'ঝুঁকিতে ৪০০০০ কোটির বাজার'

সংবাদপত্র
Published

ঝুঁকিতে ৪০০০০ কোটির বাজার – দেশ রূপান্তরের প্রধান শিরোনাম এটি। এতে বলা হয়েছে, বাংলাদেশের শ্রমবাজার মূলত মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ওপরই অনেকটা নির্ভরশীল। দেশের প্রবাসী আয়ের উল্লেখযোগ্য অংশই আসে এই অঞ্চলগুলো থেকে। তবে দিন দিন এই দেশগুলো প্রবাসীদের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

দেশে শক্তিশালী সিন্ডিকেট, দালাল ও এজেন্সিগুলোর নানা অনিয়মের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রবাসী আয় ইতোমধ্যেই ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে। যদিও এসব দেশে যেতেও অন্য দেশের তুলনায় বাংলাদেশিদের খরচ অন্তত দ্বিগুণেরও বেশি।

দালালদের খপ্পরে পড়ে প্রবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ অবৈধ হয়ে পড়ায় ব্যাংকিং চ্যানেলে আয় পাঠাতে পারছেন না। এসব দেশে প্রবাসী বাড়লেও হুন্ডির কারবারিদের থাবায় আয়ের বড় অংশই অবৈধভাবে আসছে।

প্রতিবছর যে সংখ্যক প্রবাসী যাচ্ছেন, তার বিপরীতে আয় সেভাবে আসছে না। সৌদি আরবের মতো সবচেয়ে বেশি প্রবাসী অধ্যুষিত দেশেও রেমিট্যান্স ধারাবাহিকভাবে কমছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় সেখান থেকেও আয় কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। মালয়েশিয়া, মালদ্বীপ ও সৌদি আরর নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এই তিন দেশের শ্রমবাজার ঝুঁকিতে পড়েছে।

মালয়েশিয়ায় বেনজীরের ‘সেকেন্ড হোম’ – যুগান্তরের খবর। এতে বলা হয়েছে, মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার কর্মসূচি ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ প্রকল্পের অধীনে বিপুল বিনিয়োগ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

দেশ থেকে অর্থ নিয়ে সেখানে আবাসন খাতে লগ্নি করেছেন তিনি। কিনেছেন বাড়ি। সিঙ্গাপুরে স্ত্রীর চিকিৎসা শেষে মালয়েশিয়ার ওই বাড়িতে গিয়েই আপাতত সপরিবারে বসতি গেড়েছেন।

মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে তার অর্থ লেনদেনের সুস্পষ্ট তথ্য-প্রমাণও আছে। দেশে-বিদেশে বেনজীরের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান টিম। এদিকে দেশেও বেনজীরের আরও সম্পদের বিষয়ে তথ্য পাচ্ছে দুদক।

ব্যক্তির দায় প্রতিষ্ঠান নেবে না: বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী; দৈনিক ইত্তেফাকের এই খবরের বিস্তারিততে বলা হয়েছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুর্নীতি করে থাকলে তার দায় বাহিনী নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এ সময় মন্ত্রী বলেন, যদি কেউ অন্যায় করে থাকে, আইন অনুযায়ী তার বিচার হবে। বেনজীর আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত বিষয়। কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায় প্রতিষ্ঠান নেয় না।

সংবাদপত্র
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

বাজেটে বিদেশি ঋণের চাপ – মানবজমিনের শিরোনাম এটি। এতে বলা হয়েছে, প্রথমবারের মতো প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী ৬ই জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট সংসদে উত্থাপিত হবে।

তবে বিশাল আকারের এই বাজেটে বিদেশি ঋণের বোঝা আরও বাড়বে বলে সূত্রের বরাতে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দেশে ক্রমেই বাড়ছে ঋণের পরিমাণ। এতে বিদেশি ঋণ পরিশোধেও চাপ বাড়ছে। আগামী অর্থবছরের বাজেট ব্যয়ের বড় অংশ যাবে ঋণের সুদ পরিশোধে।

দেশি-বিদেশি ঋণের সুদ ব্যয়ের পরিমাণ ১ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় ৩৮ শতাংশ বেশি।

