পত্রিকা: 'নিউ ইয়র্কের ঘটনায় দায় কার?'

মানবজমিন পত্রিকার আজকের প্রধান খবর- নিউ ইয়র্কের ঘটনায় দায় কার?
এই খবরে বলা হচ্ছে, সরকারের তরফে পূর্ব প্রস্তুতির কথা বলা হলেও নিউ ইয়র্কে হেনস্তার শিকার হতে হলো প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের। এ ঘটনায় প্রশ্ন দেখা দিয়েছে এ সফর নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি নিয়ে। নিউ ইয়র্ক কনস্যুলেটের ব্যর্থতার কারণে এ ঘটনা ঘটেছে দাবি করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
হামলা ও হেনস্তার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নিউ ইয়র্কে হামলার ঘটনায় ক্ষুব্ধ সাধারণ প্রবাসীরাও। তারা বলছেন এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এমন ঘটনা এড়াতে সরকার যথেষ্ট ব্যবস্থা নেয়নি বলেও মনে করছেন তারা।
সরজমিন দেখা গেছে, জাতীয় ৫ নেতৃবৃন্দকে বিমানবন্দরে রেখে সরকারি প্রটোকল নিয়ে আগেই বের হয়ে যান প্রধান উপদেষ্টা।
তার প্রস্থানের প্রায় ১ ঘণ্টা পর বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপি'র সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা কোনো প্রটোকল ছাড়াই বিমানবন্দর থেকে বের হন।
তখনই ঘটে অপ্রত্যাশিত ও অপ্রীতিকর ঘটনা। শুরু হয় ডিম নিক্ষেপ ও গালিগালাজ।
End of বিবিসি বাংলার অন্যান্য খবর:

যুগান্তর পত্রিকার আজকের শীর্ষ খবর- নিউইয়র্কে এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপ, বিমানবন্দরের ঘটনায় তোলপাড়।
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
খবরে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গিয়ে সোমবার বিকালে বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন বিএনপি ও এনসিপির নেতারা।
কার্যক্রম নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ঘিরে ইউনূসবিরোধী স্লোগান দেন, তুমুল গালাগাল করেন। ডিম নিক্ষেপ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের গায়ে। এ ঘটনায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলের সামনে থেকে মিজানুর রহমান নামে যুবলীগের এক কর্মীকে পুলিশ গ্রেফতার করে।
আখতারের ওপর হামলা নিয়ে পরে তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়। সেখান থেকে নিরাপত্তা ব্যর্থতার জন্য সরকারকে ভর্ৎসনা করে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
ঢাকায় সংবাদ সম্মেলন করে এনসিপি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলসহ সম্পূর্ণ ফরেন সার্ভিস টিমকে অবিলম্বে চাকরিচ্যুত করার দাবি জানায়।
এ পরিপ্রেক্ষিতে 'গভীর দুঃখ' প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে মঙ্গলবার রাতে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ভিভিআইপি প্রবেশাধিকার এবং রাজনৈতিক নেতাদের জন্য নিরাপত্তা সহায়তা অব্যাহত রাখার আনুষ্ঠানিক অনুরোধ করা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে।'

ইত্তেফাক পত্রিকার আজকের প্রথম পাতার খবর- ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টা।
এই খবরে বলা হচ্ছে, দীর্ঘসময় বিমানযাত্রা শেষে নিউইয়র্কে অবতরণের পর বিশ্রাম না নিয়েই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন।
স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠককালে তিনি বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত।
বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচারসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে প্রধান উপদেষ্টর প্রেস উইং সূত্রে জানা গেছে।

