'দীর্ঘদিন ভল্টের স্বর্ণ সরিয়ে সুড়ঙ্গ তৈরির নাটক!'

দীর্ঘদিন ভল্টের স্বর্ণ সরিয়ে সুড়ঙ্গ তৈরির নাটক! - এটি দৈনিক সমকাল পত্রিকার শিরোনাম। এতে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তারা মনে করছেন, স্বর্ণ চুরির ঘটনা ভিন্ন খাতে নিতেই সুড়ঙ্গ তৈরির নাটক করা হয়েছে। আসলে সুড়ঙ্গ দিয়ে নয়, বরং অনেক দিন ধরে ধীরে ধীরে স্বর্ণ সরানো হয়েছে। যারা লকার রুমে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাদের মধ্যে তিন জনকে সন্দেহের কেন্দ্রে রেখে তদন্ত করছে পুলিশ।
এদিকে, বিমানবন্দরের লকার থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনার আপডেট নিয়ে সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো। যার শিরোনামে বলা হয়েছে, দুজন শনাক্ত, সন্দেহে আরো দুই কর্মকর্তা।
এতে বলা হয়েছে, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত হয়ে বলেছেন যে, শুল্ক বিভাগের কোন না কোন কর্মকর্তার যোগসাজশে বিমানবন্দরের লকার থেকে ৫৫ কেজি সোনা চুরি হয়েছে। এর মধ্যে দুজন কর্মকর্তাকে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সন্দেহের তালিকায় আরও দুজন কর্মকর্তা রয়েছেন।
বিদেশে টাকা পাচারের বিষয়ে যুগান্তরের শিরোনাম, রপ্তানির আড়ালে ৬৮২ কোটি টাকা পাচার। এই খবরে বলা হয়েছে, গত পাঁচ বছরে ১৪টি প্রতিষ্ঠান অন্তত ৬৮২ কোটি টাকা পাচার করেছে তৈরি পোশাক রপ্তানির আড়ালে। আর টাকা পাচারের এ খবর তদন্ত করে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
প্রতিবেদেন বলা হয়, অর্থ পাচার করা এসব প্রতিষ্ঠান সিএন্ডএফ এজেন্টের সহায়তায় জাল কাগজপত্র বানিয়ে পণ্য বোঝাই শত শত কনটেইনার মধ্যপ্রাচ্যসহ ২৮টি দেশের অপ্রচলিত বাজারে রপ্তানি করে।
প্রতিষ্ঠানগুলো বিল অব এক্সপোর্ট জালিয়াতি এবং অন্য রপ্তানিকারক প্রতিষ্ঠানের ই-এক্সপি ব্যবহার করে চট্টগ্রাম বন্দর দিয়ে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫ বছরে এসব পণ্য রপ্তানি করে।
কিন্তু পণ্যগুলোর বিপরীতে প্রযোজ্য বৈদেশিক মুদ্রা দেশে আসেনি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক এমনকি কাস্টমস কর্তৃপক্ষও কোনো প্রশ্ন তোলেনি, কারও বিরুদ্ধে তদন্তও হয়নি।
টাকা পাচারের এই বিষয়টি প্রায় প্রতিটি পত্রিকাতেই উঠে এসেছে। একই বিষয়ে খবর প্রকাশ করেছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারও। তাদের শিরোনাম, ‘Tk 821 crore laundered in name of export.’ অবশ্য এই খবরে বলা হয়েছে যে, বিদেশে পাচার করা টাকার পরিমাণ প্রায় ৮২১ কোটি।
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
এতে বলা হয়, দেশে এ পর্যন্ত প্রকাশিত সব চেয়ে বড় অর্থ পাচারের ঘটনা সমানে এনেছে শুল্ক কর্তৃপক্ষ। যেখানে বলা হয়েছে যে, ৩৩টি তৈরি পোশাক শিল্প কারখানা ও বায়িং হাউস মিলে গত ছয় বছরে ৮২১ কোটি টাকার বেশি বিদেশে পাচার করেছে। আন্ডার ইনভয়েসিং বা পণ্যের দাম কম দেখিয়ে এবং ভুল শিপিং কোড ব্যবহার করে এই অর্থ পাচার করা হয়েছে। প্রথম ক্ষেত্রে পণ্যের দাম প্রকৃত দামের তুলনায় প্রায় ১০ গুণ কম দেখানো হয়েছে এবং দ্বিতীয় ক্ষেত্রে পণ্য ‘স্যাম্পল’ হিসেবে পাঠানোর কথা বলা হয়েছে যদিও সেগুলো আসলে শত শত কোটি টাকার রপ্তানিপণ্য ছিল।
