পত্রিকা: 'চাপের মুখে বিএনপি'

Published
পড়ার সময়: ৮ মিনিট

' চাপের মুখে বিএনপি ' আজকের পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

এ খবরে বলা হয়েছে, দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা, দ্রুত সাংগঠনিক ব্যবস্থা কোনো কিছুতেই বিএনপি নেতা-কর্মীদের যেন কিছু হচ্ছে না।

বিএনপির শীর্ষ নেতৃত্বের হুঁশিয়ারি, সাংগঠনিক বিধিনিষেধ উপেক্ষা করে দল ও অঙ্গসংগঠনের নেতা- কর্মীদের অপকর্ম অব্যাহত রয়েছে।

এ নিয়ে দেশজুড়ে জনমনে ক্ষোভ ও হতাশার কারণে প্রচণ্ড চাপে পড়েছে বিএনপি।

সর্বশেষ মিটফোর্ড এলাকায় বিএনপির সঙ্গে যুক্ত নেতা - কর্মীদের হাতে ভাঙারি ব্যবসায়ীর নৃশংস হত্যাকাণ্ড সমালোচনার আগুনে ঘি ঢেলে দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পরিসরে এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে।

অন্যদিকে বিএনপির নীতিনির্ধারকেরা এসব ঘটনার মধ্যে পরিকল্পিত ষড়যন্ত্রেরও গন্ধ পাচ্ছেন। তারা এসব ঘটনাকে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপিকে বেকায়দায় ফেলার 'পরিকল্পিত ষড়যন্ত্র ' হিসেবে দেখছেন।

সরকারের বিরুদ্ধে এসব অপরাধীকে দমনে নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন কোনো কোনো নেতা।

ব্যবসার ভাগ দিতে রাজি না হওয়ায় গত বুধবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কে স্থানীয় ভাঙারি ব্যবসায়ী মো . সোহাগকে পিটিয়ে ও পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়।

গত শুক্রবার এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

নিহত সোহাগ যুবদলের কর্মী এবং হত্যায় জড়িত ব্যক্তিরাও বিএনপির লোক বলে জানা গেছে।

হত্যাকাণ্ডটির লোমহর্ষ ভিডিও ছড়ানোর পর থেকে নিন্দা - প্রতিবাদের ঝড়ে টালমাটাল বিএনপি।

বিভিন্ন জায়গায় বিএনপি ও দলটির শীর্ষ নেতাদের নামেও বিষোদ্গার করে মিছিল হয়েছে।

বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার পর্যন্ত জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে পাঁচজনকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

'বিশেষ গোষ্ঠী' নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না।

তিনি বলেছেন, " প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত। কিন্তু একটি সুযোগসন্ধানী বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিলেক্টিভ প্রতিবাদ করে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ড এবং তীব্র কুরুচিপূর্ণ বক্তব্য - বিবৃতি দেওয়া শুরু করেছে।"

' মহাচ্যালেঞ্জে পোশাক খাত ' কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

এ খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পুনরায় শুল্ক বৃদ্ধির পদক্ষেপে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ওপর বিদেশি ক্রেতাদের আস্থা নড়বড়ে হয়ে গেছে।

দেশের রপ্তানিনির্ভর অর্থনীতির সবচেয়ে বড় খাত তৈরি পোশাক শিল্প আবারও মহাচ্যালেঞ্জের মুখে পড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা এ মহাচ্যালেঞ্জে ফেলেছে দেশের তৈরি পোশাক খাতকে।

এদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিন উভয় দেশ বেশ কয়েকটি বিষয়ে একমত হয়েছে।

তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। দুই পক্ষই সিদ্ধান্ত নিয়েছে, এ নিয়ে নিজেদের মধ্যে আন্ত মন্ত্রণালয় আলোচনা অব্যাহত রাখার।

শুল্ক আলোচনার এখনো সুরাহা না হলেও এরই মধ্যে বিশ্বখ্যাত ক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের কয়েকটি অর্ডার স্থগিত বা বিলম্বিত করা হয়েছে।

