পত্রিকা: 'অপরাধীর তালিকা করার নির্দেশ'

' অপরাধীর তালিকা করার নির্দেশ ' সমকাল পত্রিকার প্রথম পাতার শিরোনাম।
সােমবার দেশের বেশিরভাগ পত্রিকার প্রথম পাতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও তা নিয়ে সরকারের পদক্ষেপ এবং জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা সভায় নেওয়া সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের সংবাদ তুলে ধরা হয়েছে।
এছাড়া প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মিটফোর্ডে সোহাগ হত্যার ঘটনায় সংবাদ প্রকাশ করা হয়েছে।
সমকাল পত্রিকার এ খবরে বলা হয়েছে, সারাদেশের বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে সরকার অপরাধ নিয়ন্ত্রণে অপরাধীদের নতুন করে তালিকা করার নির্দেশ দিয়েছে।
মব সৃষ্টি করে নৈরাজ্য এবং একের পর এক নৃশংসতার মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে সারাদেশে চিরুনী অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
একের পর এক নৃশংস ঘটনা জনমনে ভীতি সঞ্চার করেছে। চাঁদাবাজি, ছিনতাই, লোমহর্ষক হত্যাকাণ্ড, নারী ও শিশু নিপীড়ন এবং দলবদ্ধ হামলায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তামূলক ব্যবস্থা।
এমন পরিস্থিতিতে সারাদেশে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের নতুন তালিকা করার নির্দেশনা দিয়েছে পুলিশ সদরদপ্তর।
সব জেলার পুলিশ সুপার এবং ওসিদের এই তালিকা করতে বলা হয়েছে।
পাশাপাশি গতকাল রোববার রাত থেকে অভিযান জোরদার করা হয়েছে। এ অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ এবং নারী ও শিশু নিপীড়নকারীদের গ্রেফতার অগ্রাধিকার পাবে।
End of বিবিসি বাংলার অন্যান্য খবর:

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার শিরোনাম ' জাতীয় ঐকমত্য আসলে কত দূর '। এ খবরে বলা হয়েছে, আগামী ৩০ অথবা ৩১শে জুলাই জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ প্রস্তুত করতে চায়।
এ হিসেবে সময় আছে আর মাত্র ১৭ দিন।
গতকাল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় ১২তম দিনের আলোচনা হয়।
সভার শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, " কিছু মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর মাধ্যমে একটি জাতীয় সনদে উপনীত হতে হবে; সেটা ৩০ জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায়। বড়জোর ৩১ জুলাইয়ে যেতে পারি।"
এ ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোকে খানিকটা ছাড় দিয়ে হলেও এক জায়গায় আসার আহবান জানান।
গতকালের আলোচনার ফলাফলও ইতিবাচক।
সরকার এককভাবে জরুরি অবস্থা জারি করতে পারবে না এবং জ্যেষ্ঠতম বিচারককে প্রধান বিচারপতি নিয়োগ এই দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে একমত হয়েছে দলগুলো।
তবে এরপরও অনেকেই জানতে আগ্রহী রাষ্ট্রের সংস্কার প্রশ্নে চার্টার বা সনদ তৈরির ক্ষেত্রে গত পাঁচ মাসে জাতীয় ঐকমত্য কমিশন কতটা সফল হলো? কাঙ্ক্ষিত ঐকমত্য কত দূর?

মিটফোর্ডের সোহাগ হত্যা নিয়ে মানবজমিন পত্রিকার শিরোনাম ' রজনী বোস লেনে হত্যা, হাসপাতালের সামনে নিয়ে চলে বর্বরতা ভিডিও।'
এ খবরে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোহাগকে হত্যার ঘটনাটি তুলে ধরা হয়েছে।
মিটফোর্ড এলাকার রজনী বোস লেনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)কে হত্যা করা হয়। সোহাগ নিহত হওয়ার পরও মারতে মারতে তাকে নিয়ে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের ভেতরে খুনিরা প্রবেশ করে বলে এ সংবাদে উল্লেখ করা হয়েছে।
সেখানে নিহত সোহাগের গায়ে কিল - ঘুষি মারা হয়, কোপানো হয়। পাথর দিয়ে মাথা থেঁতলে দেয় ঘাতকরা।
পরে তার মরদেহের উপর লাফিয়ে পা দিয়ে লাথি মেরে অবর্ণীয় নির্মম নৃশংস উল্লাস করা হয়।
সোহাগকে বাঁচানোর জন্য তার দু'জন কর্মচারী পা ধরে আকুতি করেও তাকে বাঁচাতে পারেনি। ঘটনার সময় আশপাশে অনেক লোকজন ছিল।
কিন্তু ঘাতকরা এমনভাবে আতঙ্ক ছড়ায় যা দেখে কেউ এগিয়ে আসার সাহস পায়নি।
অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সোহাগ হত্যাকাণ্ডের মোটিভ বলছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
যেভাবে তার ওপর নৃশংসতা চালানো হয়েছে সেটি দীর্ঘদিনের ক্ষোভ থেকে করা হয়েছে। না হলে মরদেহের উপর কেউ এভাবে পাশবিকতা চালাতে পারে না। শুধুমাত্র চাঁদাবাজি, দোকান দখল বা ব্যবসায়িক দ্বন্দ্বের জন্য এভাবে কারও ওপর নৃশংসতা চালানো যায় না বলে মনে করেন তারা।