দ্য ডেইলি স্টার পত্রিকার আজকের খবর- BNP zeroes in on nomination, seat sharing।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রায় ২০০ আসনে প্রার্থীর নাম ঘোষণা ও এক মাসের মধ্যেই নির্বাচনি প্রচার শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
দলীয় সূত্র জানায়, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে অভ্যন্তরীণ জরিপ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা প্রতিবেদন সংগ্রহ, জীবনবৃত্তান্ত যাচাই ও সাক্ষাৎকার নেওয়ার কাজ চলছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "এলাকাভিত্তিক জরিপ চলছে, প্রার্থীদের সিভি যাচাই ও সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। মনোনয়নে ন্যায্যতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।"
চূড়ান্ত তালিকা স্থায়ী কমিটির সভায় উপস্থাপন করা হবে। অনুমোদন মিললেই প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে মাঠে প্রচার শুরু করবে বিএনপি।
সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বরের স্থায়ী কমিটির বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রক্রিয়া নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন। তবে নেতাদের আশঙ্কা—জামায়াতে ইসলামী ইতোমধ্যে প্রার্থী ঘোষণা ও প্রচার শুরু করায় বিএনপি দেরি করলে মাঠে প্রভাব বিস্তার করতে পারে জামায়াত।

প্রথম আলো পত্রিকার আজকের প্রধান খবর, সংসদ এলাকায় হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন।
জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে হচ্ছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবনে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পাশাপাশি অবস্থিত এই দুটি ভবনের মধ্যে যাতায়াতের জন্য দুই স্তরবিশিষ্ট একটি করিডর নির্মাণ করা হবে বলে সংশ্লিষ্ট সরকারি সূত্র থেকে জানা গেছে।
সর্বশেষ আওয়ামী লীগের শাসনামলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। গণ-অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। সেদিন বিক্ষুব্ধ জনতা গণভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর করেন।
এর এক মাস পর গত বছরের ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভবনকে 'জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর' করার সিদ্ধান্ত হয়।
পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন-আয়নাঘর, শাপলা ম্যাসাকার, ভোট ডাকাতিসহ শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। আগামী নভেম্বরে এই জাদুঘরের উদ্বোধন করা হতে পারে।
বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। সরকারের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের জন্য বাসভবনের জায়গা ঠিক করার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
End of বিবিসি বাংলার অন্যান্য খবর:

কালের কণ্ঠ পত্রিকার আজকের প্রধান খবর- অপহরণ এক বছরে দ্বিগুণ।
এই প্রতিবেদনে বলা হচ্ছে, দেশে অপহরণসংক্রান্ত অপরাধের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। গত এক বছরে এই হার দ্বিগুণের বেশি। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে অপহরণের শিকার হয়েছে ৭১৫ জন। গত বছর এই একই সময়ে এই সংখ্যা ছিল ৩৪০।
অপহরণের দিক থেকে চলতি বছরের জুলাই মাস রেকর্ড সৃষ্টি করেছে। এই এক মাসে অপহরণের শিকার হয়েছে ১০৯ জন। আর গত আট মাসে গড়ে প্রতিদিন তিনজনের বেশি মানুষ অপহরণের শিকার হয়েছে। এই চিত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতির ইঙ্গিত দেয়।
বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের প্রকাশিত মাসিক অপরাধ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করা বিভিন্ন মানবাধিকার সংস্থার পর্যবেক্ষণে সংখ্যাগত কিছু পার্থক্য থাকলেও অপরাধ বৃদ্ধির মোটামুটি একই চিত্র ফুটে উঠেছে।
অপহরণ এক বছরে দ্বিগুণপুলিশ সদর দপ্তরের সহকারী মহাপুলিশ পরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) এইচ এম শাহাদাত হোসাইন কালের কণ্ঠকে বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে প্রতি মাসে অপরাধের তথ্য প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে সমসাময়িক অপরাধের 'ট্রেন্ড' সম্পর্কে ধারণা পাওয়া যায়।