বাংলাদেশের তিনজন কারখানা মালিক ও ওয়ালমার্টের এক সাপ্লায়ারের সঙ্গে যোগাযোগ করে এ তথ্য নিশ্চিত করা হয়েছে সংবাদটিতে।

সোহাগ হত্যাকাণ্ড নিয়ে মানবজমিন পত্রিকার প্রথম পাতার শিরোনাম ' নেপথ্যে কী, দেশ জুড়ে ক্ষোভ '।

সোহাগ হত্যার বিচারের দাবিতে ক্ষোভ - বিক্ষোভ সর্বত্র। মানুষের মুখে মুখে প্রশ্ন কেন এই নৃশংস হত্যাকাণ্ড। এর কারণই বা কী? কীভাবে ঘটেছে এই হত্যাকাণ্ড।

এই হত্যাকাণ্ডের নেপথ্যে কী, চাঁদাবাজির সিন্ডিকেটসহ ঘটনার পুরো অনুসন্ধান করে এই সংবাদটি লেখা হয়েছে।

এতে বলা হয়েছে, প্রথমদিকে ঘটনা তেমন জানাজানি না হলেও দু'দিন পর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে সোহাগকে মারার নৃশংস বর্বরতা দেখে আঁতকে ওঠে মানুষ।

পাশবিক ওই ঘটনা দেখে নিন্দা ও ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করে রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দেশব্যাপী প্রতিবাদ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল করা হয়।

পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে চাঁদাবাজির কোনো ঘটনা নাই। বরং ব্যবসায়িক দ্বন্দ্ব, ব্যবসা প্রতিষ্ঠানে কারা বসবে না বসবে এবং কিছু ব্যবসার নিয়ন্ত্রণ নিতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

প্রথম আলো পত্রিকার প্রথম পাতার শিরোনাম ' ক্ষমতার ভারসাম্য প্রশ্নে আলোচনা এগোচ্ছে না'।

রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য আনা এবং এক ব্যক্তির হাতে ক্ষমতা যাতে কেন্দ্রীভূত হয়ে না যায়, সেজন্য সংবিধানে বেশ কিছু মৌলিক সংস্কার আনার প্রস্তাব করা হয়েছে বলে এ খবরে বলা হয়েছে।

এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দফায় দফায় আলোচনা হলেও সব ক্ষেত্রে ঐকমত্য হচ্ছে না।

প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন, সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করা এবং উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের মতো প্রস্তাবগুলো নিয়ে ইতিমধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে।

সংবিধান সংস্কার কমিশন তাদের প্রস্তাবে বলেছিল, সাংবিধানিক সংস্কারের অন্যতম উদ্দেশ্য ভবিষ্যতে যে কোনো ধরনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার উত্থান রোধ এবং রাষ্ট্র ক্ষমতা ও প্রতিষ্ঠানগুলোর বিকেন্দ্রীকরণ ও পর্যাপ্ত ক্ষমতায়ন।

এসব উদ্দেশ্য পূরণে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পদ্ধতি বদলানো, চাইলেই যাতে কোনো সংবিধান সংশোধন করতে না পারে, সে রকম বিধান করাসহ কিছু মৌলিক সংস্কার প্রস্তাব আনা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মৌলিক সংস্কার না হলে অন্য যত বিষয়েই ঐকমত্য হোক, তাতে খুব বেশি লাভ হবে না। কোনো দল নির্বাচিত হয়ে সরকার গঠন করে কর্তৃত্ববাদী হয়ে ওঠা বা সাংবিধানিকভাবে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার ঝুঁকি থেকেই যাবে।

আর সংবিধানে শুধু এসব সংস্কার আনলেই হবে না, এমন বিধান করতে হবে, যাতে কোনো দল নিজেদের স্বার্থে চাইলেই সংবিধান সংশোধন করে ফেলতে না পারে।

' রাজসাক্ষী মামুন ক্ষমা পাবেন শর্তসাপেক্ষে ' নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম।

