আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পত্রিকা: 'বায়ুদূষণে বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর'
বায়ুদূষণে বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর— এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সে (একিউএলআই) ২০২৫ সালের হালনাগাদ বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রথম আলোর শেষ পাতায় এ সংক্রান্ত খবর প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, একিউএলআই এর ২০২৫ সালের হালনাগাদ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশ।
এখানকার ১৬ কোটি ৬৮ লাখ জনসংখ্যার সবাই এমন এলাকায় বসবাস করেন, যেখানে বস্তুকণা (পিএম ২.৫) দূষণের বার্ষিক গড় মাত্রা আন্তর্জাতিক ও জাতীয় মানদণ্ডের চেয়ে বেশি।
এমনকি সবচেয়ে কম দূষিত শহর লালমনিরহাটেও বস্তুকণা দূষণের হার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিকা অনুযায়ী ৭ গুণ বেশি।
প্রতিবেদনে সবচেয়ে দূষিত বিভাগ হিসেবে চিহ্নিত করা হয়েছে ঢাকা ও চট্টগ্রামকে। যেখানে ডব্লিউএইচওর নির্দেশিকা অনুযায়ী পিএম ২.৫ কণার ঘনত্ব কমানো গেলে মানুষের আয়ু ৬ দশমিক ২ বছর বৃদ্ধি পেত বলে উল্লেখ করা হয়।
আর বাংলাদেশের জাতীয় মানদণ্ড অনুযায়ী দূষণ নিয়ন্ত্রণ করা গেলে ঢাকা ও চট্টগ্রামের মানুষের আয়ু যথাক্রমে ৪ দশমিক ১ এবং ৩ দশমিক ৩ বছর বাড়তে পারত।
বায়ুদূষণের পাশাপাশি ধূমপান মানুষের আয়ু গড়ে দুই বছর এবং শিশু ও মায়ের অপুষ্টি গড়ে ১ দশমিক ৪ বছর কমিয়ে দিচ্ছে।
বিএনপি খুশি, হতাশ জামায়াত এনসিপি— আজকের পত্রিকার প্রধান শিরোনাম এটি।
বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঘোষণা করেছে। এ সংক্রান্ত খবর সবগুলো সংবাদপত্র গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আজ। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াও উঠে এসেছে দৈনিকগুলোর প্রতিবেদনে।
এই খবরে বলা হয়েছে, বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি ভোটের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন, 'আমি তো খুশি। অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসতে মানুষ নির্বাচনটা চাচ্ছে। আমি কতগুলো হিসাব মিলিয়ে দেখি যে নির্বাচন দেয়া ছাড়া কোনো বিকল্প নেই।'
অপরদিকে, জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে অভিহিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের গঠিত এই দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গতকাল এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার।
নির্বাচনি রোডম্যাপ প্রকাশের আগেই সরকার সংস্কারবিষয়ক পর্যাপ্ত অগ্রগতি অর্জনের রোডম্যাপ প্রকাশ করবে— এমন প্রত্যাশা এনসিপির ছিল বলে এ সময় উল্লেখ করেন তিনি।
আর জামায়াতে ইসলামী বলেছে, কমিশনের ভোটের রোডম্যাপ গতানুগতিক ও কিছুটা বিভ্রান্তিকর।
EC unveils roadmap, targets polls in February first half, অর্থাৎ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজন করতে চায় ইসি। ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান খবর এটি।
এতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের কমিশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে ভোটের রোডম্যাপের বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন ইসি সচিব আখতার আহমেদ।
এ সময় তিনি জানান, আগামী রমজানের আগে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে ইসি। ভোটের তারিখের প্রায় ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, 'প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে।'
রোডম্যাপ অনুযায়ী মোট ২৪টি বিষয় বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে নির্বাচনি আইন সংস্কার, সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ এবং প্রবাসী ও কারাবন্দিদের ভোটদানের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম।