নিউ এজ পত্রিকার আজকের প্রধান খবর- Hardly any progress in seizing assets abroad।
গত ১৪ মাসে বিভিন্ন বাংলাদেশি আদালতের আদেশে বিদেশে থাকা দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের প্রায় ৪৯০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে।
আদালতগুলো জুলাই ২০২৪ থেকে আগস্ট ২০২৫-এর মধ্যে দুর্নীতির মামলায় অভিযুক্তদের বিদেশি সম্পদ জব্দের নির্দেশ দেয়, যা আসে দুদকের (দুর্নীতি দমন কমিশন) আবেদনের পরিপ্রেক্ষিতে।
এদিকে, দেশে থাকা অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মোট ২৪ হাজার ৮২৬ কোটি টাকার সম্পদ জব্দেরও নির্দেশ দিয়েছে আদালত। এসব সম্পদের মধ্যে রয়েছে জমি, ব্যাংকে জমা অর্থ, শেয়ার, সঞ্চয়পত্র, অ্যাপার্টমেন্ট ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ।
২০১২ সালে একবার দুদক সিঙ্গাপুর থেকে প্রায় ২০ লাখ ৪১ হাজার সিঙ্গাপুর ডলার দেশে ফেরাতে সক্ষম হয়েছিল। তবে ওই ঘটনার আগে বা পরে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার আর কোনো নজির নেই।
দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, জুলাই ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বাংলাদেশি আদালত বিদেশে থাকা অভিযুক্তদের মোট ১৬৫ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ দেয়। পরে এপ্রিল থেকে আগস্ট ২০২৫-এর মধ্যে আবারও ৩২৫ কোটি টাকার সম্পদ বিদেশে জব্দের নির্দেশ আসে।
দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম মঙ্গলবার নিউ এজকে বলেন, 'আদালতের দেওয়া সম্পদ জব্দের নির্দেশ সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়। এরপর আইনগত প্রক্রিয়া অনুযায়ী সে দেশের কর্তৃপক্ষ তা কার্যকর করে।'
তবে দুদকের একাধিক কর্মকর্তা জানান, বিদেশে থাকা অভিযুক্তদের সম্পদ জব্দে আদালতের বেশ কিছু আদেশ সংশ্লিষ্ট দেশে পাঠানো হলেও বেশিরভাগ ক্ষেত্রেই কোনো অগ্রগতি হয়নি।

বণিক বার্তা পত্রিকার আজকের খবর- ঢাবির স্নাতক সনদকে ফাউন্ডেশন কোর্সের মান ধরছে সিঙ্গাপুর।
এই খবরে বলা হচ্ছে, দেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। শতবর্ষী এ প্রতিষ্ঠানকে বলা হয় 'প্রাচ্যের অক্সফোর্ড'। বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রি নেয়া শামসুল ইসলাম (ছদ্মনাম) সম্প্রতি সিঙ্গাপুরে এমপ্লয়মেন্ট পাস নবায়নের আবেদন করেছিলেন।
তিনি দেশটির একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পেশাজীবীদের এমপ্লয়মেন্ট পাসের জন্য সিঙ্গাপুরে ৪০ নম্বর নির্ধারিত করা হয়েছে। এর মধ্যে ১০ নম্বর রয়েছে শিক্ষাগত যোগ্যতায়। চলতি বছর থেকে প্রার্থীদের শিক্ষাগত সনদ নির্ধারিত সংস্থা দ্বারা মূল্যায়নের উদ্যোগ নিয়েছে দেশটি।
শামসুল ইসলাম তার আবেদনপত্রে স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিগুলো উল্লেখ করেছিলেন। তবে তার এমপ্লয়মেন্ট পাস নবায়নের আবেদনের পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় জানায়, যুক্তরাজ্যের মান অনুযায়ী শামসুল ইসলামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি স্নাতক সমমানের। আর বিশ্ববিদ্যালয়টির স্নাতক ডিগ্রি ফাউন্ডেশন কোর্সের সমমানের। এ কারণে মূল্যায়ন প্রক্রিয়ায় তিনি কোনো নম্বর পাননি।
সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের চিঠিতে আরো জানানো হয়, বিকল্প হিসেবে শুধু স্নাতক ডিগ্রি উল্লেখ করে পুনরায় আপিল আবেদন করা যেতে পারে। তবে সেক্ষেত্রে বেতন, বৈচিত্র্য ও স্থানীয় কর্মসংস্থানে অবদানের ভিত্তিতে ন্যূনতম ৪০ নম্বর নিশ্চিত করতে হবে।
শুধু সিঙ্গাপুর নয়, একই ধরনের চিত্র দেখা গেছে আরো বেশকিছু ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তরে অধ্যয়নরত রাজীব আহমেদ বলেন, 'এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে কেউ স্নাতকোত্তর সম্পন্ন করে এলেও তাকে স্নাতকোত্তর হিসেবে বিবেচনা করা হয় না।
বিশেষত সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলোয় এ ঘটনা বেশি ঘটে। পিএইচডি করার আগে তাকে এখানে স্নাতকোত্তর কোর্সগুলো সম্পন্ন করে এরপর পিএইচডি করতে হয়।'
শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন, মান নিশ্চিত না করে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে কারিকুলামের উন্নয়ন না করা এবং আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি না থাকার কারণেই দেশের উচ্চশিক্ষা আন্তর্জাতিক পর্যায়ে সমমানের গুরুত্ব পাচ্ছে না।

