পত্রিকা: 'বেশির ভাগ ভারী শিল্পে উৎপাদন বন্ধ'

ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র
ছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র
Published
পড়ার সময়: ৭ মিনিট

আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার পাতাজুড়ে দেশে-গ্যাস বিদ্যুৎ সংকটের খবর প্রাধান্য পেয়েছে। গ্যাসের অভাবে বেশকিছু শিল্পে উৎপাদন বন্ধ ও লোডশেডিং পাঁচ বছরে সর্বোচ্চ - এরকম খবর রয়েছে। বিএনপির মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার পথে এ সংক্রান্ত খবরও গুরুত্ব পেয়েছে।

সমকালের প্রধান শিরোনাম— বেশির ভাগ ভারী শিল্পে উৎপাদন বন্ধ

এই খবরে বলা হয়েছে, দেশে প্রায় তিন সপ্তাহ ধরে চলা তীব্র গ্যাস সংকটে বাসাবাড়ির রান্না থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, শিল্পকারখানা— সব খাতে বড় ধরনের প্রভাব পড়েছে।

সবচেয়ে বড় চাপ তৈরি হয়েছে ভারী শিল্পে।

গ্যাস ও এলএনজি সরবরাহ বিঘ্নিত হওয়ায় স্টিল, সিরামিক, কাচের মতো গ্যাসনির্ভর শিল্পগুলোর উৎপাদনক্ষমতা শূন্যে নেমেছে।

গতকাল বৃহস্পতিবার দেশের সব শিল্পাঞ্চলের ভারী শিল্পের বেশিরভাগ কলকারখানা বন্ধ ছিল।

স্থানীয় ভোগ্যপণ্য উৎপাদন ও সরবরাহকারী বড় কয়েকটি শিল্প গ্রুপের প্রায় সব কারখানা বন্ধ হয়ে গেছে। যার মধ্যে রয়েছে মেঘনা, টি কে গ্রুপ।

এছাড়া, আরএফএল গ্রুপের উৎপাদন ৫০ শতাংশের নিচে নেমেছে; নারায়ণগঞ্জ অঞ্চলে ভারী শিল্পের প্রায় সব কারখানা বন্ধ; গাজীপুরে ৫২৫ এবং হবিগঞ্জে ১৭১ কারখানা বন্ধ রয়েছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, অর্থনীতিতে এ পরিস্থিতি গভীর সংকট তৈরি করতে পারে। রপ্তানি আয় কমে আসবে। স্থানীয় পণ্য সরবরাহব্যবস্থা বিপর্যস্ত হতে পারে।

সমকাল

দেশে রূপান্তরের দ্বিতীয় প্রধান খবর— পাঁচ বছরে সর্বোচ্চ লোডশেডিং

এতে বলা হয়েছে, গত পাঁচ বছরে তিন সরকারের একই দিনের বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও লোডশেডিংয়ের চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এখন সর্বোচ্চ লোডশেডিং হচ্ছে।

দুই বছরের ব্যবধানে লোডশেডিং বেড়ে প্রায় ১৮ গুণ হয়েছে। আর পাঁচ বছরের ব্যবধানে বেড়েছে প্রায় ৪৯.৫ গুণ।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাবে দেখা যাচ্ছে, ২০২২ সালের ১০ই অগাস্ট দেশে লোডশেডিং ছিল ৫৫ মেগাওয়াট। পরের বছরে তা হয় ১১০ মেগাওয়াট। চব্বিশে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই এই দিনে লোডশেডিং ছিল ১৫১ মেগাওয়াট; ২০২৫ সালে যা ছিল ৫৯ মেগাওয়াট। আর চলতি বছরের ১০ই অগাস্ট দেশে লোডশেডিং হয়েছে ২ হাজার ৭২২ মেগাওয়াট।

সংস্থাটির হিসাব অনুযায়ী, গত ১০ই অগাস্ট রাত ১টা থেকে ২টা পর্যন্ত সর্বোচ্চ ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। যা এ বছরের সর্বোচ্চ লোডশেডিংয়ের সময়।

দেশ রূপান্তর
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

কার্গো বিতর্কে ভুগছে দেশ— যুগান্তরের প্রথম পাতার শিরোনাম এটি।

এই প্রতিবেদনে বলা হয়েছে, একটি কার্গো ঘিরেই বিপর্যস্ত হয়ে পড়েছে দেশ। সৌদি আরামকোর পাঠানো এলএনজিবাহী কার্গোটিকে 'পুরোনো ও ঝুঁকিপূর্ণ' বলছে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি।

তাই এটি থেকে সামিটের ভাসমান টার্মিনালে এলএনজি খালাসে অস্বীকৃতি জানিয়েছে তারা। সামিটের এই টার্মিনালটি পরিচালনা করে এক্সিলারেট এনার্জি।

সরকার বৈরী আবহাওয়ার 'অজুহাত' দিলেও মূলত এই আপত্তির কারণেই তিন দিন ধরে কার্গোটি বহির্নোঙরে ভাসছে।

