'দেশের কাইজ্যা বিদেশে'

Published
পড়ার সময়: ৬ মিনিট

মানবজমিনের প্রধান খবর— দেশের কাইজ্যা বিদেশে

এতে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন শেষ ১০ বছরে পশ্চিমা দুনিয়ার যেখানেই গেছেন, সেখানেই প্রতিরোধের চেষ্টা করেছে বিএনপি-জামায়াত।

আর এখন একই পথে আওয়ামী লীগ। পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীরা বিদেশে এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে সক্রিয়। তারা সরকারের উপদেষ্টাদের বিদেশ সফরে প্রতিরোধের চেষ্টা করছেন।

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তিন রাজনৈতিক দলের ছয় নেতা। তাদেরকে বরণের প্রস্তুতি নিয়েছে প্রবাসী সমর্থকরা।

তবে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে নিউইয়র্ক আওয়ামী লীগ।

সেই ঘোষণায় অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কাছে বাড়তি নিরাপত্তা চেয়েছে।

বিভিন্ন দেশের সংক্ষুব্ধ জনগণ সেখানে তাদের প্রতিবাদ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করলেও বাংলাদেশসহ কিছু দেশের প্রতিবাদকারীরা অহেতুক পরিবেশ উত্তপ্ত করে ফেলেন। তাদের মুখের চেয়ে হস্ত আগে চলে।

দেশে বিদ্যমান রাজনৈতিক বিবাদ বা কাইজ্যা বিদেশের মাটিতেও টেনে নিয়ে যান।

এতে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুই শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দিয়েছে বিএনপি।

৫০টির মতো আসনে প্রার্থী যাচাই-বাছাই করা হচ্ছে। সমমনা দল ও জোটকে আসন ছাড় দেয়ার পর বাকি আসনের বিষয়ে নেয়া হবে সিদ্ধান্ত।

পাশাপাশি আগামী নির্বাচনের জন্য ইশতেহার তৈরির কাজ শুরু করেছে দলটি। খাত অনুযায়ী সংশ্লিষ্টদের ইশতেহার তৈরির দায়িত্ব দেয়া হয়েছে।

বিএনপি নেতারা জানান, সম্ভাব্য প্রার্থীকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আর যেসব এলাকায় কোন্দল আছে, মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বিভাজন আছে, সেসব এলাকার প্রার্থীদের ভার্চুয়ালি সংযুক্ত করে দলের নির্দেশনা মেনে চলার জন্য নির্দেশনা দিচ্ছেন তিনি।

দলের নির্দেশনা অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেয়া হচ্ছে।

ফিলিস্তিনকে স্বীকৃতি যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডার— কালের কণ্ঠের প্রথম পাতার খবর এটি। এ সংক্রান্ত প্রতিবেদন অন্যান্য পত্রিকাও গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।

এই খবরে বলা হয়েছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা।

দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের গতি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই স্বীকৃতি দেয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

গতকাল রোববার যৌথ বিবৃতিতে তা জানিয়েছে এই তিন দেশ। তবে এই স্বীকৃতি হামাসের জন্য কোনো পুরস্কার নয় বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

সংগঠনটির বিষয়ে অস্ট্রেলিয়া সরকার বলেছে, ফিলিস্তিনে হামাসের কোনো ভূমিকা থাকা উচিত নয়।

এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিরোধিতা করে বলেছিলেন, এ ধরনের পদক্ষেপ 'সন্ত্রাসকে পুরস্কৃত' করে।

এছাড়া, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ইস্যুতে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 'শাস্তিমূলক' ব্যবস্থার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ২৫ রিপাবলিকান আইন প্রণেতা।

দুই মেরুতে বিএনপি-জামায়াত— আজকের পত্রিকার প্রধান শিরোনাম এটি।

এই খবরে বলা হয়েছে, আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে বিএনপি ও জামায়াতের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ।

নির্বাচনকে ঘিরে দুই দলের পরস্পরবিরোধী অবস্থান সংঘাতময় পরিবেশের জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পটপরিবর্তনের পর থেকে দল দুটির কর্মকাণ্ড পর্যালোচনা করলে দেখা যায়, প্রায় সব ইস্যুতেই দ্বন্দ্বে জড়িয়েছে এবং জড়াচ্ছে তারা। কোনো বিষয়েই কেউ কাউকে সামান্যও ছাড় দিচ্ছে না।