সমকাল পত্রিকার আজকের প্রধান খবর- চাপে পড়ে সরকার গাড়ি মালিকদের বাড়তি সুবিধা দিচ্ছে।
রাজধানীর সড়কে কয়েক মিনিট দাঁড়ালেই চোখে পড়বে ফিটনেসহীন গাড়ি কোন মাত্রায় কালো ধোঁয়া ছড়াচ্ছে।
২০ থেকে ২৫ বছরের পুরোনো এসব লক্কড়ঝক্কড় বাস-মিনিবাস আর ট্রাকের ইঞ্জিন চাপ নিতে পারে না। তবু প্রতিদিন হাজার হাজার যানবাহন নিয়মিত ঢাকার বাতাসকে দুষিত করেই যাচ্ছে। দীর্ঘদিন এভাবে চললেও নেয়া হচ্ছে না কার্যকর পদক্ষেপ।
খোদ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি থেকেই কালো ধোঁয়া নির্গত গাড়ির ফিটনেস সনদ দেয়া হয়- এমন অভিযোগ বহুদিনের।
আবার অনেক গাড়ি বছরের পর বছর ফিটনেস সনদ না নিয়েও অবাধে চলাচল করছে ঢাকার রাজপথে।

নয়াদিগন্ত পত্রিকার আজকের শীর্ষ খবর, বিদেশি গোয়েন্দা টার্গেট মাদরাসা- আগামী নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী মেরুকরণের চেষ্টা।
এই খবরে বলা হচ্ছে, আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে দেশের বিভিন্ন মাদরাসায় ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী শাসনামলের নিয়োগকৃত ব্যক্তিরা নানা ধরনের অচলাবস্থা সৃষ্টির পাঁয়তারা করছে।
কিন্তু পর্যবেক্ষকরা মনে করেন, মাদরাসাগুলোতে এ ধরনের বিশৃঙ্খলা তৈরির আড়ালে সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে একটি প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাদরাসাকেন্দ্রিক ব্যাপক নিয়োগ বাণিজ্যে আওয়ামী শাসনামলে নিয়োগকৃত ব্যক্তি, গোষ্ঠীস্বার্থে জড়িত সংগঠনের নেতা থেকে শুরু করে প্রশাসনের অভ্যন্তরে বাম রাজনীতির ধারার কর্মকর্তা ছাড়াও একটি প্রধান রাজনৈতিক দলের দু'জন শীর্ষ নেতা এবং একটি জাতীয় দৈনিকের সম্পাদকের মাধ্যমে গড়ে ওঠা চক্র ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নিয়ে ষড়যন্ত্রে মেতেছে।