রোডম্যাপ অনুযায়ী— সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বর পর্যন্ত দেড় মাসব্যাপী অংশীজনদের সঙ্গে সংলাপ; নভেম্বরের শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ; আগামী সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি এবং নির্বাচন পরিচালনা বিধিমালা চূড়ান্ত করা; ৩০ সেপ্টেম্বরের মধ্যে দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন এবং ১৫ নভেম্বরের মধ্যে দেশীয় ও বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা চূড়ান্ত করা।
প্রতীক বরাদ্দের পর প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে একই প্ল্যাটফর্মে নির্বাচনি ইশতেহার উপস্থাপনের একটি অভিনব ব্যবস্থা রাখা হয়েছে।
পাঁচ মন্ত্রী পারেননি, পেরেছেন বশির— দেশ রূপান্তরের দ্বিতীয় প্রধান খবর এটি।
প্রতিবেদনটিতে বলা হচ্ছে, ২০০৯ সালে তৎকালীন বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরকে পাশ কাটিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল সাবেক বিমানবাহিনী প্রধান জামালউদ্দিনকে।
এ নিয়ে তখন অনেক জল ঘোলা হয়। জি এম কাদেরের পরে আরও চারজন এই মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তারা মন্ত্রী হিসেবে প্রত্যেকেই পর্ষদের চেয়ারম্যান হতে চেয়েছিলেন। কিন্তু পারেননি।
তবে, ১৬ বছর পর তা পেরেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিমানকে করপোরেশন থেকে পাবলিক লিমিটেড কোম্পানি করা হয়। করপোরেশন থাকাকালে পদাধিকারবলে চেয়ারম্যান হতেন মন্ত্রী।
এদিকে, শেখ বশিরউদ্দীনকে চেয়ারম্যান করায় বিমানে কী প্রভাবে পড়বে জানতে চাইলে বিমানের একজন পরিচালক বলেন, দৃশ্যত কোনো প্রভাবই পড়বে না। তিনি দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা করতে পারবেন না। কারণ, ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হলে তাকে বিদায় নিতে হবে।
ওই কর্মকর্তার মতে, এই নিয়োগে একটাই লাভ হতে পারে আর তা হচ্ছে পরবর্তী সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীকে পর্ষদের চেয়ারম্যান করতে পারে। মন্ত্রী চেয়ারম্যান থাকলে অনেক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
নয়া দিগন্তের প্রথম পাতার শিরোনাম— এবার 'অবৈধ প্রবেশকারীদের' বৈধ প্রক্রিয়ায় ফেরত পাঠানোর আশ্বাস।
এই খবরে বলা হয়েছে, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চার দিনের ৫৬তম সীমান্ত সম্মেলন শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে পিলখানায় বিজিবি সদর দফতরে একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেখানে উভয় মহাপরিচালক সীমান্ত হত্যা বন্ধ, পুশইন ইস্যু, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ নানা দ্বিপক্ষীয় বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
সীমান্তে প্রাণঘাতী গুলিবর্ষণ নিয়ে দুই সীমান্তরক্ষী বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের ভিন্নমত স্পষ্ট হয়েছে।
সভায় অবৈধভাবে বাংলাদেশে পুশইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজিবি; আর বিএসএফ আশ্বাস দেয় এখন থেকে বৈধ প্রক্রিয়ায় অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে।
বৈঠকে উভয় পক্ষ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার পরিহার, ঝুঁকিপূর্ণ এলাকায় রাতের টহল জোরদার এবং সচেতনতামূলক কর্মসূচি গ্রহণে একমত হয়।
মাদক, অস্ত্র, স্বর্ণ, জাল নোট ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে রিয়েল-টাইম তথ্য বিনিময় ও সমন্বিত পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ফেনীর মুহুরীর চর ও ইছামতি, কালিন্দী, রায়মঙ্গল ও হারিয়াভাঙ্গা নদী এলাকায় সীমান্ত রেখা নির্ধারণের কাজ দ্রুত সম্পন্নের তাগিদও দেওয়া হয় এতে।
সমকালের প্রথম পাতার খবর— গোলটেবিলে মবের শিকার, পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার।
এতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার ঢাকায় মুক্তিযুদ্ধ ও সংবিধান-বিষয়ক গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে এক দল লোকের হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর আটক ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সমকালকে বলেন, 'মামলা রুজুর প্রস্তুতি চলছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হবে।'