নিউএইজ পত্রিকার প্রধান শিরোনাম, ‘BNP, AL likely to face off in mid-September.’ বা মধ্য সেপ্টেম্বরে মুখোমুখি হবে বিএনপি ও আওয়ামী লীগ। এতে বলা হয়েছে, আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুতে সাধারণ নির্বাচনকে সামনে রেখে রাজপথে একে অন্যের মুখোমুখি হবে দেশের প্রধান দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপি।
বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা এই পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, চলমান সরকারবিরোধী আন্দোলন কর্মসূচীকে নতুন মাত্রায় পৌঁছাতে এ নিয়ে কাজ করে যাচ্ছে দলটি। অন্যদিকে আওয়ামী লীগেরও এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, তারাও রাজপথে বিএনপিকে সমুচিত জবাব দিতে ‘জীবন ও জীবিকার সুরক্ষা’ দিতে পরিকল্পনা করে যাচ্ছে।

বিএনপির রাজনৈতিক অবস্থা নিয়ে দৈনিক ইত্তেফাকের খবর, মামলা আর সাজার চাপে বিএনপি।
এই খবরে বলা হচ্ছে , বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতা-কর্মীরা নতুন-পুরাতন মামলা আর সাজার চাপে বিপাকে পড়েছেন। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে মফস্সলের বেশির ভাগ নেতাই এখন মামলার চক্রে। এমনও নেতা রয়েছেন যার বিরুদ্ধে মামলা হয়েছে ৪৫১টি। কোন কোন নেতাকে সপ্তাহের ৫ কার্যদিবসই কাটাতে হয় আদালতে একটির পর একটি মামলার হাজিরায়।
গতকাল বিএনপির কেন্দ্রীয় মামলা তথ্য ও সংরক্ষণ সেল থেকে লিখিতভাবে জানানো হয়েছে, ২০০৯ থেকে গত ১১ আগস্ট পর্যন্ত গত ১৪ বছরে সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের নামে ১ লাখ ৪১ হাজার ৬৩৩ টি মামলা দায়ের করা হয়েছে।
বণিক বার্তার খবরের শিরোনাম, বিদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড রেখে নতুন আনসার ব্যাটালিয়ন আইন অনুমোদন। এতে বলা হয়েছে, বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে ‘আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়াটি অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘বিদ্রোহ সংগঠন বা বিদ্রোহ সংগঠনের প্ররোচনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে খসড়া আইনে। আগের আইনে বিদ্রোহের বিষয়টি ছিল না।’
এর আগে ১৯৯৪ সালের ডিসেম্বরে আনসার বিদ্রোহের ঘটনা ঘটেছিল, সেনা ও বিজিবির (তৎকালীন বিডিআর) অভিযানের মধ্য দিয়ে যার সমাপ্তি ঘটে। সে সময় এ ঘটনায় দুজনের মৃত্যু হয়।
দ্য ডেইলি স্টার পত্রিকার শিরোনাম, ‘No more 3-day voice data packs from Oct 15’ অর্থাৎ ১৫ই অক্টোবর থেকে তিন দিন মেয়ামী কোন ভয়েস বা ডাটা প্যাকেজ থাকছে না।
এই খবরটিতে বলা হয়েছে যে, সরকার যখন স্মার্ট বাংলাদেশ গঠনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের দিকে জোর দিচ্ছে তখন টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাগুলো অনেকটা তার বিপরীতেই পদক্ষেপ নিচ্ছে।