এতে গ্যাসের সরবরাহে ভয়াবহ ধস নেমেছে। শিল্পকারখানা, সিএনজি স্টেশন ও বাসাবাড়িতে হাহাকার দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ কমে দৈনিক ১৮৮ কোটি ঘনফুটে নেমে এসেছে, যা ১০ বছরের মধ্যে সর্বনিম্ন।

একাধিক সূত্র জানিয়েছে, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত গত বুধবার এক্সিলারেট এনার্জির উপদেষ্টা এবং সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করে ওই কার্গো থেকে এলএনজি খালাস করার অনুরোধ করলেও নিরাপত্তার স্বার্থে প্রতিষ্ঠানটি 'না' বলেছেন। কারণ, এ ধরনের কার্গো এই টার্মিনালের জন্য প্রযোজ্য নয়।

তাহলে এ ধরনের কার্গোতে এলএনজি আমদানি করা হলো কেন সেই প্রশ্ন উঠছে এখন।

এদিকে, শনিবার বিটল এশিয়ার একটি এলএনজিবাহী কার্গো বাংলাদেশের জলসীমায় আসার কথা বলা হচ্ছে। সেটি হয়তো শেষ পর্যন্ত সামিটের টার্মিনালে সংযুক্ত করা হবে। এরপর কয়েকদিনের মধ্যে পুরোদমে চালু করতে এক্সিলারেট এনার্জির টার্মিনাল দুই থেকে তিন দিনের জন্য বন্ধ করা হবে। ফলে গ্যাসের সরবরাহ কিছুটা স্বাভাবিক হতে অন্তত এক সপ্তাহ লাগতে পারে।

যুগান্তর

খবরে বলা হয়েছে, সড়ক ব্যবস্থাপনা থেকে শুরু করে বিদ্যুৎ সরবরাহ— দুই জায়গাতেই চাপ তৈরি করছে ব্যাটারিচালিত রিকশা।

অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত এ যান একদিকে সারাদেশে সড়ক-মহাসড়কে যানজট, বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। অন্যদিকে, জ্বালানি সংকটের এ সময়ে বিদ্যুৎ ব্যবস্থাপনার ওপর তৈরি করছে বাড়তি চাপ।

রাত ১২টার পর এসব যান চার্জ দেওয়ার কারণে সে সময় প্রত্যাশিত হারে বিদ্যুতের চাহিদা কমছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ খাতসংশ্লিষ্টরা।

ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে এখন নিবন্ধন, লাইসেন্সিং, রুট নির্দিষ্ট করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি উৎপাদন নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ধারণা, সারাদেশে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইকের সংখ্যা ৪৫-৫০ লাখের মতো।

অন্যদিকে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) তথ্য অনুযায়ী, এই সংখ্যা আনুমানিক ৬০ লাখ। যার মধ্যে শুধু রাজধানীতেই রয়েছে প্রায় ২০ লাখ যান।

বণিক বার্তা

দ্য ডেইলি স্টারের প্রথম পাতার খবর— 'PM's India visit hinges on Hasina issue'- Say diplomatic sources; অর্থাৎ কূটনৈতিক সূত্র বলছে, হাসিনা ইস্যুর ওপরই প্রধানমন্ত্রীর ভারত সফর নির্ভর করছে।

এই খবরে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড থেকে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হতে দেওয়া হবে না, যা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে— এমন নিশ্চয়তা পেলেই দিল্লি সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

কূটনৈতিক সূত্রের বরাতে পত্রিকাটি এই খবর প্রকাশ করেছে। যেখানে সূত্র জানায়, যত দ্রুত সম্ভব ভারত সফরে যেতে এবং দ্বিপাক্ষিক বৈঠক করতে ইচ্ছুক তারেক রহমান।

এই দ্বিপাক্ষিক বৈঠক ব্রিকস সম্মেলনের সাইডলাইনে বা স্বতন্ত্র হতে পারে।

ঢাকার এক কূটনৈতিক সূত্র জানায়, শেখ হাসিনা ইস্যুতে ভারত এখন কীভাবে সাড়া দেয় তার ওপর নির্ভর করছে তারেক রহমানের সফর।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও একই ধরনের মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি সবসময় ইতিবাচক।'

তিনি আরও বলেন, দুই সরকারপ্রধানের মধ্যে আলোচনা অনেক সমস্যার সমাধানে সাহায্য করতে পারে এবং ভারতের জন্য এই সুযোগের সদ্ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে।

দ্য ডেইলি স্টার

প্রথম আলোর প্রধান শিরোনাম— বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

এই খবরে বলা হয়েছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়ার পথে বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী হিসেবে গতকাল বৃহস্পতিবার তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সংসদে দলটির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া এখন অনেকটাই নিশ্চিত।

এখন শুধুই ভোট ও ফলাফলের অপেক্ষা।

রাষ্ট্রপতি পদে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও গতকাল জমা দেওয়া হয়েছে।

কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করলে ২০ই অগাস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট হবে।

