আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পত্রিকা: 'মিত্রদের আসন ছাড়তে এখন হিসেবি বিএনপি-জামায়াত'
মিত্রদের আসন ছাড়তে এখন হিসেবি বিএনপি-জামায়াত— সমকালের প্রথম পাতার একটি খবর এটি।
এই প্রতিবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিত্র দলগুলোকে আগে যতটা সংসদীয় আসন ছাড়ার ঘোষণা দিয়েছিল বিএনপি ও জামায়াত, সেই অবস্থান থেকে সরে এসেছে দুই দলই।
বিএনপি আগে ৫০ আসনের কথা বললেও এখন প্রাথমিকভাবে মিত্র দলগুলোকে ১৩টি আসন নিশ্চিত করেছে।
আর জামায়াত ১০০ আসনের প্রতিশ্রুতি দিলেও এখন বলছে আগের ঘোষণাটি আনুষ্ঠানিক নয়।
এমন পরিস্থিতিতে ভোটের তফসিল ঘোষণার আগ মুহূর্তে দলগুলোর মধ্যে আসন নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন।
এরই মধ্যে বিএনপির কয়েকটি মিত্র দল ক্ষুব্ধ হয়ে জোট ছেড়েছে। আরও কয়েকটি দল সম্পর্ক ত্যাগ করতে পারে বলে আভাস দিয়েছে।
এখন এই দলগুলোর গন্তব্য হতে পারে জামায়াতের নেতৃত্বাধীন জোট, এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তবে জামায়াতও অবস্থান পরিবর্তন করায় ছোট দলগুলোর জন্য পরিস্থিতি কঠিন হয়ে গেছে।
আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে, এমন আভাস পেয়ে দল বিএনপি ও জামায়াত তাদের অবস্থান পরিবর্তন করেছে বলে কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।
এদিকে, এনসিপি কোন জোটে যাবে তা এখনও স্পষ্ট নয়।
গত বছরের ডিসেম্বরের আলোচনায় বিএনপি তাদেরকে ৩০টি আসন ছাড়ার কথা বললেও এখন এনসিপিকে আটটির বেশির দিতে রাজি হচ্ছে না।
আর জামায়াত অনানুষ্ঠানিক আলোচনায় আগে এনসিপিকে ৬০-৭০ আসন দেওয়ার কথা বললেও এখন তা ৩০-৩৫ আসনে নেমেছে।
বিচারের জন্য প্রস্তুত হচ্ছে কাদেরের মামলা— দেশ রূপান্তরের প্রথম পাতার একটি খবরের শিরোনাম এটি।
এতে বলা হয়েছে, শেখ হাসিনার ফাঁসির রায়ের পর এবার তার দল আওয়ামী লীগের আরেক শীর্ষ নেতা ওবায়দুল কাদেরের মামলার বিচারের প্রক্রিয়া শুরু হচ্ছে।
সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই মামলাটি বিচারের প্রক্রিয়ায় আসতে পারে বলে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের বক্তব্যের সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
মামলায় ওবায়দুল কাদের ছাড়াও যাদের আসামি করা হচ্ছে তারা হলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
End of বিবিসি বাংলার অন্যান্য খবর:
খালেদার লন্ডন যাত্রায় জটিলতা— আজকের পত্রিকারি প্রধান শিরোনাম এটি।
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তাকে বিদেশে নেয়ায় বিলম্বের খবর আজ ঢাকার পত্রিকায় প্রাধান্য পেয়েছে।
এই খবরে বলা হয়েছে, উন্নত চিকিৎসার জন্য গতকাল শুক্রবারের মধ্যেই লন্ডনের উদ্দেশে যাত্রা করার কথা ছিল খালেদা জিয়ার।
তবে, শারীরিক জটিলতা এবং নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া নিয়ে সমস্যা হওয়ায় তার বিদেশ যাওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাওয়ার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু কারিগরি ত্রুটির কারণে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে না। দেশটি জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। যেটি আজ শনিবার বিকেলে ঢাকায় পৌঁছাতে পারে।
গতকাল শুক্রবার গণমাধ্যমকে বিএনপি মহাসচিব বলেছেন, এয়ারক্র্যাফটের সমস্যা আছে, একই সঙ্গে বৃহস্পতিবার রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থাও ভালো না। এই অবস্থায় যাত্রার তারিখ বদল করা হয়েছে। এখন মেডিকেল বোর্ড বললে, ফ্লাই করার মতো থাকলে রোববার তাকে লন্ডনে নেওয়া হবে।
বণিক বার্তার প্রধান শিরোনাম— দেশের ৪২% জনগোষ্ঠীর শিক্ষাগত যোগ্যতা এখনো পঞ্চম শ্রেণীর নিচে।
এই খবরে বলা হচ্ছে, সম্প্রতি প্রকাশিত হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে ২০২৫-এর তথ্য অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার ২৩ দশমিক ৫১ শতাংশ কখনো বিদ্যালয়ে যায়নি।
আর ১৮ দশমিক ৯৪ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে গেলেও সে গণ্ডি আর পেরোতে পারেনি।
এ হিসাব ধরলে মোট ৪২ দশমিক ৪৫ শতাংশ জনগোষ্ঠীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণির নিচে।
যদিও বাংলাদেশ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর (বিএনএফইউ) তথ্য বলছে, ১৯৯০ থেকে ২০২৫ সাল পর্যন্ত সাক্ষরতা বৃদ্ধি, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষায় ফিরিয়ে আনা এবং প্রাপ্তবয়স্কদের শিক্ষা নিশ্চিতে ১১টি বড় প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার।
পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থাও পরিচালনা করেছে বহুমুখী শিক্ষা কার্যক্রম।
এরপরও দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী প্রাথমিক পর্যায়েরও নিচে শিক্ষিত।
