'খাদ্য মূল্যস্ফীতি ১২ বছরের মধ্যে সর্বোচ্চ'

সংবাদপত্র
Published

বাংলাদেশে খাবারের দাম বৃদ্ধি নিয়ে দ্য ডেইলি স্টার পত্রিকার শিরোনাম, ‘Food inflation highest in 12 years.’ অর্থাৎ খাদ্য মূল্যস্ফীতি ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। এই খবরটিতে বলা হয়েছে যে, অগাস্টে মুদ্রাস্ফীতি ২৩ বেসিস পয়েন্ট বেড়ে যাওয়ার কারণে গড় মূল্যস্ফীতি ৯.৯২ শতাংশে দাঁড়িয়েছে।

তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, অগাস্টে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১২.৫৪ শতাংশে দাঁড়িয়েছে যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে খাদ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল ২০১১ সালের অক্টোবরে- ১২.৮২ শতাংশ।

খাদ্য মূল্যস্ফীতি বেশি বেড়েছে গ্রামীণ এলাকায়। সেখানে এর পরিমাণ ১২.৭১ শতাংশ। গত জুলাইতে এটি ছিল ৯.৮২ শতাংশ।

সব মিলিয়ে ২০২৩ সালে গড় মূল্যস্ফীতি ছিল ৯.৪০ শতাংশ। এমন এক সময়ে এই মূল্যস্ফীতি বাড়ছে যখন আশেপাশের দেশসহ সারা বিশ্বে এটি কমে আসছে।

একই বিষয়ে দেশ রূপান্তর পত্রিকার শিরোনাম, খাবারের দাম কমেছে সারা বিশ্বে, দেশে রেকর্ড বৃদ্ধি। এই খবরটিতে বলা হয়েছে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও এর তথ্য অনুযায়ী, গত অগাস্ট মাসে সারা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমে সর্বনিম্ন হয়েছে।

এই সময়ে চাল ও চিনি ছাড়া বিশ্ববাজারে প্রায় সব খাদ্যপণ্যের দামই কমেছে। তবে উল্টোচিত্র দেখা গেছে বাংলাদেশে।

অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের টাকা ছাপিয়ে ধার দেওয়াটা মূল্যস্ফীতিকে উসকে দিয়েছে।

পৃথিবীর প্রায় সব দেশ সুদহার বাড়িয়ে যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করছে সেখানে বাংলাদেশ হাঁটছে উল্টো পথে। ব্যবসায়ীদের সুবিধা দিতে এখনো কৌশলে সুদহার কমিয়ে রাখা হয়েছে। তাছাড়া বাজার অব্যবস্থাপনার কারণেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে।

সংবাদপত্র
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

টাকার মূল্য কমে যাওয়া নিয়ে নিউ এইজ পত্রিকার শিরোনাম, ‘Taka marks sharpest fall in 46 years.’ অর্থাৎ ৪৬ বছরের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে টাকার সবচেয়ে বড় দরপতন।

এই খবরে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে টাকার মান ২৬.১ শতাংশ কমার পর ডলারের বিপরীতে স্থানীয় এই মুদ্রার অবমূল্যায়ন এখনো চলছে।

’২৪ অর্থবছরে সেপ্টেম্বরের ৭ তারিখ পর্যন্ত বাংলাদেশি মুদ্রার মান আরো ১.৮ শতাংশ কমেছে। অন্যদিকে আন্তঃব্যাংক ডলারের দাম ১০৮ টাকা থেকে বেড়ে ১১০ টাকা হয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, ২৩ অর্থবছরটি স্থানীয় মুদ্রার জন্য গত বেশ কিছু বছরের মধ্যে সবচেয়ে খারাপ ছিল। কারণ এবছরই অর্থনৈতিক দুর্বলতা, ডলার সংকট এবং নিত্য পণ্যের দাম আকাশচুম্বী হয়েছে।

এর আগে ১৯৭৪-৭৫ অর্থবছরে টাকার অবমূল্যায়ন সর্বোচ্চ ৭১ শতাংশ হয়েছিল। সেবছর টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে ৮.৮ টাকা থেকে ১৫.৯৫ টাকায় দাঁড়িয়েছিল।