Narrowest budget deficit as govt to curb expenses – ডেইলি স্টারের প্রধান শিরোনাম এটি। বিস্তারিত খবরে বলা হয়েছে, যেহেতু সরকার খরচ কমিয়ে আনতে চাইছে, তাই আগামী অর্থবছরে বাজেট ঘাটতি ৪.৬ শতাংশ হতে পারে যা প্রায় ১ দশক আগে ছিল। সরকার সাধারণত বাজেট ঘাটতি ৫ শতাংশে রাখে।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালে রাজনৈতিক অস্থিরতার সময় ও ২০১৪ নির্বাচনের আগে সরকার যে বাজেট দেয় তাতে ঘাটতির পরিমাণ ছিল ৪.৬ শতাংশ। নতুন করে ক্ষমতায় আসার পর এই বাজেটটি হতে যাচ্ছে বর্তমান সরকারের প্রথম বাজেট। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও সঙ্কটে রয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি।

সংবাদপত্র

নিত্যপ্রয়োজনীয় ৩০ পণ্যে কমছে কর – কালের কণ্ঠের শিরোনাম এটি যেখানে বলা হয়েছে বাজার স্থিতিশীল রাখা এবং উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে অন্তত ৩০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর কর কমানো হচ্ছে।

আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এসব পণ্যে উৎসে কর ২ থেকে কমিয়ে ১ শতাংশ করা হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রের বরাতে এ তথ্য উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। আগামী অর্থবছরের বাজেটে সরকারের শীর্ষ ১০ লক্ষ্যের মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ।

শেষ হওয়ার পথে বৃহৎ পাঁচ প্রকল্পের গ্রেস পিরিয়ড – বণিক বার্তার খবর এটি। এতে বলা হয়েছে, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার দীর্ঘ রেলপথটি নির্মাণ হচ্ছে চীনের ২৬০ কোটি ডলার ঋণ অর্থায়নে। ঋণের সুদহার নির্ধারণ করা হয়েছে ২ শতাংশ।

এর সঙ্গে সার্ভিস চার্জ হিসেবে আছে আরো দশমিক ২৫ শতাংশ। প্রকল্পের ঋণ পরিশোধে নির্ধারিত পাঁচ বছরের গ্রেস পিরিয়ড এরই মধ্যে শেষ হয়েছে। তবে এখনো এর ঋণ পরিশোধ শুরু হয়নি। আসন্ন ২০২৪-২৫ অর্থবছর থেকে ১৫ বছর ধরে এ ঋণ ও ঋণের সুদ পরিশোধ করতে হবে সরকারকে।

ঢাকা পাওয়ার নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নেটওয়ার্ক শক্তিশালীকরণে গৃহীত প্রকল্পেরও গ্রেস পিরিয়ড আগামী মাসেই শেষ হচ্ছে। এরপর প্রকল্পের জন্য নেয়া ১ বিলিয়ন ডলারের ঋণ ও ঋণের সুদ পরিশোধ শুরু হবে।

শেষ হতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন (পিইডিপি-৪) প্রকল্পের গ্রেস পিরিয়ডও। এছাড়া আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বৃহৎ প্রকল্পগুলোর গ্রেস পিরিয়ড আগামী দুই বছরের মধ্যে শেষ হতে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে বড় হতে যাচ্ছে সরকারের ঋণ পরিশোধের দায়ও।

সংবাদপত্র

Flash flood, heatwave go together – অর্থাৎ আকস্মিক বন্যা ও তাপপ্রবাহ দুটো একসঙ্গেই চলবে, নিউ এজ করেছে এমন শিরোনাম।

এতে বলা হয়েছে, শনিবার দেশের ১৬টি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ চলবে, আবার সিলেট ও সুনামগঞ্জের দিকে চলছে বন্যা। এই দুটো সম্পূর্ণ ভিন্ন ধরনের আবহাওয়ার একই সময়ে উপস্থিতি জানান দেয় বৈশ্বিক উষ্ণতার ফলে আমাদের জলবায়ুতে কী রকম পরিবর্তন আসছে।