' অপশক্তির বিরুদ্ধে সতর্ক বিএনপি ' যুগান্তর পত্রিকার প্রথম পাতার শিরোনাম।
এ খবরে বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে অগণতান্ত্রিক অপশক্তিকে সতর্কতার সঙ্গে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন চাইলে সব ধরনের সহযোগিতাও করবে। এর মধ্য দিয়ে নির্বাচনের মাধ্যমে দ্রুত দেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফেরাতে চায় দলটি।
এদিকে দলটির নেতারা বলছেন, অগণতান্ত্রিক অপশক্তিগুলো এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান টার্গেট বানিয়েছে।
তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রকারীরা এখন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে দলটির নেতারা বলছেন।
এমন পরিস্থিতিতে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদসহ নানা দাবিতে আজ সোমবার থেকে মাঠে নামছে বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন - যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
ঢাকাসহ সারা দেশে তিনদিন পৃথকভাবে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে সংগঠন তিনটি।

' জরুরি অবস্থা জারি ও প্রধান বিচারপতির নিয়োগে ঐকমত্য ' প্রথম আলো পত্রিকার শিরোনাম।
জরুরি অবস্থা ঘোষণার প্রক্রিয়া এবং প্রধান বিচারপতির নিয়োগ পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। এ দুটি ক্ষেত্রে সংবিধান সংশোধন করে নতুন বিধান যুক্ত করা হবে।
গতকাল রোববার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় এই দুই বিষয়ে ঐকমত্য হয়।
জরুরি অবস্থা জারির বিধান নিয়ে সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রিসভার অনুমোদন নিয়ে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করবেন। এ ক্ষেত্রে মন্ত্রিসভার বৈঠকে বিরোধীদলীয় নেতা বা তার অনুপস্থিতিতে উপনেতা অংশ নেবেন।
কোন অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করা যাবে, তাও নির্ধারণ করা হয়েছে। জরুরি অবস্থার মধ্যেও কিছু মৌলিক অধিকার স্থগিত করা যাবে না বলে ঐকমত্য হয়েছে।
অন্যদিকে আপিল বিভাগের কর্মে জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত হয়েছে।

' ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ ও ব্যয় নিয়ে তদন্ত শুরু ' নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম।
এ খবরে বলা হয়েছে, চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী এস আলম তার দখল করা ব্যাংকগুলোতে পরীক্ষা ছাড়াই নিয়োগ দেয়া হয় হাজার হাজার লোকবল।
কেনাকাটার নামে বের করা হয় হাজার হাজার কোটি টাকা। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেই পরীক্ষা ছাড়া নিয়োগ দেয়া হয় সাড়ে তিন হাজার লোকবল।
যা ব্যাংকটির মোট জনশক্তির ৭০ শতাংশ। আর কেনাকাটার নামে বের করে নেয়া হয় প্রায় পাঁচ হাজার কোটি টাকা।
কী প্রক্রিয়ায় লোকবল নিয়োগ করা হয়েছে, এর সাথে কারা জড়িত ছিলেন এবং কেনাকাটার নামে কী পরিমাণ অর্থ বের করে নেয়া হয়েছে এসব বিষয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের তিন সদস্যের একটি তদন্ত দল ব্যাংকটির এ সংক্রান্ত নোটশিট ও নথি পর্যালোচনা করে দেখেছে বলে এ খবরে বলা হয়েছে।

' প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের ওপর ঘোষিত শুল্কহার বেশি ' বণিক বার্তা পত্রিকার শিরোনাম।
তিন মাসের স্থগিতাদেশ শেষ হওয়ার আগেই গত সাতই জুলাই বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিয়েতনামের ক্ষেত্রে এ হার ২০ শতাংশ।
ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি দেশটির ওপর পাল্টা শুল্ক আরোপ হতে পারে ২০ শতাংশের কম।
চীনের পণ্যে যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল শুল্ক আগস্ট থেকে ৩৪ শতাংশ হারে আরোপ হতে পারে। তবে চীন ব্রিকসের সদস্য হওয়ায় এ শুল্কহার আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিযোগী দেশগুলোর তুলনায় শুল্কহার অনেক বেশি হওয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রফতানিকারকদের উদ্বেগ বাড়ছে।
তারা বলছেন, শুল্ক পরিস্থিতি শেষ পর্যন্ত কী দাঁড়ায় তা না জানা পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছেন না।
অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া মোট পণ্যের ৮৭ শতাংশই তৈরি পোশাক।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া বাংলাদেশের প্রধান পণ্যগুলোর মধ্যে তৈরি পোশাক ছাড়া রয়েছে হেডগিয়ার, জুতা, অন্যান্য বস্ত্রপণ্য, পালক এবং পালক দ্বারা তৈরি সামগ্রী, চামড়াজাত পণ্য, মাছ, শস্যদানা, প্লাস্টিক পণ্য, আসবাব প্রভৃতি।