বণিক বার্তা পত্রিকার শিরোনাম, রিজার্ভ ২২ বিলিয়ন ডলারের নিচে নেমেছে।এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে।

আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে (বিপিএম৬) দেশের রিজার্ভ এখন ২১ দশমিক ৭০ বিলিয়ন ডলার। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জুলাই-আগস্ট মেয়াদের আমদানি দায় পরিশোধের পর রিজার্ভের বড় পতন হয়েছে।

গত সপ্তাহে আকুর পেমেন্ট বাবদ পরিশোধ করা হয়েছে ১৩১ কোটি ডলার। রেমিট্যান্স ও রফতানি আয় কমে যাওয়ার প্রভাবে দেশের বৈদেশিক মুদ্রাবাজারে সংকট আরো বেড়েছে।

ডলার সংকট নিয়ে মানবজমিন পত্রিকার শিরোনাম, ডলার সংকট তীব্র, বিদেশি ঋণ পরিশোধে দুশ্চিন্তা। এই খবরটিতে বলা হচ্ছে, বর্তমানে দেশের অর্থনীতিতে যেসব সমস্যার সৃষ্টি হয়েছে, এর অন্যতম কারণ হলো ডলারের সংকট।

দীর্ঘদিন ধরেই ডলারের সংকট থাকলেও বর্তমানে বৈদেশিক মুদ্রা বাজারে ডলারের সংকট প্রবল আকার ধারণ করেছে।

বাণিজ্যিক ব্যাংকগুলোতে নগদ ডলার মিলছে না বললেই চলে। অন্যদিকে কার্ব মার্কেট বা খোলাবাজারেও ডলার বেচাকেনা একেবারেই কম। আর থাকলেও দাম বেশি।

ডলারের এই সংকটকালে বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতকে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে প্রায় ১২ বিলিয়ন বা ১ হাজার ২০০ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করতে হবে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসা এবং ডলার সংকটের কারণে বিদেশি ঋণ পরিশোধ করা জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদপত্র

ব্যাংকখাত নিয়ে সমকাল পত্রিকার শিরোনাম, ব্যাংক খাতে অস্বস্তি বাড়ছে। এতে বলা হচ্ছে, ডলার সংকটের মধ্যে ব্যাংক খাতে চলছে টাকার টানাটানি। দৈনন্দিন চাহিদা মেটাতে অনেক ব্যাংক নিয়মিত ধার করছে। এরপরও কিছু ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ নগদ জমা রাখতে পারছে না।

এই সংকটের মূলে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি, আস্থাহীনতা ও বৈশ্বিক পরিস্থিতি। এর মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ৪৭০ কোটি ডলার ঋণের শর্ত অনুযায়ী খেলাপি ঋণ কমানো ও সুশাসন প্রতিষ্ঠা নিয়ে চাপে রয়েছে ব্যাংক খাত।

এমন সময়ে একের পর এক পদত্যাগ করছেন বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিরা। এ নয়ে ব্যাংক খাতে তৈরি হয়েছে নতুন অস্বস্তি।

এই খবরটিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভিন্ন সমৃদ্ধির জন্য বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক একটি কৌশলগত অংশীদারিত্বে পৌঁছাবে।

রাজধানীর এক হোটেলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সম্মানে আয়োজিত ভোজসভায় শেখ হাসিনা বলেন, ‘আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ইন্দো-প্যাসিফিক এবং এর বাইরেও সকলের অভিন্ন সমৃদ্ধির জন্য কৌশলগত সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারে বলে আমি আত্মবিশ্বাসী।’

প্রধানমন্ত্রী বলেন, তারা কৌশলগত সম্পদ ও উন্নত প্রযুক্তিতে সহযোগিতার নতুন ক্ষেত্র খুলে দিচ্ছে। বর্তমান বিশ্বে যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং জীবনযাত্রার ব্যয়ের একাধিক সংকট মোকাবেলায় আমাদের অংশীদারিত্ব একটি অর্থবহ শক্তি হতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে সংবাদ পত্রিকার শিরোনাম, প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের সৌহার্দ্যপূর্ণ চ্যাট যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সুসম্পর্ক তুলে ধরেছে