যা শিক্ষা খাতে দীর্ঘমেয়াদি প্রচেষ্টার কার্যকারিতা নিয়ে যেমন প্রশ্ন তুলছে; তেমনই শ্রমবাজার, উৎপাদনশীলতা, আধুনিক প্রযুক্তি গ্রহণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
তারা মনে করেন অশিক্ষিত জনগোষ্ঠীর হার কমাতে শুধু প্রকল্প নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, পরিবার-সমাজ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং ঝরে পড়ার মূল কারণগুলো সমাধান।
ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের প্রধান খবর— No ambulances in 54 Bangladesh jails; critically ill inmates at risk; অর্থাৎ বাংলাদেশের ৫৪টি কারাগারে অ্যাম্বুলেন্স নেই; গুরুতর অসুস্থ বন্দিরা ঝুঁকিতে।
এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশের ৫৪টি কারাগারে অ্যাম্বুলেন্স নেই, যার ফলে গুরুতর অসুস্থ বন্দিদের রিকশায় (স্থানীয়ভাবে 'লেগুনা' নামে পরিচিত) করে হাসপাতালে নিয়ে যেতে হয়।
যার ফলে প্রায়শই পথেই মৃত্যুর ঘটনা ঘটছে।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, গত বছরের আট অগাস্ট থেকে এই বছরের নভেম্বরের মধ্যে ১১২ জন বন্দি হেফাজতে মারা গেছেন।
অ্যাম্বুলেন্স না থাকা কারাগারগুলোতে বন্দির সংখ্যা ৩৪ হাজার ৮৪০ জন।
এত সংখ্যক বন্দির জন্য অ্যাম্বুলেন্স না থাকাতে একটি বড় সংকট হিসেবে দেখছেন কারা কর্মকর্তারা।
ডিসিরাই রিটার্নিং কর্মকর্তা— কালের কণ্ঠের প্রধান সংবাদ এটি।
এই খবরে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব কর্মকর্তা নিয়োগের দাবি তুলেছিলেন বিভিন্ন রাজনৈতিক দল, ইসির কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।
তবে এ দাবি আমলে না নিয়ে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ডিসিদেরই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইসি।
নির্বাচন কমিশন সূত্রে এ তথ্যের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
নিরাপত্তা, প্রশাসনিক দক্ষতা ও মাঠ পর্যায়ের সমন্বয় সক্ষমতার কারণে এই দায়িত্বে জেলা প্রশাসকদেরই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইসি।
মূলত, আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত নির্বাচনের অভিযোগের কারণেই ডিসিদের রিটার্নিং কর্মকর্তা করার ক্ষেত্রে আপত্তি উঠেছিল।
এছাড়া, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিটিও ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার সুপারিশ করে।
তাদের দাবির কারণে দুয়েকটি জেলার দায়িত্ব ইসির নিজস্ব কর্মকর্তাদের দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মোটেও ভালো নেই সৌদি প্রবাসী লাখ লাখ শ্রমিক— নয়া দিগন্তের প্রথম পাতার খবর এটি।
এতে বলা হয়েছে, 'ফ্রি ভিসার' নামে চার-পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরবে যাওয়ার পর প্রবাসীদের কপালে পদে পদে ভোগান্তি আর ভোগান্তি।
এরপরও মিলছে অল্প বেতন। যা দিয়ে তাদের কিছুই হচ্ছে না। ৩ মাস কাজ করানোর পর ১ মাসের বেতন দিচ্ছে এমন অভিযোগও পাওয়া যাচ্ছে।
এমন পরিস্থিতি মানিয়ে চলতে না পারার কারণে একপর্যায়ে অনেকেই দেশে ফিরতে বাধ্য হচ্ছেন।
যদিও বাংলাদেশ থেকে বৈধভাবে প্রতি বছর যে পরিমাণ শ্রমিক বিদেশে কাজ করতে যান, তার প্রায় অর্ধেকই যাচ্ছে সৌদি আরবে।
সৌদি আরবগামী কর্মীদের মধ্যে থেকে অনেক শ্রমিক ও তাদের স্বজনরা প্রতিনিয়ত জনশক্তি কর্মসংস্থান ব্যুরোতে নানা সমস্যার কথা উল্লেখ করে লিখিত অভিযোগ দিচ্ছেন।
এসব ঘটনার তদন্ত করতে গিয়ে কর্মীদের সমস্যায় থাকার বিষয়ে সত্যতা পাচ্ছে তদন্তকারীরা।
এরপরই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কর্মকর্তারা বিদেশগামীদের ছাড়পত্র প্রদানে কঠোর অবস্থান নেন।
প্রথম আলোর প্রথম পাতার একটি খবরের শিরোনাম— সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা।
প্রতিবেদনটিতে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার কথা বলা হচ্ছে। উদ্বোধনী ম্যাচের ঠিক ১৮৮ দিন আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হলো দলগুলোর ভাগ্য নির্ধারণী এই মিলনমেলা।
বরাবারের মতো ১২টি গ্রুপের প্রতিটিতে চারটি করে দেশ অংশ নিচ্ছে এই আসরেও।
গ্রুপ 'জে'-তে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।
আর 'সি' গ্রুপে ব্রাজিলের সঙ্গে আছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
এছাড়া, গ্রুপ 'আই'-এ জায়গা পেয়েছে ফ্রান্স ও নরওয়ে। ফলে গ্রুপ পর্বেই দেখা যাবে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডের লড়াই।
এদিকে, ড্র অনুষ্ঠানের দিন সূচি দেওয়া হবে না, আজ শনিবার এই বিশ্বকাপের সূচি প্রকাশ করবে।
ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক তিন দেশের তিন প্রধান—কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।