আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পাকিস্তানে মিলাদুন্নবী সমাবেশে বিস্ফোরণে নিহত ৫০, আহত অনেকে
পাকিস্তানে একটি বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে এবং আরো অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। বিবিসিকে এ তথ্য জানিয়েছে পুলিশ।
শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি মসজিদের কাছে এই বিস্ফোরণটি ঘটে। ইসলামের নবীর জন্মদিন উদযাপনের জন্য মসজিদটিতে অনেক মানুষ সমবেত হয়েছিলেন।
পুলিশ ধারণা করছে যে, মাস্টাং শহরে ধর্মীয় এই সমাবেশকে লক্ষ্য করে হয়তো আত্মঘাতী হামলা চালানো হয়েছে।
কর্তৃপক্ষ জরুরী অবস্থা জারি করেছে। পুলিশ বলছে, হতাহতদের দুটি হাসপাতালে পাঠানো হয়েছে।
মাস্টাং শহরের অন্তত দুই জন পুলিশ কর্মকর্তা নিহতের সংখ্যা বিবিসিকে নিশ্চিত করেছেন।স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বাগতি এই বিস্ফোরণকে “অত্যন্ত জঘন্য কাজ” বলে অভিহিত করেছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে দেখা যাচ্ছে, আহতদের স্থানীয় জনগণ এবং জরুরী উদ্ধারকর্মীরা উদ্ধার করছে।
এখনো এই হামলার দায় কোন গোষ্ঠী স্বীকার করেনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছে।
পুলিশের উপ-মহাপরিদর্শক মুনির আহমেদ রয়টার্সকে বলেন, “বোমা হামলাকারী পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্টের গাড়ি লক্ষ্য করে তার বোমার বিস্ফোরণ ঘটায়।”
জেলার স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল রশীদ বলেন, অন্তত ৫৮ জন আহত হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে কারণ অনেক মানুষের অবস্থা বেশ গুরুতর।
গত বছর সরকার ও তেহরিক-ই-তালিবান-টিটিপি এর সাথে একটি অস্ত্র বিরতি চুক্তি বাতিল হওয়ার পর পাকিস্তানে ইসলামি সন্ত্রাসীদের হামলা আবার বেড়ে গেছে।
তবে শুক্রবারের হামলার দায় অস্বীকার করেছে টিটিপি।
বেলুচিস্তানের সরকার প্রদেশটিতে তিন দিনের শোক ঘোষণা করেছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আলি মারদান খান দমকি মাস্টাং শহরের এই হামলার নিন্দা জানিয়েছেন। ১২ই রবিউল আওয়ালের মিছিলকে লক্ষ্য করে চালানো এই হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
তার পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “এ ধরণের বিঘ্ন সৃষ্টিকারী কর্মকাণ্ডের কোন ক্ষমা নেই এবং যারা একটি শান্তিপূর্ণ মিছিলকে টার্গেট করেছে তাদেরকে শক্ত হাত দমন করা হবে।”
তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী জন আচাকাজি বলেন, মাস্টাং শহরে বিস্ফোরণের পর কোয়েটার হাসপাতালগুলোতে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।
তার দেয়া তথ্য অনুযায়ী, বেলুচিস্তান প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, মাস্টাং শহরের উদ্দেশ্যে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। গুরুতর আহতদের কোয়েটায় স্থানান্তর করা হচ্ছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আলি মারদান দমকি এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
তথ্যমন্ত্রীর মতে, শত্রুরা বিদেশি সহায়তার মাধ্যমে বেলুচিস্তানের ধর্মীয় সহিষ্ণুতা এবং শান্তি ধ্বংস করতে চায়। মাস্টাংয়ের বিস্ফোরণ অগ্রহণযোগ্য।
গত জুলাইতে খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি ধর্মীয় রাজনৈতিক দলের সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ৪০ জনের বেশি নিহত হয়।