এই খবরে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অত্যন্ত উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ চ্যাট ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে গভীর সুসম্পর্ককে চিহ্নিত করেছে।

পররাষ্ট্রমন্ত্রী গত শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দৈনন্দিন ব্যস্ততার বিষয়ে মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, ‘তার (বাইডেন) বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার সব ইচ্ছা রয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদীর আমন্ত্রণে জি-২০ সম্মেলনে যোগ দিতে গত ৮ সেপ্টেম্বর ভারতে পৌঁছেছেন।

মিডিয়া ব্রিফিংয়ে মোমেন বলেন, বাইডেন এর আগে মন্তব্য করেছিলেন যে ‘গত ৫০ বছর ধরে বাংলাদেশের সঙ্গে আমেরিকার একটি খুব সুন্দর সম্পর্ক রয়েছে এবং আগামী ৫০ বছরে এটি আরও শক্তিশালী ও দৃঢ় হবে’। তিনি বলেন, ‘আজ আমরা এর নমুনা দেখেছি।’

জি২০ সম্মেলনের বিষয়ে প্রথম আলো পত্রিকার শিরোনাম, ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ ঘিরে নতুন অর্থনৈতিক করিডর

এতে বলা হয়েছে, ভারত, পশ্চিম এশিয়া ও ইউরোপে আর্থিক কর্মকাণ্ডে গতি আনতে ঘোষিত হয়েছে এক নতুন রেল ও জাহাজ চলাচলের করিডর।

এই নতুন করিডর ঘোষণার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে, তবে কি চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ কিংবা ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের সঙ্গে পাল্লা দিতে চলেছে ভারত ও যুক্তরাষ্ট্র?

গত শনিবার ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলনে এই নতুন অর্থনৈতিক করিডরের কথা ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ডর্জান, ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়নকে রেল ও সমুদ্রপথে সংযুক্ত করা এই প্রকল্পের উদ্দেশ্য।

সংবাদপত্র

অন্যান্য

কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম, ছাত্রলীগ নেতাদের পেটানো সেই এডিসি হারুনকে এপিবিএনে বদলি। এতে বলা হয়েছে, ছাত্রলীগের দুই নেতাকে থানার ভেতর নির্মমভাবে মারধরের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশিদকে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে এপিবিএনে বদলি করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে মহানগর পুলিশ।

ছাত্রলীগ নেতাদের পেটানোর ঘটনায় এডিসি হারুন অর রশিদকে প্রথমে ডিএমপির রমনা জোন থেকে পুলিশের দাঙ্গা দমন বিভাগে বদলি করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মো. ফারুক হোসেন কালের কণ্ঠকে এ তথ্য জানান।

সমকাল পত্রিকার শিরোনাম, দুর্নীতির মাত্রা আগের তুলনায় বেড়েছে, সংসদে পরিকল্পনামন্ত্রী। এই খবরটিতে বলা হয়েছে, সারাদেশে অনেকক্ষেত্রে দুর্নীতির মাত্রা আগের তুলনায় বেড়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রোববার জাতীয় সংসদে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিল–২০২৩ পাসের আলোচনায় বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে বিলের আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের একাধিক সংসদ সদস্য বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনেন।

নয়া দিগন্ত পত্রিকার শিরোনাম, ডেঙ্গুর ৬৩ শতাংশ মৃত্যু শক সিনড্রোমে। এতে বলা হয়েছে, ডেঙ্গুর ৬৩ শতাংশ মৃত্যু হয়েছে শক সিনড্রোমে এবং এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোমে মারা গেছে ২২ শতাংশ। অপর ১৫ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে ডেঙ্গু হেমোরেজিক ও ডেঙ্গু কোমরবিডিটিতে।

গত ৩ থেকে ৯ সেপ্টেম্বর এই সাত দিনে ডেঙ্গু আক্রান্তদের মৃত্যুর কারণ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার। এদিকে গতকালও ডেঙ্গু আক্রান্তের ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে।

এবার চলতি বছরের মধ্যে সবচেয়ে আক্রান্ত ও হাসপাতালে ভর্তির তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত দেশে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৯৯৩ জন এবং একই সময়ে মৃত্যু হয়েছে ১৪ জনের।