রাজনীতিতে সক্রিয় জামায়াত, ঢাকায় বড় শো ডাউনের পরিকল্পনা

Published

রাজনীতির মাঠে জামায়াতকে ঘিরে ইত্তেফাকের প্রধান শিরোনাম, “রাজনীতিতে সক্রিয় জামায়াত”। প্রতিবেদনে বলা হচ্ছে, এক দশক পর ঢাকায় সমাবেশের মধ্যে দিয়ে প্রকাশ্যে আসা জামায়াতে ইসলামী এখন রাজনীতিতে পুরোদমে সক্রিয়।

টানা ১০ বছর পর গত ১০ই জুন ঢাকায় প্রথমবারের মতো পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। এরপর সুইডেনে কোরআন পুড়ানোর প্রতিবাদে শুক্রবার ঢাকাসহ প্রায় সারা দেশে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো দলটি।

নেতাকর্মীরা ঢাকার বাইরে বড় কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। ঢাকার বাইরে পাঁচটি বিভাগীয় শহরে সমাবেশ শেষে চলতি মাসে ঢাকায় বড় শোডাউনের পরিকল্পনা করছে জামায়াতের নেতাকর্মীরা।

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমকালের প্রধান শিরোনাম, “রাজনৈতিক সংকট ঘনীভূত”। প্রতিবেদনে বলা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিপরীত মেরুতে প্রধান দুই রাজনৈতিক দল।

সংবিধান মেনে নির্বাচন করতে ‘অনমনীয়’ ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ‘অনড়’ বিএনপি। সভা-সমাবেশে বাগ্‌যুদ্ধ চললেও আপাতত সংলাপের সম্ভাবনা ক্ষীণ। ছাড় দিতে নারাজ দু’পক্ষই।

এ পটভূমিতে ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সংকট। এ থেকে উত্তরণে উভয় পক্ষকে কিছুটা ছাড় দিয়ে সংলাপের মাধ্যমেই সমাধানের পথ বের করার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের ওপর নানা কৌশলে ‘চাপ’ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো।

পত্রিকা

জনপ্রশাসন নিয়ে কালের কণ্ঠের প্রধান শিরোনাম, “ছয় মাসে ৬৩ জন কর্মকর্তা চুক্তিতে নিয়োগ পেয়েছেন”। প্রতিবেদনে বলা হচ্ছে, জনপ্রশাসন মন্ত্রণালয় গত কয়েক বছর চুক্তিভিত্তিক নিয়োগে সংকোচন নীতি অনুসরণ করে আসছিল। তবে এ বছর তা বেড়েছে।

চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রতিরক্ষা ও জননিরাপত্তা সচিব, পুলিশ মহাপরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালক। মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবসহ কয়েকজন কর্মকর্তা।

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

এ বিষয়ে সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, চুক্তি পেতে পারেন সেই কর্মকর্তা যাঁর কোনো বিকল্প নেই। বাস্তবে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সরকারের পছন্দ-অপছন্দই মুখ্য বিবেচ্য হয়।

ক্রিকেটার তামিম ইকবালের ফিরে আসা নিয়ে দৈনিক বাংলার শিরোনাম, “আবার ফিরলেন তামিম”। প্রতিবেদনে বলা হচ্ছে, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে মান ভাঙল তামিম ইকবালের। ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ২৯ ঘণ্টার মধ্যে ফিরে আসার বার্তা দিয়েছেন তিনি।

পরশু দুপুর দেড়টায় হঠাৎ ডাকা সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। এরপর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিদের যোগাযোগের আহবানেও তামিম সাড়া দিচ্ছিলেন না।

শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে ঘন্টা তিনেকের বৈঠকে সব নাটকীয়তার অবসান। বৈঠক থেকে বেরোনোর পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সংবাদ মাধ্যমে তামিম জানিয়ে দেন, চোট কাটিয়ে পুরো ফিট হতে এবং মানসিক ধকল কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী তাকে দেড় মাসের ছুটি দিয়েছেন। অর্থাৎ এশিয়া কাপ দিয়ে তিনি আবার মাঠে ফিরবেন।