' চিহ্নিত হয়নি পাথর দিয়ে আঘাতকারী ' আজকের পত্রিকার প্রথম পাতার শিরোনাম।
এ খবরে বলা হয়েছে, পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যায় গতকাল রোববার পর্যন্ত সাতজন গ্রেপ্তার হয়েছেন। তবে সোহাগকে বড় পাথর দিয়ে উপর্যুপরি আঘাতকারী ব্যক্তি গতকাল রাত ১০ টা পর্যন্ত শনাক্ত হয়নি।
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোহাগ হত্যার সময়ের কয়েকটি সিসিটিভি ফুটেজসহ ভিডিও সংগ্রহ করা হয়েছে।
একাধিক ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিল। তাদের মধ্যে কেউ প্রত্যক্ষভাবে, কেউ পরোক্ষভাবে হত্যায় জড়িত ছিল।
তাদের চিহ্নিত করে এরই মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে সাদা শার্ট ও জিনস প্যান্ট পরা যে ব্যক্তি সোহাগের ওপর একাধিকবার পাথর ছুড়ে মেরেছে বলে ভিডিওতে দেখা গেছে , সেই ব্যক্তিকে গতকাল রাত ১০ টা পর্যন্ত চিহ্নিত করতে পারেননি তদন্ত সংশ্লিষ্টরা।

' Fresh caretaker models on the table now ' অর্থাৎ " তত্ত্বাবধায়ক সরকারের নতুন প্রস্তাব আলোচনার টেবিলে" দ্য ডেইলি স্টার পত্রিকার প্রথম পাতার শিরোনাম।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের জন্য পৃথক পদ্ধতির প্রস্তাব করেছে জাতীয় ঐকমত্য কমিশন, বিএনপি এবং জামায়াতে ইসলামী।
গতকাল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার আলোচনার দ্বিতীয় পর্যায়ের দ্বাদশ দিনে কমিশন উভয় সংসদীয় কক্ষের তিনটি প্রধান দলের প্রতিনিধিদের সমন্বয়ে ১৩ সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাব করেছে।
বিএনপি প্রস্তাব দিয়েছে নিম্নকক্ষের সব রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি যোগ্য নাগরিকদের মধ্য থেকে প্রধান উপদেষ্টা নিয়োগ করবে।
ক্ষমতাসীন দলের পাঁচজন, প্রধান বিরোধী দলের পাঁচজন এবং ছোট দল বা স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দুজন সদস্য নিয়ে একটি সার্চ কমিটি গঠনের সুপারিশ জামায়াতে ইসলামীর।
তত্ত্বাবধায়ক সরকারের বিচার বিভাগের সম্পৃক্ততার বিষয়টির বিরোধীতা করেছে জাতীয় নাগরিক পার্টি।

' Combing operation begins as crimes surge ' নিউএইজ পত্রিকার এ শিরোনামের অর্থ " অপরাধ বাড়ায় চিরুনি অভিযান শুরু হচ্ছে।"
দেশে খুন, চাঁদাবাজি ও মব সন্ত্রাসমূলক অপরাধ কর্মকাণ্ড ক্রমাগত বাড়ায় জনসাধারণের মাঝে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে রোববার অন্তর্বর্তীকালীন সরকার দেশব্যাপী চিরুনি অভিযান শুরুর কথা বলেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মোকাবেলা, সাম্প্রতিক সহিংস অপরাধীদের বিচারের আওতায় আনা এবং নির্বাচনপূর্ব স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গতকাল রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই সভার পর সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান অপরাধ দমনে সরকার নিয়মিত অভিযানের পাশাপাশি একটি বিশেষ চিরুনি অভিযান শুরু করা হবে।
২০২৪ সালের পাঁচই অগাস্ট ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের শাসনের পতনের পর গঠিত হয় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।
প্রায় এক বছর পার হওয়ার পরও দেশে খুন, ছিনতাই, চাঁদাবাজি এবং মব সন্ত্রাসের মতো অপরাধ আশঙ্কাজনকহারে বাড়ছে।