গতকাল শনিবার প্রকাশিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের লিখিত আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় শর্তসাপেক্ষে ক্ষমা পাবেন।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাযজ্ঞসহ মানবতাবিরোধী অপরাধে নিজের ও অন্যান্য অভিযুক্তদের সংশ্লিষ্টতা সম্পর্কে সম্পূর্ণ ও সত্য তথ্য প্রদান করলে মামুনের ক্ষমা বিবেচনা করা হবে।

আদালতের দুই পৃষ্ঠার লিখিত আদেশে আরো বলা হয়েছে, চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে ক্ষমা করে দেয়ার জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছেন তার আইনজীবী।

তবে ট্রাইব্যুনাল মনে করে, সাবেক এই আইজিপি যদি অপরাধ সম্পর্কে সম্পূর্ণ সত্য প্রকাশ করেন এবং প্রধান অভিযুক্ত ও সহযোগী অভিযুক্তের অপরাধ সম্পর্কে তার জানা সব ঘটনা প্রকাশ করেন, তখন ক্ষমার বিষয়টি বিবেচনা করা যাবে।

' দলে শুদ্ধি অভিযান চালাবে বিএনপি দুষছে পুলিশকেও ' সমকাল পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

এ খবরে বলা হয়েছে, আজীবন বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পরও লাগাম টানা যাচ্ছে না বিএনপির এক শ্রেণির নেতাকর্মীদের।

এই নেতাকর্মীদের চাঁদাবাজি, দখল এমনকি খুনের মতো গুরুতর অভিযোগে বিব্রত দলের শীর্ষ নেতৃত্ব।

আগামী নির্বাচনে এসব ঘটনার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা নেতাদের।

এ অবস্থায় দলের তৃণমূল থেকে বিভিন্ন পর্যায়ে শুদ্ধি অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

দলীয় সূত্রের বরাত দিয়ে এ খবরে বলা হয়েছে, শুদ্ধি অভিযানে পাঁচ অগাস্টের পর দলে আসা সুবিধাভোগী নেতাকর্মীদের চিহ্নিত করা হবে।

পাশাপাশি যারা দলের সর্বোচ্চ সতর্কতা উপেক্ষা করে নানা অপকর্মে জড়িয়ে পড়ছেন, তাদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষ করে শিল্পাঞ্চলখ্যাত জেলাগুলোতে এই সাংগঠনিক অভিযানে গুরুত্ব দেওয়া হবে।

' সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠিয়েছে ডব্লিউএইচও ' বণিক বার্তা পত্রিকার প্রথম পাতার একটি শিরোনাম।

এ খবরে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক অফিসের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে।

গত শুক্রবার থেকে তাকে ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ।

এর চার মাস আগে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা করে।

হেলথ পলিসি ওয়াচ বলছে, ডব্লিউএইচওর এক সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ই-মেইলে সংস্থাটির মহাপরিচালক টেড্রোস অ্যাডহ্যানম গেব্রেইসুস এ তথ্য জানান।

ই-মেইলে ডব্লিউএইচওর প্রধান উল্লেখ করেন, সায়মা ওয়াজেদ ছুটিতে থাকবেন। তার জায়গায় সহকারী মহাপরিচালক ক্যাথারিনা বেম 'ভারপ্রাপ্ত কর্মকর্তা' হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন শুরু হলে তার মেয়ে সায়মা ওয়াজেদ গত আগস্টে দেশত্যাগ করেন।

তার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগের প্রক্রিয়ায় প্রভাব খাটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

চলতি বছরের জানুয়ারিতে দুদক আনুষ্ঠানিক তদন্ত শুরু করে।

অভিযোগপত্রে বলা হয়েছে, সায়মা ওয়াজেদ পুতুল আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রচারণার সময় নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য উপস্থাপন করেন।

এ কর্মকাণ্ড বাংলাদেশের দণ্ডবিধির ৪৬৮ ধারা (প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি) ও ৪৭১ ধারা (জাল দলিল ব্যবহার) লঙ্ঘন করে।

' অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ' যুগান্তর পত্রিকার শিরোনাম।

অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, "আমি আজ থেকে ৮-৯ মাস আগে বলেছিলাম যে, অদৃশ্য শত্রু আছে। সেই অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে।"

" তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বসহ মানুষের অধিকারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল, ভিন্ন অবস্থান গ্রহণ করেছিল, জনগণের বিপরীতে অবস্থান নিয়েছিল" বলেন মি. রহমান।

গতকাল শনিবার বিকালে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ নিহতের পরিবারের সদস্যদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নিতহদের পরিবারের সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন। এ সময় নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান।

মব' কালচার প্রসঙ্গে এক নিহতের বাবার প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, "দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি। কিন্তু আমরা বিজয় অর্জন করলেও ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। আমরা অন্তর্বর্তী সরকারকে বারবার বলেছি, অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সরকার কেন ব্যর্থ হচ্ছে? এই সরকারের কাছে আমাদের সবার প্রশ্ন, তারা কেন প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে?"

' BNP struggles to rein in the rogues ' দ্য ডেইলি স্টার পত্রিকার এ শিরোনামের অর্থ 'দুর্বৃত্তদের লাগাম টেনে ধরতে হিমশিম খাচ্ছে বিএনপি।'

বিএনপির শীর্ষ নেতাদের বারবার সতর্কীকরণ এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পরেও দলীয় নেতা-কর্মীদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে দলটি ব্যর্থ হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে এ খবরে।

সারা দেশের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা চাঁদাবাজি থেকে শুরু করে ধর্ষণ ও হত্যার মতো অপরাধে জড়িত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে, দলটি এখন বিভিন্ন পদ থেকে দুর্বৃত্তদের অপসারণের জন্য "শুদ্ধি অভিযান" শুরুর প্রস্তুতি নিচ্ছে।

একইসাথে, বিএনপি নেতাদের দাবি বেশ কয়েকটি ক্ষেত্রে দলটিকে অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর মতে, গত ১১ মাসে সারা দেশে ৩৪৯টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে।

যার মধ্যে ৮৭ জন নিহত এবং তিন হাজার ৯২৯ জন আহত হয়েছেন। বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো সংঘটিত ৩২৩টি ঘটনার সাথে জড়িত ছিল।

যার ফলে কমপক্ষে ৭৭ জন বিএনপির কর্মী নিহত এবং তিন হাজার ৬৫৩ জন আহত হয়েছেন।

' From Gulf to Southeast Asia, why Bangladeshis are facing visa denials ' দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার এ শিরোনামের অর্থ " উপসাগরীয় এলাকা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় কেন বাংলাদেশিরা ভিসা প্রত্যাখ্যানের সম্মুখীন হচ্ছে?"।

এ খবরে বলা হয়েছে, ভিসার মেয়াদ উত্তীর্ণ, জাল নথি একসময়ের যে উদ্বেগ কেবল কানাঘুঁষা ছিল তা এখন পূর্ণাঙ্গ সংকটে পরিণত হয়েছে।

যা পর্যটনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে, কর্পোরেট ভ্রমণকে পঙ্গু করে দিয়েছে এবং দেশের গুরুত্বপূর্ণ শ্রম অভিবাসন খাতকে হুমকির মুখে ফেলেছে।

সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কঠোর ভ্রমণ ও ভিসা বিধিনিষেধের মুখে পড়েছে বাংলাদেশের পাসপোর্টধারীরা। দক্ষিণ - পূর্ব এশিয়া থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল, পূর্ব ইউরোপ এবং এমনকি ভারতের ক্ষেত্রেও এ অবস্থা বিরাজমান।

ট্যুর অপারেটর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং হতাশ ভ্রমণকারীদের মতে, কমপক্ষেএক ডজন দেশ হয় পুরোপুরি ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে অথবা আবেদন প্রত্যাখ্যান করছে উদ্বেগজনক হারে।