গত ৩রা সেপ্টেম্বর বাংলাদেশের টেলি যোগাযোগও নিয়ন্ত্রণ কমিশন এক নির্দেশনায় মোবাইল অপারেটর কোম্পানীগুলোকে নির্দেশ দিয়েছে, তারা যাতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে তিন দিন ও ১৫ দিন মেয়াদী ভয়েস এবং ডাটা প্যাকেজ বাজারজাত না করে। এমন নির্দেশনাকে বেছে নেয়ার স্বাধীনতার পরিপন্থী হিসেবে মনে করছেন অংশীদার, বিশেষজ্ঞ এবং ভোক্তা অধিকার বিষয়ক সংস্থাগুলো।

তারা বলছেন, এই নির্দেশ সরাসরি তৃণমূল মানুষকে ভোগান্তিতে ফেলবে, নিম্ন আয় এবং যুব সমাজকে টেলিযোগাযোগ বিশেষ করে ইন্টারনেট সেবা ব্যবহার কমিয়ে আনতে বাধ্য করবে।
সমকাল পত্রিকার শিরোনাম, শিগগির ৩ হাজার রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার। এতে বলা হয়েছে, পাইলট প্রকল্পের আওতায় শিগগির তিন হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে চায় মিয়ানমার। গতকাল সোমবার মিয়ানমারের রাজধানী নেপিদোয় উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ে বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে থাকা এক কূটনীতিক সমকাল পত্রিকাকে বলেন, সিদ্ধান্ত হয়েছে, প্রথম ধাপে নিবন্ধিত তিন হাজার রোহিঙ্গা দিয়ে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে। তবে ঠিক কবে এই প্রত্যাবাসন শুরু হবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। দ্বিতীয় ধাপে পাঁচ হাজার এবং তার পরের ধাপে সাত হাজার রোহিঙ্গাকে তারা ফেরত নিতে পারে। যদিও এ সংখ্যক রোহিঙ্গাকেই যে তারা নির্দিষ্ট করে ফেরত নেবে, তা নিশ্চিত করে বলা ঠিক হবে না।

অন্যান্য
দেশের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়ে বণিক বার্তার শিরোনাম, সেপ্টেম্বরের প্রথম চারদিনেই মৃতের সংখ্যা অর্ধশত ছাড়াল।
এতে বলা হয়েছে, সেপ্টেম্বরের প্রথম চারদিনেই মৃত্যু হয়েছে ৫৩ জনের। গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৮২৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গতকাল পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম, সংসদে এলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। এতে বলা হয়েছে, জাতীয় সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ সোমবার মাগরিবের নামাজের বিরতির পর তিনি সংসদের ভিআইপি গ্যালারিতে বসে সংসদের অধিবেশন দেখেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাবেক রাষ্ট্রপতির উপস্থিতির বিষয়টি জানান দেন।
সোমবার বৈঠকে আইন প্রণয়ন কার্যক্রম চলাকালে আবদুল হামিদ সংসদের ভিআইপি গ্যালারিতে প্রবেশ করেন।
নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম, ইন্দো-প্যাসিফিক কৌশলে গুরুত্ব দেবেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। এতে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার ঢাকা সফরে ইন্দো-প্যাসিফিক কৌশলের ওপর গুরুত্বারোপ করবেন। গতকাল ঢাকায় ফরাসি দূতাবাস থেকে জানানো হয়েছে, জি-২০ সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ৯ সেপ্টেম্বর দিল্লি যাচ্ছেন। পরদিন ১০ সেপ্টেম্বর দ্বিপক্ষীয় সফরে তিনি ঢাকা আসবেন।