এতে নিজ নিজ ক্যাডারের শীর্ষ পর্যায়ে যাওয়ার সুযোগ কমে যায়। কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সেইসঙ্গে এই নিয়োগ বাবদ সরকারকে বাড়তি ব্যয় করতে হয়।

রোহিঙ্গা ক্যাম্পে সহিংসতা নিয়ে নিউ এইজের প্রধান শিরোনাম, “ARSA members among 6 killed in Rohingya camp.”। প্রতিবেদনে বলা হচ্ছে, শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ আরসা সদস্যসহ ৬ জন নিহত হয়েছেন।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন বলেছে যে এই ঘটনায় যারা নিহত হয়েছে তারা আরসা’র সাথে যুক্ত ছিলেন। কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে ক্যাম্পের মধ্যে প্রভাব খাটানো নিয়ে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়।

এখন পর্যন্ত নিহত চারজনের পরিচয় পাওয়া গেছে। এপিবিএন কর্মকর্তারা একজনকে আরসার ‘জিম্মাদার’ এবং আরেকজনকে আরসা কমান্ডার এবং অপরজনকে আরসার অপারেটিভ হিসেবে চিহ্নিত করেছে। ঘটনাস্থল থেকে দেশি বন্দুক ও গুলি উদ্ধারের দাবি করে পুলিশ।

ইত্তেফাক

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, “রোগী ও মৃত্যু বাড়ছে, তবু মশা নিধনে ঢিলেঢালা ভাব”। প্রতিবেদনে বলা হচ্ছে, ঢাকার হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও ডেঙ্গুর বাহক মশা কমছে না।

ঢাকার দুই সিটি কর্পোরেশনের মশা মারতে ব্যাপক তোড়জোড় দেখালেও মাঠ পর্যায়ে কাজ কতটা হচ্ছে তা নিয়ে প্রশ্ন আছে। শুক্রবার ঢাকার বেশ কয়েকটি এলাকা ঘুরে কোথাও সিটি কর্পোরেশনের কর্মীদের মশার ঔষধ ছেটাতে দেখা যায়নি।

যদিও ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় উত্তর সিটি কর্পোরেশন মশক নিধন কর্মীদের ছুটি বাতিল করেছে। অথচ গতকাল শুক্রবার ছুটি কাটিয়েছেন ৮৮০ জন মশন নিধন কর্মীর সবাই। কীটতত্ত্ববিদরা বলছেন এই মুহূর্তে প্রতিদিন মশার ওষুধ ছিটানো জরুরী একদিনের জন্য এই কার্যক্রম বন্ধ রাখা উচিত নয়।

শুক্রবার একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৬৫ জনে।

একই বিষয়ে যুগান্তরের প্রধান শিরোনাম, “ভর্তির ৩৬ শতাংশই শিশু”। প্রতিবেদনে বলা হচ্ছে, ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বিস্তার শুধু ঢাকায়ই সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে ৫৭ জেলায়। প্রতিদিন অসংখ্য মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন।

ভুক্তভোগী ও হাসপাতাল সূত্রে জানা যায়, এবার ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বেশি জটিলতা নিয়ে আসছে শিশু। সরেজমিন রাজধানীর একাধিক হাসপাতাল ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে। হাসপাতালে ভর্তির প্রায় ৩৬ শতাংশই শিশু।

জনস্বাস্থ্যবিদরা বলেছেন, কাগজে-কলমে ডেঙ্গুর যে তথ্য মানুষ জানতে পারে, বাস্তব পরিস্থিতি আরও ভয়ানক। বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু আক্রান্ত শিশুর শুরুতে প্রচণ্ড জ্বর আসে, প্রচণ্ড মাথাব্যথা; শরীর, চোখ ও পেট ব্যথা করে। অনেকের বমি হয়। প্রায় চার দিন টানা জ্বর থাকার পর কমে যায়।

