আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
'আইনি কাঠামো পাচ্ছে সরকার'
আইনি কাঠামো পাচ্ছে সরকার— এটি আজকের পত্রিকার প্রধান শিরোনাম। খবরে বলা হয়েছে, আইনি কাঠামোর মধ্যে আসছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হওয়ায় বর্তমানে সংবিধানে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা এবং প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার পদ বলে কিছু নেই।
এ কারণে অন্তর্বর্তী সরকারের আইনি ভিত্তি নিয়ে যাতে প্রশ্ন না ওঠে, সে জন্য ১৯শে সেপ্টেম্বর ‘অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।
আইন ও বিচার বিভাগ প্রণীত এ অধ্যাদেশ জারি হলে আদালতে বৈধতার প্রশ্ন তুলে এই অন্তর্বর্তী সরকারকে অবৈধ বা বাতিল করা যাবে না।
আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার দিন পর্যন্ত বর্তমান সরকারের মেয়াদ হবে। এর আগে, সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মেয়াদ ধরা ছিল ৯০ দিন।
অন্তর্বর্তী সরকারের কাজ কী হবে, তা-ও চূড়ান্ত করা অধ্যাদেশে ঠিক করে দেয়া হয়েছে। এ-সংক্রান্ত ধারায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার একটি অস্থায়ী বা সাময়িক সরকার হিসেবে দায়িত্ব পালন করবে।
অধ্যাদেশটির খসড়ায় রাষ্ট্রপতির সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রসঙ্গে বলা হয়েছে, ‘বিদ্যমান অন্যান্য আইনে যা কিছুই বলা থাকুক না কেন, অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টার পরামর্শ নিয়ে রাষ্ট্রপতিকে কাজ করতে হবে। জরুরি অবস্থা ঘোষণার বৈধতার জন্য প্রধান উপদেষ্টার পরামর্শ নিতে হবে।’
কবে নাগাদ অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি হতে পারে, তা নিশ্চিত করে বলা হয়নি এই প্রতিবেদনে।
গ্যাস-কয়লার সংকট, যোগ হচ্ছে ১৩২০ মেগাওয়াটের আরো একটি বিদ্যুৎ কেন্দ্র— এটি বণিক বার্তার প্রধান শিরোনাম।
প্রতিবেদনে বলা হয়েছে, এক হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার আরেকটি বিদ্যুৎকেন্দ্র দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় যুক্ত হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রটি পটুয়াখালীর কলাপাড়ায় স্থাপিত, যেটি কয়লাভিত্তিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির।
যদিও দেশের জ্বীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো জ্বালানি সংকটে ভুগছে। জ্বালানি সংকটে দেশে এখন বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ রয়েছে।
একই সঙ্গে বিদ্যুৎ কেনা বাবদ বিপিডিবির বিপুল পরিমাণ বিল বকেয়া পড়ছে কেন্দ্রগুলোর কাছে।
পটুয়াখালীর এ বিদ্যুৎকেন্দ্র আগামী ডিসেম্বরে জাতীয় গ্রিডে সংযুক্ত হওয়ার কথা রয়েছে। আর আগামী মার্চে এর প্রথম ইউনিট (৬৬০ মেগাওয়াট) উৎপাদনে যাবে।
আগামী জুনের মধ্যে এখান থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করতে চায় নির্মাণকারী প্রতিষ্ঠান।
এটি উৎপাদনে গেলে দেশে স্থাপিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মোট সক্ষমতা দাঁড়াবে ৭ হাজার ৩১২ মেগাওয়াটে।
পাচারের অর্থ উদ্ধারে যুক্ত হচ্ছে অনেক আন্তর্জাতিক সংস্থা— এটি নয়াদিগন্তের প্রধান খবরের শিরোনাম।
প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে অর্থপাচারের ঘটনায় তদন্ত সংশ্লিষ্ট অভিজ্ঞতা অন্যান্য দেশে কাজে লাগাতে চায় বিশ্বের অনেক সংস্থা।
তাই এ কার্যক্রমে সম্পৃক্ত হতে প্রায় অর্ধশত বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকে তাদের পরিচিতিপত্র পাঠিয়েছে।
কেউ কারিগরি সহায়তা করা, কেউ আবার অর্থ উদ্ধারের কার্যক্রমে অংশগ্রহণ করতে পরামর্শক নিয়োগ পেতে আগ্রহপত্র পাঠিয়েছে।
এ বিষয়ে প্রশিক্ষণ দিতে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের প্রতিনিধিরা শিগগিরই বাংলাদেশে আসছেন। পাশাপাশি আন্তর্জাতিক দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধিরাও আগামী সপ্তাহে ঢাকায় আসছেন।