দুই দলের দ্বন্দ্ব এখন আলোচনার টেবিল থেকে মাঠের কর্মসূচিতে গড়িয়েছে।

এত দিন ধরে বিএনপিকে ক্ষমতার দাবিদার মনে করা হলেও এখন জামায়াতও নিজেদের সেই অবস্থানে ভাবতে শুরু করেছে।

গত শুক্রবার চট্টগ্রামে জামায়াতের সমাবেশে দলটির আঞ্চলিক পরিচালক মুহাম্মাদ শাহজাহান বলেন, জামায়াতে ইসলামী সরকারি দল হবে, বিএনপিকে বিরোধী দলে যেতে হবে।

জামায়াতের এমন আত্মবিশ্বাসের পেছনে কারণ খোঁজার চেষ্টা করছেন বিশ্লেষকদের অনেকে।

তারা বলছেন, পটপরিবর্তনের পর জামায়াত নিজেদের নানাভাবে গুছিয়ে নিয়েছে, তারা ধীরে ধীরে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দুইটি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের জয়ের ধারাবাহিকতা দলটিকে আত্মবিশ্বাসী করে তুলেছে।

অন্যদিকে, গত এক বছরে নানা অপকর্মের অভিযোগে ভোটের মাঠের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি নানাভাবে তাদের ভাবমূর্তি খুইয়েছে, সাংগঠনিক দুর্বলতা দৃশ্যমান হয়েছে।

যদিও বিএনপি নেতারা তা মানতে নারাজ। তাদের ভাষ্য, বিএনপিকে নিয়ে জামায়াতসহ তাদের বলয়ের দল ও সংগঠনগুলো অপপ্রচার করছে।

ঢাকার আদালতের আদেশ দিয়ে ফিলিপাইনের কাছ থেকে অর্থ আদায় সম্ভব হবে কি— বণিক বার্তার প্রথম পাতার একটি শিরোনাম এটি।

এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার ঢাকার মেট্রোপলিটন আদালত বাজেয়াপ্ত করায় চুরি হওয়া অর্থ ফেরত আনার পথ সুগম হয়েছে, এমনটা মনে করছে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রিজার্ভ চুরির মামলার তদন্ত অগ্রগতি জানাতে গতকাল রোববার সংবাদ সম্মেলন করে সিআইডি।

এতে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ বলেছেন, 'আদালতের নির্দেশ অনুযায়ী আরসিবিসি থেকে বাজেয়াপ্ত হওয়া ৮১ মিলিয়ন ডলার বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত পাঠাতে হবে। আদেশ বাস্তবায়নের জন্য এ-সংক্রান্ত নথি বাংলাদেশ ও ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হচ্ছে।

তার মতে, ইউএনটিওসি, ফিলিপিন্সের আইন এবং এফএটিএফের নির্দেশনার আলোকে এবং সর্বশেষ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার এখন ফিলিপিন্স সরকারের কাছ থেকে এ অর্থ ফেরত পাওয়ার দাবিদার।

তবে আইনজীবীরা এ যুক্তির সঙ্গে একমত নন। তারা মনে করেন, বাংলাদেশের আদালতের আদেশ কেবল দেশের অভ্যন্তরেই কার্যকর। দেশের বাইরে অর্থ বাজেয়াপ্তের আদেশের কোনো মূল্যই নেই।

আইনজীবীরা বলছেন, দুই দেশের মধ্যে পাচার হওয়া অর্থ ফেরানোর কোনো চুক্তি যদি না থাকে তাহলে কোনো অবস্থায়ই দেশের আদালতের এ আদেশের ভিত্তিতে রিজার্ভ চুরির অর্থ ফেরানো সম্ভব হবে না।

শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি, রাকসু নির্বাচন নিয়ে সংশয়— প্রথম আলোর প্রথম পাতার শিরোনাম এটি।

এই খবরে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের জের ধরে গত শনিবারে সহ-উপাচার্য, প্রক্টরসহ শিক্ষকদের 'লাঞ্ছিত' করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

আর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন অফিসার্স সমিতি কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে।