তখন থেকে ডেঙ্গুর কমপ্লিকেশন যেমন প্লাজমা লিকেজ, পেটে-বুকে পানি জমা ও রক্তের প্লাটিলেট কমে যায়। হেমোরজিক বা দাঁত, নাক, ফুসফুস, পায়খানার সঙ্গে রক্তক্ষরণ হয়। অনেক শিশু অজ্ঞান হয়ে যেতে পারে। এভাবে নানা উপসর্গ নিয়ে শক সিনড্রোম দেখা দেয়। এতে রোগীর কিডনি, লিভার-হার্ট, ফুসফুস ড্যামেজ হয়ে যায়।

কালের কণ্ঠ

ওষুধের দাম নিয়ে বণিক বার্তার প্রধান শিরোনাম “ওষুধের আনুপাতিক ব্যয়ে সবার ওপরে কি বাংলাদেশ”। প্রতিবেদনে বলা হচ্ছে, দেশে স্বাস্থ্যসেবায় যে অর্থ ব্যয় হয় তার প্রায় অর্ধেকই যাচ্ছে ওষুধে। বর্তমানে এ ব্যয়ের হার ৪৪ শতাংশ।

অর্থাৎ স্বাস্থ্য খাতে খরচের ১০০ টাকার মধ্যে ৪৪ টাকাই ওষুধের পেছনে ব্যয় হচ্ছে। গত কয়েক দশকে এ ব্যয় কমার কোনো লক্ষণ দেখা যায়নি। এ খরচের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে শীর্ষস্থানীয় পর্যায়ে রয়েছে।

স্বাস্থ্য খাতে ওষুধের খরচে বৈশ্বিক গড় ব্যয় ১৫ শতাংশ। সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারার কারণে দেশে এ ব্যয় বেশি। এতে স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে ব্যক্তির বাড়তি ব্যয় বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অর্থনীতিবিদরা।

রেল প্রকল্প নিয়ে দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, “A project riddled with anomalies”। অর্থাৎ একটি প্রকল্প যা অসঙ্গতির ধাঁধাঁয় পড়েছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, ঢাকা-টঙ্গী-জয়দেবপুর রেলপথ সম্প্রসারণ প্রকল্পটি কোনো সম্ভাব্যতা যাচাই করা ছাড়াই হাতে নেওয়া হয়েছিল।

এ কারণে কর্তৃপক্ষকে কয়েকবার প্রকল্পটি সংশোধন করতে হয়েছে। সরকারি পর্যবেক্ষণ প্রতিবেদনে এমনটা উঠে এসেছে। এতে প্রকল্পটি ২০১৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও, এখন ২০২৭ সালের জুন মাস পর্যন্ত সময় লাগবে।

অর্থাৎ এক যুগ দেরী হবে। এতে ব্যয় বেড়ে দাঁড়াবে ৩,৩৪২.৫৫ কোটি টাকা, যা মূল বরাদ্দের প্রায় চারগুণ।

অন্যান্য খবর

বিএনপির আন্দোলনকে ঘিরে প্রথম আলোর প্রথম পাতার খবর, “১৫ জুলাইয়ের আগে এক দফার ঘোষণা দেবে বিএনপি”। প্রতিবেদনে বলা হচ্ছে, যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করে ১৫ই জুলাইয়ের মধ্যে যৌথ ঘোষণা দিয়ে এক দফার আন্দোলনে যাবে বিএনপি্

তবে যৌথ ঘোষণা বা এক দফা আন্দোলনের সূচনা কিভাবে দেয়া হবে জন সমাবেশে নাকি সংবাদ সম্মেলন করে সেটি এখনো ঠিক হয়নি। এ বিষয়ে সরিক দলগুলোর পক্ষ থেকে দুই রকম প্রস্তাবই এসেছে বলে জানা গেছে।

দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে ১০ই জুলাই সোমবার গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক আছে। ওই বৈঠকে সম্মিলিত বিরোধীদলের যৌথ ঘোষণাপত্র নিয়ে চূড়ান্ত পর্যায়ে আলোচনা হবে।