বাংলাদেশ ব্যাংকের সূত্রের বরাতে খবরে বলা হয়, অগ্রাধিকারভিত্তিতে ১০টি বড় শিল্প প্রতিষ্ঠানের অর্থ পাচারের বিষয়ে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।
ইতোমধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শেষ হয়ে অর্থ উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে।
এস আলমের অর্থ পাচারের ঘটনা উদঘাটনের কাজ শেষ হয়েছে। এস আলমেরও দেশি-বিদেশি সম্পদ জব্দের অনুমোদন পাওয়ার কাজ শুরু হয়েছে।
পর্যায়ক্রমে বাকি ৮ প্রতিষ্ঠানের অর্থ পাচারের তথ্য উদঘাটনের কাজ চলছে।
মব জাস্টিস আতঙ্ক— মানবজমিন পত্রিকার প্রথম পাতার শিরোনাম এটি। খবরে বলা হয়েছে, সম্প্রতি দেশজুড়ে বৃদ্ধি পাওয়া মব জাস্টিসের কারণ সুবিধা বঞ্চিত থাকা, প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত, ব্যক্তিগত দ্বন্দ্ব, জমানো ক্ষোভসহ ইত্যাদি।
মব জাস্টিস বন্ধে সরকারের নির্দেশনা থাকলেও তা পুরোপুরি বন্ধ হচ্ছে না এখনও।
মব জাস্টিসে ইতোমধ্যে মানুষ হত্যা, গণপিটুনি, ব্যবসা প্রতিষ্ঠানে লুট, অনেকেই চাকরিহারা ও পদহারা হয়েছেন।
এতে করে এটি এখন রীতিমতো আতঙ্কের নাম। বিচ্ছিন্ন এসব ঘটনায় সমাজে নেতিবাচক বার্তা ছড়িয়ে পড়ছে।
পরিবর্তিত পরিস্থিতিতে সুযোগ সন্ধানী অনেকে আইনি প্রক্রিয়া মোকাবেলা না করে নিজেই বিচার করতে চাচ্ছে।
এসব দেখভালের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও দেখেও না দেখার ভান করছেন। ফলে একের এক মব জাস্টিস ঘটছে।
পুলিশ ও গোয়েন্দাসূত্রগুলো বলছে, যারা মব জাস্টিসের সঙ্গে জড়িত, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য।
রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে ফায়দা নেয়ার চেষ্টা করছেন তারা।
অনুষ্ঠানে যোগ দিতে সরকারি কর্মচারীদের মানতে হবে ৯ নির্দেশনা— প্রথম আলোর প্রথম পাতার একটি খবরের শিরোনাম এটি।
খবরে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের নয়টি নির্দেশনা দিয়েছে সরকার। এসব নির্দেশনা মূলত যেকোনো অনুষ্ঠানে যোগ দেয়ার আগে যেন তারা বিশেষ সতর্কতা অবলম্বন করে।
গত ২৮শে অক্টোবর সচিবদের উদ্দেশে পাঠানো চিঠিতে জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পরিপ্রেক্ষিত বিবেচনায় সরকারি কর্মচারীদের অধিকতর সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হচ্ছে।
সম্প্রতি মাঠপর্যায়ের কিছু অফিসের কর্মকাণ্ডের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
নির্দেশনায় সচিবসহ দপ্তর-সংস্থার প্রধান এবং মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অনুষ্ঠানে যোগ দেয়ার আগে কয়েকটি বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে।
এর মধ্যে রয়েছে বিতর্ক এড়াতে অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য অতিথি সম্পর্কেও তথ্য সংগ্রহ, কোনো বিতর্কিত ব্যক্তি অনুষ্ঠানে অতিথি তালিকায় থাকলে ওই অনুষ্ঠান এড়ানোর পরামর্শ, আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্র, ব্যানার, প্রচারপত্র, পতাকাসহ যেকোনো ছাপানো কাগজের বর্ণনা, লোগো বা স্লোগানে কোনো আপত্তিকর বা বিতর্ক সৃষ্টিকারী কোনো উপাদান রয়েছে কি না, তা পরীক্ষা করতে হবে।
অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছ থেকে সহায়তা নেয়ার মতো বিষয়।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে যেসব দিবস বাতিল ঘোষণা করেছে, সেসব দিবসের আগের বছরগুলোর সব স্মারক, ক্রেস্ট, ছবি সব অফিস থেকে অপসারণ করতে চায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
আয়নাঘর ছাড়া আরও ৭ বন্দিশালা— দেশ রুপান্তরের প্রথম পাতার শিরোনাম এটি। এ সংক্রান্ত খবর আজ বিভিন্ন পত্রিকায় ছাপানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনে এখন পর্যন্ত ১ হাজার ৬০০টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৩৮৩টি অভিযোগ খতিয়ে দেখেছে কমিশন, যার মধ্যে ১৭২টি অভিযোগই র্যাবের বিরুদ্ধে।