তাতে আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, যথাসময়ে রাকসু নির্বাচন নিয়ে সংশয়ে রয়েছে রয়েছে নির্বাচন কমিশনও। শিক্ষক-কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতি নিয়ে আজ সোমবার জরুরি সভায় বসবে কমিশন।

দেশ রূপান্তরের প্রধান শিরোনাম— সাইবার হামলার শঙ্কা।

এই খবরে বলা হয়েছে, দেশের সব বিমানবন্দরেই সাইবার হামলার আশঙ্কা করছে অ্যাভিয়েশন সংশ্লিষ্ট গোয়েন্দারা।

গোয়েন্দাদের প্রতিবেদন নিয়ে সাইবার হামলা প্রতিরোধে গতকাল রোববার অনির্ধারিত বিশেষ বৈঠক করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এরই মধ্যে সংস্থাটির ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এতে বড় ধরনের ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বেবিচকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, 'ইউরোপের কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলা ও হামলার ঝুঁকির পরিপ্রেক্ষিতে সারাদেশের বিমানবন্দরগুলোয় সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকির মুখে রয়েছে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর। বিভিন্ন অভ্যন্তরীণ বিমানবন্দরে সর্বোচ্চ নজরদারি করা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে।'

87% support election in February; অর্থাৎ ৮৭ শতাংশ মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচনে পক্ষে। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রথম পাতার খবর এটি।

এতে বলা হচ্ছে, বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের এক জরিপে উঠে এসেছে, অন্তর্বর্তী সরকার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন চায় ৮৭ শতাংশ মানুষ।

এই নির্বাচনে ভোট দিতে আগ্রহী ৯৪ শতাংশ ভোটার।

আর ৭০ শতাংশ মানুষ মনে করছে, সুষ্ঠ নির্বাচন আয়োজন করতে পারবে অন্তর্বর্তী সরকার।

গতকাল রোববার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। তাতে উঠে আসে, দেশের প্রায় ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতি নিয়ে জানে না। আর নির্বাচনে পিআর চান ২১.৮ শতাংশ ভোটার। পিআর চান না ২২.২ শতাংশ ভোটার।

দেশের ৬৪ জেলার ১০ হাজার ৪১৩ জন ভোটার এই জরিপে অংশ নেন।

জরিপ অনুযায়ী, ৭৭.৫ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন তারা নির্ভয়ে ও নিরাপদে ভোট দিতে পারবেন।

Dengue situation takes alarming turn; অর্থাৎ ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। নিউ এজের প্রধান খবর এটি।

এই প্রতিবেদনে বলা হচ্ছে, সারাদেশে মশা নিধন কার্যক্রমের দুর্বলতার কারণে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী বেড়েই চলছে। তাতে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক মোড় নিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর চলতি বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর খবর দিয়েছে গতকাল রোববার। তাদের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত, অর্থাৎ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ।

এ নিয়ে সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে মশাবাহিত এই রোগের কারণে মৃত্যুর সংখ্যা ৫৭-এ পৌঁছেছে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক পরিচালক ডা. আবু মোহাম্মদ জাকির হোসেন বললেন, বর্তমানে এডিস মশার প্রজননের জন্য উপযুক্ত বৃষ্টি ও তাপমাত্রা পাওয়া যাচ্ছে। ডেঙ্গু সাধারণত জুলাইয়ে সর্বোচ্চ পর্যায়ে উঠে, এ বছর সেপ্টেম্বরেও বৃষ্টি অব্যাহত রয়েছে।

অক্টোবর থেকে ধীরে ধীরে ডেঙ্গু রোগী কমতে পারে বলে জানান তিনি।

২৩ বস্তা গোপন নথি জব্দ— যুগান্তরের প্রধান শিরোনাম এটি।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্জিত সম্পদ ও অর্থপাচার মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৩ বস্তা আলামত জব্দ করেছে, তা বলা হয়েছে প্রতিবেদনটিতে।

গতকাল রোববার ভোরে চট্টগ্রামে জাবেদের পারিবারিক গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে এসব আলামত জব্দ করা হয়।

এতে প্রাথমিকভাবে ভিয়েতনাম, কম্বোডিয়া, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে তার সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

জাবেদের দুই সহযোগী আজিজ ও উৎপল পালকে রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে তারা জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের নামে-বেনামে থাকা সম্পদের কাগজপত্র লুকিয়ে রাখার তথ্য দেন।