এরপর রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা আছে সেখানে যৌথ ঘোষণা পত্র চূড়ান্ত করে সেটি কখন কোন প্রক্রিয়ায় তারা ঘোষণা করবে, তা ঠিক করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সফরকে ঘিরে বণিক বার্তার খবর, “ইইউর নির্বাচনী অনুসন্ধানী দল ১৬ দিনের সফরে আজ বাংলাদেশ আসছে”। প্রতিবেদনে বলা হচ্ছে, ইইউ এর ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন বা নির্বাচনবিষয়ক অনুসন্ধানী অগ্রগামী দল আজ বাংলাদেশ সফরে আসছে।

নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণে আসা ইইউর প্রতিনিধি দলটি ২৩শে জুলাই পর্যন্ত এ দেশে অবস্থান করবে। তাদের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতেই নির্ধারণ হবে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রতিনিধি দল সম্পর্কে বলেছেন, ‘তারা এটা এক্সপ্লোরেটরি মিশন করবে। সেখানে তারা নির্ধারণ করবে যে ইলেকশন অবজারভার মিশন পাঠাবে কি পাঠাবে না।’

অর্থাৎ এই মিশনের কাজ হবে মূল নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিকস ও নিরাপত্তা ইত্যাদি বিষয়ে মূল্যায়ন করা। পাশাপাশি তারা সরকারের প্রতিনিধি, আন্তর্জাতিক সম্প্রদায়, আইন-শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক বলে ঢাকাস্থ ইইউ ডেলিগেশন জানিয়েছে।

নিউ এইজ

মেট্রোরেল প্রকল্প নিয়ে সমকালের খবর, “পূর্ণতার পথে মেট্রোরেল”। প্রতিবেদনে বলা হচ্ছে, পূর্ণতার পথে আরেক ধাপ এগিয়েছে রাজধানীর উত্তরা দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণাধীন মেট্রোরেল (এমআরটি-৬) রুট।

শুক্রবার আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন যাত্রার অংশ হিসেবে করা হয় পারফরম্যান্স টেস্ট। এরপর ফাংশনাল টেস্ট শেষে হবে ট্রায়াল রান। এ ধাপে সফলতা শেষে যাত্রী নিয়ে চলবে ট্রেন।

এর উদ্বোধন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এসব পরীক্ষা-নিরীক্ষা। অক্টোবরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি-৬ লাইনের আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন চলাচল উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।

কাঁচা মরিচের দাম নিয়ে যুগান্তরের খবর, “আমদানির প্রভাব নেই কাঁচামরিচের ঝাঁঝে”। প্রতিবেদনে বলা হচ্ছে, ভারত থেকে আমদানির পরও স্থিতিশীল হয়নি কাঁচামরিচের বাজার। ঈদের পর সিন্ডিকেটের কবলে পড়ে কাঁচামরিচের দাম আকাশচুম্বি হয়েছিল।

কেজিতে দাম হাজার ছুঁয়ে যখন ২০০ তে নেমেছে, তখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ভোক্তা। কিন্তু তা স্থায়ী হয়নি। সিন্ডিকেটের কারসাজিতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের দ্বিগুণ হয়েছে পণ্যটির দাম।

শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কেজিপ্রতি ২৫০ থেকে ৪২০ টাকায় কাঁচামরিচ বিক্রি হয়েছে। ঢাকার বাজারে একদিনের ব্যবধানে স্থানভেদে ২০০ টাকা পর্যন্ত মরিচের দাম ওঠানামা করে। অন্যদিকে চট্টগ্রামে কাঁচামরিচের দাম কমে আবার দ্বিগুণের বেশি বেড়েছে। গত ছয়মাসের ব্যবধানে দাম বেড়েছে ৫ গুণের কাছাকাছি।

প্রথম আলো
দ্য ডেইলি স্টার