এছাড়া মহানগর গোয়েন্দা শাখা ডিবির বিরুদ্ধে ৫৫টি, সিটিটিসির (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট) বিরুদ্ধে ৩৭টি, ডিজিএফআইর (ডিরেক্টর জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স) বিরুদ্ধে ২৬টি, পুলিশের বিরুদ্ধে ২৫টি এবং অন্যান্যভাবে ৬৮টি গুমের অভিযোগ পাওয়া গেছে।
গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির চেয়ারম্যান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট ১৪০ জনের সাক্ষাৎকার নেয়া হয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২০০-এর বেশি গুম হওয়া ব্যক্তিকে এখনও শনাক্ত করা যায়নি।
BNP for polls roadmap in 2 to 3 months অর্থাৎ— দুই থেকে তিন মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি— এটি দ্য ডেইলি স্টারের প্রথম পাতার খবর।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। এ সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার রোডম্যাপ স্পষ্ট না করলে মার্চ বা এপ্রিলে রাজপথে নামবে দলটি।
গতকাল সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
দ্য ডেইলি স্টারকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নির্বাচনের কোনো রোডম্যাপ না থাকায়, প্রায় প্রত্যেক খাতে বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়নি।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী হচ্ছে।
স্থায়ী কমিটির বৈঠকে বেশ কয়েকজন নেতা বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে একটি যৌক্তিক সময় দেয়া উচিত, যা এক বছরের বেশি নয়।
সাড়ে তিন কোটির বেশি শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় সিসা— কালের কণ্ঠের প্রথম পাতার শিরোনাম এটি।
খবরে বলা হয়েছে, দেশে সাড়ে তিন কোটির বেশি শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় সিসার উপস্থিতি পাওয়া গেছে। যার ফলে সিসাদূষণে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে চতুর্থ।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সঙ্গে মিলে ইউনিসেফ খুলনা, টাঙ্গাইল, পটুয়াখালী ও সিলেট জেলায় ৯৮০ জন এবং ঢাকায় ৫০০ শিশুকে পরীক্ষা করে সবার রক্তে সিসার উপস্থিতি পেয়েছে।
এসব নমুনার মধ্যে চার জেলায় ৪০ শতাংশ এবং ঢাকায় ৮০ শতাংশ নমুনায় প্রতি ডেসিলিটার রক্তে পাঁচ মাইক্রোগ্রামের বেশি সিসা পাওয়া যায়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত ন্যূনতম মাত্রার চেয়ে বেশি।
অবশ্য শিশুদের রক্তে কোনো মাত্রার সিসার উপস্থিতিই নিরাপদ নয়।
এতে উদ্বেগ প্রকাশ করে সিসামুক্ত বাংলাদেশ গড়ার কৌশল প্রণয়নে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছে ইউনিসেফ।
শেষ মুহূর্তেও কমলা-ট্রাম্পের তীব্র লড়াই— সমকালের পত্রিকার প্রথম পাতার শিরোনাম এটি।
এই প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমালা হ্যারিসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা বলা হয়েছে। ঢাকা থেকে প্রকাশিত আজকের বেশিরভাগ সংবাদপত্রে স্থান পেয়েছে মার্কিন নির্বাচনের খবর।
গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটে বড় ধরনের কোনো অঘটন বা সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে ভোটে ট্রাম্প হেরে গেলে তার সমর্থকরা সহিংসতা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চিরাচরিত রীতি অনুযায়ী, আজ বুধবার সকালে ফলাফল মিলবে কি না, তা নিয়েও অনিশ্চয়তার কথা বলা হয়েছে। এমনটা হলে ফল প্রকাশে কয়েক দিন লেগে যেতে পারে।
এবারের নির্বাচনে যিনিই জয়ী হোক না কেন, কয়েক প্রজন্মের ওপর তার প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের অভিমত।