এদিন দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) 'আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান' শিরোনামে গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে মবের ঘটনা ঘটে।
অনুষ্ঠানটির আয়োজন করেছিল 'মঞ্চ ৭১' নামে একটি সংগঠন।
হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত জামায়াতে ইসলামীর পল্টন থানার নেতা শামীম হোসাইন দাবি করেন, একটি গোষ্ঠী একাত্তর ও চব্বিশকে মুখোমুখি করে ইতিহাস বিকৃতির চেষ্টা করছে। তারা আইন হাতে তুলে না নিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করেছেন।
উল্লেখ্য, অনুষ্ঠানটিতে প্রধান অতিথি থাকার কথা ছিল গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের। তিনি এবং অনুষ্ঠানের অন্যতম আয়োজক প্রবীণ আইনজীবী জেড আই খান পান্নার আসতে বিলম্ব হওয়ায় সভা শুরু হতে দেরি হয়।
ওষুধের চড়া দামে নাজেহাল ক্রেতা— কালের কণ্ঠের প্রধান শিরোনাম এটি।
এতে বলা হয়েছে, ওষুধের দাম এখন বেশ চড়া। বিশেষ করে দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত যেমন— উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ বা ক্যান্সারের ওষুধের দাম লাগামছাড়া।
তাতে অনেকে প্রয়োজনীয় ওষুধ না কিনে রোগ পুষে রাখছে, যা তাদের স্বাস্থ্যকে আরো ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।
ওষুধ কোম্পানিগুলোর দাবি, ডলারের দাম বৃদ্ধি, কাঁচামাল আমদানিতে খরচ বাড়া এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে তারা দাম বাড়াতে বাধ্য হচ্ছে।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) দুর্বল মনিটরিং এবং অনৈতিক কমিশন বাণিজ্য এই সংকটকে তীব্র করেছে।
একসময় সরকার ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২-এর ১১ ধারা অনুসারে ৭৩৯টি ওষুধের দাম নির্ধারণ করত। কিন্তু ১৯৯৪ সালে একটি সার্কুলারের মাধ্যমে এই ক্ষমতা সীমিত করে মাত্র ১১৭টি ওষুধের মূল্য নির্ধারণের এখতিয়ার সরকারের হাতে রাখা হয়। বাকিগুলোর দাম নির্ধারণের ক্ষমতা দেয়া হয় উৎপাদনকারী প্রতিষ্ঠানকে।
তবে সম্প্রতি হাইকোর্টের এক রায়ে ৭৩৯টি ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে, যা আশার আলো জাগাচ্ছে।
প্লট পেতে হলফনামায় ভয়াবহ জালিয়াতি: রেহানা, টিউলিপ, আজমিনা ভাসমান অসহায় গরিব— যুগান্তরের প্রথম পাতার খবর এটি।
এতে বলা হয়েছে, রাজউকের প্লট পেতে শেখ রেহানা, তার দুই মেয়ে-টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী নিজেদেরকে ভাসমান, অসহায় ও গরিব হিসেবে পরিচয় দিয়ে প্লট বরাদ্দ নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলমের আদালতে রাজউকের উপপরিচালক মো. মাহবুবার রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও উল্লাস চৌধুরী তিনটি পৃথক মামলায় এমন সাক্ষ্য দেন।
দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান (লিপন) এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, প্লট বরাদ্দ নেয়ার সময় জমা দেয়া তাদের তিনটি হলফনামায় মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। জব্দকৃত ডকুমেন্টে তাদের জীবন বৃত্তান্তসহ ৪৪টি তথ্য অন্তর্ভুক্ত ছিল।
প্রকৌশল শিক্ষার্থীদের 'কমপ্লিট শাটডাউন'— সংবাদের প্রধান খবর এটি।
এতে বলা হয়েছে, তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা।
এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এদিকে, প্রকৌশল শিক্ষার্থীদের দাবিসমূহ পর্যালোচনায় সরকার গঠিত কমিটির প্রধান জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিএসসি ও ডিপ্লোমাধারী প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা সমাধানের বিষয়টি সরকার খুবই গুরত্বসহকারে নিয়েছে।
তিনি 'নিরপেক্ষ' থেকে বা 'পক্ষপাতিত্ব না' করে এই সমস্যা সমাধান করার কথা জানিয়েছেন। এজন্য 'একটু সময়'ও চেয়েছেন।
অন্যদিকে, সাত দফা দাবি রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদেরও।