুবিধাভোগী।
তাদের বিরুদ্ধে অভিযোগ কয়েছে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারি, অর্থ পাচার, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য, সরকারি ও বেসরকারি জমি-সম্পত্তি দখল, লুটপাটসহ নানা অনৈতিক সুবিধা নেয়ার।
শেখ হাসিনা সরকার পতনের এক মাস পূর্তির খব শিরোনামের এসেছে প্রায় বেশির ভাগ পত্রিকায়।
How Hasina’s playbook was undone শিরোনাম ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের যার অর্থ যেভাবে হাসিনার খেল খতম হলো, অনেকটা এমন।
বলা হচ্ছে শেষ দিনগুলোতে শেখ হাসিনা মরিয়া হয়ে ক্ষমতায় আঁকড়ে ধরেছিলেন যেন তার পূর্ণাংগ বৈধতা রয়েছে।
নিজ বর্মে ফাটলের অস্তিত্ব সম্পর্কে ফাটলের ধারনাও করতে পারেননি তিনি, যা ৫ই আগস্ট শেষ পর্যন্ত ভেঙে পড়ে।
একটি প্রজন্ম, অন্তত তাকে ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ধ্বংস, কারচুপির নির্বাচন এবং কিছু ক্ষেত্রে চরম বর্বরতার নাম হিসেবে মনে রাখবে।
প্রতিবেদনে ছাত্র বিক্ষোভ ও সহিংসতার ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়।
কিলার আব্বাস ও হেলালের পর মুক্তি পেলেন সুইডেন আসলাম - দৈনিক সমকালের এই খবরে বলা হচ্ছে একের পর এক কারাগার থেকে মুক্তি পাচ্ছেন দাগি ও শীর্ষ সন্ত্রাসীরা।
শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম গত মঙ্গলবার মুক্তি পেয়েছেন, দুই দশক জেলবন্দি থাকার পর।
এক সময় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের একটি অংশ নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
বলা হচ্ছে, এর আগে আব্বাস আলী ওরফে কিলার আব্বাস গত ১২ই আগস্ট কারাগার থেকে মুক্তি পান।
আরেক শীর্ষ সন্ত্রাসী ইমামুল হোসেন ওরফে হেলাল ওরফে পিচ্চি হেলাল কারামুক্ত হন ১৫ই আগস্ট। ইন্টারপোলের লাল তালিকায় এই তিনজনের নাম মোস্ট ওয়ান্টেড হিসেবে রয়েছে।
এ ছাড়া ঢাকার মতিঝিলের আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীরা সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
আবার আন্ডারওয়ার্ল্ডের আলোচিত আরেক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সম্প্রতি দেশে ফিরেছেন বলেও জানানো হচ্ছে।
মোবাইল ইন্টারনেট প্রতি গিগায় প্রাথমিক গড় ব্যয় প্রায় ৪ টাকা বিক্রি ২৫-৩৫ টাকায় – বণিক বার্তার শিরোনাম এটি। গত কয়েক দশকে মোবাইল অপারেটররা মোবাইল ডাটা বিক্রিতে বড় মুনাফা করেছে।
অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মতো প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী বিশ্লেষণের উল্লেখ করে বলা হচ্ছে প্রতি গিগাবাইট মোবাইল ইন্টারনেট ডাটা সরবরাহে ব্যয় সোয়া দুই থেকে সোয়া পাঁচ টাকার মতো যা গড়ে প্রায় চার টাকা।
গ্রামীণফোনের ব্যয় দুই টাকা ২৬ পয়সা, রবি আজিয়াটার পাঁচ টাকা ২৮ পয়সা, বাংলালিংকের তথ্য প্রকাশ না করলেও সংশ্লিষ্টরা বলছেন সেটি রবির কাছাকাছি।
যদিও অপারেটর প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে রেগুলেটরি ফি, সরকারকে প্রদেয় ভ্যাট, ট্যাক্স, স্পেকট্রাম ক্রয়, সেবা বিক্রয়, মার্কেটিং, বিজ্ঞাপন, বিটিআরসির সঙ্গে রেভিনিউ শেয়ারিং, আরো নানা কারণে প্রকৃত ব্যয় আরও বেশি।
কোম্পানির তরফ থেকে বণিক বার্তাকে মন্তব্য দেয়া হয়নি।
ইন্টারনেটের যৌক্তিক মূল্য নির্ধারণ নিয়ে শিগগিরই কাজ শুরুর কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
আত্মীয়চক্রে আতিকের আয়েশি সাম্রাজ্য, শিরোনাম দেশ রুপান্তর পত্রিকার।
সদ্য সাবেক মেয়র মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে পরিবারিক একটি সিন্ডিকেটে পরিণত করার এবং অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ লুটপাট করার অভিযোগ তোলা হয়েছে প্রতিবেদনে।
দুর্নীতি সংক্রান্ত নথি ও ডিএনসিসির একাধিক সূত্রের বরাতে বলা হচ্ছে ঠিকাদারদের কাছ থেকে কমিশন, নিয়োগ, বদলি ও ময়লা বাণিজ্যসহ ঘনিষ্ঠজনদের নিয়ে অনিয়ম-দুর্নীতি করা হয়েছে।
জনগণের করের টাকা আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে খরচ এবং বাড়তি বিল ভাউচারে আপত্তি তুললে কর্মকর্তা বদলির অভিযোগও এসেছে।
বিভিন্ন মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে ‘ম্যানেজ’ করার চেষ্টা হলেও শেষ পর্যন্ত মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হয়।
সাবেক সংসদ সদস্যদের ‘গাড়িবিলাস’ – শিরোনাম দৈনিক প্রথম আলো পত্রিকার। প্রতিবেদনে শুল্কমুক্ত সুবিধা নিয়ে সংসদ সদস্যদের গাড়ি আমদানির বিষয় উঠে আসে।
দেড় কোটি টাকা আমদানিমূল্যের গাড়ির শুল্ককর ১০ কোটি টাকা, যা বিভিন্ন খরচ মিলে প্রায় ১২ কোটি টাকায় বাজারে বিক্রি হওয়ার কথা। তবে সেসব গারি শুল্কমুক্ত সুবিধার আওতায় সংসদ সদস্যরা দেড় কোটি টাকায় কিনতে পারেন বলে উল্লেখ করা হচ্ছে।
২০০৯ থেকে ২০২৩ সময়কালে অন্তত ৫৭৬ টি গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেন সংসদ সদস্যরা। এগুলোতে তারা সাড়ে তিন হাজার কোটি টাকা শুল্কছাড় পেয়েছেন বলে উঠে এসেছে প্রতিবেদনে।
দ্বাদশ সংসদ নিরবাচনের পরেও ৫১ জন সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন যাদের মধ্যে ১০ জনের গাড়ি এসেছে, ছয়জন খালাস করতে সক্ষম হয়েছেন। বাকি চারজন খালাসের আগেই সরকার পতন হয়।
এবারের সবচেয়ে দামি গাড়ি আনায় প্রতিবেদনে সবার আগে নাম এসেছে হবিগঞ্জ-৪ আসনের সৈয়দ সায়েদুল হকের, যিনি ব্যারিস্টার সুমন নামে পরিচিত। আর দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়ি এনেছেন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান।
এরশাদের আমল থেকেই দেশে শুল্কমুক্ত সুবিধা চলছে যা কোনও সরকারের আমলেই দ্বিমত করা হয় না।
ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে লুট ২৩৭৫ কোটি টাকা- আইএফআইসি ব্যাংক নিয়ে শিরোনাম দৈনিক কালবেলা পত্রিকার।
১৯৮৩ সালে যাত্রা শুরু করা প্রথম দিককার বেসরকারি ব্যাংক আইএফআইসির কার্যক্রমে জাতীয় নির্বাচন ঘিরে অস্বাভাবিক আচরণের অভিযোগ আনা হচ্ছে।
৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত মাত্র এক বছর বয়সী পাঁচ কোম্পানিকে প্রায় ২ হাজার ৩৭৫ কোটি টাকা ঋণ দিয়েছে বলা হচ্ছে।
যদিও কোম্পানিগুলোর কোনো ওয়েবসাইট নেই, বা ব্যাংকে ঠিকানাও দেয়া হয়নি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে এসব ঋণের সুবিধাভোগী হিসেবে ধারণা দেয়া হয়।
ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা কালবেলাকে বলেছেন “এ বিষয়ে কিছু বলে বিপদে পড়তে চাই না।”
যদিও ঋণের পুরোটাই দেশের শীর্ষস্থানীয় একটি ব্যবসায়িক গ্রুপের পকেটে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
শ্রমিক অসন্তোষ তীব্র হওয়ায় ১৬৭টি তৈরি পোশাক কারখানা বন্ধ হওয়ার শিরোনাম ইংরেজি নিউ এজ পত্রিকার।
প্রতিবেদনে বলা হচ্ছে আশুলিয়া, সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলে বুধবার সামরিক বাহিনীসহ আইন প্রয়োগকারী সংস্থার মোতায়েন থাকা সত্ত্বেও শ্রমিক অসন্তোষ বেড়ে যাওয়ায় প্রায় ১৬৭ পোশাক কারখানা বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
ব্যবসায়ীরা বলছেন শ্রমিকরা নয়, বহিরাগতরা দেশের রপ্তানি খাতকে অস্থিতিশীল করতে শ্রমিকদের উস্কানি দিচ্ছে।
আগস্টের মাঝামাঝি থেকে বিভিন্ন নতুন দাবিতে ফার্মাসিউটিক্যালস বা ওষুধ শিল্প, সিরামিক শিল্প সহ তৈরি পোশাক খাতে অস্থিরতা ছড়িয়ে পড়ে।
বুধবার রাত থেকে শক্তিশালী যৌথ অভিযানের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার শিল্প এলাকায় প্রয়োজনীয় আশ্বাসের পর পোশাক কারখানা আজ খোলা থাকবে বলা হচ্ছে।
বাতিল হচ্ছে কোটার প্লট – আজকের পত্রিকার শিরোনাম এটি। প্রথম ধাপে নিবন্ধন হয়নি এমন ১০৩ টি প্লটের বরাদ্দ রাজউক বাতিল করবে বলে উল্লেখ করা হচ্ছে। রাজউক থেকে পাওয়া অভিনেতা আরিফিন শুভর ১০ কাঠার প্লটও বাতিল হচ্ছে বলে জানানো হপচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্লট বাতিলের উদ্যোগে প্লট বরাদ্দের তালিকা তৈরি করেছে রাজধানী উন্নয়ন্ম কর্তৃপক্ষ (রাজউয়ক) ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক)। রাজউকের ১০৩ প্লটের বাইরে বরাদ্দসংক্রান্ত অনিয়মে আরও ২৫ থেকে ৩০ টি প্লট বাতিল করবে জাগৃক। এর মাঝে রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ গাড়িচালকসহ রাজনীতিবিদ, সচিব, বিচারপতি ও সরকারি কর্মকর্তাদের প্লট।
১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি রাজনৈতিক বিবেচনায় বা সংরক্ষত কোটায় প্লট ও বাড়ি বরাদ্দ অব্যাহত রাখে বলে উল্লেখ করা হয়।
দিলীপ-দোলনের নামে ৫ হাজার কোটি টাকার মামলা – খবরটি কালের কণ্ঠের।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) থেকে বহিষ্কৃত এনামুল খান দোলন ও ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকার একটি মানহানি মামলা করা হয়েছে।
বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল মামলাটি করেন বলে জানানো হচ্ছে।
ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র হত্যার একতি মামলায় তাকে আদালত তিন দিনের রিমান্ড দিয়েছে বলে উল্লেখ করা হয়।