সে ক্ষেত্রে ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখতে যাচ্ছে দেশ।

প্রথম আলো

মানবজমিনের প্রথম পাতার একটি খবরের শিরোনাম— মন্ত্রিপরিষদে রদবদল নিয়ে যে আলোচনা

এই খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট পদে বিএনপির প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যপদ ছেড়েছেন মির্জা ফখরুল।

একইসঙ্গে শিগগিরই স্থানীয় সরকার মন্ত্রীর পদও ছেড়ে দিচ্ছেন তিনি।

নির্বাচন কমিশনে যাচাইবাছাইয়ে চূড়ান্ত প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পরপরই তিনি মন্ত্রণালয় থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে।

তার ছেড়ে দিতে যাওয়া মন্ত্রণালয়ে কাকে দায়িত্ব দেওয়া হবে, এ নিয়ে চলছে নানা আলোচনা।

আগামী ১৭ই অগাস্ট বিএনপি সরকারের ১৮০ দিন পূর্ণ হতে যাওয়ায় প্রধানমন্ত্রীর বার্তা অনুযায়ী মন্ত্রীদের মূল্যায়নের বিষয়টিও রয়েছে।

জানা গেছে, আগামী ২০শে অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচনের পর বিভিন্ন মন্ত্রণালয়ে রদবদল হতে পারে। বদল হতে পারে মন্ত্রী-প্রতিমন্ত্রীর কিছু দপ্তর। দুই একজন বাদ পড়তে পারেন এমন আলোচনাও আছে।

এছাড়া, আগামী ডিসেম্বরে জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে।

এদিকে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর নাম আলোচনায় রয়েছে। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এই দায়িত্ব পেলে তখন পানিসম্পদ মন্ত্রণালয় শূন্য হবে; সেখানে গয়েশ্বর চন্দ্র রায়ের নাম আছে আলোচনায়।

মানবজমিন

টাইমস অব বাংলাদেশের প্রধান শিরোনাম— Al-Qaida efforts to exploit Bangladesh; অর্থাৎ বাংলাদেশে 'নেটওয়ার্ক' সম্প্রসারণের চেষ্টা করছে আল কায়েদা।

এই খবরে বলা হয়েছে, বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক বা 'সেল' গড়ে তুলতে চায় 'ভারত উপমহাদেশীয় আল-কায়দা' (একিউআইএস)।

বাংলাদেশকে ব্যবহার করার এই চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

নিরাপত্তা পরিষদের বিভিন্ন সিদ্ধান্ত ও প্রস্তাব অনুসরণে গঠিত 'অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম'-এর ৩৮তম প্রতিবেদনটি গত ১০ই অগাস্ট প্রকাশ করা হয়।

বাংলাদেশে গত এক বছরে দেশের বিভিন্ন জায়গা থেকে হাতে তৈরি বোমা উদ্ধার এবং বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গি গ্রেফতারের ঘটনার পরই জাতিসংঘের এই প্রতিবেদন সামনে এলো।

টাইমস অব বাংলাদেশ

আজকের পত্রিকার প্রথম পাতার খবর— শিল্পের কথা বলে বিস্ফোরক কেনে নব্য জেএমবি জঙ্গিরা

খবরে বলা হয়েছে, সাম্প্রতিক নাশকতা তৎপরতায় আলোচিত নব্য জেএমবির সদস্যরা শিল্পকারখানায় ব্যবহারের কথা বলে পুরান ঢাকার বিভিন্ন রাসায়নিকের (কেমিক্যাল) দোকান থেকে বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করেছিলেন।

পরে এসব উপকরণ দিয়ে দূরনিয়ন্ত্রিত বোমা বা আইইডি তৈরি করেন তারা।

কম বিস্ফোরক ব্যবহার করে শক্তিশালী বোমা তৈরির প্রযুক্তির দিকে তাদের মনোযোগ বলে জানিয়েছে পুলিশের বোম্ব ডিসপোজাল টিম।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, গত নয় মাসে দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া বোমা ও বিস্ফোরকগুলো ছিল উচ্চ প্রযুক্তিসম্পন্ন ও সূক্ষ্মভাবে তৈরি।

এসব বোমা তৈরির সঙ্গে যুক্ত গ্রুপ নব্য জেএমবির পুরোনো ও অভিজ্ঞ দল।

আজকের পত্রিকা

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আসার কথা বলায় তাকে পুঁজি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে গোপন তৎপরতা শুরু হয়েছে।

আগামী সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে দেশজুড়ে বড় ধরনের বহুমুখী অস্থিতিশীলতার ছক তৈরি করেছে দলটি।

আত্মগোপনে থাকা সক্রিয় নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে নাশকতা সৃষ্টিসহ গুপ্ত হামলায় বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে।

এছাড়া, পার্বত্য অঞ্চলের তিনটি সশস্ত্র গোষ্ঠী ভারতের ইন্ধনে পাহাড়কে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির নীল নকশা তৈরি করেছে। একদিকে পাহাড়ে অস্থিরতা, অপরদিকে দেশে সীমান্ত এলাকাগুলোতে 'পুশইন' বাড়ানো।

নয়া দিগন্ত