পর্দা উঠলো টি-২০ বিশ্বকাপের, নয়া দিগন্ত করেছে এমন শিরোনাম। বলা হচ্ছে ঘুমের আবেশ কাটতে না কাটতে বিশ্ব ক্রিকেটে অপরিচিত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সময় আজ সকাল সাড়ে ৬টায় তখন উদ্বোধন হয়ে যাবে টি-২০ বিশ্বকাপের।

প্রথমবারের মতো আইসিসির কোনো বড় ইভেন্ট যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে। আইসিসি এবং আয়োজকদের ধারণা, ক্রিকেটের তিন ফরম্যাটই নিয়মিতভাবে আয়োজন করা গেলে, যুক্তরাষ্ট্রের ক্রীড়াপ্রেমীদের কাছে ক্রিকেট জনপ্রিয় হয়ে উঠবে।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় খেলা হলো- আমেরিকান ফুটবল, বাস্কেটবল, বেসবল, আইস হকি এবং সকারের মতো খেলাগুলো। সেখানেই আজ উঠেছে ক্রিকেটের মেগা ইভেন্টের পর্দা।

আকর্ষণীয় ও উত্তেজনাপূর্ণ এই ক্রিকেট উৎসব এক মাসব্যাপী চলবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ডালাসে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডা।

সংবাদপত্র

রেলওয়ের ৭১৩ কোটি টাকার ‘গচ্চা প্রকল্প’ - সমকালের প্রতিবেদন এটি। একটি রেল স্টেশনের বর্ণনা দিয়ে এতে বলা হয়েছে, জংলা গাছপালায় ভরা চারপাশ। দিনের আলোতেও পথ চলতে করে গা-ছমছম। দূর থেকে টের পাওয়ার উপায় নেই, এটি রেলস্টেশন। আশপাশের কোথাও দেখা মেলে না রেলপথের।

শক্তপোক্ত লাইনের অনেক অংশই কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কোথাও আবার মাটির নিচে চাপা পড়ে মিশে গেছে জোড়া লাইনের অস্তিত্ব। ১৫ বছর ধরে পরিত্যক্ত দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়ার দেশের একমাত্র কঠিন শিলা প্রকল্প রেলস্টেশনের চেহারা এখন এমনই।

খনির উত্তোলন করা পাথর সহজে বিভিন্ন অঞ্চলে পাঠানোর এ প্রকল্পে রেলওয়ের খরচ হয়েছে প্রায় ৭১৩ কোটি টাকা। সঠিক পরিকল্পনার অভাব ও খনি কর্তৃপক্ষের উদাসীনতায় সম্ভাবনাময় এ প্রকল্পের হয়েছে ‘অপমৃত্যু’। আর কোটি কোটি টাকার রেলের সরঞ্জাম এখন দুর্বৃত্তদের কাছে ‘মেঘ না চাইতে বৃষ্টি’।

সংবাদপত্র

নেহেরুর পর টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন মোদী – ভারতের নির্বাচনের বুথফেরত জরিপের ফলাফল নিয়ে এমন শিরোনাম প্রথম আলোর। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের লোকসভা নির্বাচনের দুই মাসের প্রচার বিরোধী ‘ইন্ডিয়া’ জোটকে উৎসাহিত করলেও গতকাল শনিবার সন্ধ্যায় এক্সিট পোল বা বুথফেরত জরিপ তাদের তীব্রভাবে আশাহত করল।

দেশটির যতগুলো গণমাধ্যম এই জরিপের দায়িত্ব নিয়েছিল, তাদের কেউই শাসক দল বিজেপির তৃতীয়বার সরকার গঠন নিয়ে বিন্দুমাত্র সংশয় প্রকাশ করল না।

পাঁচ বছর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল ৩০৩ আসন, তাদের নেতৃত্বাধীন এনডিএ পেয়েছিল ৩৫৩। এবার মনে করা হচ্ছিল, পালাবদল না হলেও ‘ইন্ডিয়া’ জোট বিজেপিকে যথেষ্ট বেগ দেবে। আগের তুলনায় বিজেপি ও এনডিএর আসন কমে যাবে।

কিন্তু অধিকাংশ সংস্থার জরিপ অনুযায়ী, এনডিএ এবার আগেরবারের তুলনায় তাদের আসনসংখ্যা বাড়াতে চলেছে, যদিও তা ‘৪০০ পার’ হচ্ছে না।