পত্রিকা: 'আইজিপিসহ ফাঁসছেন ৮৭ শীর্ষ কর্মকর্তা'

ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র
ছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র
Published
পড়ার সময়: ৬ মিনিট

দেশ রূপান্তরের প্রথম পাতার খবর— আইজিপিসহ ফাঁসছেন ৮৭ শীর্ষ কর্মকর্তা

এতে বলা হয়েছে, আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় আইনশৃঙ্খলা বাহিনীর বর্তমান, সাবেক ও আওয়ামী লীগের নেতাসহ ৮৭ জন ফেঁসে যাচ্ছেন।

এর মধ্যে পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নাম থাকায় অস্বস্তিতে সরকারের নীতিনির্ধারকরা।

নির্বাচনের আগে বা পরে তাকে আইজিপির পদ থেকে সরিয়ে দেওয়ার চিন্তা করা হচ্ছে।

তাছাড়া, অন্যদের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা নিয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

সূত্রটি বলছে, অভিযুক্তদের মধ্যে যারা দেশের বাইরে আছেন, তাদের অবস্থান শনাক্ত করতে ইন্টারপোলের সহায়তা চাইবে বাংলাদেশ। এরই মধ্যে পুলিশ সদর দপ্তর সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে।

দেশ রূপান্তর
ছবির ক্যাপশান, দেশ রূপান্তর

এই খবরে বলা হয়েছে, ভিসা অপব্যবহারের অভিযাগ, হোম অফিসের কঠোর নিয়ম এবং প্রকৃত শিক্ষার্থীদের বেছে নিতে সরকারি চাপের কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ ও স্থগিত করছে যুক্তরাজ্যের বেশ কটি বিশ্ববিদ্যালয়।

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

পাশাপাশি পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তিও বন্ধ ও স্থগিত করা হচ্ছে।

উচ্চশিক্ষা বিশেষজ্ঞদের মতে, সমস্যাটা শুধু যুক্তরাজ্যে সীমাবদ্ধ না-ও থাকতে পারে। ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো যদি বাংলাদেশকে দীর্ঘদিন 'হাই রিস্ক' দেশ হিসেবে গণ্য করে, তাহলে ইউরোপের অন্য দেশগুলোও তা পর্যবেক্ষণ করবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আব্দুস সালাম বলেন, 'আমাদের দেশে শিক্ষার মান আশানুরূপ নয়। সামর্থ্যবান ও মেধাবী অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যকে বেছে নেয়। সেক্ষেত্রে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী ভর্তি বন্ধ করলে তা অবশ্যই আমাদের জন্য নেতিবাচক বিষয় হবে। সরকারের উচিত এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করা।'

এদিকে, ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে শিক্ষার্থী ভিসা আবেদন বাতিলের হার প্রায় ২২ শতাংশ। পাকিস্তান থেকে এ হার ১৮ শতাংশ।

দেশটির হোম অফিসের নতুন পরিবর্তিত নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্যে শিক্ষার্থী আনায় সক্ষমতা বজায় রাখতে প্রতিটি প্রতিষ্ঠানকে তিনটি সূচকে উত্তীর্ণ হতে হয়।

এর মধ্যে সবচেয়ে কঠোর পরিবর্তনটি হলো ভিসা প্রত্যাখ্যানের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে আনা।

কিন্তু পাকিস্তান ও বাংলাদেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে এ প্রত্যাখ্যান অনেক বেশি।

বণিক বার্তা

ঢাকার একটি হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা, চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া এবং পুত্রবধু জোবাইদা রহমানের ঢাকা আসার বিষয়ে আজ দেশের সব খবর প্রকাশ করেছে।

এ নিয়ে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম— Khaleda may fly to London today; অর্থাৎ আজ লন্ডনে যেতে পারেন খালেদা।

খবরটিতে বলা হচ্ছে, উন্নত চিকিৎসার জন্য কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আজ শুক্রবার লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে।

তার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য ও চীন থেকে আসা চার বিশেষজ্ঞ ও দেশীয় চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে বিবেচনায় আসেন যে, তিনি ভ্রমণ করতে পারবেন; তখন মেডিকেল বোর্ড তাকে বিদেশে নেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, খালেদা জিয়াকে বিদেশে নেওয়াকে কেন্দ্র করে ঢাকায় আসছেন তার ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। তিনি আবার খালেদা জিয়ার সাথে লন্ডনে ফিরে যাবেন।

দ্য ডেইলি স্টার

নিউ এইজের প্রথম পাতার একটি খবর— Khaleda's VVIP privilege doesn't cover family members: govt; অর্থাৎ সরকার বলেছে, খালেদাকে দেওয়া ভিভিআইপি সুবিধা পরিবারের অন্য সদস্যরা পাবেন না।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, খালেদা জিয়াকে ভিভিআইপি (অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি) হিসেবে অন্তর্বর্তী সরকার যে ঘোষণা দিয়েছে, সে অনুযায়ী তিনি সকল সুবিধা পাবেন। তবে পরিবারের কারও জন্য এই সুবিধা প্রযোজ্য নয় বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

গতকাল বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গত ২ ডিসেম্বর সাবেক এই প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার।

এরপর তার নিরাপত্তায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকায় এসএসএফ ও পিজিআর সদস্যদের নিয়োজিত করতে দেখা গেছে। বিএনপি চেয়ারপারসন গত ২৩ নভেম্বর থেকে সেখানে চিকিৎসাধীন।

নিউ এইজ

এই প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষকদের চলমান আন্দোলনের নেতা এবং তাদের বিভিন্ন সংগঠনের নেতাদের বদলি শুরু করার পর কর্মবিরতি কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

আগামী রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ।

এতে বলা হয়, নৈতিকতা, মানবিকতা এবং কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রোববার থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি স্থগিত করা হলো।

রোববার থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা চলবে।

উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।

সমকাল

নির্বাচনের তফসিল হতে পারে ১১ই ডিসেম্বর— মানবজমিনের প্রথম পাতার একটি খবরের শিরোনাম এটি।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা করবে তা নিয়ে আগামী রোববার আনুষ্ঠানিক বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ১১ই ডিসেম্বরকে লক্ষ্য রেখে তফসিলের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসি।

এ নিয়ে অনানুষ্ঠানিক একাধিক বৈঠকও হয়েছে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের মধ্যে।

এদিকে, সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎ পেতে চিঠি দিয়েছে ইসি। আগামী ১০ বা ১১ই ডিসেম্বর এই সাক্ষাৎ পেতে গতকাল বৃহস্পতিবার এই চিঠি দেয় সংস্থাটি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইসির চিঠির জবাবে আগামী ১০ই ডিসেম্বর বেলা ১২টায় এই সাক্ষাতের দিনক্ষণ ঠিক করেছেন।

মানবজমিন

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা— আজকের পত্রিকার প্রথম পাতার খবর এটি।

এতে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের নিরাপত্তাকে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিভিন্ন জেলার পুলিশ সুপাররা (এসপি)।

তবে ঝুঁকি বিবেচনায় রেখে সব প্রার্থীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নির্বাচন আয়োজন করা গেলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সদ্য পদায়ন পাওয়া ৬৪ জেলার এসপি, কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগে এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

এর আগে, সকালে নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের সব নতুন এসপির সঙ্গে বৈঠকে নির্বাচনকালীন দায়িত্ব ও মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দেন।

আজকের পত্রিকা

এবার জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা— কালের কণ্ঠের প্রথম পাতার সংবাদ এটি।

এই খবরে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

প্রসিকিউশনের দাখিল করা 'আনুষ্ঠানিক অভিযোগ' আমলে নিয়ে গতকাল বৃহস্পতিবার এ পরোয়ানা জারি করা হয়।

এই মামলার অন্য আসামি হচ্ছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় দুইজনের বিরুদ্ধে তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে।

অভিযোগগুলো হচ্ছে— জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের হত্যার তথ্য আড়াল, হত্যাযজ্ঞে উসকানি, ষড়যন্ত্র ও সম্পৃক্ততা।

আন্দোলনের সময় জয় দেশে ছিলেন না— এ বিষয়ে প্রশ্ন করলে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩(১) ধারায় বলা আছে, বাংলাদেশের কোনো নাগরিক দেশের ভেতরে বা বাইরে থেকে মানবতাবিরোধী অপরাধ করলে ট্রাইব্যুনাল তার বিচার করতে পারবেন।

জয় তখন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা থাকার কথাও উল্লেখ করেন তিনি।

কালের কণ্ঠ

প্রথম আলোর প্রথম পাতার খবর— জোট-মিত্রের জন্য ফাঁকা রেখে ৩৬ আসনে প্রার্থী দিল বিএনপি

খবরটিতে বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুই দফায় ২৭২টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এখনো ২৮টি আসনে দলটির প্রার্থী ঘোষণা বাকি আছে। এসব আসনের বেশিরভাগই সম্ভাব্য জোট বা মিত্র দলগুলোর জন্য রাখা হয়েছে বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আরও ৩৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তার আগে গত মাসে ২৩৭টি আসনে মনোনীত প্রার্থী নাম ঘোষণা করেছিল। এর মধ্যে মাদারীপুরের একটি আসনে প্রার্থিতা স্থগিত করা হয়। গতকাল সেই আসনে নতুন প্রার্থী দেয় দলটি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেসব আসনে জোটের সঙ্গী দলগুলোকে ছেড়ে দেওয়া হবে। এটা আরও পরে ঘোষণা করা হবে।

প্রথম আলো